মঙ্গলবার, ২৪শে নভেম্বর, ২০২৬ ইং
০৬:০৬ পি.এম
ভারতে পলাতক শেখ হাসিনাকে দেশে দ্রুত ফিরে আসার জন্য আহ্বান জানিয়েছেন শিল্প, পাট ও বস্ত্র এবং বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। তিনি মন্তব্য করেছেন, "১৬ ডিসেম্বরের আগেই দেশে ফিরলে সমস্যা কোথায়?" দেশে ফিরে আসলে তাকে প্রাপ্য বিচারের সম্মুখীন হতে হবে। একইসঙ্গে, দেশ ত্যাগের কারণও তাকে জানতে হবে।
মঙ্গলবার (২৪ নভেম্বর) দুপুরে সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজে আয়োজিত এক মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী এসব কথা বলেন।
মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির দেশের সরকারি মালিকানাধীন অধিকাংশ কলকারখানার মেয়াদ শেষ হয়ে যাওয়ার বিষয়টি উল্লেখ করেন। তিনি জানান, এসব কারখানা পুনরায় চালুর উদ্যোগ নেয়া হচ্ছে। বেসরকারি খাতে নতুন বিনিয়োগের মাধ্যমে কারখানাগুলো সচল করতে শিগগিরই টেন্ডার প্রক্রিয়া শুরু হবে। এর মাধ্যমে বন্ধ বা অকার্যকর হয়ে পড়া শিল্পকারখানাগুলোকে উৎপাদনে ফিরিয়ে আনার পরিকল্পনা রয়েছে।
আমদানি-রফতানি পরিস্থিতি নিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বাণিজ্যমন্ত্রী বলেন, স্বাধীনতার পর থেকেই দেশে আমদানির পরিমাণ রফতানির তুলনায় বেশি। তবে এ ব্যবধান নিয়ে উদ্বিগ্ন হওয়ার কিছু নেই। বরং দেশের চাহিদা অনুযায়ী সামগ্রিক বাণিজ্যের পরিমাণ বাড়ানোই বেশি গুরুত্বপূর্ণ।
এছাড়া, সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজের বিভিন্ন সমস্যা ও সংকটের বিষয়েও আলোচনা করেন মন্ত্রী। তিনি প্রতিষ্ঠানটির সমস্যাগুলো সমাধানে প্রয়োজনীয় উদ্যোগ নেয়ার আশ্বাস দেন।
মতবিনিময় সভায় সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজের বিভিন্ন পর্যায়ের প্রতিনিধি ও সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
চট্টগ্রাম, ২৪ নভেম্বর, ২০২৬ : দুর্নীতি দমন কমিশন (দুদক) সাবেক সংসদ সদস্য (চট্টগ্রাম-১০) এম এ লতিফের বিরুদ্ধে ৬ কোটি ৬৯ লাখ ৪৫ হাজার ২৭৮ টাকার সম্পদ অর্জনের অভিযোগে মামলা দায়ের করেছে। অভিযোগটি জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে অসংগতিপূর্ণ বলে উল্লেখ করা হয়েছে।
মঙ্গলবার মামলার বিষয়টি নিশ্চিত করেছেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) পাবলিক প্রসিকিউটর (পিপি) মোকাররম হোসাইন। মামলাটি সোমবার দুদকের চট্টগ্রাম সমন্বিত জেলা কার্যালয়-২-এ দায়ের করা হয়, যেখানে উপ-পরিচালক মো. রিয়াজ উদ্দিন এই পদক্ষেপ গ্রহণ করেন।
তিনি জানান, দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪-এর ২৭(১) ধারা এবং ১৯৪৭ সালের দুর্নীতি প্রতিরোধ আইনের ৫(২) ধারায় মামলাটি দায়ের করা হয়েছে।
মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে যে, এম এ লতিফের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ অনুসন্ধানের সিদ্ধান্ত নেয় দুদকের প্রধান কার্যালয়। অনুসন্ধানটি ২০২৫ সালের ৮ এপ্রিল শুরু হয়। অনুসন্ধানে তার নামে ১৪টি নিবন্ধিত দলিলের মাধ্যমে কেনা জমিসহ মোট ১০ কোটি ৮৬ লাখ ২৭ হাজার ৫১৩ টাকার স্থাবর ও অস্থাবর সম্পদের তথ্য পাওয়া যায়। এর মধ্যে স্থাবর সম্পদের মূল্য ৩ কোটি ৯৬ লাখ ৩২ হাজার ২২৩ টাকা এবং অস্থাবর সম্পদের পরিমাণ ৬ কোটি ৮৯ লাখ ৯৫ হাজার ২৯০ টাকা, যা ব্যবসার মূলধন, বিনিয়োগ, গাড়ি ক্রয় ও নগদ অর্থসহ অন্তর্ভুক্ত।
দুদকের অনুসন্ধানে তার সম্মানী, ব্যবসা থেকে আয়, ব্যাংক সুদ ও অন্যান্য উৎস মিলিয়ে ৬ কোটি ৭৮ লাখ ৫৩ হাজার ৬০০ টাকার বৈধ আয়ের তথ্য পাওয়া গেছে। তবে পারিবারিক ও অন্যান্য খাতে তার ব্যয় ধরা হয়েছে ২ কোটি ৬১ লাখ ৭১ হাজার ৩৬৫ টাকা। এসব ব্যয় বাদ দেওয়ার পর সম্পদ অর্জনের বিপরীতে তার বৈধ আয়ের পরিমাণ দাঁড়ায় ৪ কোটি ১৬ লাখ ৮২ হাজার ২৩৫ টাকা। এই হিসাবে তার অর্জিত সম্পদের সঙ্গে বৈধ আয়ের ব্যবধান ৬ কোটি ৬৯ লাখ ৪৫ হাজার ২৭৮ টাকা।
দুদকের অভিযোগে বলা হয়েছে, এম এ লতিফ এই পরিমাণ সম্পদ জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে অসংগতিপূর্ণভাবে অর্জন করে ভোগদখলে রেখেছেন।
এজাহারে আরও উল্লেখ করা হয়েছে যে, আবদুল লতিফ আয়কর নথিতে হর্টিকালচার ও কৃষি খাতে ৩ কোটি ৭১ লাখ ৭৫ হাজার টাকা আয় দেখিয়েছেন। তবে অনুসন্ধানের সময় ওই আয়ের পক্ষে কোনো প্রামাণ্য কাগজপত্র বা তথ্য-উপাত্ত পাওয়া যায়নি। তিনি নিজেও এ-সংক্রান্ত গ্রহণযোগ্য তথ্য-প্রমাণ দিতে পারেননি। এ কারণে ওই আয়কে বৈধ আয় হিসেবে বিবেচনায় নেয়নি দুদক। এম এ লতিফের পরিবহন ও অন্যান্য ব্যবসার কথাও উল্লেখ করা হয়েছে। তিনি রিলায়েন্স লজিস্টিকসের মাধ্যমে পরিবহন ব্যবসা এবং রিলায়েন্স অ্যাসেটস অ্যান্ড ডেভেলপমেন্ট বিডি লিমিটেডের মাধ্যমে আবাসন ব্যবসা পরিচালনা করেন বলে উল্লেখ করা হয়েছে। অভিযোগে বলা হয়েছে যে, ২০১১ সালের ১ জুলাই থেকে ২০২৫ সালের ২৬ জুলাই পর্যন্ত সময়ে এসব সম্পদ অর্জনের ঘটনা ঘটেছে।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
বাংলাদেশ ও সংযুক্ত আরব আমিরাতের মধ্যে বিদ্যমান দ্বিপক্ষীয় সম্পর্ককে আরও গভীর করার উদ্দেশ্যে এবং রাজনৈতিক ও কূটনৈতিক সহযোগিতার নতুন ক্ষেত্র সম্প্রসারণের লক্ষ্যে দুই দেশের পররাষ্ট্রমন্ত্রী বৈঠক করেছেন। বৈঠকে আন্তর্জাতিক বিভিন্ন ইস্যুতে পারস্পরিক সমন্বয় এবং বহুপক্ষীয় সহযোগিতা জোরদারের বিষয়েও গুরুত্ব দেওয়া হয়েছে।
মঙ্গলবার (২৪ নভেম্বর) আবুধাবিতে সংযুক্ত আরব আমিরাতের উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী শেখ আবদুল্লাহ বিন জায়েদ আল নাহিয়ানের সঙ্গে বৈঠক করেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ও জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি ড. খলিলুর রহমান।
