০১:২১ পি.এম
ঢাকা, ১৫ নভেম্বর, ২০২৬ : ব্রাজিলে চলতি বছরে এমপক্স (মাঙ্কিপক্স) সম্পর্কিত প্রথম মৃত্যুর ঘটনা ঘটেছে। যদিও দেশটির আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে, কর্তৃপক্ষ এই পরিস্থিতিকে এখনও প্রাদুর্ভাব হিসেবে চিহ্নিত করছে না।
এ তথ্য একটি জনস্বাস্থ্য গবেষণা প্রতিষ্ঠান জানিয়েছে।
স্বাস্থ্য মন্ত্রণালয়ের অধীনে পরিচালিত ফিওক্রুজ ইনস্টিটিউটের শুক্রবার প্রকাশিত প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, চলতি বছরে ব্রাজিলে এমপক্সে ১ হাজার ৯ জন আক্রান্ত হয়েছেন।
আরও পড়ুন: ম্যানিলায় শুরু হলো আসিয়ানের ৪৯তম সম্মেলন, আলোচনায় রোহিঙ্গা সংকটসহ নানা বিষয়
প্রতিবেদনটি জানায়, প্রথম মৃত্যুর ঘটনাটি রিও ডি জেনেইরোতে ঘটেছে। শহরটিতে সেপ্টেম্বর থেকে নভেম্বরের মধ্যে এমপক্সে আক্রান্তের সংখ্যা বছরের অন্যান্য সময়ের তুলনায় দ্বিগুণ বৃদ্ধি পেয়েছে।
এএফপি সংবাদ সংস্থার খবর অনুযায়ী, পরিস্থিতি মোকাবিলায় সরকার নজরদারি বৃদ্ধি করেছে। পাশাপাশি, এমপক্সের জন্য নতুন ২৫ হাজার ডোজ টিকা কেনা হয়েছে।
ফিওক্রুজের তথ্যমতে, বর্তমানে আক্রান্তের সংখ্যা ২০২২ সালে দেখা দেওয়া সর্বোচ্চ সংক্রমণের তুলনায় ‘উল্লেখযোগ্যভাবে কম’ রয়েছে।
এমপক্স গুটিবসন্তের ভাইরাসের একই পরিবারের একটি ভাইরাসের মাধ্যমে ছড়ায়। এই রোগের লক্ষণগুলোর মধ্যে জ্বর, পেশিতে ব্যথা এবং ত্বকে বড় আকারের ফোড়া সৃষ্টি হতে পারে। কিছু ক্ষেত্রে, এই রোগটি প্রাণঘাতীও হতে পারে।
আরও পড়ুন: বাংলাদেশের দক্ষ কর্মীরা জাম্বিয়ায় আন্তর্জাতিক প্রশিক্ষক ও কারিগরি সহায়তা দিচ্ছেন
আক্রান্ত প্রাণী থেকে মানুষের শরীরে এ ভাইরাস ছড়াতে পারে। একইসাথে, আক্রান্ত ব্যক্তির সঙ্গে ঘনিষ্ঠ শারীরিক সংস্পর্শের মাধ্যমে মানুষের মধ্যে সংক্রমণ ঘটে।
দ্রুত সংক্রমণের কারণে ২০২২ ও ২০২৪ সালে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) এমপক্সকে আন্তর্জাতিক উদ্বেগের জনস্বাস্থ্য জরুরি অবস্থা হিসেবে ঘোষণা করেছিল।
২১ কোটি ৪০ লাখ জনসংখ্যার দেশ ব্রাজিলে চলতি বছরে অধিকাংশ সংক্রমণের ঘটনা সাও পাওলো ও রিও ডি জেনেইরোতে ঘটেছে।
আরও পড়ুন: মক্কার মসজিদুল হারামে শিশু ও প্রবীণদের জন্য ‘সেফটি ব্রেসলেট’ সেবা শুরু
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন