ঢাকা সোমবার, ১৬ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ০১ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ০৫ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
সোমবার, ১৬ই নভেম্বর, ২০২৬ইং ০১ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

যুদ্ধের পরও ইরানের হাতে আড়াই হাজার ক্ষেপণাস্ত্র মজুত


যুদ্ধের পরও ইরানের হাতে আড়াই হাজার ক্ষেপণাস্ত্র মজুত

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সামরিক হামলার ফলে ইরানের সামরিক অবকাঠামোর ব্যাপক ক্ষয়ক্ষতি হলেও দেশটির হাতে এখনো আনুমানিক ১ হাজার ৫০০ থেকে ২ হাজার ৫০০ ক্ষেপণাস্ত্র রয়েছে। মার্কিন গোয়েন্দা সংস্থাগুলোর মূল্যায়নের ভিত্তিতে এই তথ্যটি রোববার মার্কিন সংবাদমাধ্যম ওয়াল স্ট্রিট জার্নাল প্রকাশ করেছে।

রোববার (১৫ নভেম্বর) প্রকাশিত প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, মার্কিন কর্মকর্তাদের দেওয়া তথ্য অনুযায়ী, ইরানের ক্ষেপণাস্ত্রের মজুত এখনও উল্লেখযোগ্য পর্যায়ে বিদ্যমান। নতুন সংঘাত শুরু হলে, এসব ক্ষেপণাস্ত্র দিয়ে যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের লক্ষ্যবস্তুতে হামলা চালানোর সক্ষমতা রয়েছে তেহরানের।

এই মূল্যায়ন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দাবিকে প্রশ্নের মুখে ফেলেছে, যেখানে তিনি বলেছিলেন, ইরানের সামরিক সক্ষমতা প্রায় পুরোপুরি ধ্বংস হয়ে গেছে। তবে গোয়েন্দা কর্মকর্তারা জানিয়েছেন, ক্ষেপণাস্ত্রের সংখ্যা সম্পর্কে তাঁদের আস্থার মাত্রা কম। কারণ, কতগুলো ক্ষেপণাস্ত্র তাৎক্ষণিকভাবে নিক্ষেপের উপযোগী এবং কতগুলো মজুত অবস্থায় রয়েছে, তা নির্ভুলভাবে নির্ধারণ করা কঠিন।

আরও পড়ুন: ম্যানিলায় শুরু হলো আসিয়ানের ৪৯তম সম্মেলন, আলোচনায় রোহিঙ্গা সংকটসহ নানা বিষয়

প্রতিবেদন অনুযায়ী, যুদ্ধের পূর্বের তুলনায় ইরানের ক্ষেপণাস্ত্র উৎপাদন ও মজুত পুনর্গঠনের গতি ধীর হয়ে গেছে। তবে দেশটির হাতে উল্লেখযোগ্যসংখ্যক ড্রোন ও স্বল্পপাল্লার ক্ষেপণাস্ত্র বিদ্যমান। ফলে আঞ্চলিক বিভিন্ন লক্ষ্যবস্তুতে হামলার সক্ষমতা এখনও বজায় রেখেছে ইরান।

ইসরায়েলি সামরিক কর্মকর্তাদের ধারণা, ইরানের হাতে ১ হাজার ৫০০টির বেশি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র রয়েছে। তবে এ বিষয়ে বিভিন্ন আঞ্চলিক মূল্যায়নে সংখ্যা ভিন্নতা লক্ষ্য করা যাচ্ছে।

মধ্যপ্রাচ্যবিষয়ক যুক্তরাষ্ট্রের সাবেক উপসহকারী প্রতিরক্ষামন্ত্রী সিমোন লিডিন বলেছেন, ক্ষেপণাস্ত্রের মজুত নিয়ে সর্বনিম্ন হিসাবটিও সঠিক হলে, যুদ্ধের পূর্বের তুলনায় ইরান তার ক্ষেপণাস্ত্র ভান্ডারের অর্ধেকেরও বেশি পুনরুদ্ধার করতে সক্ষম হয়েছে।

প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়েছে, ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক স্থাপনা, রাডার ব্যবস্থা এবং আগাম সতর্কীকরণ অবকাঠামোর দুর্বলতা প্রকাশ পেয়েছে।

আরও পড়ুন: বাংলাদেশের দক্ষ কর্মীরা জাম্বিয়ায় আন্তর্জাতিক প্রশিক্ষক ও কারিগরি সহায়তা দিচ্ছেন

