শুক্রবার, ২০ই নভেম্বর, ২০২৬ ইং
১২:৩৯ পি.এম
সিরাজগঞ্জের বেলকুচিতে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সহযোগী সংগঠন জাতীয় স্বেচ্ছাসেবক শক্তির আহ্বায়ক মাহিন সরকারের গ্রামের বাড়ির দিকে পেট্রোল বোমা নিক্ষেপ করেছে দুর্বৃত্তরা।
এই ঘটনা ঘটে বৃহস্পতিবার (১৯ নভেম্বর) রাত সাড়ে ৯টার দিকে।
শুক্রবার সকালে বেলকুচি থানার ওসি মোক্তারুজ্জামান বলেন, "ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। তবে কারা এ নাশকতা ঘটিয়েছে, তা শনাক্ত করতে মাঠে কাজ করছে পুলিশ।"
এ ঘটনার পর মাহিন সরকার তার ফেসবুক পোস্টে লেখেন, "আওয়ামী লীগের সন্ত্রাসীরা দীর্ঘদিন ধরে হুমকি দিয়ে আসছিল, তার বাসায় আগুন দিয়ে জ্বালিয়ে দেবে। বৃহস্পতিবার রাত সাড়ে ৯টায় তার বাসায় পেট্রোল বোমা নিক্ষেপ করা হয়। বাড়িতে কেবল তার মুমূর্ষু বাবা ও মা অসহায় অবস্থায় থাকেন। তিনি কেবল ন্যায়বিচার প্রত্যাশা করেন।"
দুর্বৃত্তরা মোটরসাইকেলে এসে বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে বাড়িটি লক্ষ্য করে একটি পেট্রোল বোমা নিক্ষেপ করে পালিয়ে যায়। এতে বাড়ির প্রবেশপথে আগুন ধরে যায়। পরে স্থানীয়রা দ্রুত পানি ঢেলে আগুন নিয়ন্ত্রণ করেন।
মাহিন সরকারের গ্রামের বাড়ি সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার শেরনগর পূর্বপাড়া এলাকায় অবস্থিত। ঘটনার সময় তিনি ঢাকায় ছিলেন, তবে বাড়িতে তার অসুস্থ বাবা-মাসহ পরিবারের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।
পুলিশ ও স্থানীয়রা জানান, পেট্রোল বোমাটি বাড়ির দিকে নিক্ষেপ করা হলেও বাড়ির প্রবেশপথেই বিস্ফোরিত হয়। এতে ঘরবাড়ি বা কোনো ব্যক্তির ক্ষয়ক্ষতি না হলেও পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
কুমিল্লার দাউদকান্দিতে মৌসুমি ফসল খিরা চাষের কাজে কৃষকেরা ব্যস্ত সময় পার করছেন। মাঠজুড়ে দেখা যাচ্ছে সবুজের সমারোহ। কিছু জমিতে কৃষকরা খিরাগাছের পরিচর্যায় ব্যস্ত, আবার কোথাও কচি খিরা গাছে ঝুলছে। কিছু জমিতে ফলন আসতে শুরু করেছে। কৃষকেরা সেই খিরা তুলে বাঁশের তৈরি ঝুড়িতে সাজিয়ে স্থানীয় বাজারে নিয়ে যাচ্ছেন। কেউ সরাসরি ক্রেতার কাছে বিক্রি করছেন, আবার কেউ পাইকারদের কাছে বিক্রি করছেন। নতুন ফসল নিয়ে কৃষকদের মনে যেমন ভালো ফলন ও লাভের প্রত্যাশা রয়েছে, তেমনি রয়েছে নানা প্রতিকূলতা মোকাবিলার চিন্তাও।
দাউদকান্দি উপজেলার উত্তর, গৌরীপুর, সুন্দলপুর, বারপাড়া ও ইলিয়টগঞ্জ উত্তর এবং বিটেশ্বর ইউনিয়নের বিভিন্ন এলাকায় খিরার আবাদ করা হয়েছে। দাউদকান্দি বাজারসহ অন্যান্য বাজারে ইতিমধ্যে নতুন খিরা উঠতে শুরু করেছে। বাজারে বাঁশের ঝুড়িতে সাজানো সবুজ ও লালচে আভাযুক্ত টাটকা খিরা ক্রেতাদের দৃষ্টি আকর্ষণ করছে। সতেজ রং এবং কচকচে স্বাদের এই সবজির ভালো মানের প্রতি কেজি বিক্রি হচ্ছে ৩৫ থেকে ৪০ টাকায়।
সম্প্রতি বিটেশ্বর ইউনিয়নের তিনপাড়া গ্রামে সরেজমিনে গিয়ে দেখা যায়, কৃষক সাইফুল ইসলাম নিজের খেতে গাছের পরিচর্যা ও খিরা সংগ্রহে ব্যস্ত রয়েছেন। গত বছরের সাফল্য তাঁকে এবার আরও বড় পরিসরে খিরা চাষে উৎসাহিত করেছে।
সাইফুল ইসলাম জানান, গত বছর ১০ শতাংশ জমিতে খিরা চাষ করে তিনি ভালো ফলন পেয়েছিলেন। এতে তিনি লাভবানও হন। সেই অভিজ্ঞতা থেকে এবার অন্যের ৩৩ শতাংশ জমি চুক্তিতে নিয়ে উন্নত জাতের খিরা চাষ করছেন। এ পর্যন্ত তাঁর প্রায় ৩৫ হাজার টাকা খরচ হয়েছে। আল্লাহর ওপর ভরসা রেখে নিয়মিত পরিচর্যা চালিয়ে যাচ্ছেন। ইতিমধ্যে বিভিন্ন বাজারে খিরা বিক্রিও শুরু করেছেন। খিরার আকার, রং ও মান ভালো হওয়ায় তিনি অন্য অনেক চাষির তুলনায় কিছুটা বেশি দাম পাচ্ছেন বলে জানান।
এছাড়াও তিনপাড়া গ্রামের জাকির এবং বরকোটা গ্রামের সোলমান মিয়া সহ এই এলাকার অনেক কৃষক লাভের আশায় খিরা চাষ করেছেন।
উপজেলা কৃষি কার্যালয় সূত্রে জানা গেছে, গত বছর দাউদকান্দিতে খিরা চাষের লক্ষ্যমাত্রা ছিল ৩৯০ হেক্টর জমিতে। তবে লক্ষ্যমাত্রা ছাড়িয়ে আবাদ হয়েছিল ৪০০ হেক্টরে। চলতি বছর খিরা চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ৪০০ হেক্টর জমিতে। এরই মধ্যে আবাদ হয়েছে ৩৬০ হেক্টরে। এখনো কিছু এলাকায় খিরা চাষ শুরু হওয়ায় চলতি মৌসুমে লক্ষ্যমাত্রা অর্জনের ব্যাপারে আশাবাদী কৃষি বিভাগ।
দাউদকান্দি উপজেলা কৃষি কর্মকর্তা নিগার সুলতানা বলেন, এ উপজেলায় আগেও খিরা চাষ করে কৃষকেরা ভালো ফলন পেয়েছেন। এবারও চাষের পরিমাণ লক্ষ্যমাত্রার কাছাকাছি পৌঁছেছে। যেসব কৃষক জমিতে অতিরিক্ত ইউরিয়া সার ব্যবহার করেন, তাঁদের খিরাগাছের পোকামাকড়ের আক্রমণ বাড়তে পারে। তাই কৃষি কর্মকর্তাদের পরামর্শ অনুযায়ী পরিমিত সার ও প্রয়োজনীয় বালাইনাশক ব্যবহার করলে পোকামাকড়ের আক্রমণ কমানো এবং ভালো ফলন পাওয়া সম্ভব। চাষিদের প্রয়োজনীয় পরামর্শ ও সহযোগিতা দিতে কৃষি বিভাগ প্রস্তুত রয়েছে।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
মেহেরপুরের গাংনী সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) চারজনকে পুশইনের চেষ্টা করেছে। শুক্রবার (২০ নভেম্বর) রাত আনুমানিক ২টার দিকে উপজেলার রংমহল সীমান্তের ১৩৭ পিলারের কাছ দিয়ে এই পুশইনের চেষ্টা চালানো হয়। তবে বিজিবির বাধার কারণে বিএসএফ শেষ পর্যন্ত ওই চারজনকে ভারতের অভ্যন্তরে ফিরিয়ে নিতে বাধ্য হয়।
কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি)-এর অধীন রংমহল বিওপির নায়েক সুবেদার জাহিদ হোসেন জানিয়েছেন, বিএসএফ চারজন অজ্ঞাতপরিচয় পুরুষকে বাংলাদেশে ঠেলে পাঠানোর চেষ্টা করেছিল। সীমান্তে দায়িত্বরত টহল দলের সতর্ক অবস্থানের কারণে বিষয়টি দ্রুত শনাক্ত করা সম্ভব হয়। বিজিবির তাৎক্ষণিক তৎপরতা ও দৃঢ় অবস্থানের কারণে বিএসএফের পুশইন প্রচেষ্টা ব্যর্থ হয়।
তিনি আরও জানান, পরে শুক্রবার সকাল আনুমানিক ৭টা ৪৫ মিনিটের দিকে বিএসএফের ১১ ব্যাটালিয়নের দীঘলকান্দি ক্যাম্পের সদস্যরা ওই চারজনকে ভারতের কাঁটাতারের বেড়ার অভ্যন্তরে ফিরিয়ে নিয়ে যায়।
এ ঘটনার পর রংমহল সীমান্তসহ সংশ্লিষ্ট এলাকায় বিজিবির টহল কার্যক্রম জোরদার করা হয়েছে। সীমান্তের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে বিজিবি সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে এবং সীমান্ত এলাকার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলে তিনি জানান।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
সউদী আরবের রাজধানী রিয়াদে আবারও একটি ক্ষেপণাস্ত্র হামলার ঘটনা ঘটেছে। সউদী নেতৃত্বাধীন জোটের বাহিনী একাধিক হুতি ক্ষেপণাস্ত্র প্রতিহত করার তথ্য দিয়েছে। রাজধানীর বাণিজ্যিক এলাকায় একটি সুউচ্চ ভবন ক্ষতিগ্রস্ত হওয়ার পর দ্বিতীয় রাতের মতো হামলার শিকার হলো দেশটি।
শুক্রবার (২০ নভেম্বর) জোটের পক্ষ থেকে জানানো হয়েছে যে, সউদী আরবের বিভিন্ন লক্ষ্যবস্তুতে ছোড়া একাধিক ক্ষেপণাস্ত্র সফলভাবে প্রতিহত করা হয়েছে। এর আগে বৃহস্পতিবার রিয়াদ ও দক্ষিণাঞ্চল লক্ষ্য করে ছোড়া ক্ষেপণাস্ত্রও প্রতিহত করার কথা জানায় জোট। তবে, ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ পড়ে রিয়াদের একটি ভবনসহ বিভিন্ন স্থাপনায় ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে।
এদিকে, ইয়েমেনের রাজধানী সানায় গত দুই দিনে হামলায় ১০ জন নিহত হওয়ার খবর দিয়েছে হুতি নিয়ন্ত্রিত স্বাস্থ্য মন্ত্রণালয়। আন্তর্জাতিকভাবে স্বীকৃত ইয়েমেন সরকার এবং সউদী নেতৃত্বাধীন জোটের বিরুদ্ধে ইরান-সমর্থিত হুতি বিদ্রোহীদের সংঘাতের মধ্যে এই হতাহতের ঘটনা ঘটেছে। তবে, নিহতের সংখ্যা ও হামলার পরিস্থিতি স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।
ইরানকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যুদ্ধের প্রভাব বিশ্ব জ্বালানি খাতে দীর্ঘস্থায়ী হবে বলে সতর্ক করেছে আন্তর্জাতিক জ্বালানি সংস্থা (আইইএ)। সংস্থাটির নির্বাহী পরিচালক ফাতিহ বিরোল মন্তব্য করেছেন, এই সংকট বিশ্ব জ্বালানি খাতে ‘দীর্ঘস্থায়ী ছাপ’ ফেলবে। সংকটের দীর্ঘস্থায়ীতা যত বাড়বে, এর প্রভাবও তত গভীর হবে বলে তিনি উল্লেখ করেন।
অন্যদিকে, ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের আনুমানিক ৪৮ বিলিয়ন ডলার ব্যয় হলেও প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের যুদ্ধ পরিচালনার ক্ষমতা সীমিত করার প্রস্তাব মার্কিন সিনেটের রিপাবলিকান সদস্যরা প্রত্যাখ্যান করেছেন। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সিনেটে ৪৮-৫১ ভোটে প্রস্তাবটি নাকচ হয়ে যায়। আগামী জানুয়ারিতে ডেমোক্র্যাটরা কংগ্রেসের নিয়ন্ত্রণ নিতে যাওয়ার কয়েক সপ্তাহ আগে এই ভোট অনুষ্ঠিত হলো। তথ্যসূত্র: আল-জাজিরা, রয়টার্স
