শুক্রবার, ২০ই নভেম্বর, ২০২৬ ইং
১২:৩৮ পি.এম
ঢাকা ছেড়ে অস্ট্রেলিয়া ও মালয়েশিয়া সফরের উদ্দেশ্যে গেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির এবং জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান।
বৃহস্পতিবার দিবাগত রাত ১২টা ৫০ মিনিটে, শুক্রবারের প্রথম প্রহরে, তিনি ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে অস্ট্রেলিয়ার জন্য রওনা হন। ২০ থেকে ২৬ নভেম্বর পর্যন্ত তিনি অস্ট্রেলিয়া ও মালয়েশিয়ায় অবস্থান করবেন।
এই সফরের সময় অস্ট্রেলিয়া সরকারের উচ্চপর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে তাঁর বৈঠক অনুষ্ঠিত হবে। এছাড়া, তিনি দুই দেশে বসবাসকারী প্রবাসী বাংলাদেশিদের বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহণ করবেন।
ডা. শফিকুর রহমানের সফরসঙ্গী হিসেবে রয়েছেন জাতীয় সংসদ সদস্য ডা. মোসলেহ উদ্দিন ফরিদ, ব্যারিস্টার মীর আহমদ বিন কাশেম আরমান এবং তাঁর সহকারী একান্ত সচিব (এপিএস) মুহাম্মদ নজরুল ইসলাম।
ঢাকা ত্যাগের সময় বিমানবন্দরে তাঁকে বিদায় জানান জামায়াতে ইসলামীর নায়েবে আমির ও সংসদ সদস্য মিয়া গোলাম পরওয়ার, সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান, অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের, মোবারক হোসাইন, নূরুল ইসলাম বুলবুল, মোহাম্মদ সেলিম উদ্দিনসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
উত্তরের জেলা পঞ্চগড়ে শীতের প্রভাব দৃঢ়ভাবে অনুভূত হচ্ছে। যদিও দিনের বেলায় গরম আবহাওয়া বিরাজমান, রাত এবং সকালে পাহাড়ি হিম বাতাসের কারণে ঠান্ডা অনুভূত হচ্ছে।
শুক্রবার (২০ নভেম্বর) সকালে কুয়াশার পরিমাণ কমতে শুরু করলেও সকাল ৯টায় জেলার সর্বনিম্ন তাপমাত্রা ১৩ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। একই সময় জলীয় বাষ্পের পরিমাণ ছিল ৯৮ শতাংশ।
তবে গতকাল বিকেল থেকে সমুদ্রের চলমান নিম্নচাপের প্রভাবে আকাশে মেঘমালার উপস্থিতি ছিল অনেক বেশি। শুক্রবার সকাল থেকে সূর্যের দেখা মিললেও মেঘের কারণে সূর্য বারবার আড়ালে চলে যাচ্ছে। এর ফলে ভূপৃষ্ঠে সূর্যের কাঙ্ক্ষিত তাপ ছড়াতে না পারায় শীত অনুভূত হচ্ছে। হিমেল বাতাস শীতের তীব্রতা বৃদ্ধি করছে।
রাত থেকে পরদিন সকাল পর্যন্ত উত্তরের এই অঞ্চলে শীত অনুভূত হচ্ছে। এই সময়টিতে মানুষের স্বাভাবিক চলাচলে প্রভাব পড়ছে। ঘরের বাইরে বের হতে হচ্ছে গরম কাপড় পরে। বিশেষ করে ভোরে কাজে বের হওয়া শ্রমজীবী মানুষ, কৃষক, দিনমজুর ও নিম্নআয়ের মানুষ কিছুটা ভোগান্তিতে পড়ছেন।
সদর উপজেলার ধাক্কামারা ইউনিয়নের বেগুন চাষি আলিম উদ্দিন জানান, আজ সকালে কুয়াশার পরিমাণ কম ছিল। তবে আকাশে মেঘ থাকার কারণে সূর্যের আলো তেমন গরম ছড়াতে পারেনি। সকাল থেকে বাতাসের কারণে শীত অনুভূত হচ্ছে এবং খেতে কৃষিকাজ করতে খুব কষ্ট হচ্ছিল।
তেঁতুলিয়া উপজেলার পথচারী আজিমুল ইসলাম বলেন, তিনি প্রতিদিন সকালে হাঁটতে বের হন। গত কয়েক দিন ধরে কুয়াশার পরিমাণ বেশি থাকলেও আজ কিছুটা কম ছিল। কিন্তু ঠান্ডা বাতাসের কারণে গরম কাপড় জড়িয়ে বের হতে হয়েছে, তবুও ঠান্ডা লাগছে। মনে হচ্ছে যেন বরফের আশপাশে আছেন।
তেঁতুলিয়া আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্রনাথ রায় জানান, হিমালয় থেকে আসা হিমেল বাতাস জেলায় শীতের তীব্রতা বাড়িয়ে দিচ্ছে। মেঘমালা সূর্যকে আড়াল করে রাখছে, যার ফলে সূর্যের তাপ ভূপৃষ্ঠে ছড়াতে পারছে না এবং শীত বেশি অনুভূত হচ্ছে। চলতি মাসের শেষের দিকে শীতের তীব্রতা আরো বাড়ার সম্ভাবনা রয়েছে।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
চট্টগ্রামের জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল হালিম তার হোয়াটসঅ্যাপে একটি ভয়ঙ্কর হুমকি পেয়েছেন। সরকারি মুঠোফোনে তার হোয়াটসঅ্যাপ নম্বরে পাঠানো হয়েছে বার্তা— ‘আজকের পর থেকে কোনো ছাত্রলীগের নেতাকর্মীকে গ্রেপ্তার করা হলে খবর আছে, পরিবার শেষ করে দেব, বংশ শেষ করে দেব’।
বুধবার (১৮ নভেম্বর) রাত ৮টা ৫৩ মিনিটে দক্ষিণ আফ্রিকার কান্ট্রি কোডযুক্ত একটি নম্বর (+২৭৭৩৬৩৫৬৪২৩) থেকে ওসির সরকারি মুঠোফোনে একাধিক হুমকিমূলক বার্তা পাঠানো হয়। এ ঘটনায় নিজের এবং পরিবারের নিরাপত্তার কথা চিন্তা করে সাধারণ ডায়েরি (জিডি) করেছেন ওসি আব্দুল হালিম।
জিডিতে উল্লেখ করা হয়েছে, জোরারগঞ্জ থানার ওসির সরকারি মুঠোফোন নম্বরের হোয়াটসঅ্যাপে দক্ষিণ আফ্রিকার কান্ট্রি কোডযুক্ত নম্বর থেকে এক ব্যক্তি বিভিন্ন সময়ে বার্তা পাঠান। ওই নম্বরটির ইংরেজিতে নাম লেখা ছিল ‘এন এম জামাল’। প্রথমে ইংরেজিতে ‘হাউ আর ইউ’ এবং ‘উই আর ওয়ারি অ্যাবাউট ইউর ফ্যামিলি’ লিখে বার্তা পাঠানো হয়। পরে ওই ব্যক্তি হুমকির সুরে লেখেন, ‘তুমি যদি তোমার আগের কাজ চালিয়ে যাও, তাহলে আমরা খুব শিগগির ব্যবস্থা নেব।’
পাঠানো বার্তায় সরাসরি ছাত্রলীগের নেতাকর্মীদের গ্রেপ্তার না করার হুঁশিয়ারি দেওয়া হয়। সেখানে লেখা হয়, ‘আজকের পর থেকে কোনো ছাত্রলীগের নেতাকর্মীকে গ্রেপ্তার করা হলে খবর আছে, পরিবার শেষ করে দেব, বংশ শেষ করে দেব।’
আরেকটি বার্তায় ওসিকে উদ্দেশ্য করে বলা হয়, ‘তুই যদি তোর চিন্তা করিস, জোরারগঞ্জ থানার কথা চিন্তা করিস, তোর জীবনের কথা চিন্তা করিস, তাহলে অন্যায়ভাবে গ্রেপ্তার করা থেকে বিরত থাকিস। না হলে রক্ষা নেই।’
সবশেষে তাকে কাফনের কাপড় প্রস্তুত রাখার হুমকি দিয়ে বলা হয়, ‘এটাই শেষ কথা। কাফনের কাপড় রেডি রাখিস, না হলে রাস্তায় পড়ে থাকবি।’
জিডিতে উল্লেখ করা হয়েছে, অজ্ঞাতনামা ওই ব্যক্তি হোয়াটসঅ্যাপে একাধিকবার এসব বার্তা পাঠিয়ে তাকে ভয়ভীতি ও হুমকি দিয়েছেন। ভবিষ্যতের নিরাপত্তার স্বার্থে বিষয়টি সাধারণ ডায়েরিভুক্ত করা হয়েছে।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
সিরাজগঞ্জের বেলকুচিতে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সহযোগী সংগঠন জাতীয় স্বেচ্ছাসেবক শক্তির আহ্বায়ক মাহিন সরকারের গ্রামের বাড়ির দিকে পেট্রোল বোমা নিক্ষেপ করেছে দুর্বৃত্তরা।
এই ঘটনা ঘটে বৃহস্পতিবার (১৯ নভেম্বর) রাত সাড়ে ৯টার দিকে।
শুক্রবার সকালে বেলকুচি থানার ওসি মোক্তারুজ্জামান বলেন, "ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। তবে কারা এ নাশকতা ঘটিয়েছে, তা শনাক্ত করতে মাঠে কাজ করছে পুলিশ।"
এ ঘটনার পর মাহিন সরকার তার ফেসবুক পোস্টে লেখেন, "আওয়ামী লীগের সন্ত্রাসীরা দীর্ঘদিন ধরে হুমকি দিয়ে আসছিল, তার বাসায় আগুন দিয়ে জ্বালিয়ে দেবে। বৃহস্পতিবার রাত সাড়ে ৯টায় তার বাসায় পেট্রোল বোমা নিক্ষেপ করা হয়। বাড়িতে কেবল তার মুমূর্ষু বাবা ও মা অসহায় অবস্থায় থাকেন। তিনি কেবল ন্যায়বিচার প্রত্যাশা করেন।"
দুর্বৃত্তরা মোটরসাইকেলে এসে বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে বাড়িটি লক্ষ্য করে একটি পেট্রোল বোমা নিক্ষেপ করে পালিয়ে যায়। এতে বাড়ির প্রবেশপথে আগুন ধরে যায়। পরে স্থানীয়রা দ্রুত পানি ঢেলে আগুন নিয়ন্ত্রণ করেন।
মাহিন সরকারের গ্রামের বাড়ি সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার শেরনগর পূর্বপাড়া এলাকায় অবস্থিত। ঘটনার সময় তিনি ঢাকায় ছিলেন, তবে বাড়িতে তার অসুস্থ বাবা-মাসহ পরিবারের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।
পুলিশ ও স্থানীয়রা জানান, পেট্রোল বোমাটি বাড়ির দিকে নিক্ষেপ করা হলেও বাড়ির প্রবেশপথেই বিস্ফোরিত হয়। এতে ঘরবাড়ি বা কোনো ব্যক্তির ক্ষয়ক্ষতি না হলেও পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
কুমিল্লার দাউদকান্দিতে মৌসুমি ফসল খিরা চাষের কাজে কৃষকেরা ব্যস্ত সময় পার করছেন। মাঠজুড়ে দেখা যাচ্ছে সবুজের সমারোহ। কিছু জমিতে কৃষকরা খিরাগাছের পরিচর্যায় ব্যস্ত, আবার কোথাও কচি খিরা গাছে ঝুলছে। কিছু জমিতে ফলন আসতে শুরু করেছে। কৃষকেরা সেই খিরা তুলে বাঁশের তৈরি ঝুড়িতে সাজিয়ে স্থানীয় বাজারে নিয়ে যাচ্ছেন। কেউ সরাসরি ক্রেতার কাছে বিক্রি করছেন, আবার কেউ পাইকারদের কাছে বিক্রি করছেন। নতুন ফসল নিয়ে কৃষকদের মনে যেমন ভালো ফলন ও লাভের প্রত্যাশা রয়েছে, তেমনি রয়েছে নানা প্রতিকূলতা মোকাবিলার চিন্তাও।
