শুক্রবার, ২০ই নভেম্বর, ২০২৬ ইং
১২:৩৯ পি.এম
চট্টগ্রামের জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল হালিম তার হোয়াটসঅ্যাপে একটি ভয়ঙ্কর হুমকি পেয়েছেন। সরকারি মুঠোফোনে তার হোয়াটসঅ্যাপ নম্বরে পাঠানো হয়েছে বার্তা— ‘আজকের পর থেকে কোনো ছাত্রলীগের নেতাকর্মীকে গ্রেপ্তার করা হলে খবর আছে, পরিবার শেষ করে দেব, বংশ শেষ করে দেব’।
বুধবার (১৮ নভেম্বর) রাত ৮টা ৫৩ মিনিটে দক্ষিণ আফ্রিকার কান্ট্রি কোডযুক্ত একটি নম্বর (+২৭৭৩৬৩৫৬৪২৩) থেকে ওসির সরকারি মুঠোফোনে একাধিক হুমকিমূলক বার্তা পাঠানো হয়। এ ঘটনায় নিজের এবং পরিবারের নিরাপত্তার কথা চিন্তা করে সাধারণ ডায়েরি (জিডি) করেছেন ওসি আব্দুল হালিম।
জিডিতে উল্লেখ করা হয়েছে, জোরারগঞ্জ থানার ওসির সরকারি মুঠোফোন নম্বরের হোয়াটসঅ্যাপে দক্ষিণ আফ্রিকার কান্ট্রি কোডযুক্ত নম্বর থেকে এক ব্যক্তি বিভিন্ন সময়ে বার্তা পাঠান। ওই নম্বরটির ইংরেজিতে নাম লেখা ছিল ‘এন এম জামাল’। প্রথমে ইংরেজিতে ‘হাউ আর ইউ’ এবং ‘উই আর ওয়ারি অ্যাবাউট ইউর ফ্যামিলি’ লিখে বার্তা পাঠানো হয়। পরে ওই ব্যক্তি হুমকির সুরে লেখেন, ‘তুমি যদি তোমার আগের কাজ চালিয়ে যাও, তাহলে আমরা খুব শিগগির ব্যবস্থা নেব।’
পাঠানো বার্তায় সরাসরি ছাত্রলীগের নেতাকর্মীদের গ্রেপ্তার না করার হুঁশিয়ারি দেওয়া হয়। সেখানে লেখা হয়, ‘আজকের পর থেকে কোনো ছাত্রলীগের নেতাকর্মীকে গ্রেপ্তার করা হলে খবর আছে, পরিবার শেষ করে দেব, বংশ শেষ করে দেব।’
আরেকটি বার্তায় ওসিকে উদ্দেশ্য করে বলা হয়, ‘তুই যদি তোর চিন্তা করিস, জোরারগঞ্জ থানার কথা চিন্তা করিস, তোর জীবনের কথা চিন্তা করিস, তাহলে অন্যায়ভাবে গ্রেপ্তার করা থেকে বিরত থাকিস। না হলে রক্ষা নেই।’
সবশেষে তাকে কাফনের কাপড় প্রস্তুত রাখার হুমকি দিয়ে বলা হয়, ‘এটাই শেষ কথা। কাফনের কাপড় রেডি রাখিস, না হলে রাস্তায় পড়ে থাকবি।’
জিডিতে উল্লেখ করা হয়েছে, অজ্ঞাতনামা ওই ব্যক্তি হোয়াটসঅ্যাপে একাধিকবার এসব বার্তা পাঠিয়ে তাকে ভয়ভীতি ও হুমকি দিয়েছেন। ভবিষ্যতের নিরাপত্তার স্বার্থে বিষয়টি সাধারণ ডায়েরিভুক্ত করা হয়েছে।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
সিরাজগঞ্জের বেলকুচিতে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সহযোগী সংগঠন জাতীয় স্বেচ্ছাসেবক শক্তির আহ্বায়ক মাহিন সরকারের গ্রামের বাড়ির দিকে পেট্রোল বোমা নিক্ষেপ করেছে দুর্বৃত্তরা।
এই ঘটনা ঘটে বৃহস্পতিবার (১৯ নভেম্বর) রাত সাড়ে ৯টার দিকে।
শুক্রবার সকালে বেলকুচি থানার ওসি মোক্তারুজ্জামান বলেন, "ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। তবে কারা এ নাশকতা ঘটিয়েছে, তা শনাক্ত করতে মাঠে কাজ করছে পুলিশ।"
এ ঘটনার পর মাহিন সরকার তার ফেসবুক পোস্টে লেখেন, "আওয়ামী লীগের সন্ত্রাসীরা দীর্ঘদিন ধরে হুমকি দিয়ে আসছিল, তার বাসায় আগুন দিয়ে জ্বালিয়ে দেবে। বৃহস্পতিবার রাত সাড়ে ৯টায় তার বাসায় পেট্রোল বোমা নিক্ষেপ করা হয়। বাড়িতে কেবল তার মুমূর্ষু বাবা ও মা অসহায় অবস্থায় থাকেন। তিনি কেবল ন্যায়বিচার প্রত্যাশা করেন।"
দুর্বৃত্তরা মোটরসাইকেলে এসে বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে বাড়িটি লক্ষ্য করে একটি পেট্রোল বোমা নিক্ষেপ করে পালিয়ে যায়। এতে বাড়ির প্রবেশপথে আগুন ধরে যায়। পরে স্থানীয়রা দ্রুত পানি ঢেলে আগুন নিয়ন্ত্রণ করেন।
মাহিন সরকারের গ্রামের বাড়ি সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার শেরনগর পূর্বপাড়া এলাকায় অবস্থিত। ঘটনার সময় তিনি ঢাকায় ছিলেন, তবে বাড়িতে তার অসুস্থ বাবা-মাসহ পরিবারের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।
পুলিশ ও স্থানীয়রা জানান, পেট্রোল বোমাটি বাড়ির দিকে নিক্ষেপ করা হলেও বাড়ির প্রবেশপথেই বিস্ফোরিত হয়। এতে ঘরবাড়ি বা কোনো ব্যক্তির ক্ষয়ক্ষতি না হলেও পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
কুমিল্লার দাউদকান্দিতে মৌসুমি ফসল খিরা চাষের কাজে কৃষকেরা ব্যস্ত সময় পার করছেন। মাঠজুড়ে দেখা যাচ্ছে সবুজের সমারোহ। কিছু জমিতে কৃষকরা খিরাগাছের পরিচর্যায় ব্যস্ত, আবার কোথাও কচি খিরা গাছে ঝুলছে। কিছু জমিতে ফলন আসতে শুরু করেছে। কৃষকেরা সেই খিরা তুলে বাঁশের তৈরি ঝুড়িতে সাজিয়ে স্থানীয় বাজারে নিয়ে যাচ্ছেন। কেউ সরাসরি ক্রেতার কাছে বিক্রি করছেন, আবার কেউ পাইকারদের কাছে বিক্রি করছেন। নতুন ফসল নিয়ে কৃষকদের মনে যেমন ভালো ফলন ও লাভের প্রত্যাশা রয়েছে, তেমনি রয়েছে নানা প্রতিকূলতা মোকাবিলার চিন্তাও।
দাউদকান্দি উপজেলার উত্তর, গৌরীপুর, সুন্দলপুর, বারপাড়া ও ইলিয়টগঞ্জ উত্তর এবং বিটেশ্বর ইউনিয়নের বিভিন্ন এলাকায় খিরার আবাদ করা হয়েছে। দাউদকান্দি বাজারসহ অন্যান্য বাজারে ইতিমধ্যে নতুন খিরা উঠতে শুরু করেছে। বাজারে বাঁশের ঝুড়িতে সাজানো সবুজ ও লালচে আভাযুক্ত টাটকা খিরা ক্রেতাদের দৃষ্টি আকর্ষণ করছে। সতেজ রং এবং কচকচে স্বাদের এই সবজির ভালো মানের প্রতি কেজি বিক্রি হচ্ছে ৩৫ থেকে ৪০ টাকায়।
সম্প্রতি বিটেশ্বর ইউনিয়নের তিনপাড়া গ্রামে সরেজমিনে গিয়ে দেখা যায়, কৃষক সাইফুল ইসলাম নিজের খেতে গাছের পরিচর্যা ও খিরা সংগ্রহে ব্যস্ত রয়েছেন। গত বছরের সাফল্য তাঁকে এবার আরও বড় পরিসরে খিরা চাষে উৎসাহিত করেছে।
সাইফুল ইসলাম জানান, গত বছর ১০ শতাংশ জমিতে খিরা চাষ করে তিনি ভালো ফলন পেয়েছিলেন। এতে তিনি লাভবানও হন। সেই অভিজ্ঞতা থেকে এবার অন্যের ৩৩ শতাংশ জমি চুক্তিতে নিয়ে উন্নত জাতের খিরা চাষ করছেন। এ পর্যন্ত তাঁর প্রায় ৩৫ হাজার টাকা খরচ হয়েছে। আল্লাহর ওপর ভরসা রেখে নিয়মিত পরিচর্যা চালিয়ে যাচ্ছেন। ইতিমধ্যে বিভিন্ন বাজারে খিরা বিক্রিও শুরু করেছেন। খিরার আকার, রং ও মান ভালো হওয়ায় তিনি অন্য অনেক চাষির তুলনায় কিছুটা বেশি দাম পাচ্ছেন বলে জানান।
এছাড়াও তিনপাড়া গ্রামের জাকির এবং বরকোটা গ্রামের সোলমান মিয়া সহ এই এলাকার অনেক কৃষক লাভের আশায় খিরা চাষ করেছেন।
উপজেলা কৃষি কার্যালয় সূত্রে জানা গেছে, গত বছর দাউদকান্দিতে খিরা চাষের লক্ষ্যমাত্রা ছিল ৩৯০ হেক্টর জমিতে। তবে লক্ষ্যমাত্রা ছাড়িয়ে আবাদ হয়েছিল ৪০০ হেক্টরে। চলতি বছর খিরা চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ৪০০ হেক্টর জমিতে। এরই মধ্যে আবাদ হয়েছে ৩৬০ হেক্টরে। এখনো কিছু এলাকায় খিরা চাষ শুরু হওয়ায় চলতি মৌসুমে লক্ষ্যমাত্রা অর্জনের ব্যাপারে আশাবাদী কৃষি বিভাগ।
দাউদকান্দি উপজেলা কৃষি কর্মকর্তা নিগার সুলতানা বলেন, এ উপজেলায় আগেও খিরা চাষ করে কৃষকেরা ভালো ফলন পেয়েছেন। এবারও চাষের পরিমাণ লক্ষ্যমাত্রার কাছাকাছি পৌঁছেছে। যেসব কৃষক জমিতে অতিরিক্ত ইউরিয়া সার ব্যবহার করেন, তাঁদের খিরাগাছের পোকামাকড়ের আক্রমণ বাড়তে পারে। তাই কৃষি কর্মকর্তাদের পরামর্শ অনুযায়ী পরিমিত সার ও প্রয়োজনীয় বালাইনাশক ব্যবহার করলে পোকামাকড়ের আক্রমণ কমানো এবং ভালো ফলন পাওয়া সম্ভব। চাষিদের প্রয়োজনীয় পরামর্শ ও সহযোগিতা দিতে কৃষি বিভাগ প্রস্তুত রয়েছে।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
মেহেরপুরের গাংনী সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) চারজনকে পুশইনের চেষ্টা করেছে। শুক্রবার (২০ নভেম্বর) রাত আনুমানিক ২টার দিকে উপজেলার রংমহল সীমান্তের ১৩৭ পিলারের কাছ দিয়ে এই পুশইনের চেষ্টা চালানো হয়। তবে বিজিবির বাধার কারণে বিএসএফ শেষ পর্যন্ত ওই চারজনকে ভারতের অভ্যন্তরে ফিরিয়ে নিতে বাধ্য হয়।
কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি)-এর অধীন রংমহল বিওপির নায়েক সুবেদার জাহিদ হোসেন জানিয়েছেন, বিএসএফ চারজন অজ্ঞাতপরিচয় পুরুষকে বাংলাদেশে ঠেলে পাঠানোর চেষ্টা করেছিল। সীমান্তে দায়িত্বরত টহল দলের সতর্ক অবস্থানের কারণে বিষয়টি দ্রুত শনাক্ত করা সম্ভব হয়। বিজিবির তাৎক্ষণিক তৎপরতা ও দৃঢ় অবস্থানের কারণে বিএসএফের পুশইন প্রচেষ্টা ব্যর্থ হয়।
তিনি আরও জানান, পরে শুক্রবার সকাল আনুমানিক ৭টা ৪৫ মিনিটের দিকে বিএসএফের ১১ ব্যাটালিয়নের দীঘলকান্দি ক্যাম্পের সদস্যরা ওই চারজনকে ভারতের কাঁটাতারের বেড়ার অভ্যন্তরে ফিরিয়ে নিয়ে যায়।
