মঙ্গলবার, ২৪শে নভেম্বর, ২০২৬ ইং
০৬:১৬ পি.এম
যশোর, ২৪ নভেম্বর, ২০২৬ : বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) যশোর রিজিওনের আওতাধীন ছয়শ কিলোমিটার সীমান্ত রয়েছে, যা কুষ্টিয়া থেকে সাতক্ষীরার সুন্দরবন পর্যন্ত বিস্তৃত।
এই রিজিওনে দুটি সেক্টর রয়েছে, কুষ্টিয়া ও খুলনা সেক্টরের অধীনে মোট সাতটি ব্যাটালিয়ন রয়েছে।
যশোরের চৌগাছা ও শার্শা উপজেলার ভারত সীমান্তবর্তী এলাকায় বিজিবি ৪৯ ব্যাটালিয়ন (যশোর বিজিবি) দায়িত্ব পালন করছে।
বর্তমান দেশের প্রেক্ষাপটে, ভারত থেকে বাংলাদেশের অভ্যন্তরে যে কোনো ধরনের অনুপ্রবেশ প্রতিরোধে বিজিবি সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে বলে জানিয়েছেন ৪৯ বিজিবি’র অধিনায়ক লে. কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান।
তিনি উল্লেখ করেছেন, বিজিবি সদর দফতরের নির্দেশনা অনুযায়ী যশোর সীমান্তে নিয়মিত টহল, গোয়েন্দা নজরদারি এবং বিশেষ অভিযান বৃদ্ধি করা হয়েছে।
সীমান্তের ঝুঁকিপূর্ণ ও স্পর্শকাতর এলাকা চিহ্নিত করে সেখানে ২৪ ঘণ্টা বিশেষ টহল ও গোয়েন্দা কার্যক্রম পরিচালিত হচ্ছে। রাতের সময় নজরদারি আরও কার্যকর করতে গুরুত্বপূর্ণ স্থানে সার্চলাইট স্থাপন করা হচ্ছে। পাশাপাশি, থার্মাল ড্রোন ক্যামেরাসহ আধুনিক প্রযুক্তির ব্যবহারও বৃদ্ধি করা হচ্ছে।
বিজিবি অধিনায়ক আরও জানান, সীমান্ত এলাকায় বিতর্কিত, অপরিচিত বা সন্দেহভাজন কাউকে চলাফেরা করতে দেখলে অথবা কাউকে অবৈধভাবে সীমান্ত পার হওয়ার চেষ্টা করতে দেখলে, বিষয়টি সঙ্গে সঙ্গে বিজিবিকে জানানোর জন্য সীমান্তবর্তী গ্রামগুলোতে মাইকিং করা হচ্ছে।
তিনি বলেন, যদি কোনো বিতর্কিত, পলাতক বা ফেরারি আসামি সীমান্ত অতিক্রম করে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশের চেষ্টা করে, তবে তাকে গ্রেফতার করা হবে।
দেশের সার্বভৌমত্ব, সীমান্তের নিরাপত্তা এবং মানুষের জানমাল রক্ষায় বিজিবি সদস্যরা পেশাদারিত্ব ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করছে বলেও জানান বিজিবি অধিনায়ক।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
দীর্ঘ আলোচনার পর পোশাকশ্রমিকদের জন্য ন্যূনতম মজুরি ১৫ হাজার ৭০০ টাকা করার প্রস্তাব মালিকপক্ষের তরফ থেকে দেওয়া হয়েছে। অপরদিকে, শ্রমিক প্রতিনিধিরা ২২ হাজার টাকা ন্যূনতম মজুরি নির্ধারণের দাবি জানিয়েছেন।