দাউদকান্দি উপজেলার উত্তর, গৌরীপুর, সুন্দলপুর, বারপাড়া ও ইলিয়টগঞ্জ উত্তর এবং বিটেশ্বর ইউনিয়নের বিভিন্ন এলাকায় খিরার আবাদ করা হয়েছে। দাউদকান্দি বাজারসহ অন্যান্য বাজারে ইতিমধ্যে নতুন খিরা উঠতে শুরু করেছে। বাজারে বাঁশের ঝুড়িতে সাজানো সবুজ ও লালচে আভাযুক্ত টাটকা খিরা ক্রেতাদের দৃষ্টি আকর্ষণ করছে। সতেজ রং এবং কচকচে স্বাদের এই সবজির ভালো মানের প্রতি কেজি বিক্রি হচ্ছে ৩৫ থেকে ৪০ টাকায়।
সম্প্রতি বিটেশ্বর ইউনিয়নের তিনপাড়া গ্রামে সরেজমিনে গিয়ে দেখা যায়, কৃষক সাইফুল ইসলাম নিজের খেতে গাছের পরিচর্যা ও খিরা সংগ্রহে ব্যস্ত রয়েছেন। গত বছরের সাফল্য তাঁকে এবার আরও বড় পরিসরে খিরা চাষে উৎসাহিত করেছে।
সাইফুল ইসলাম জানান, গত বছর ১০ শতাংশ জমিতে খিরা চাষ করে তিনি ভালো ফলন পেয়েছিলেন। এতে তিনি লাভবানও হন। সেই অভিজ্ঞতা থেকে এবার অন্যের ৩৩ শতাংশ জমি চুক্তিতে নিয়ে উন্নত জাতের খিরা চাষ করছেন। এ পর্যন্ত তাঁর প্রায় ৩৫ হাজার টাকা খরচ হয়েছে। আল্লাহর ওপর ভরসা রেখে নিয়মিত পরিচর্যা চালিয়ে যাচ্ছেন। ইতিমধ্যে বিভিন্ন বাজারে খিরা বিক্রিও শুরু করেছেন। খিরার আকার, রং ও মান ভালো হওয়ায় তিনি অন্য অনেক চাষির তুলনায় কিছুটা বেশি দাম পাচ্ছেন বলে জানান।
এছাড়াও তিনপাড়া গ্রামের জাকির এবং বরকোটা গ্রামের সোলমান মিয়া সহ এই এলাকার অনেক কৃষক লাভের আশায় খিরা চাষ করেছেন।
উপজেলা কৃষি কার্যালয় সূত্রে জানা গেছে, গত বছর দাউদকান্দিতে খিরা চাষের লক্ষ্যমাত্রা ছিল ৩৯০ হেক্টর জমিতে। তবে লক্ষ্যমাত্রা ছাড়িয়ে আবাদ হয়েছিল ৪০০ হেক্টরে। চলতি বছর খিরা চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ৪০০ হেক্টর জমিতে। এরই মধ্যে আবাদ হয়েছে ৩৬০ হেক্টরে। এখনো কিছু এলাকায় খিরা চাষ শুরু হওয়ায় চলতি মৌসুমে লক্ষ্যমাত্রা অর্জনের ব্যাপারে আশাবাদী কৃষি বিভাগ।
দাউদকান্দি উপজেলা কৃষি কর্মকর্তা নিগার সুলতানা বলেন, এ উপজেলায় আগেও খিরা চাষ করে কৃষকেরা ভালো ফলন পেয়েছেন। এবারও চাষের পরিমাণ লক্ষ্যমাত্রার কাছাকাছি পৌঁছেছে। যেসব কৃষক জমিতে অতিরিক্ত ইউরিয়া সার ব্যবহার করেন, তাঁদের খিরাগাছের পোকামাকড়ের আক্রমণ বাড়তে পারে। তাই কৃষি কর্মকর্তাদের পরামর্শ অনুযায়ী পরিমিত সার ও প্রয়োজনীয় বালাইনাশক ব্যবহার করলে পোকামাকড়ের আক্রমণ কমানো এবং ভালো ফলন পাওয়া সম্ভব। চাষিদের প্রয়োজনীয় পরামর্শ ও সহযোগিতা দিতে কৃষি বিভাগ প্রস্তুত রয়েছে।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