এ ঘটনার পর রংমহল সীমান্তসহ সংশ্লিষ্ট এলাকায় বিজিবির টহল কার্যক্রম জোরদার করা হয়েছে। সীমান্তের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে বিজিবি সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে এবং সীমান্ত এলাকার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলে তিনি জানান।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
সউদী আরবের রাজধানী রিয়াদে আবারও একটি ক্ষেপণাস্ত্র হামলার ঘটনা ঘটেছে। সউদী নেতৃত্বাধীন জোটের বাহিনী একাধিক হুতি ক্ষেপণাস্ত্র প্রতিহত করার তথ্য দিয়েছে। রাজধানীর বাণিজ্যিক এলাকায় একটি সুউচ্চ ভবন ক্ষতিগ্রস্ত হওয়ার পর দ্বিতীয় রাতের মতো হামলার শিকার হলো দেশটি।
শুক্রবার (২০ নভেম্বর) জোটের পক্ষ থেকে জানানো হয়েছে যে, সউদী আরবের বিভিন্ন লক্ষ্যবস্তুতে ছোড়া একাধিক ক্ষেপণাস্ত্র সফলভাবে প্রতিহত করা হয়েছে। এর আগে বৃহস্পতিবার রিয়াদ ও দক্ষিণাঞ্চল লক্ষ্য করে ছোড়া ক্ষেপণাস্ত্রও প্রতিহত করার কথা জানায় জোট। তবে, ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ পড়ে রিয়াদের একটি ভবনসহ বিভিন্ন স্থাপনায় ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে।
এদিকে, ইয়েমেনের রাজধানী সানায় গত দুই দিনে হামলায় ১০ জন নিহত হওয়ার খবর দিয়েছে হুতি নিয়ন্ত্রিত স্বাস্থ্য মন্ত্রণালয়। আন্তর্জাতিকভাবে স্বীকৃত ইয়েমেন সরকার এবং সউদী নেতৃত্বাধীন জোটের বিরুদ্ধে ইরান-সমর্থিত হুতি বিদ্রোহীদের সংঘাতের মধ্যে এই হতাহতের ঘটনা ঘটেছে। তবে, নিহতের সংখ্যা ও হামলার পরিস্থিতি স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।
ইরানকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যুদ্ধের প্রভাব বিশ্ব জ্বালানি খাতে দীর্ঘস্থায়ী হবে বলে সতর্ক করেছে আন্তর্জাতিক জ্বালানি সংস্থা (আইইএ)। সংস্থাটির নির্বাহী পরিচালক ফাতিহ বিরোল মন্তব্য করেছেন, এই সংকট বিশ্ব জ্বালানি খাতে ‘দীর্ঘস্থায়ী ছাপ’ ফেলবে। সংকটের দীর্ঘস্থায়ীতা যত বাড়বে, এর প্রভাবও তত গভীর হবে বলে তিনি উল্লেখ করেন।
অন্যদিকে, ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের আনুমানিক ৪৮ বিলিয়ন ডলার ব্যয় হলেও প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের যুদ্ধ পরিচালনার ক্ষমতা সীমিত করার প্রস্তাব মার্কিন সিনেটের রিপাবলিকান সদস্যরা প্রত্যাখ্যান করেছেন। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সিনেটে ৪৮-৫১ ভোটে প্রস্তাবটি নাকচ হয়ে যায়। আগামী জানুয়ারিতে ডেমোক্র্যাটরা কংগ্রেসের নিয়ন্ত্রণ নিতে যাওয়ার কয়েক সপ্তাহ আগে এই ভোট অনুষ্ঠিত হলো। তথ্যসূত্র: আল-জাজিরা, রয়টার্স
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