ঢাকা মঙ্গলবার, ২৪শে নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৯ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ১৩ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
মঙ্গলবার, ২৪শে নভেম্বর, ২০২৬ইং ০৯ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

মিরসরাইয়ে সাবেক কাউন্সিলরসহ তিন আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার


মিরসরাইয়ে সাবেক কাউন্সিলরসহ তিন আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

চট্টগ্রামের মিরসরাইয়ে থানা পুলিশের পৃথক অভিযানের মাধ্যমে নিষিদ্ধঘোষিত আওয়ামী লীগ ও নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের তিন নেতাকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের মধ্যে রয়েছেন মিরসরাই পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং মিরসরাই পৌরসভা আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণবিষয়ক সম্পাদক জহির উদ্দিন কমিশনার (৪৮)।

গ্রেপ্তারকৃতদের শনাক্ত করা হয়েছে, যাদের মধ্যে অন্য দুজন হলেন— ১৩ নম্বর মায়ানী ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহেদুল করিম (৪৩) এবং ১০ নম্বর মিঠানালা ইউনিয়ন ছাত্রলীগের সদস্য ও চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রলীগের সহ-সাংগঠনিক সম্পাদক মোরশেদ আলম শাহীন (২৬)।

সোমবার (২৩ নভেম্বর) মিরসরাই থানা এলাকাসহ বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করা হয়। মিরসরাই থানার ওসি ফরিদা ইয়াসমিন জানিয়েছেন, সোমবার মিরসরাই থানার বিভিন্ন স্থানে পৃথক অভিযান চালিয়ে নিয়মিত মামলায় আওয়ামী লীগ ও ছাত্রলীগের তিন নেতাকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের মঙ্গলবার সকালে সংশ্লিষ্ট মামলায় আদালতে সোপর্দ করা হয়েছে।

আরও পড়ুন: কক্সবাজারের পর্যটনে নতুন সংযোজন আধুনিক রিভার ক্রুজ উদ্বোধন

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

দুবলার চরে পুণ্যস্নানের মধ্য দিয়ে হলো রাস উৎসব

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

মঙ্গলবার, ২৪শে নভেম্বর, ২০২৬ ইং

০৫:১৫ পি.এম


দুবলার চরে পুণ্যস্নানের মধ্য দিয়ে হলো রাস উৎসব

খুলনা, ২৪ নভেম্বর, ২০২৬ : সুন্দরবনের দুবলার চরে অনুষ্ঠিত রাস উৎসব আজ সকালে পুণ্যস্নানের মাধ্যমে শেষ হয়েছে। পূণ্যার্থীরা সূর্যোদয়ের সময় বঙ্গোপসাগরের নোনা জলে পুণ্যস্নানের মধ্য দিয়ে উৎসবের আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন। সনাতন ধর্মাবলম্বীরা তাদের প্রার্থনায় পরিবার, দেশ ও জাতির মঙ্গল কামনা করেন।

সরেজমিনে দেখা যায়, আজ ভোরে দুবলার চরের আলোরকোল নামক সমুদ্র সৈকতে তিন কিলোমিটার জুড়ে পুণ্যার্থীদের ঢল নামে। উলুধ্বনি, শঙ্খধ্বনি এবং ঢাকঢোলের শব্দে মুখরিত হয়ে ওঠে সুন্দরবনের আলোর কোল সমুদ্র সৈকত। এ সময় মোমবাতি ও ধূপকাঠি জ্বালিয়ে পুন্যার্থীরা সারিবদ্ধভাবে সাগরের দিকে মুখ করে বসে মন্ত্র পাঠ করেন। এরপর উলুধ্বনি ও প্রসাদ বিতরণ করা হয়। এই পর্ব শেষে তারা সাগর জলে স্নান করেন। পূজারিরা বিশ্বাস করেন, এই স্নানের মাধ্যমে তাদের সকল পাপ মোচন হয়। প্রার্থনাকালে অনেককে কান্নায় ভেঙে পড়তে দেখা যায়। অনেকে মনের আশা পূরণের আশায় এই পুণ্যস্নানে অংশ নেন। রাস উৎসবে উল্লেখযোগ্য সংখ্যক নারী উপস্থিত ছিলেন। এছাড়াও ৩৪ জন বিদেশি দর্শনার্থী রাশ উৎসবে অংশ নেন।

আজ সকালে পুণ্যস্নান শেষে পুণ্যার্থীরা ফিরতে শুরু করেছেন। শত শত ট্রলার ও জালি বোটযোগে তারা নিজ নিজ গন্তব্যে ফিরে যাচ্ছেন।

সুন্দরবন পূর্ব বিভাগের বন কর্মকর্তা (ডিএফও) রেজাউল করিম চৌধুরী জানান, আজ সন্ধ্যার মধ্যেই সব পুণ্যার্থী দুবলার চর ত্যাগ করবে। রাস উৎসব উপলক্ষে তিন দিনের অনুমতি দেওয়া হয়েছিল। আজ মঙ্গলবার সেই অনুমতির শেষ দিন। এরপর যদি কেউ এ এলাকায় অবস্থান করেন তবে তার বিরুদ্ধে বন আইনে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে।

তিনি জানান, এবারের রাস পূজা ও পুণ্যস্নান উপলক্ষে বাগেরহাট ও খুলনা জেলায় পুণ্যার্থীদের জন্য মোট ৪২৬টি বোটের (ট্রলার) অনুমোদন দেওয়া হয়। এর মধ্যে বাগেরহাট জেলায় ৪০৯টি বোটে ৮ হাজার ৭০৬ জন পুণ্যার্থী এবং খুলনা জেলায় ১৭টি বোটের অনুকূলে ৪০৫ জনকে প্রবেশের অনুমতি দেওয়া হয়।

গতকাল সোমবার (২৩ নভেম্বর) বিকেল থেকে দুবলার চরের আলোরকোলে শুরু হয় শত বছর ধরে প্রচলিত এই ধর্মীয় উৎসব। দেশের বিভিন্ন প্রান্ত থেকে প্রায় ১০ হাজারেরও বেশি সনাতন ধর্মাবলম্বী নারী পুরুষ সমবেত হন এই উৎসবে। সোমবার বিকেল ৫টায় দুবলার চরের রাস মন্দিরটি ভক্তদের জন্য খুলে দেওয়া হয়। রাত ১১টার পর রাস পূর্ণিমার মূল পূজা শুরু হয়।

গতকাল সন্ধ্যা থেকেই রাধাকৃষ্ণের আরাধনা, নামকীর্তন, আরতি, মতুয়া সম্প্রদায়ের ঢাক-নৃত্যের মধ্য দিয়ে উৎসব জমে ওঠে। সারা রাত পূজা শেষে ভক্তরা ভোরের জোয়ারের অপেক্ষায় সাগর পাড়ে জড়ো হন। সূর্যোদয়ের সাথে সাথে সাগরের প্রথম জোয়ারে পুণ্যস্নান এবং প্রসাদ বিতরণের মাধ্যমে শেষ হয় আনুষ্ঠানিকতা।

সুন্দরবনের জীববৈচিত্র্য ও পরিবেশ রক্ষায় ২০২১ সাল থেকে দুবলার চরে রাস উৎসবকালে বাণিজ্য মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান বন্ধ রাখা হয়েছে। এ বছরও সুন্দরবন পূর্ব বন বিভাগের কঠোর তত্ত্বাবধানে কেবল সনাতন ধর্মাবলম্বীদেরই নির্ধারিত পাঁচটি জলপথ দিয়ে চরে প্রবেশের অনুমতি দেওয়া হয়। পুণ্যার্থীদের নিরাপত্তা ও বন্যপ্রাণী শিকার রোধে বনরক্ষী, কোস্টগার্ড, নৌবাহিনী, র‌্যাব ও পুলিশ বাহিনীর সদস্যরা নিরাপত্তা বলয় গড়ে তোলেন।

১৯২৩ সালে সাধু হরিভজনের হাত ধরে শুরু হয় দুবলার চরের রাস উৎসব। প্রতি বছর কার্তিকের পূর্ণিমা তিথিতে এ পূজা উদযাপন করা হয়।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নড়াইলে ৮ বছরের শিশুকে ধর্ষণের ঘটনায় আসাদ মোল্যার যাবজ্জীবন কারাদণ্ড

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

মঙ্গলবার, ২৪শে নভেম্বর, ২০২৬ ইং

০৫:১৫ পি.এম


নড়াইলে ৮ বছরের শিশুকে ধর্ষণের ঘটনায় আসাদ মোল্যার যাবজ্জীবন কারাদণ্ড

নড়াইলের কালিয়ায় আট বছরের শিশুকে ধর্ষণের ঘটনায় আসাদ মোল্যা (৫০) নামক এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ডের সাজা প্রদান করেছে আদালত। পাশাপাশি, তাকে তিন লাখ টাকা ক্ষতিপূরণও দিতে নির্দেশ দেওয়া হয়েছে।

মঙ্গলবার (২৪ নভেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে নড়াইল শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক শেখ ছামিদুল ইসলাম এই রায় ঘোষণা করেন।

নড়াইল নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট মো. আজিবুর রহমান আজিজ এই তথ্য নিশ্চিত করেছেন।

দণ্ডপ্রাপ্ত আসাদ মোল্যা নড়াগাতী থানার মহাজন উত্তরপাড়া এলাকার আমির মোল্যার পুত্র।

মামলার বিবরণ অনুসারে, চলতি বছরের ২৫ মার্চ সকালে কালিয়া উপজেলার একটি গ্রামে শিশুটির মা-বাবা কাজের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হন। এরপর দুপুরে আসাদ মোল্যা শিশুটির বাবার খোঁজে বাড়িতে আসেন। বাড়িতে একা পেয়ে শিশুটিকে ধর্ষণ করেন আসাদ।

শিশুটির চিৎকারে আশপাশের লোকজন আসলে অভিযুক্ত পালিয়ে যায়। প্রতিবেশীদের মাধ্যমে খবর পেয়ে শিশুটির বাবা-মা বাড়িতে ফিরে মেয়েকে রক্তাক্ত অবস্থায় দেখতে পান; এরপর তাকে জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

এদিকে, স্থানীয় জনতা মহাজন বাজার থেকে আসাদকে আটক করে পুলিশে সোপর্দ করে। সেই রাতেই শিশুটির বাবা আসাদ মোল্যাকে একমাত্র অভিযুক্ত করে ধর্ষণ মামলা দায়ের করেন।

মামলার বিচারিক কার্যক্রমে বাদীসহ মোট আট সাক্ষীর সাক্ষ্যগ্রহণ করা হয়। সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে আসামির বিরুদ্ধে অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় আদালত আসাদ মোল্যাকে যাবজ্জীবন কারাদণ্ড এবং তিন লাখ টাকা ক্ষতিপূরণের আদেশ দেন।

এ বিষয়ে নড়াইল নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট মো. আজিবুর রহমান আজিজ বলেন, "আট বছরের শিশু ধর্ষণ মামলায় আসাদ মোল্যা নামে ওই আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।" তিনি আরও জানান, ভুক্তভোগী পরিবারকে তিন লাখ টাকা ক্ষতিপূরণ দেয়ার নির্দেশ দেওয়া হয়েছে। রাষ্ট্রপক্ষের আইনজীবী জানান, এ রায়ে বাদীপক্ষসহ রাষ্ট্রপক্ষ সন্তোষ প্রকাশ করেছে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

টঙ্গীতে শ্রমিক-পুলিশ সংঘর্ষ, পুলিশ বক্সে আগুন লাগাল

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

মঙ্গলবার, ২৪শে নভেম্বর, ২০২৬ ইং

০৫:১৬ পি.এম


টঙ্গীতে শ্রমিক-পুলিশ সংঘর্ষ, পুলিশ বক্সে আগুন লাগাল

টঙ্গীর গাজীপুরা এলাকায় সংঘর্ষের ঘটনা ঘটেছে, যেখানে শ্রমিক ও পুলিশ মুখোমুখি হয়েছে। সংঘর্ষের সময় শ্রমিকরা একটি পুলিশ বক্সে প্রবেশ করে কাঠখড় দিয়ে আগুন লাগিয়ে দেয়। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড ব্যবহার করে শ্রমিকদের ছত্রভঙ্গ করে।

মঙ্গলবার (২৪ নভেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের টঙ্গীর গাজীপুরা এলাকায় এই ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, সকাল ৯টার দিকে টঙ্গী পশ্চিম থানার সাতাইশ এলাকায় মণ্ডল গ্রুপের একটি গার্মেন্টসে শ্রমিকরা ভাঙচুর শুরু করে। এই খবর পেয়ে আশপাশের অন্যান্য গার্মেন্টসের শ্রমিকরা রাস্তায় নেমে আসে। দুপুর ১২টার দিকে বিপুলসংখ্যক শ্রমিক গাজীপুরা বাসস্ট্যান্ডে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করার চেষ্টা করে। পুলিশ বাধা দেওয়ার পর সংঘর্ষ শুরু হয়। এ সময় শ্রমিক ও পুলিশের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া শুরু হয়। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড ব্যবহার করে। সংঘর্ষ চলাকালে গাজীপুরা এলাকায় একটি পুলিশ বক্সের ভেতরে ও বাইরেও কাঠখড় দিয়ে আগুন লাগানো হয়। একই সময়ে মহাসড়কের বিভিন্ন স্থানে টায়ার ও কাঠখড় দিয়ে আগুন দেয় বিক্ষুব্ধ শ্রমিকরা। সংঘর্ষের ফলে দুপুর ১টা থেকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক বন্ধ হয়ে যায়। প্রায় ৩০ মিনিট পর পুলিশ শ্রমিকদের রাস্তা থেকে সরিয়ে দিলে যান চলাচল পুনরায় শুরু হয়।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশ জিএমপির (অপরাধ দক্ষিণ) বিভাগের উপকমিশনার মো. শফিকুল ইসলাম বলেন, "অনেক জায়গায় আগুন দিয়েছে। পুলিশ বক্সে আগুনের বিষয়টি জেনে বলতে হবে। এখন ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক চালু আছে।"

গাজীপুর শিল্প পুলিশ-২ এর পুলিশ সুপার মোহাম্মদ আমজাদ হোসাইন কালের কণ্ঠকে জানান, শ্রমিক আন্দোলনের কারণে গাজীপুর এলাকায় ৭০টি গার্মেন্টস ছুটি ঘোষণা করা হয়েছে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

এভারেস্ট জয়ের স্বপ্ন ও প্রিয়জন হারানোর বেদনা নিয়ে ‘এভারেস্ট: দ্য আদার সাইড’

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

মঙ্গলবার, ২৪শে নভেম্বর, ২০২৬ ইং

০৫:১৬ পি.এম


এভারেস্ট জয়ের স্বপ্ন ও প্রিয়জন হারানোর বেদনা নিয়ে ‘এভারেস্ট: দ্য আদার সাইড’

ঢাকা, ২৪ নভেম্বর, ২০২৬ : অস্কার দৌড়ে থাকা প্রামাণ্যচিত্র ‘এভারেস্ট: দ্য আদার সাইড’ পাহাড়ের সৌন্দর্য, বিশালতা ও মুগ্ধতা দিয়ে শুরু হয়েছে। এতে উঠে এসেছে সেইসব মানুষের গল্প, যারা নিজেদের শারীরিক ও মানসিক সক্ষমতার শেষ সীমা পর্যন্ত পরীক্ষা করে পাহাড়ের চূড়ায় পৌঁছানোর চ্যালেঞ্জ মোকাবেলা করেন।

খবর বার্তা সংস্থা এএফপি’র।

তবে প্রামাণ্যচিত্রের অন্যতম প্রধান চরিত্রের মৃত্যুর পর গল্পটি ভিন্ন দিকে মোড় নেয়। পাহাড়ের দুর্গম পরিবেশে তৈরি হওয়া গভীর সম্পর্ক, প্রিয়জনকে হারানোর যন্ত্রণা এবং সেই শোক কাটিয়ে ওঠার সংগ্রাম হয়ে ওঠে এর মূল বিষয়।

পরিচালক এলিজাবেথ চাই ভাসারহেলি ও জিমি চিনের নতুন এই প্রামাণ্যচিত্রে মানুষের সহনশীলতার সীমা তুলে ধরা হয়েছে। পাশাপাশি এতে যুক্তরাষ্ট্রের দুই খ্যাতনামা স্কিয়ার হিলারি নেলসন ও জিম মরিসনের ভালোবাসার গল্পও স্থান পেয়েছে।

জিমি চিন মন্তব্য করেন, ‘মানুষের জীবন ও অভিজ্ঞতা নিয়ে চলচ্চিত্র নির্মাণের প্রতি আমার সব সময়ই আগ্রহ ছিল।’

তিনি আরও বলেন, যেসব মানুষ জীবন ও মৃত্যুর মাঝামাঝি অবস্থানে থাকা বিপজ্জনক অভিযানে অংশ নেন, তাদের গল্পের মধ্য দিয়ে জীবনের অনেক গুরুত্বপূর্ণ প্রশ্ন তুলে ধরার সুযোগ তৈরি হয়।

তিনি বলেন, ‘শেষ পর্যন্ত জীবনে কোন বিষয়গুলো সবচেয়ে গুরুত্বপূর্ণ? প্রিয়জনকে হারানোর শোক কীভাবে সামলাতে হয়? মানুষ কীভাবে ভালোবাসে? কোন বিষয়গুলো তাকে ভয় পাইয়ে দেয়? অর্থবহ জীবন যাপন করতে কিংবা নিজের কাক্সিক্ষত মানুষ হয়ে উঠতে আমরা কতটা ঝুঁকি নিতে প্রস্তুত?’

দুঃসাহসিক অভিযানের গল্প

দুঃসাহসিক ক্রীড়াবিদদের অসাধারণ সব অভিযান ও সাফল্য নিয়ে চলচ্চিত্র নির্মাণ করে পরিচালক জিমি চিন ও এলিজাবেথ চাই ভাসারহেলি ইতোমধ্যে নিজেদের আলাদা অবস্থান তৈরি করেছেন।

২০১৯ সালে পর্বতারোহী অ্যালেক্স হনল্ডকে নিয়ে নির্মিত তাদের প্রামাণ্যচিত্র ‘ফ্রি সোলো’ অস্কার জেতে। তবে এই দুই নির্মাতার কাছে ‘এভারেস্ট: দ্য আদার সাইড’ ছিল আরও বড় পরিসরের একটি কাজ।

সমুদ্রপৃষ্ঠ থেকে ৮ হাজার ৮৪৯ মিটার উঁচু মাউন্ট এভারেস্ট বিশ্বের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ। এবারের পুরস্কার মৌসুমে আলোচনায় থাকা আরেকটি চলচ্চিত্র ‘তেনজিং’-এও উঠে এসেছে এভারেস্ট অভিযানের ইতিহাস। ১৯৫৩ সালে পর্বতটির দক্ষিণ দিক দিয়ে প্রথম সফলভাবে চূড়ায় ওঠার ঘটনাকে কেন্দ্র করে নির্মিত হয়েছে ছবিটি।

‘এভারেস্ট: দ্য আদার সাইড’-এর গল্পের কেন্দ্রে রয়েছেন খ্যাতনামা স্কিয়ার জিম মরিসন। তিনি বিমান দুর্ঘটনায় স্ত্রী ও দুই সন্তানকে হারানোর বেদনাদায়ক স্মৃতি বয়ে বেড়াচ্ছিলেন।

এবার তার লক্ষ্য ছিল এভারেস্টের উত্তর দিক দিয়ে চূড়ায় পৌঁছানো। এ পথে খুব কম মানুষই সফল হয়েছেন। একই সঙ্গে তিনি হতে চেয়েছিলেন প্রথম ব্যক্তি, যিনি এভারেস্টের ওই দিক থেকে স্কি করে নিচে নেমে আসবেন।

এই অভিযানে তার সঙ্গী হওয়ার কথা ছিল হিলারি নেলসনের। স্বামীকে হারানোর কয়েক বছর পর তাদের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে ওঠে। কিন্তু অভিযানের প্রস্তুতির সময় এক মর্মান্তিক দুর্ঘটনায় তুষারধসে প্রাণ হারান ৪৯ বছর বয়সী পর্বতারোহী নেলসন।

পরিচালক এলিজাবেথ চাই ভাসারহেলি বলেন, ‘শুরুতে হিলারি নেলসন ও জিম মরিসনকে ঘিরেই চলচ্চিত্রটির পরিকল্পনা করা হয়েছিল। এটি ছিল তাদের ভালোবাসা, যৌথ স্বপ্ন এবং এভারেস্টের উত্তর দিক দিয়ে সরাসরি চূড়ায় পৌঁছে সেখান থেকে স্কি করে নামার প্রথম প্রচেষ্টার গল্প।’

তিনি আরও বলেন, ‘হিলারির মৃত্যুর পর চলচ্চিত্রটির বিষয়বস্তু বদলে যায়। তখন এতে একদিকে যেমন এমন দুঃসাহসিক অভিযানের পেছনের উচ্চাকাক্সক্ষা উঠে আসে, অন্যদিকে এসব অভিযানের বাস্তব জীবনে কী ধরনের মূল্য দিতে হয়, সেটিও তুলে ধরা হয়।’

চলচ্চিত্রটি নির্মাণের অভিজ্ঞতা নিজের জীবন নিয়েও নতুন করে ভাবতে বাধ্য করেছে বলে জানান চাই ভাসারহেলি। এর আগে তিনি জিমি চিনকে বিয়ে করেছিলেন। ঝুঁকিপূর্ণ বিভিন্ন অভিযানের দৃশ্য ধারণের কাজেও যুক্ত থাকেন চিন। তাঁদের দুই সন্তান রয়েছে।

চাই ভাসারহেলি বলেন, ‘আমি কখনো বিশ্বাস করিনি যে জিমি মারা যেতে পারে। কিন্তু হঠাৎ করেই বুঝতে পারলাম, আমার পেশাগত উচ্চাকাক্ষা ও ব্যক্তিগত জীবনের স্বার্থ একে অপরের মুখোমুখি দাঁড়িয়ে গেছে।’

অন্যদিকে হিলারি নেলসনের মৃত্যুর পর মানসিকভাবে ভেঙে পড়েছিলেন জিম মরিসন।

এএফপিকে তিনি বলেন, ‘আমি যেন এক জায়গায় থমকে গিয়েছিলাম। পুরোপুরি ভেঙে পড়েছিলাম এবং গভীরভাবে বিপর্যস্ত হয়ে পড়েছিলাম।’

তার জীবনের এই কঠিন মুহূর্ত থেকেই চলচ্চিত্রটির গল্প নতুন দিকে মোড় নেয়।

মরিসন বলেন, ‘এই পুরো অভিযান তখন আমার কাছে শোক আর হারানোর বেদনার মধ্য দিয়ে এগিয়ে চলার এক যাত্রায় পরিণত হয়। হিলারিকে হারানোর পাশাপাশি নিজের পরিবারকে হারানোর কষ্টও আমাকে বয়ে বেড়াতে হয়েছে।’

তিনি আরও বলেন, ‘আবার এভারেস্টে ফিরে গিয়ে সেই লক্ষ্য অর্জনের চেষ্টা করার ইচ্ছা তৈরি হয়। কারণ, আমি হিলারির স্মৃতির প্রতি সম্মান জানাতে চেয়েছিলাম।’

এই পর্যায়ে ‘এভারেস্ট: দ্য আদার সাইড’ কেবল পর্বতারোহণ কিংবা দুঃসাহসিক অভিযানের গল্পে সীমাবদ্ধ থাকে না; বরং হয়ে ওঠে মানুষের জীবন, ভালোবাসা, শোক ও ঘুরে দাঁড়ানোর এক অনন্য গল্প।

মরিসনের মতে, এই গল্পের শিক্ষা সবার জীবনেই প্রাসঙ্গিক।

তিনি বলেন, ‘আপনি যদি হাল না ছেড়ে সামনে এগিয়ে যান, নিজের সর্বোচ্চ চেষ্টা করেন এবং এক পা এক পা করে এগোতে থাকেন, তাহলে অসাধারণ সব অর্জন সম্ভব।’

‘এভারেস্ট: দ্য আদার সাইড’ যুক্তরাষ্ট্রের নির্বাচিত কয়েকটি প্রেক্ষাগৃহে প্রদর্শিত হচ্ছে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৩ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৫:০০
জোহর ১১:৪৬
আসর ০৩:৩৫
মাগরিব ০৫:১১
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:১৯ সূর্যাস্ত : ০৫:১১
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%