এদিকে, তেহরানের বিরুদ্ধে নতুন করে বড় ধরনের সামরিক অভিযান শুরু না করে আপাতত নিষেধাজ্ঞা ও অবরোধের মাধ্যমে অর্থনৈতিক চাপ অব্যাহত রেখেছে ওয়াশিংটন। অন্যদিকে, ইরানের সম্ভাব্য পাল্টা হামলার আশঙ্কায় উপসাগরীয় মিত্রদেশগুলো নতুন সংঘাত শুরু না করার বিষয়ে সতর্ক করেছে। তবে ইসরায়েল ইরানের বিরুদ্ধে আরও সামরিক পদক্ষেপ নেওয়ার পক্ষে অবস্থান ধরে রেখেছে বলে জানিয়েছে ওয়াল স্ট্রিট জার্নাল। তথ্যসূত্র: আনাদোলু এজেন্সি

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

আ.লীগ ক্ষমতায় ফিরতে চাইলে জনগণকে নিয়ে মাঠে থাকবে বিএনপি: মন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

রবিবার, ১৫ই নভেম্বর, ২০২৬ ইং

০১:২২ পি.এম


আ.লীগ ক্ষমতায় ফিরতে চাইলে জনগণকে নিয়ে মাঠে থাকবে বিএনপি: মন্ত্রী

গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহের সুমন মন্তব্য করেছেন যে, আওয়ামী লীগ যদি আবার ক্ষমতায় ফেরার চেষ্টা করে, তাহলে বিএনপি জনগণকে সঙ্গে নিয়ে মাঠে থাকবে। তিনি উল্লেখ করেন, "আমরা পুলিশ কিংবা বিডিআরের ওপর নির্ভর করব না, বিএনপি নিজেই মাঠে থাকবে। আমাদের শক্তি জনগণ।"

শনিবার (১৪ নভেম্বর) রাত ৭টার দিকে কুমিল্লার বরুড়া উপজেলার ভাউকসার কেন্দ্রীয় ঈদগাহ মাঠসংলগ্ন স্থানে ভাউকসার ইউনিয়ন পরিষদ কমপ্লেক্সের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

জাকারিয়া তাহের সুমন আরও বলেন, "কোনো ব্যক্তির বিরুদ্ধে ফাঁসির আদেশ হলে তিনি আইন অনুযায়ী আপিল ও উচ্চ আদালতে যাওয়ার সুযোগ পাবেন।" তিনি জানান, আইন অনুযায়ী চূড়ান্ত রায় হলে তা কার্যকর হবে। তিনি দেশের মধ্যে অস্থিরতা তৈরির চেষ্টা চলছে বলেও মন্তব্য করেন। ঢাকার বিভিন্ন স্থানে বাস ও ট্রাকে আগুন দেওয়ার ঘটনা এবং পোশাক শ্রমিকদের টাকা পাঠানোর বিষয়ে অভিযোগ তুলে তিনি বলেন, "এসবের পেছনে কারা আছে, তা জনগণকে বুঝে।"

অনুষ্ঠানে উপস্থিত লোকজনের উদ্দেশে তিনি প্রশ্ন করেন, আওয়ামী লীগ আবার ক্ষমতায় আসুক বা স্বৈরাচার ফিরে আসুক—তারা কি তা চান কিনা। উপস্থিত ব্যক্তিরা ‘না’ সূচক উত্তর দেন।

মন্ত্রী আরও বলেন, বিএনপি জনগণের ভোটে সরকারে এসেছে এবং জনগণই তাদের পাশে থাকবে বলে তিনি বিশ্বাস করেন। ক্ষমতাচ্যুতদের বিচার হলে এবং তারা ফিরে এলে জনগণ ক্ষমা করতে চাইবে কিনা, সেটি জনগণই ঠিক করবে বলেও মন্তব্য করেন তিনি।

ভাউকসার ইউনিয়ন পরিষদ কমপ্লেক্সের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে কুমিল্লা এলজিইডির নির্বাহী প্রকৌশলী মফিজ উদ্দিন, বরুড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আসাদুজ্জামান রনি, উপজেলা প্রশাসনের কর্মকর্তা এবং বিএনপি ও অঙ্গসংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নারীর হৃদস্বাস্থ্য নিয়ে এত দিন যা জানা ছিল, তা বদলাচ্ছে নতুন নির্দেশনায়

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

রবিবার, ১৫ই নভেম্বর, ২০২৬ ইং

০১:২২ পি.এম


নারীর হৃদস্বাস্থ্য নিয়ে এত দিন যা জানা ছিল, তা বদলাচ্ছে নতুন নির্দেশনায়

নারীদের হৃদরোগের ঝুঁকি শুধুমাত্র বয়সের উপর নির্ভরশীল নয়, বরং জীবনের বিভিন্ন পর্যায়ে হরমোনের পরিবর্তনের সঙ্গেও সম্পর্কিত। বিশেষজ্ঞদের মতে, প্রথম মাসিক থেকে শুরু করে গর্ভাবস্থা এবং মেনোপজের সময় পর্যন্ত হৃদরোগ ও স্ট্রোকের ঝুঁকি বৃদ্ধি পেতে পারে।

সম্প্রতি আমেরিকান হার্ট অ্যাসোসিয়েশনসহ অন্যান্য স্বাস্থ্য সংস্থার বিশেষজ্ঞরা নারীদের হৃদস্বাস্থ্য রক্ষায় নতুন নির্দেশনা প্রকাশ করেছেন। এই নির্দেশনায় শৈশব থেকেই হৃদরোগের ঝুঁকি শনাক্তকরণ ও প্রতিরোধের উপর গুরুত্বারোপ করা হয়েছে।

বিশেষজ্ঞদের মতে, ১০ বছর বয়সের আগে প্রথম মাসিক হলে ভবিষ্যতে হৃদরোগের ঝুঁকি বৃদ্ধি পেতে পারে। এছাড়া, অনিয়মিত বা অতিরিক্ত মাসিক, হরমোনজনিত সমস্যা এবং গর্ভাবস্থায় উচ্চ রক্তচাপ ও ডায়াবেটিস থাকলেও পরবর্তী জীবনে হৃদরোগের আশঙ্কা বৃদ্ধি পায়।

গর্ভাবস্থা নারীদের হৃদযন্ত্রের উপর অতিরিক্ত চাপ সৃষ্টি করে। সন্তান জন্মের পর প্রথম এক বছরও হৃদরোগের ঝুঁকির জন্য গুরুত্বপূর্ণ। এই সময়ে শ্বাসকষ্ট, বুকে ব্যথা, অতিরিক্ত ক্লান্তি অথবা পা ফুলে যাওয়ার মতো উপসর্গ দেখা দিলে চিকিৎসকের পরামর্শ নেওয়ার জন্য বিশেষজ্ঞরা সতর্ক করেছেন।

এছাড়া, মেনোপজের আগে কয়েক বছর ধরে শরীরে ইস্ট্রোজেন হরমোনের মাত্রা কমে যায়। এর ফলে ক্ষতিকর কোলেস্টেরল বৃদ্ধি পেতে পারে, রক্তনালী শক্ত হয়ে যেতে পারে এবং শরীরে চর্বি জমার প্রবণতা বাড়তে পারে। মেনোপজের পর নারীদের হৃদরোগের ঝুঁকি দ্রুত বৃদ্ধি পায়।

বিশেষজ্ঞরা শিশু বয়স থেকেই স্বাস্থ্যকর খাবার গ্রহণ, নিয়মিত শরীরচর্চা, পর্যাপ্ত ঘুম এবং রক্তচাপ ও রক্তে শর্করার মাত্রা পরীক্ষা করার পরামর্শ দিয়েছেন। তাদের মতে, মাসিকের ইতিহাস, গর্ভাবস্থার জটিলতা এবং মেনোপজের সময় নারীদের প্রজননস্বাস্থ্যের তথ্য হৃদরোগের ঝুঁকি নির্ধারণে গুরুত্বপূর্ণ।

সূত্র: সিএনএন

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

১০ দিনেই ১২০০ কোটি ছাড়াল ‘রামায়ণ’

আন্তর্জাতিক ডেস্ক

বিনোদন ডেস্ক

রবিবার, ১৫ই নভেম্বর, ২০২৬ ইং

০১:২৩ পি.এম


১০ দিনেই ১২০০ কোটি ছাড়াল ‘রামায়ণ’

বলিউড বক্স অফিসে নতুন ইতিহাস সৃষ্টি করে চলেছে পরিচালক নীতেশ তিওয়ারির মেগা প্রজেক্ট ‘রামায়ণ: রাইজ অব এ লেজেন্ড’। ছবিটি মুক্তির পর থেকেই একের পর এক রেকর্ড ভেঙে চলেছে, যেখানে রণবীর কাপুর, সাই পল্লবী এবং যশের মতো তারকারা অভিনয় করেছেন। দ্বিতীয় শনিবারেও (১৪ নভেম্বর) ছবিটি বড় আয়ের মুখ দেখেছে।

স্যাকনিল্কের প্রতিবেদনে বলা হয়েছে, মুক্তির দ্বিতীয় শনিবারে (দশম দিনে) ছবিটি ভারতীয় বাজারে ৭২.৯০ কোটি রুপি নেট আয় করেছে। এর আগের দিন, নবম দিনে (দ্বিতীয় শুক্রবার) আয়ের পরিমাণ ছিল ৪৮.১০ কোটি রুপি। শুক্রবারে কিছুটা ভাটা পড়লেও শনিবারে ভক্তদের উপচে পড়া ভিড়ে ছবিটি ফের ঘুড়ে দাঁড়িয়েছে।

এইভাবে, মাত্র ১০ দিনেই ভারতে ছবিটির মোট নেট সংগ্রহ ৬৮৫.৬০ কোটি রুপিতে পৌঁছেছে। বিশ্বব্যাপী এর মোট আয় ১,২০০ কোটি রুপির মাইলফলক অতিক্রম করেছে। ‘পুষ্পা ২’ এবং ‘ধুরন্ধর ২’-এর পর এটি ভারতীয় সিনেমার ইতিহাসে তৃতীয় দ্রুততম ছবি হিসেবে ১,০০০ কোটির ক্লাবে প্রবেশ করেছে।

রেকর্ড ভাঙা সোমবার

ছবিটির প্রথম সপ্তাহের বক্স অফিস যাত্রা ছিল রূপকথার মতো। ভারতে প্রথম সাত দিনে এটি ৫৬৪ কোটি রুপি আয় করেছে।

ওপেনিংয়ের দিন ছবিটির আয় ছিল ৬৪.৮৫ কোটি রুপি। বিশেষ করে প্রথম সোমবার ১০৭.৫০ কোটি রুপি আয় করে হিন্দি সিনেমার ইতিহাসে সর্বকালের সেরা সোমবারের আয়ের রেকর্ড গড়েছিল ‘রামায়ণ’। এরপর মঙ্গল ও বুধবারে ছবির আয় যথাক্রমে ৯৪.১০ কোটি এবং ৭০.৬৫ কোটি রুপিতে দাঁড়ায়।

প্রসঙ্গত, ছবির পরিচালক নীতেশ তিওয়ারি এবং প্রযোজক নমিত মালহোত্রা শুরু থেকেই ‘রামায়ণ’কে একটি ভিজ্যুয়াল মাস্টারপিস হিসেবে তৈরি করার প্রতিশ্রুতি দিয়েছিলেন। ছবিতে রামের চরিত্রে রণবীর কাপুর, সীতার চরিত্রে সাই পল্লবী এবং রাবণের খলচরিত্রটিতে যশ-এর অভিনয় দর্শকদের মুগ্ধ করছে। এছাড়া, রবি দুবে, সানি দেওল, লারা দত্ত এবং অরুণ গোভিলের মতো জনপ্রিয় তারকারাও গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করে ছবিটিকে অনন্য এক উচ্চতায় নিয়ে গেছেন।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র থেকে এলো সুখবর

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

রবিবার, ১৫ই নভেম্বর, ২০২৬ ইং

০১:২৩ পি.এম


রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র থেকে এলো সুখবর

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিট চলতি নভেম্বর মাসের মধ্যেই পরীক্ষামূলকভাবে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ শুরু করার সম্ভাবনা রয়েছে। কর্তৃপক্ষের পরিকল্পনা অনুযায়ী, সব ধরনের নিরাপত্তা ও কারিগরি পরীক্ষা সফলভাবে সম্পন্ন হলে ডিসেম্বরে আনুষ্ঠানিকভাবে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন উদ্বোধন করা হবে।

রাশিয়ার সর্বাধুনিক প্রযুক্তি, অর্থনৈতিক ও কারিগরি সহায়তা এবং সার্বিক তত্ত্বাবধানে পাবনার ঈশ্বরদীতে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণের কাজ চলছে। প্রকল্পটি বাস্তবায়ন করছে রাষ্ট্রীয় পারমাণবিক শক্তি করপোরেশন রোসাটমের প্রকৌশল বিভাগ অ্যাটমস্ট্রয়। বিদ্যুৎকেন্দ্রটিতে দুটি ইউনিট রয়েছে, প্রতিটি ইউনিট ১২০০ মেগাওয়াট করে মোট ২৪০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের সক্ষমতা রাখে।

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র প্রকল্পসংশ্লিষ্ট একাধিক সূত্র জানায়, সবকিছু ঠিকঠাক থাকলে এবং প্রযুক্তিগত বা অন্য কোনো সমস্যা বা আকস্মিক সংকট সৃষ্টি না হলে চলতি সপ্তাহেই দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিট থেকে প্রায় ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ পরীক্ষামূলকভাবে জাতীয় গ্রিডে সরবরাহ শুরু হতে পারে। এভাবে রূপপুরের পারমাণবিক বিদ্যুতের বাণিজ্যিক ব্যবহারের সূচনা হতে যাচ্ছে।

বাংলাদেশ পরমাণু শক্তি নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের (বায়েরা) চেয়ারম্যান মাহমুদুল হাসান জানান, রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ কবে শুরু হবে, তা এখনই নিশ্চিত করে বলা সম্ভব নয়। তবে যত তাড়াতাড়ি সম্ভব সরবরাহ শুরুর চেষ্টা চলছে।

তিনি আরও বলেন, জাতীয় গ্রিডে পরীক্ষামূলকভাবে বিদ্যুৎ দেওয়ার পর পুরো বিষয়টি পর্যবেক্ষণ করা হবে। সবকিছু সঠিকভাবে হচ্ছে কি না, তা দেখা হবে। পরীক্ষা-নিরীক্ষা ও পর্যবেক্ষণের মাধ্যমে কোনো সমস্যা বা ত্রুটি নেই, তা নিশ্চিত হওয়ার পর আনুষ্ঠানিক উদ্বোধন করা হবে।

মাহমুদুল হাসান জানান, উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে প্রধানমন্ত্রী থাকতে পারেন, তবে সেটি নির্ভর করবে তার সময়ের ওপর। এ কারণে আনুষ্ঠানিক উদ্বোধনের সময় এখনই বলা যাচ্ছে না।

গত ১১ অক্টোবর প্রথম ইউনিটের চুল্লিতে নিয়ন্ত্রিত পারমাণবিক বিক্রিয়া (ক্রিটিক্যালিটি) সফলভাবে শুরু হয়েছে। এরপর ২৯ অক্টোবর বাংলাদেশ পরমাণু শক্তি নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (বায়েরা) চুল্লির ক্ষমতা বৃদ্ধির চূড়ান্ত ধাপ বা ‘পাওয়ার স্টার্টআপ (সি-স্টেজ)’ শুরুর অনুমোদন দেয়।

কারিগরি পরীক্ষা শেষ হলে চলতি সপ্তাহের মধ্যেই পরীক্ষামূলকভাবে জাতীয় গ্রিডে প্রায় ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ যুক্ত হতে পারে।

বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের পরিকল্পনা অনুযায়ী, ডিসেম্বরে আনুষ্ঠানিকভাবে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ শুরু হলে তা ধাপে ধাপে বাড়ানো হবে। প্রথম ইউনিটকে পূর্ণ সক্ষমতা অর্থাৎ ১২০০ মেগাওয়াটে নিতে আরও তিন থেকে চার মাস সময় লাগতে পারে। ২০২৭ সালের এপ্রিল নাগাদ এ কাজ সম্পন্ন হওয়ার সম্ভাবনা রয়েছে।

দ্বিতীয় ইউনিট চালুর প্রস্তুতি হিসেবে রাশিয়া থেকে নিয়মিত পারমাণবিক জ্বালানি (ইউরেনিয়াম) দেশে আসছে। ইতোমধ্যে দ্বিতীয় ইউনিটের জন্য ছয়টি চালানের ইউরেনিয়াম রূপপুরে পৌঁছেছে।

প্রথম ইউনিট পুরোদমে চালু হওয়ার প্রায় এক বছর পর, অর্থাৎ ২০২৭ সালের শেষ নাগাদ দ্বিতীয় ইউনিট থেকেও পূর্ণ সক্ষমতায় বিদ্যুৎ উৎপাদন শুরুর লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। দুটি ইউনিট পুরোপুরি চালু হলে জাতীয় গ্রিডে মোট ২৪০০ মেগাওয়াট বিদ্যুৎ যুক্ত হবে, যা দেশের বিদ্যুৎ চাহিদার উল্লেখযোগ্য অংশ পূরণ করবে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৫ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫৫
জোহর ১১:৪৪
আসর ০৩:৩৭
মাগরিব ০৫:১৩
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:১৩ সূর্যাস্ত : ০৫:১৩
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%