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
চলতি বছরের জুলাই মাসে মুক্তি পাওয়ার কথা ছিল দক্ষিণী অভিনেত্রী কীর্তি সুরেশের অভিনীত ‘সত্যবান সাবিত্রী’ সিনেমাটি। তবে পরে মুক্তির তারিখ পরিবর্তন করে আজ শুক্রবার (২০ নভেম্বর) নতুন করে নির্ধারণ করা হয়েছে। একই দিনে মুক্তি পেতে চলেছে ধনুশ ও সাই পল্লবী অভিনীত ‘ওম’ সিনেমা। দুই সিনেমার মধ্যে বক্স অফিসে প্রতিযোগিতা নিয়ে সিনেমাপ্রেমীদের মধ্যে আগ্রহ সৃষ্টি হয়েছে।
চেন্নাইয়ে বুধবার (১৮ নভেম্বর) এক সাক্ষাৎকারে সিনেমার প্রচার অনুষ্ঠানে এসে সহ-অভিনেতার আচরণ নিয়ে কথা বলেন কীর্তি সুরেশ। তার নতুন তামিল সিনেমা ‘সত্যবান সাবিত্রী’র প্রচারে গিয়ে অভিনেতা মিসকিনের আচরণ নিয়ে শুরু হয়েছে বিতর্ক। অনুষ্ঠানে প্রচারের একটি ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ার পর অভিনেত্রীর অস্বস্তি এবং শারীরিক স্পর্শের সম্মতি নিয়ে প্রশ্ন তুলেছেন নেটিজেনদের একাংশ।
সবকিছু মিলিয়ে আজ মুক্তি পাচ্ছে কীর্তি সুরেশ অভিনীত সিনেমা ‘সত্যবান সাবিত্রী’। এই সিনেমায় তার সঙ্গে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন মিসকিন। প্রচার অনুষ্ঠানে তারা উপস্থিত ছিলেন। সেখানে একটি ভিডিওতে দেখা যায়, কীর্তির প্রশংসা করার সময় মিসকিন বারবার তার কোলে ও পায়ের ওপর হাত রাখছেন। এই সময় অভিনেত্রীর মুখভঙ্গি দেখে নেটিজেনদের একাংশ দাবি করেছেন যে, তিনি অস্বস্তিতে পড়েছেন। ভিডিওটি ছড়িয়ে পড়ার পর সামাজিক মাধ্যমে আলোচনা-সমালোচনা শুরু হয়েছে।
সামাজিক মাধ্যমে এক নেটিজেন লিখেছেন— "সামান্য স্পর্শেই কেন কীর্তিকে অস্বস্তিতে দেখা গেল? সিনেমার দৃশ্যে অনেক কিছু ঘটলেও বাস্তব জীবনে এমন আচরণে তার প্রতিক্রিয়া কেন আলাদা?" তবে ওই মন্তব্যের সঙ্গে একমত নন অধিকাংশ নেটিজেন। বরং কীর্তির পাশে দাঁড়িয়ে তারা বলছেন, সিনেমার পর্দায় অভিনয়ের প্রয়োজনে শারীরিক স্পর্শ আর বাস্তব জীবনে কারও অনুমতি ছাড়া স্পর্শ করা এক বিষয় নয়। একজন অভিনেত্রী পর্দায় কোনো দৃশ্যে অভিনয় করতে সম্মতি দিলেও বাস্তব জীবনে তার ব্যক্তিগত পরিসর ও সম্মতির অধিকার অক্ষুণ্ন থাকে।
আরেক নেটিজেন মন্তব্য করেছেন— "এটা বাস্তব জীবন, কোনো সিনেমার দৃশ্য নয়। মিসকিনের উদ্দেশ্য যা-ই হোক না কেন, কীর্তি তার আচরণে অস্বস্তি বোধ করে থাকলে তা প্রকাশ করার সম্পূর্ণ অধিকার তার রয়েছে।"
অন্য আরেকজন নেটিজেন সম্মতির বিষয়টি তুলে ধরে লিখেছেন— সিনেমার দৃশ্যে স্পর্শ করার আগে সংশ্লিষ্টদের মধ্যে সম্মতি থাকে। কিন্তু বাস্তব জীবনেও শারীরিক স্পর্শের ক্ষেত্রে সম্মতি প্রয়োজন। ফলে ঘটনাটি নিয়ে সামাজিক মাধ্যমে কীর্তি সুরেশের ব্যক্তিগত পরিসর ও নারীর সম্মতির অধিকার নিয়ে আলোচনা চলছে।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