বৈঠকে দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে আরও এগিয়ে নেওয়ার পাশাপাশি আন্তর্জাতিক সংস্থাগুলোর মধ্যে সহযোগিতা বৃদ্ধির বিষয়েও আলোচনা হয়। এছাড়াও, বহুপক্ষীয় কার্যক্রমে পারস্পরিক সমন্বয় এবং আন্তর্জাতিক অঙ্গনে যৌথ উদ্যোগ সম্প্রসারণের বিষয়ে আলোচনা করা হয়।
এ ছাড়া, সমসাময়িক বিভিন্ন আঞ্চলিক ও আন্তর্জাতিক ইস্যুতে নিজেদের মতামত ও দৃষ্টিভঙ্গি বিনিময় করেন দুই নেতা।
বৈঠকে আমিরাতের আন্তর্জাতিক সহযোগিতা বিষয়ক প্রতিমন্ত্রী রিম বিনতে ইব্রাহিম আল হাশিমি, প্রতিমন্ত্রী সাঈদ মুবারক আল হাজেরি, সংযুক্ত আরব আমিরাতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত তারেক আহমেদ, দুবাইয়ে বাংলাদেশের কনসাল জেনারেল মো. রাশেদুজ্জামানও উপস্থিত ছিলেন।
বাংলাদেশ ও সংযুক্ত আরব আমিরাতের মধ্যে কূটনৈতিক সম্পর্কের পাশাপাশি পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা আরও জোরদারে এ বৈঠককে গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হচ্ছে।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
কাভান সুলিভান আমেরিকান ফুটবলে একের পর এক নতুন রেকর্ড গড়ছেন। বাংলাদেশি বংশোদ্ভুত ১৭ বছর বয়সী এই মিডফিল্ডার ২০২৬ সালের এমএলএস ইয়াং প্লেয়ার অব দ্য ইয়ার নির্বাচিত হয়েছেন। ফিলাডেলফিয়া ইউনিয়নের হয়ে প্রথমবার পূর্ণ মৌসুমে মূল দলের খেলোয়াড় হিসেবে অসাধারণ অগ্রগতির স্বীকৃতি পেয়েছেন তিনি।
২০২৬ সালে সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপজয়ী বাংলাদেশ দলের দুই গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন রোনান ও ডেক্লাইন সুলিভান। তাদের ছোটভাই কাভান সুলিভান বর্তমানে যুক্তরাষ্ট্রের ফুটবলের সবচেয়ে বড় প্রতিভা হিসেবে পরিচিত। কাভানের বড় ভাই কুইন সুলিভান এমএলএস ও যুক্তরাষ্ট্র জাতীয় দলের হয়ে খেলছেন।
কাভানের এই স্বীকৃতি কোনো কাকতালীয় ঘটনা নয়। তিনি নিজের প্রতিভাকে বাস্তব পারফরম্যান্সে রূপান্তরিত করে উত্তর আমেরিকার অন্যতম প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ফুটবল লিগে নজরকাড়া খেলোয়াড় হয়ে উঠেছেন। নিয়মিত মৌসুমে ২৯ ম্যাচ খেলে এই তরুণ ফুটবলার ৯টি গোল এবং ১৪টি অ্যাসিস্ট করেছেন, অর্থাৎ মোট ২৩টি গোলে সরাসরি অবদান রেখেছেন।
এই পরিসংখ্যানের মাধ্যমে কাভান দুটি এমএলএস রেকর্ড গড়েছেন। এর আগে এক মৌসুমে কোনো কিশোর ফুটবলার এত বেশি গোল অবদান কিংবা অ্যাসিস্ট করতে পারেননি। এছাড়া টানা ১০ ম্যাচে গোল কিংবা অ্যাসিস্টে অবদান রেখেছেন, যা লিগের ইতিহাসে তার বয়সী কোনো খেলোয়াড়ের জন্য রেকর্ড।
তবে এই অর্জনকে আরও বিশেষ করে তুলেছে তার বয়স। ১৭ বছর ৫৬ দিন বয়সে পুরস্কারটি জিতে ২০২০ সালে বর্তমান কাঠামোতে এই পুরস্কার চালু হওয়ার পর সবচেয়ে কম বয়সে ইয়াং প্লেয়ার অব দ্য ইয়ার হওয়ার কৃতিত্ব অর্জন করেছেন সুলিভান।
পুরস্কারের ভোটাভুটিতে সুলিভানের প্রতি ব্যাপক সমর্থনের প্রতিফলন দেখা গেছে। ফিলাডেলফিয়া ইউনিয়নের এই মিডফিল্ডার মোট ভোটের ৬৫.০৬ শতাংশ পেয়ে নিউইয়র্ক রেড বুলসের দুই খেলোয়াড় জুলিয়ান হল ও আদ্রি মেহমেতিকে সহজেই পেছনে ফেলেছেন।
খেলোয়াড়, সংবাদমাধ্যমের প্রতিনিধি এবং ক্লাবের প্রতিনিধিদের ভোট; এই তিনটি ভোটিং বিভাগেই সুলিভান এগিয়ে ছিলেন। সংবাদমাধ্যমের ভোটের ৮০ শতাংশ এবং সহকর্মী খেলোয়াড়দের ভোটের ৬০.৩৪ শতাংশ পেয়েছেন তিনি।
ফিলাডেলফিয়া ইউনিয়নের প্রথম খেলোয়াড় হিসেবে বর্তমান নামে পুরস্কারটি চালু হওয়ার পর এই সম্মান জিতলেন সুলিভান। একই সঙ্গে তিনি আগের বিজয়ীদের তালিকায় যোগ দিলেন, যেখানে রয়েছেন দিয়েগো রসি, রিকার্ডো পেপি, হেসুস ফেরেইরা এবং দিয়েগো লুনার মতো ফুটবলাররা।
ক্লাব পর্যায়ের সাফল্যের বাইরেও সুলিভানের ক্যারিয়ার এগিয়ে চলেছে। তার পারফরম্যান্স তাকে যুক্তরাষ্ট্রের সিনিয়র জাতীয় দলে জায়গা করে দিয়েছে। ২০২৬ সালের সেপ্টেম্বরে তিনি প্রথমবার জাতীয় দলে ডাক পান।
পেরুর বিপক্ষে ম্যাচে তার অভিষেক ঘটে, এরপর মেক্সিকোর বিপক্ষে আরও একটি স্মরণীয় অধ্যায় রচনা করেন এই তরুণ মিডফিল্ডার। গত ৩ অক্টোবর, মাত্র ১৭ বছর ৫ দিন বয়সে নিজের প্রথম আন্তর্জাতিক গোল করেন তিনি। এর ফলে যুক্তরাষ্ট্রের জাতীয় দলের ইতিহাসে সবচেয়ে কম বয়সে গোল করা ফুটবলার হয়ে ওঠেন সুলিভান।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
শেরপুরে শতাধিক কৃষক রাস্তায় নিম্নমানের ধানবীজ ফেলে প্রতিবাদ জানিয়েছেন। ক্ষতিগ্রস্ত কৃষকরা শেরপুরের জেলা প্রশাসক এবং কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক বরাবর স্মারকলিপি প্রদান করেছেন।
মঙ্গলবার (২৪ নভেম্বর) দুপুরে শহরের নিউমার্কেট পায়রা চত্বরে অনুষ্ঠিত এক প্রতিবাদ সমাবেশে কৃষকরা জানান, দেশের স্বনামধন্য বায়ার ক্রপসাইন্স কোম্পানি লি.-এর এজেড ৬৪৫৩ এসটি জাতের হাইব্রিড ধানবীজ কিনে প্রতারিত হয়েছেন।
কৃষকরা উল্লেখ করেন, বায়ার ক্রপ সাইন্স কোম্পানির হাইব্রিড জাতের এ ধানবীজ তারা ভালো ও নির্ভরযোগ্য মনে করে প্রতি প্যাকেট ৬৬০ টাকা করে কিনেছিলেন। কিন্তু বীজ বপনের পর অঙ্কুরিত না হয়ে ধান পঁচে যায়, ফলে বিপাকে পড়েছেন শত শত কৃষক।
এ বিষয়ে খুচরা বীজ বিক্রেতারা জানান, তারা এ কোম্পানির বীজ বিশ্বাস করে দোকানে রেখে কৃষকদের মাঝে বিক্রি করেন। তবে এখন জানতে পারছেন, বাজারে এ বীজের দুটি ভ্যারিয়েন্ট রয়েছে। একটি ভারতীয় এবং অন্যটি দেশীয় প্রজাতির। ভারতীয় ভেরিয়েন্ট বীজগুলো অঙ্কুরিত হলেও দেশীয় জাতের বীজগুলো পঁচে নষ্ট হয়ে যায়।
এই প্রতারণার দায়ভার সম্পূর্ণ কোম্পানির উপর বর্তায় বলে উল্লেখ করে কৃষকরা দোষীদের শাস্তি ও ক্ষতিপূরণ দাবি করেন। প্রতিবাদ সমাবেশে প্রায় শতাধিক স্থানীয় কৃষক ও বীজ বিক্রেতা অংশগ্রহণ করেন।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