মঙ্গলবার (২৪ নভেম্বর) মজুরি বোর্ডের বৈঠকে এই বিষয়টি উঠে এসেছে বলে জানিয়েছেন মজুরি বোর্ডের চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানী। তিনি আরও জানিয়েছেন যে, দ্রুত আলোচনা করে আজই চূড়ান্ত সিদ্ধান্ত ঘোষণা করা হতে পারে।
এর আগে সোমবার (২৩ নভেম্বর) দুপুর পৌনে ১২টায় রাজধানীর সেগুনবাগিচায় মজুরি বোর্ডের কার্যালয়ে ছয় সদস্যের বোর্ডের তৃতীয় সভা শুরু হয়। দীর্ঘ আলোচনা শেষে রাত ৯টার দিকে সভাটি মুলতবি করা হয়। ওই সভায় মালিকপক্ষের তরফ থেকে নতুন মজুরির প্রস্তাব তুলে ধরা হয়। তবে দুই পক্ষের প্রস্তাবের মধ্যে বড় ব্যবধান থাকায় সেদিন চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছানো সম্ভব হয়নি।
পরে মঙ্গলবার দুপুর ২টায় আবার বৈঠকে বসার সিদ্ধান্ত নেওয়া হয়। সেই ধারাবাহিকতায় মঙ্গলবারের আলোচনায় নতুন মজুরি নিয়ে দর কষাকষি চলছে।
মজুরি বোর্ডের তৃতীয় সভায় প্রথমবারের মতো মালিক ও শ্রমিকপক্ষের তিন বিশেষজ্ঞ প্রতিনিধি অংশগ্রহণ করেন। মালিকপক্ষের বিশেষজ্ঞ হিসেবে উপস্থিত ছিলেন তৈরি পোশাক উৎপাদন ও রফতানিকারকদের সংগঠন বিজিএমইএর সভাপতি মাহমুদ হাসান খান এবং সংগঠনটির সিনিয়র অতিরিক্ত সচিব নূর মোহাম্মদ রাসেল। শ্রমিকপক্ষের বিশেষজ্ঞ হিসেবে অংশ নেন বাংলাদেশ মুক্ত গার্মেন্টস শ্রমিক ইউনিয়ন ফেডারেশনের সাধারণ সম্পাদক রাশদুল আলম রাজু।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
আওয়ামী লীগের পলাতক নেতাদের যাই বলার থাকুক, শেখ হাসিনা আর ফিরবেন না বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খান। তিনি উল্লেখ করেন, ‘আওয়ামী লীগের পলাতক নেতারা যত কিছুই বলুক, শেখ হাসিনা দেশে ফিরবেন না। সীমান্ত, সমুদ্র বা আকাশ পথেও তিনি ফিরবেন না।'
মঙ্গলবার (২৪ নভেম্বর) দুপুরে এক আলোচনাসভায় এ মন্তব্য করেন রাশেদ খান। ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) ‘আওয়ামী সন্ত্রাস ও নৈরাজ্য প্রতিরোধে জাতীয় ঐক্য’ শীর্ষক আলোচনা সভার আয়োজন করে আমরা বাংলাদেশি সংগঠন।
ভারত সরকারের উদ্দেশ্যে রাশেদ খান বলেন, ভারত ও মোদি সরকারকে জানাতে চাই- শেখ হাসিনা এবং আওয়ামী লীগ বাংলাদেশের রাজনীতিতে আর ফিরে আসবে না।
তিনি আরও বলেন, তাকে ভারতে নাগরিকত্ব দিয়ে সেখানে রেখে দেওয়া উচিত। আওয়ামী লীগকে ভারতে রাজনীতি করার বৈধতা দেওয়া হোক।
রাশেদ খান বলেন, অপরাধী শেখ হাসিনা রাষ্ট্রীয় পতাকাবাহী বাংলাদেশ বিমানে দেশে ফিরতে চান এবং এনআইডি কার্ড ও পাসপোর্ট চান।
তিনি উল্লেখ করেন, বিএনপি জনগণের ভোটে নির্বাচিত হয়ে ক্ষমতায় এসেছে এবং সরকার জনগণের কাছে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়ন করে যাচ্ছে। ঐক্যের প্রশ্নে কোনো বিভেদ চান না তিনি। বিরোধী দলকে সতর্ক থাকার আহ্বান জানান।
সরকারকে জুলাই সনদ বাস্তবায়নের শর্ত দিয়ে লাভ কী? বিএনপি যেসব বিষয়ে সম্মত হয়েছে, সেভাবেই তা বাস্তবায়ন হবে। তাই এ নিয়ে নতুন বিতর্কের কিছু নেই। বিএনপিকে আঘাত করতে গিয়ে শর্ত দিতে গিয়ে ফ্যাসিবাদ নিয়ে বড় বড় কথা বলা হচ্ছে।
গোপালগঞ্জে চুয়াত্তরের দুর্ভিক্ষের মতো পরিস্থিতির আশঙ্কা প্রকাশ করে রাশেদ খান বলেন, ‘সেখানে হাসিনাকে ফেরাতে নিজেদের মধ্যে হানাহানি চলছে। গোপালগঞ্জে স্কুল ও পেট্রলপাম্প খুলছে না। তাই গোপালগঞ্জের মানুষকে সিদ্ধান্ত নিতে হবে তারা রাষ্ট্রীয় শৃঙ্খলার মধ্যে থাকবেন নাকি দুর্ভিক্ষ ডেকে আনবেন?'
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
হাজী আহমদ ব্রাদার্স সিকিউরিটিজ লিমিটেড (এইচএবিএসএল) এবং এবি এনভেস্টমেন্টস লিমিটেডের (এবিআইএল) মধ্যে একটি কৌশলগত ব্যবসায়িক সভার আয়োজন করা হয়। এই সভাটি ১৬ নভেম্বর মুসি কর্পোরেশনের কর্পোরেট প্রধান কার্যালয় উদয় টাওয়ারে অনুষ্ঠিত হয়।
সভায় উপস্থিত ছিলেন এইচএবিএসএল’র ব্যবস্থাপনা পরিচালক রাকিব মো. ফখরুল এবং এবিআইএল’র প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রেজাউল আলীম, পাশাপাশি উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ।
সভায় আলোচনা করা হয় পুঁজিবাজারে পারস্পরিক সহযোগিতা সম্প্রসারণ, মুসি কর্পোরেশনের বিভিন্ন ব্যবসায়িক প্রতিষ্ঠানে কর্পোরেট অ্যাডভাইজরি সেবা প্রদান, কৌশলগত বিনিয়োগ অংশীদারত্ব জোরদার এবং গবেষণা প্রতিবেদন ও বাজার বিশ্লেষণ আদান-প্রদানের বিষয়ে।
দুই প্রতিষ্ঠানের প্রতিনিধিরা ভবিষ্যতে যৌথ উদ্যোগ গ্রহণ এবং সহযোগিতার নতুন ক্ষেত্র সম্প্রসারণের বিষয়ে আগ্রহ প্রকাশ করেন, যা তাদের পারস্পরিক ব্যবসায়িক স্বার্থ ও প্রবৃদ্ধি নিশ্চিত করতে সহায়ক হবে।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহ্দী আমিন জানিয়েছেন, সঠিক নীতিমালা, শিক্ষা ব্যবস্থার সংস্কার এবং সমন্বিত সামাজিক আন্দোলনের মাধ্যমে শিশুশ্রম বন্ধ করা সম্ভব। তিনি উল্লেখ করেছেন, শিশুশ্রম নিরসনে শ্রমঘন এলাকায় বিচ্ছিন্ন উদ্যোগ গ্রহণ করলেই হবে না, বরং শিক্ষা, পরিবারের অর্থনৈতিক সক্ষমতা ও কর্মসংস্থানের বিষয়গুলোকে একত্রে বিবেচনা করতে হবে।
মঙ্গলবার (২৪ নভেম্বর) রাজধানীর গুলশানের লেকশোর হোটেলে বাংলাদেশ লেবার ফাউন্ডেশন (বিএলএফ) ও আন্তর্জাতিক শ্রম সংস্থার (আইএলও) যৌথ উদ্যোগে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানের শিরোনাম ছিল ‘ইনসেপশন অব দ্য প্রজেক্ট: রিডাকশন অব চাইল্ড লেবার ইন দ্য ইনফরমাল রেডি-মেড গার্মেন্ট (আরএমজি) সেক্টর অ্যাট কেরানীগঞ্জ উপজেলা অব ঢাকা ডিস্ট্রিক্ট, থ্রো আ হলিস্টিক অ্যাপ্রোচ’।
মাহ্দী আমিন বলেন, নতুন সরকার দায়িত্ব নেওয়ার নয় মাস হয়েছে। মধ্যপ্রাচ্যের যুদ্ধসহ বিভিন্ন বৈশ্বিক অস্থিতিশীলতার মধ্যে সরকার দায়িত্ব গ্রহণ করলেও জনগণের ভোটে নির্বাচিত হওয়ায় জনগণের প্রতি সর্বোচ্চ জবাবদিহিতা ও দায়বদ্ধতা রয়েছে। তিনি জানান, নির্বাচনী ইশতেহারকে ভিত্তি ধরে রাষ্ট্র পরিচালনা করা হচ্ছে। শিশুশ্রম নিরসন ও শ্রমিকদের অধিকার নির্বাচনী ইশতেহারের সঙ্গে সরাসরি যুক্ত থাকায় নানা সীমাবদ্ধতার মধ্যেও বিষয়গুলোকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে।
তিনি জানান, শিশুশ্রম নিরসনে প্রণীত পাঁচ বছর মেয়াদি জাতীয় কর্মপরিকল্পনার বাস্তবায়ন ইতোমধ্যে অনেকদূর এগিয়েছে। সবার সহযোগিতায় টেকসই ও বাস্তবসম্মত উপায়ে এ পরিকল্পনা বাস্তবায়ন করা হবে।
শিশুশ্রম নিরসনে শিক্ষা ব্যবস্থার সঙ্গে সরাসরি সংযোগ স্থাপনের ওপর গুরুত্ব দিয়ে প্রধানমন্ত্রীর উপদেষ্টা বলেন, কোনো পরিবার যেন সন্তানকে শ্রমে নিয়োজিত করতে উৎসাহিত না হয়, সে জন্য প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষাকে ঢেলে সাজানো হচ্ছে। তিনি উল্লেখ করেন, প্রাক-প্রাথমিক পর্যায় থেকেই শিক্ষার্থীদের মিড-ডে মিল, স্কুল ড্রেস, পাটের তৈরি স্কুল ব্যাগ ও জুতা দেওয়ার কর্মসূচি নেওয়া হয়েছে। সরকারের পাঁচ বছরের মেয়াদের মধ্যেই প্রাথমিক বিদ্যালয়ের এক কোটিরও বেশি শিক্ষার্থীর কাছে এসব সুবিধা পৌঁছে দেওয়ার প্রত্যয় রয়েছে।
তিনি জানান, সারাদেশে বৃত্তির সংখ্যা ও অর্থের পরিমাণ বাড়ানো হয়েছে। নির্বাচনী ইশতেহার অনুযায়ী স্নাতক ডিগ্রি পর্যন্ত মেয়েদের অবৈতনিক শিক্ষা নিশ্চিত করার কাজ শুরু হয়েছে। প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সরকারের আমলে দ্বাদশ শ্রেণি পর্যন্ত মেয়েদের অবৈতনিক শিক্ষা চালু হয়েছিল। এবার তা স্নাতক পর্যায় পর্যন্ত সম্প্রসারণ করা হচ্ছে। পাশাপাশি অষ্টম শ্রেণি পর্যন্ত অবৈতনিক শিক্ষা নিশ্চিত করার নীতিমালা রয়েছে, যা আগামী অর্থবছর থেকে কার্যকর হতে শুরু করবে।
প্রধানমন্ত্রীর নির্দেশনার কথা উল্লেখ করে মাহ্দী আমিন বলেন, কেবল অবকাঠামোগত উন্নয়নের পরিবর্তে এমন বিনিয়োগ করতে হবে, যার সুফল সরাসরি শিক্ষার্থীদের কাছে পৌঁছায়। তিনি জানান, নীতিগত সিদ্ধান্ত অনুযায়ী শিক্ষা খাতে বাজেট পর্যায়ক্রমে জিডিপির ৫ শতাংশে উন্নীত করার কাজ চলছে। তিনি বলেন, পরিবারগুলো যখন দেখবে সন্তানকে স্কুলে পাঠালে অর্থনৈতিক সহায়তা পাওয়া যাচ্ছে এবং শিক্ষা তাদের জন্য বোঝা হয়ে দাঁড়াচ্ছে না, তখন তারা সন্তানদের কর্মক্ষেত্রে না পাঠিয়ে বিদ্যালয়ে পাঠাতে উৎসাহিত হবে।
শ্রেণিকক্ষে থাকার বয়সী শিক্ষার্থীরা যেন কারখানায় না যায়, সে জন্য শিক্ষাপ্রতিষ্ঠানকেন্দ্রিক পরিবেশ গড়ে তোলার আহ্বান জানান তিনি। বাল্যবিবাহ প্রতিরোধের মতো শিশুশ্রম নিরসনেও বৃহত্তর সামাজিক আন্দোলন গড়ে তোলার পাশাপাশি শিক্ষকদের দক্ষতা বাড়িয়ে শিক্ষার গুণগত মান নিশ্চিত করার ওপর গুরুত্ব দেন তিনি।
পড়াশোনা শেষে বেকারত্বের শঙ্কা দূর করতে ষষ্ঠ শ্রেণি থেকেই কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা বাধ্যতামূলক করা হচ্ছে বলে জানান মাহ্দী আমিন। নবম ও দশম শ্রেণিতেও সবার জন্য কারিগরি শিক্ষা নিশ্চিত করার উদ্যোগ নেওয়া হচ্ছে। এর মাধ্যমে শিক্ষা ব্যবস্থার সঙ্গে বাস্তব জীবনের সংযোগ স্থাপন সম্ভব হবে বলে মনে করেন তিনি।
শিশুশ্রমের পেছনে পারিবারিক দারিদ্র্য ও অভিভাবকদের কর্মসংস্থানের অভাবকে বড় কারণ হিসেবে উল্লেখ করে তিনি বলেন, বাবা-মায়ের অর্থনৈতিক সক্ষমতা বাড়াতে সামষ্টিক অর্থনৈতিক প্রবৃদ্ধি, বিদেশি বিনিয়োগ আকর্ষণ এবং কলকারখানার প্রসারের মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি করতে হবে। তিনি জানান, সার্বজনীন ফ্যামিলি কার্ড কর্মসূচি চালু হয়েছে। এ কার্ডের মাধ্যমে হতদরিদ্র ও প্রান্তিক পর্যায়ের মায়েদের হাতে প্রতি মাসে নির্দিষ্ট পরিমাণ অর্থ পৌঁছালে তারা তা সন্তানদের পড়াশোনায় ব্যয় করতে পারবেন। এতে অভাবের কারণে সন্তানদের কাজে পাঠানোর প্রবণতা কমবে।
শিশুশ্রম নিরসনে শুধু আনুষ্ঠানিক অর্থনীতির দিকে নজর দিলে চলবে না উল্লেখ করে প্রধানমন্ত্রীর উপদেষ্টা বলেন, অনানুষ্ঠানিক খাতেও বিপুলসংখ্যক শিশু কাজ করছে। তাদের বিষয়টি বিবেচনায় নিয়ে সমন্বিত নীতিমালা গ্রহণ করতে হবে। তিনি মন্তব্য করেন, দীর্ঘদিন জাতীয় এ সমস্যাটিকে যথাযথ গুরুত্ব দিয়ে সমাধানের উদ্যোগ নেওয়া হয়নি। তিনি বলেন, একটি জবাবদিহিমূলক সরকার হিসেবে এ বিষয়ে প্রধানমন্ত্রীর গভীর দায়বদ্ধতা রয়েছে।
মাহ্দী আমিন আশা প্রকাশ করেন যে, শিশুরা শিল্পকারখানার পরিবর্তে শিক্ষাপ্রতিষ্ঠানে গিয়ে মানবিক মূল্যবোধ নিয়ে ভবিষ্যৎ বাংলাদেশের নেতৃত্ব দেওয়ার জন্য প্রস্তুত হবে। তিনি বলেন, বাংলাদেশের সবচেয়ে বড় শক্তি তরুণ জনশক্তি বা ডেমোগ্রাফিক ডিভিডেন্ড। তরুণদের সৃজনশীলতা ও মেধার বিকাশে প্রয়োজনীয় প্ল্যাটফর্ম এবং উপযুক্ত পরিবেশ তৈরি করেই সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলা সম্ভব।
শিশুশ্রম নিরসনের বহুমাত্রিকতা তুলে ধরে তিনি বলেন, মহিলা ও শিশুবিষয়ক এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের পাশাপাশি শিক্ষা, আইন, স্বরাষ্ট্র ও সমাজকল্যাণ মন্ত্রণালয়ও এ বিষয়ে ঘনিষ্ঠভাবে যুক্ত। কারণ, শিশুশ্রমের সঙ্গে পরিবারের অর্থনৈতিক সক্ষমতার বিষয়টি জড়িত।
তিনি বলেন, কোনো একক প্রতিষ্ঠানের পক্ষে শিশুশ্রম নির্মূল সম্ভব নয়। এজন্য আন্তমন্ত্রণালয় সমন্বয়ের পাশাপাশি বেসরকারি খাত, নাগরিক সমাজ ও আন্তর্জাতিক অংশীদারদের ভূমিকা জরুরি। তিনি আশা প্রকাশ করেন যে, দল-মতের ঊর্ধ্বে উঠে সবাইকে সঙ্গে নিয়ে সরকারের এ লক্ষ্য বাস্তবায়ন সম্ভব হবে।
প্রধানমন্ত্রীর উপদেষ্টা হিসেবে মাহ্দী আমিন শিক্ষা, প্রাথমিক ও গণশিক্ষা, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের দায়িত্বে রয়েছেন।
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা ও গণসাক্ষরতা অভিযানের নির্বাহী পরিচালক রাশেদা কে চৌধুরী, মানবাধিকার ও নারী অধিকারকর্মী অ্যাডভোকেট সালমা আলী, বাংলাদেশে নিযুক্ত ইউরোপীয় ইউনিয়ন ডেলিগেশনের হেড অব ইন্টারন্যাশনাল পার্টনারশিপস মিখাল ক্রেইজা, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব আব্দুর রহিম খান, কেন্দ্রীয় তহবিলের মহাপরিচালক ও অ্যাডউইব প্রকল্পের জাতীয় প্রকল্প পরিচালক আব্দুস সামাদ আল আজাদ, বাংলাদেশ ইনস্টিটিউট অব লেবার স্টাডিজের (বিলস) নির্বাহী পরিচালক সৈয়দ সুলতান উদ্দীন আহমেদ, বাংলাদেশ এমপ্লয়ার্স ফেডারেশনের লেবার অ্যান্ড ওয়ার্কপ্লেস রিলেশনস অ্যাডভাইজার মাহফুজুর রহমান ভূঁইয়া এবং সোশ্যালিস্ট লেবার ফ্রন্টের সভাপতি রাজেকুজ্জামান রতন প্রমুখ।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