প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
নড়াইলের কালিয়ায় আট বছরের শিশুকে ধর্ষণের ঘটনায় আসাদ মোল্যা (৫০) নামক এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ডের সাজা প্রদান করেছে আদালত। পাশাপাশি, তাকে তিন লাখ টাকা ক্ষতিপূরণও দিতে নির্দেশ দেওয়া হয়েছে।
মঙ্গলবার (২৪ নভেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে নড়াইল শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক শেখ ছামিদুল ইসলাম এই রায় ঘোষণা করেন।
নড়াইল নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট মো. আজিবুর রহমান আজিজ এই তথ্য নিশ্চিত করেছেন।
দণ্ডপ্রাপ্ত আসাদ মোল্যা নড়াগাতী থানার মহাজন উত্তরপাড়া এলাকার আমির মোল্যার পুত্র।
মামলার বিবরণ অনুসারে, চলতি বছরের ২৫ মার্চ সকালে কালিয়া উপজেলার একটি গ্রামে শিশুটির মা-বাবা কাজের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হন। এরপর দুপুরে আসাদ মোল্যা শিশুটির বাবার খোঁজে বাড়িতে আসেন। বাড়িতে একা পেয়ে শিশুটিকে ধর্ষণ করেন আসাদ।
শিশুটির চিৎকারে আশপাশের লোকজন আসলে অভিযুক্ত পালিয়ে যায়। প্রতিবেশীদের মাধ্যমে খবর পেয়ে শিশুটির বাবা-মা বাড়িতে ফিরে মেয়েকে রক্তাক্ত অবস্থায় দেখতে পান; এরপর তাকে জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
এদিকে, স্থানীয় জনতা মহাজন বাজার থেকে আসাদকে আটক করে পুলিশে সোপর্দ করে। সেই রাতেই শিশুটির বাবা আসাদ মোল্যাকে একমাত্র অভিযুক্ত করে ধর্ষণ মামলা দায়ের করেন।
মামলার বিচারিক কার্যক্রমে বাদীসহ মোট আট সাক্ষীর সাক্ষ্যগ্রহণ করা হয়। সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে আসামির বিরুদ্ধে অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় আদালত আসাদ মোল্যাকে যাবজ্জীবন কারাদণ্ড এবং তিন লাখ টাকা ক্ষতিপূরণের আদেশ দেন।
এ বিষয়ে নড়াইল নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট মো. আজিবুর রহমান আজিজ বলেন, "আট বছরের শিশু ধর্ষণ মামলায় আসাদ মোল্যা নামে ওই আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।" তিনি আরও জানান, ভুক্তভোগী পরিবারকে তিন লাখ টাকা ক্ষতিপূরণ দেয়ার নির্দেশ দেওয়া হয়েছে। রাষ্ট্রপক্ষের আইনজীবী জানান, এ রায়ে বাদীপক্ষসহ রাষ্ট্রপক্ষ সন্তোষ প্রকাশ করেছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন