প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
ঢাকা, ২৪ নভেম্বর, ২০২৬ : অস্কার দৌড়ে থাকা প্রামাণ্যচিত্র ‘এভারেস্ট: দ্য আদার সাইড’ পাহাড়ের সৌন্দর্য, বিশালতা ও মুগ্ধতা দিয়ে শুরু হয়েছে। এতে উঠে এসেছে সেইসব মানুষের গল্প, যারা নিজেদের শারীরিক ও মানসিক সক্ষমতার শেষ সীমা পর্যন্ত পরীক্ষা করে পাহাড়ের চূড়ায় পৌঁছানোর চ্যালেঞ্জ মোকাবেলা করেন।
খবর বার্তা সংস্থা এএফপি’র।
তবে প্রামাণ্যচিত্রের অন্যতম প্রধান চরিত্রের মৃত্যুর পর গল্পটি ভিন্ন দিকে মোড় নেয়। পাহাড়ের দুর্গম পরিবেশে তৈরি হওয়া গভীর সম্পর্ক, প্রিয়জনকে হারানোর যন্ত্রণা এবং সেই শোক কাটিয়ে ওঠার সংগ্রাম হয়ে ওঠে এর মূল বিষয়।
পরিচালক এলিজাবেথ চাই ভাসারহেলি ও জিমি চিনের নতুন এই প্রামাণ্যচিত্রে মানুষের সহনশীলতার সীমা তুলে ধরা হয়েছে। পাশাপাশি এতে যুক্তরাষ্ট্রের দুই খ্যাতনামা স্কিয়ার হিলারি নেলসন ও জিম মরিসনের ভালোবাসার গল্পও স্থান পেয়েছে।
জিমি চিন মন্তব্য করেন, ‘মানুষের জীবন ও অভিজ্ঞতা নিয়ে চলচ্চিত্র নির্মাণের প্রতি আমার সব সময়ই আগ্রহ ছিল।’
তিনি আরও বলেন, যেসব মানুষ জীবন ও মৃত্যুর মাঝামাঝি অবস্থানে থাকা বিপজ্জনক অভিযানে অংশ নেন, তাদের গল্পের মধ্য দিয়ে জীবনের অনেক গুরুত্বপূর্ণ প্রশ্ন তুলে ধরার সুযোগ তৈরি হয়।
তিনি বলেন, ‘শেষ পর্যন্ত জীবনে কোন বিষয়গুলো সবচেয়ে গুরুত্বপূর্ণ? প্রিয়জনকে হারানোর শোক কীভাবে সামলাতে হয়? মানুষ কীভাবে ভালোবাসে? কোন বিষয়গুলো তাকে ভয় পাইয়ে দেয়? অর্থবহ জীবন যাপন করতে কিংবা নিজের কাক্সিক্ষত মানুষ হয়ে উঠতে আমরা কতটা ঝুঁকি নিতে প্রস্তুত?’
দুঃসাহসিক অভিযানের গল্প
দুঃসাহসিক ক্রীড়াবিদদের অসাধারণ সব অভিযান ও সাফল্য নিয়ে চলচ্চিত্র নির্মাণ করে পরিচালক জিমি চিন ও এলিজাবেথ চাই ভাসারহেলি ইতোমধ্যে নিজেদের আলাদা অবস্থান তৈরি করেছেন।
২০১৯ সালে পর্বতারোহী অ্যালেক্স হনল্ডকে নিয়ে নির্মিত তাদের প্রামাণ্যচিত্র ‘ফ্রি সোলো’ অস্কার জেতে। তবে এই দুই নির্মাতার কাছে ‘এভারেস্ট: দ্য আদার সাইড’ ছিল আরও বড় পরিসরের একটি কাজ।
সমুদ্রপৃষ্ঠ থেকে ৮ হাজার ৮৪৯ মিটার উঁচু মাউন্ট এভারেস্ট বিশ্বের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ। এবারের পুরস্কার মৌসুমে আলোচনায় থাকা আরেকটি চলচ্চিত্র ‘তেনজিং’-এও উঠে এসেছে এভারেস্ট অভিযানের ইতিহাস। ১৯৫৩ সালে পর্বতটির দক্ষিণ দিক দিয়ে প্রথম সফলভাবে চূড়ায় ওঠার ঘটনাকে কেন্দ্র করে নির্মিত হয়েছে ছবিটি।
‘এভারেস্ট: দ্য আদার সাইড’-এর গল্পের কেন্দ্রে রয়েছেন খ্যাতনামা স্কিয়ার জিম মরিসন। তিনি বিমান দুর্ঘটনায় স্ত্রী ও দুই সন্তানকে হারানোর বেদনাদায়ক স্মৃতি বয়ে বেড়াচ্ছিলেন।
এবার তার লক্ষ্য ছিল এভারেস্টের উত্তর দিক দিয়ে চূড়ায় পৌঁছানো। এ পথে খুব কম মানুষই সফল হয়েছেন। একই সঙ্গে তিনি হতে চেয়েছিলেন প্রথম ব্যক্তি, যিনি এভারেস্টের ওই দিক থেকে স্কি করে নিচে নেমে আসবেন।
এই অভিযানে তার সঙ্গী হওয়ার কথা ছিল হিলারি নেলসনের। স্বামীকে হারানোর কয়েক বছর পর তাদের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে ওঠে। কিন্তু অভিযানের প্রস্তুতির সময় এক মর্মান্তিক দুর্ঘটনায় তুষারধসে প্রাণ হারান ৪৯ বছর বয়সী পর্বতারোহী নেলসন।
পরিচালক এলিজাবেথ চাই ভাসারহেলি বলেন, ‘শুরুতে হিলারি নেলসন ও জিম মরিসনকে ঘিরেই চলচ্চিত্রটির পরিকল্পনা করা হয়েছিল। এটি ছিল তাদের ভালোবাসা, যৌথ স্বপ্ন এবং এভারেস্টের উত্তর দিক দিয়ে সরাসরি চূড়ায় পৌঁছে সেখান থেকে স্কি করে নামার প্রথম প্রচেষ্টার গল্প।’
তিনি আরও বলেন, ‘হিলারির মৃত্যুর পর চলচ্চিত্রটির বিষয়বস্তু বদলে যায়। তখন এতে একদিকে যেমন এমন দুঃসাহসিক অভিযানের পেছনের উচ্চাকাক্সক্ষা উঠে আসে, অন্যদিকে এসব অভিযানের বাস্তব জীবনে কী ধরনের মূল্য দিতে হয়, সেটিও তুলে ধরা হয়।’
চলচ্চিত্রটি নির্মাণের অভিজ্ঞতা নিজের জীবন নিয়েও নতুন করে ভাবতে বাধ্য করেছে বলে জানান চাই ভাসারহেলি। এর আগে তিনি জিমি চিনকে বিয়ে করেছিলেন। ঝুঁকিপূর্ণ বিভিন্ন অভিযানের দৃশ্য ধারণের কাজেও যুক্ত থাকেন চিন। তাঁদের দুই সন্তান রয়েছে।
চাই ভাসারহেলি বলেন, ‘আমি কখনো বিশ্বাস করিনি যে জিমি মারা যেতে পারে। কিন্তু হঠাৎ করেই বুঝতে পারলাম, আমার পেশাগত উচ্চাকাক্ষা ও ব্যক্তিগত জীবনের স্বার্থ একে অপরের মুখোমুখি দাঁড়িয়ে গেছে।’
অন্যদিকে হিলারি নেলসনের মৃত্যুর পর মানসিকভাবে ভেঙে পড়েছিলেন জিম মরিসন।
এএফপিকে তিনি বলেন, ‘আমি যেন এক জায়গায় থমকে গিয়েছিলাম। পুরোপুরি ভেঙে পড়েছিলাম এবং গভীরভাবে বিপর্যস্ত হয়ে পড়েছিলাম।’
তার জীবনের এই কঠিন মুহূর্ত থেকেই চলচ্চিত্রটির গল্প নতুন দিকে মোড় নেয়।
মরিসন বলেন, ‘এই পুরো অভিযান তখন আমার কাছে শোক আর হারানোর বেদনার মধ্য দিয়ে এগিয়ে চলার এক যাত্রায় পরিণত হয়। হিলারিকে হারানোর পাশাপাশি নিজের পরিবারকে হারানোর কষ্টও আমাকে বয়ে বেড়াতে হয়েছে।’
তিনি আরও বলেন, ‘আবার এভারেস্টে ফিরে গিয়ে সেই লক্ষ্য অর্জনের চেষ্টা করার ইচ্ছা তৈরি হয়। কারণ, আমি হিলারির স্মৃতির প্রতি সম্মান জানাতে চেয়েছিলাম।’
এই পর্যায়ে ‘এভারেস্ট: দ্য আদার সাইড’ কেবল পর্বতারোহণ কিংবা দুঃসাহসিক অভিযানের গল্পে সীমাবদ্ধ থাকে না; বরং হয়ে ওঠে মানুষের জীবন, ভালোবাসা, শোক ও ঘুরে দাঁড়ানোর এক অনন্য গল্প।
মরিসনের মতে, এই গল্পের শিক্ষা সবার জীবনেই প্রাসঙ্গিক।
তিনি বলেন, ‘আপনি যদি হাল না ছেড়ে সামনে এগিয়ে যান, নিজের সর্বোচ্চ চেষ্টা করেন এবং এক পা এক পা করে এগোতে থাকেন, তাহলে অসাধারণ সব অর্জন সম্ভব।’
‘এভারেস্ট: দ্য আদার সাইড’ যুক্তরাষ্ট্রের নির্বাচিত কয়েকটি প্রেক্ষাগৃহে প্রদর্শিত হচ্ছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন