মঙ্গলবার, ২৪শে নভেম্বর, ২০২৬ ইং
০৫:১৫ পি.এম
নড়াইলের কালিয়ায় আট বছরের শিশুকে ধর্ষণের ঘটনায় আসাদ মোল্যা (৫০) নামক এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ডের সাজা প্রদান করেছে আদালত। পাশাপাশি, তাকে তিন লাখ টাকা ক্ষতিপূরণও দিতে নির্দেশ দেওয়া হয়েছে।
মঙ্গলবার (২৪ নভেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে নড়াইল শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক শেখ ছামিদুল ইসলাম এই রায় ঘোষণা করেন।
নড়াইল নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট মো. আজিবুর রহমান আজিজ এই তথ্য নিশ্চিত করেছেন।
দণ্ডপ্রাপ্ত আসাদ মোল্যা নড়াগাতী থানার মহাজন উত্তরপাড়া এলাকার আমির মোল্যার পুত্র।
মামলার বিবরণ অনুসারে, চলতি বছরের ২৫ মার্চ সকালে কালিয়া উপজেলার একটি গ্রামে শিশুটির মা-বাবা কাজের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হন। এরপর দুপুরে আসাদ মোল্যা শিশুটির বাবার খোঁজে বাড়িতে আসেন। বাড়িতে একা পেয়ে শিশুটিকে ধর্ষণ করেন আসাদ।
শিশুটির চিৎকারে আশপাশের লোকজন আসলে অভিযুক্ত পালিয়ে যায়। প্রতিবেশীদের মাধ্যমে খবর পেয়ে শিশুটির বাবা-মা বাড়িতে ফিরে মেয়েকে রক্তাক্ত অবস্থায় দেখতে পান; এরপর তাকে জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
এদিকে, স্থানীয় জনতা মহাজন বাজার থেকে আসাদকে আটক করে পুলিশে সোপর্দ করে। সেই রাতেই শিশুটির বাবা আসাদ মোল্যাকে একমাত্র অভিযুক্ত করে ধর্ষণ মামলা দায়ের করেন।
মামলার বিচারিক কার্যক্রমে বাদীসহ মোট আট সাক্ষীর সাক্ষ্যগ্রহণ করা হয়। সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে আসামির বিরুদ্ধে অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় আদালত আসাদ মোল্যাকে যাবজ্জীবন কারাদণ্ড এবং তিন লাখ টাকা ক্ষতিপূরণের আদেশ দেন।
এ বিষয়ে নড়াইল নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট মো. আজিবুর রহমান আজিজ বলেন, "আট বছরের শিশু ধর্ষণ মামলায় আসাদ মোল্যা নামে ওই আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।" তিনি আরও জানান, ভুক্তভোগী পরিবারকে তিন লাখ টাকা ক্ষতিপূরণ দেয়ার নির্দেশ দেওয়া হয়েছে। রাষ্ট্রপক্ষের আইনজীবী জানান, এ রায়ে বাদীপক্ষসহ রাষ্ট্রপক্ষ সন্তোষ প্রকাশ করেছে।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
টঙ্গীর গাজীপুরা এলাকায় সংঘর্ষের ঘটনা ঘটেছে, যেখানে শ্রমিক ও পুলিশ মুখোমুখি হয়েছে। সংঘর্ষের সময় শ্রমিকরা একটি পুলিশ বক্সে প্রবেশ করে কাঠখড় দিয়ে আগুন লাগিয়ে দেয়। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড ব্যবহার করে শ্রমিকদের ছত্রভঙ্গ করে।
মঙ্গলবার (২৪ নভেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের টঙ্গীর গাজীপুরা এলাকায় এই ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, সকাল ৯টার দিকে টঙ্গী পশ্চিম থানার সাতাইশ এলাকায় মণ্ডল গ্রুপের একটি গার্মেন্টসে শ্রমিকরা ভাঙচুর শুরু করে। এই খবর পেয়ে আশপাশের অন্যান্য গার্মেন্টসের শ্রমিকরা রাস্তায় নেমে আসে। দুপুর ১২টার দিকে বিপুলসংখ্যক শ্রমিক গাজীপুরা বাসস্ট্যান্ডে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করার চেষ্টা করে। পুলিশ বাধা দেওয়ার পর সংঘর্ষ শুরু হয়। এ সময় শ্রমিক ও পুলিশের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া শুরু হয়। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড ব্যবহার করে। সংঘর্ষ চলাকালে গাজীপুরা এলাকায় একটি পুলিশ বক্সের ভেতরে ও বাইরেও কাঠখড় দিয়ে আগুন লাগানো হয়। একই সময়ে মহাসড়কের বিভিন্ন স্থানে টায়ার ও কাঠখড় দিয়ে আগুন দেয় বিক্ষুব্ধ শ্রমিকরা। সংঘর্ষের ফলে দুপুর ১টা থেকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক বন্ধ হয়ে যায়। প্রায় ৩০ মিনিট পর পুলিশ শ্রমিকদের রাস্তা থেকে সরিয়ে দিলে যান চলাচল পুনরায় শুরু হয়।
গাজীপুর মেট্রোপলিটন পুলিশ জিএমপির (অপরাধ দক্ষিণ) বিভাগের উপকমিশনার মো. শফিকুল ইসলাম বলেন, "অনেক জায়গায় আগুন দিয়েছে। পুলিশ বক্সে আগুনের বিষয়টি জেনে বলতে হবে। এখন ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক চালু আছে।"
গাজীপুর শিল্প পুলিশ-২ এর পুলিশ সুপার মোহাম্মদ আমজাদ হোসাইন কালের কণ্ঠকে জানান, শ্রমিক আন্দোলনের কারণে গাজীপুর এলাকায় ৭০টি গার্মেন্টস ছুটি ঘোষণা করা হয়েছে।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
ঢাকা, ২৪ নভেম্বর, ২০২৬ : অস্কার দৌড়ে থাকা প্রামাণ্যচিত্র ‘এভারেস্ট: দ্য আদার সাইড’ পাহাড়ের সৌন্দর্য, বিশালতা ও মুগ্ধতা দিয়ে শুরু হয়েছে। এতে উঠে এসেছে সেইসব মানুষের গল্প, যারা নিজেদের শারীরিক ও মানসিক সক্ষমতার শেষ সীমা পর্যন্ত পরীক্ষা করে পাহাড়ের চূড়ায় পৌঁছানোর চ্যালেঞ্জ মোকাবেলা করেন।
খবর বার্তা সংস্থা এএফপি’র।
তবে প্রামাণ্যচিত্রের অন্যতম প্রধান চরিত্রের মৃত্যুর পর গল্পটি ভিন্ন দিকে মোড় নেয়। পাহাড়ের দুর্গম পরিবেশে তৈরি হওয়া গভীর সম্পর্ক, প্রিয়জনকে হারানোর যন্ত্রণা এবং সেই শোক কাটিয়ে ওঠার সংগ্রাম হয়ে ওঠে এর মূল বিষয়।
পরিচালক এলিজাবেথ চাই ভাসারহেলি ও জিমি চিনের নতুন এই প্রামাণ্যচিত্রে মানুষের সহনশীলতার সীমা তুলে ধরা হয়েছে। পাশাপাশি এতে যুক্তরাষ্ট্রের দুই খ্যাতনামা স্কিয়ার হিলারি নেলসন ও জিম মরিসনের ভালোবাসার গল্পও স্থান পেয়েছে।
জিমি চিন মন্তব্য করেন, ‘মানুষের জীবন ও অভিজ্ঞতা নিয়ে চলচ্চিত্র নির্মাণের প্রতি আমার সব সময়ই আগ্রহ ছিল।’
তিনি আরও বলেন, যেসব মানুষ জীবন ও মৃত্যুর মাঝামাঝি অবস্থানে থাকা বিপজ্জনক অভিযানে অংশ নেন, তাদের গল্পের মধ্য দিয়ে জীবনের অনেক গুরুত্বপূর্ণ প্রশ্ন তুলে ধরার সুযোগ তৈরি হয়।
তিনি বলেন, ‘শেষ পর্যন্ত জীবনে কোন বিষয়গুলো সবচেয়ে গুরুত্বপূর্ণ? প্রিয়জনকে হারানোর শোক কীভাবে সামলাতে হয়? মানুষ কীভাবে ভালোবাসে? কোন বিষয়গুলো তাকে ভয় পাইয়ে দেয়? অর্থবহ জীবন যাপন করতে কিংবা নিজের কাক্সিক্ষত মানুষ হয়ে উঠতে আমরা কতটা ঝুঁকি নিতে প্রস্তুত?’
দুঃসাহসিক অভিযানের গল্প
দুঃসাহসিক ক্রীড়াবিদদের অসাধারণ সব অভিযান ও সাফল্য নিয়ে চলচ্চিত্র নির্মাণ করে পরিচালক জিমি চিন ও এলিজাবেথ চাই ভাসারহেলি ইতোমধ্যে নিজেদের আলাদা অবস্থান তৈরি করেছেন।
২০১৯ সালে পর্বতারোহী অ্যালেক্স হনল্ডকে নিয়ে নির্মিত তাদের প্রামাণ্যচিত্র ‘ফ্রি সোলো’ অস্কার জেতে। তবে এই দুই নির্মাতার কাছে ‘এভারেস্ট: দ্য আদার সাইড’ ছিল আরও বড় পরিসরের একটি কাজ।
সমুদ্রপৃষ্ঠ থেকে ৮ হাজার ৮৪৯ মিটার উঁচু মাউন্ট এভারেস্ট বিশ্বের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ। এবারের পুরস্কার মৌসুমে আলোচনায় থাকা আরেকটি চলচ্চিত্র ‘তেনজিং’-এও উঠে এসেছে এভারেস্ট অভিযানের ইতিহাস। ১৯৫৩ সালে পর্বতটির দক্ষিণ দিক দিয়ে প্রথম সফলভাবে চূড়ায় ওঠার ঘটনাকে কেন্দ্র করে নির্মিত হয়েছে ছবিটি।
‘এভারেস্ট: দ্য আদার সাইড’-এর গল্পের কেন্দ্রে রয়েছেন খ্যাতনামা স্কিয়ার জিম মরিসন। তিনি বিমান দুর্ঘটনায় স্ত্রী ও দুই সন্তানকে হারানোর বেদনাদায়ক স্মৃতি বয়ে বেড়াচ্ছিলেন।
এবার তার লক্ষ্য ছিল এভারেস্টের উত্তর দিক দিয়ে চূড়ায় পৌঁছানো। এ পথে খুব কম মানুষই সফল হয়েছেন। একই সঙ্গে তিনি হতে চেয়েছিলেন প্রথম ব্যক্তি, যিনি এভারেস্টের ওই দিক থেকে স্কি করে নিচে নেমে আসবেন।
এই অভিযানে তার সঙ্গী হওয়ার কথা ছিল হিলারি নেলসনের। স্বামীকে হারানোর কয়েক বছর পর তাদের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে ওঠে। কিন্তু অভিযানের প্রস্তুতির সময় এক মর্মান্তিক দুর্ঘটনায় তুষারধসে প্রাণ হারান ৪৯ বছর বয়সী পর্বতারোহী নেলসন।
পরিচালক এলিজাবেথ চাই ভাসারহেলি বলেন, ‘শুরুতে হিলারি নেলসন ও জিম মরিসনকে ঘিরেই চলচ্চিত্রটির পরিকল্পনা করা হয়েছিল। এটি ছিল তাদের ভালোবাসা, যৌথ স্বপ্ন এবং এভারেস্টের উত্তর দিক দিয়ে সরাসরি চূড়ায় পৌঁছে সেখান থেকে স্কি করে নামার প্রথম প্রচেষ্টার গল্প।’
তিনি আরও বলেন, ‘হিলারির মৃত্যুর পর চলচ্চিত্রটির বিষয়বস্তু বদলে যায়। তখন এতে একদিকে যেমন এমন দুঃসাহসিক অভিযানের পেছনের উচ্চাকাক্সক্ষা উঠে আসে, অন্যদিকে এসব অভিযানের বাস্তব জীবনে কী ধরনের মূল্য দিতে হয়, সেটিও তুলে ধরা হয়।’
চলচ্চিত্রটি নির্মাণের অভিজ্ঞতা নিজের জীবন নিয়েও নতুন করে ভাবতে বাধ্য করেছে বলে জানান চাই ভাসারহেলি। এর আগে তিনি জিমি চিনকে বিয়ে করেছিলেন। ঝুঁকিপূর্ণ বিভিন্ন অভিযানের দৃশ্য ধারণের কাজেও যুক্ত থাকেন চিন। তাঁদের দুই সন্তান রয়েছে।
চাই ভাসারহেলি বলেন, ‘আমি কখনো বিশ্বাস করিনি যে জিমি মারা যেতে পারে। কিন্তু হঠাৎ করেই বুঝতে পারলাম, আমার পেশাগত উচ্চাকাক্ষা ও ব্যক্তিগত জীবনের স্বার্থ একে অপরের মুখোমুখি দাঁড়িয়ে গেছে।’
অন্যদিকে হিলারি নেলসনের মৃত্যুর পর মানসিকভাবে ভেঙে পড়েছিলেন জিম মরিসন।
এএফপিকে তিনি বলেন, ‘আমি যেন এক জায়গায় থমকে গিয়েছিলাম। পুরোপুরি ভেঙে পড়েছিলাম এবং গভীরভাবে বিপর্যস্ত হয়ে পড়েছিলাম।’
তার জীবনের এই কঠিন মুহূর্ত থেকেই চলচ্চিত্রটির গল্প নতুন দিকে মোড় নেয়।
মরিসন বলেন, ‘এই পুরো অভিযান তখন আমার কাছে শোক আর হারানোর বেদনার মধ্য দিয়ে এগিয়ে চলার এক যাত্রায় পরিণত হয়। হিলারিকে হারানোর পাশাপাশি নিজের পরিবারকে হারানোর কষ্টও আমাকে বয়ে বেড়াতে হয়েছে।’
তিনি আরও বলেন, ‘আবার এভারেস্টে ফিরে গিয়ে সেই লক্ষ্য অর্জনের চেষ্টা করার ইচ্ছা তৈরি হয়। কারণ, আমি হিলারির স্মৃতির প্রতি সম্মান জানাতে চেয়েছিলাম।’
এই পর্যায়ে ‘এভারেস্ট: দ্য আদার সাইড’ কেবল পর্বতারোহণ কিংবা দুঃসাহসিক অভিযানের গল্পে সীমাবদ্ধ থাকে না; বরং হয়ে ওঠে মানুষের জীবন, ভালোবাসা, শোক ও ঘুরে দাঁড়ানোর এক অনন্য গল্প।
মরিসনের মতে, এই গল্পের শিক্ষা সবার জীবনেই প্রাসঙ্গিক।
তিনি বলেন, ‘আপনি যদি হাল না ছেড়ে সামনে এগিয়ে যান, নিজের সর্বোচ্চ চেষ্টা করেন এবং এক পা এক পা করে এগোতে থাকেন, তাহলে অসাধারণ সব অর্জন সম্ভব।’
‘এভারেস্ট: দ্য আদার সাইড’ যুক্তরাষ্ট্রের নির্বাচিত কয়েকটি প্রেক্ষাগৃহে প্রদর্শিত হচ্ছে।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
রাজশাহী, ২৪ নভেম্বর, ২০২৬ : টানা বৃষ্টির ফলে রাজশাহীসহ উত্তরাঞ্চলের বিভিন্ন জেলায় মাঠে কাটা আমন ধান পানিতে নিমজ্জিত হয়ে পড়েছে। এই পরিস্থিতিতে ফসলের সম্ভাব্য ক্ষতি নিয়ে উদ্বেগ সৃষ্টি হয়েছে।
কৃষক এবং কৃষি কর্মকর্তাদের মতে, চার দিনের ধারাবাহিক মাঝারি বৃষ্টির ফলে বরেন্দ্র অঞ্চল ও উত্তরাঞ্চলের বিভিন্ন বিল এলাকায় মাঠে কাটা আমন ধান পানিতে ডুবে গেছে।
কৃষকদের আশঙ্কা, বৃষ্টির কারণে নিমজ্জিত ধানের শিষ থেকে দানা ঝরে পড়তে পারে এবং ধানের স্বাভাবিক রং নষ্ট হতে পারে। দেশের বিভিন্ন জেলা থেকেও কৃষকদের দুর্ভোগের খবর পাওয়া যাচ্ছে, যা উদ্বেগজনক।
আমন ধান কাটার পর মাড়াইয়ের আগে সাধারণত চার থেকে পাঁচ দিন মাঠে শুকাতে হয়। এই প্রক্রিয়া ধানের রং অক্ষুণ্ন রাখতে এবং আর্দ্রতা কমাতে সহায়তা করে। কিন্তু ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে গত ১৮ নভেম্বর থেকে শুরু হওয়া বৃষ্টির কারণে কৃষকেরা কাটা ধান শুকানোর সুযোগ পাননি।
শনিবার সন্ধ্যা পর্যন্ত উত্তরাঞ্চলের বিভিন্ন স্থানে একটানা বৃষ্টিপাত অব্যাহত ছিল। এর ফলে অধিকাংশ কৃষক মাঠ থেকে কাটা আমন ধান মাড়াইয়ের খলায় তুলতে পারেননি।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর জানাচ্ছে, উত্তরাঞ্চলে এ পর্যন্ত মাত্র ১২ শতাংশ জমির আমন ধান কাটা ও মাড়াই সম্পন্ন হয়েছে। বাকি ৮৮ শতাংশ জমির মধ্যে অর্ধেকের ধান কেটে মাঠে রাখা হয়েছে, এবং অবশিষ্ট ৪৪ শতাংশ জমির ধানগাছ বৃষ্টি ও বাতাসের কারণে হেলে পড়েছে।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি আমন মৌসুমে রাজশাহীসহ উত্তরাঞ্চলের ১৬ জেলায় ১৯ লাখ ৯২ হাজার হেক্টর জমিতে আমনের আবাদ হয়েছে। আবহাওয়া অনুকূলে থাকলে এবং নিবিড় সেচ সুবিধা নিশ্চিত হলে এবার ভালো ফলনের আশা ছিল। এসব জমি থেকে ৫৬ লাখ ৮৭ হাজার টন আমন ধান উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল।
উত্তরাঞ্চলের কৃষি অঞ্চলগুলোর মধ্যে রংপুরের পাঁচ জেলায় সবচেয়ে বেশি ৬ লাখ ২২ হাজার হেক্টর জমিতে রোপা আমনের আবাদ হয়েছে। এ অঞ্চলে উৎপাদনের লক্ষ্যমাত্রা ছিল ১৫ লাখ ৯৬ হাজার টন।
দিনাজপুরের বৃহত্তর তিন জেলায় ৪ লাখ ৯৮ হাজার হেক্টর জমি থেকে ১৪ লাখ ৫৭ হাজার টন, রাজশাহীর চার জেলায় ৪ লাখ ১৩ হাজার হেক্টর জমি থেকে ১৩ লাখ ৩৯ হাজার টন এবং বগুড়া কৃষি অঞ্চলের চার জেলায় ৩ লাখ ৮৯ হাজার হেক্টর জমি থেকে ১২ লাখ ৮০ হাজার টন আমন ধান উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল।
কৃষি বিভাগ জানাচ্ছে, উত্তরাঞ্চলে লক্ষ্যমাত্রা অনুযায়ী ভালো আমন উৎপাদনের আশা ছিল। তবে প্রাকৃতিক দুর্যোগের কারণে এবার উৎপাদনে কিছুটা তারতম্য হতে পারে।
কৃষি বিভাগের সূত্র জানাচ্ছে, নওগাঁ জেলায় সবচেয়ে বেশি ১ লাখ ৯৬ হাজার হেক্টর জমি থেকে ৬ লাখ ১৮ হাজার টন আমন ধান উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল।
কৃষি বিভাগের কর্মকর্তারা জানান, এবার আবাদ ভালো হওয়ায় প্রতি হেক্টরে ৩ দশমিক ৪২ টন আমন ধান উৎপাদনের আশা করা হয়েছিল। ঘূর্ণিঝড় ‘আকভান’-এর কারণে কয়েক দিনের টানা বৃষ্টির ফলে সম্ভাব্য উৎপাদনের কত শতাংশ কমতে পারে, তা নিরূপণে মাঠপর্যায়ে কাজ শুরু হয়েছে।
এদিকে সোমবার রাজশাহীর গোদাগাড়ী, চাঁপাইনবাবগঞ্জ সদর, নাচোল ও গোমস্তাপুর এবং নওগাঁর নিয়ামতপুর সরেজমিন পরিদর্শনে দেখা গেছে, মাঠের পর মাঠে কৃষকদের কেটে আঁটি বেঁধে রাখা আমন ধান পড়ে রয়েছে।
কিছু কিছু স্থানে ধানক্ষেতে হাঁটুপানি জমে গেছে। বিশেষ করে চাঁপাইনবাবগঞ্জের হোগলা বিলে কেটে রাখা আমন ধান পানিতে নিমজ্জিত হয়ে পড়েছে। অন্যদিকে যেসব জমির ধান এখনো কাটা হয়নি, সেসব জমির ধানগাছও দমকা বাতাসে মাটিতে নুয়ে পড়েছে।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
বাংলাদেশের আদালতে দণ্ডপ্রাপ্ত হওয়ার পরও শেখ হাসিনার দেশে ফেরার বিষয়ে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী সমালোচনা করেছেন। তিনি প্রশ্ন তুলেছেন, "কীভাবে রাষ্ট্রীয় বিমানে দেশে ফেরার কথা বলেন?" আইনকে সম্মান জানালে তার উচিত ছিল আইনগত প্রক্রিয়ার মাধ্যমে আত্মসমর্পণ করা এবং নিজের বক্তব্য তুলে ধরা।
মঙ্গলবার (২৪ নভেম্বর) জাতীয় প্রেসক্লাবের সামনে বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধ দল এবং মুক্তিযুদ্ধের প্রজন্মের উদ্যোগে অনুষ্ঠিত সমাবেশ ও বিক্ষোভ মিছিলে তিনি এই মন্তব্য করেন।
রিজভী আরও বলেন, কার্যক্রম নিষিদ্ধ হওয়া সত্ত্বেও আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ডই দলটিকে নিষিদ্ধ করার সিদ্ধান্তের যথার্থতা প্রমাণ করেছে। তিনি অভিযোগ করেছেন, বিদেশে অবস্থান করেও আওয়ামী লীগের নেতারা বাংলাদেশে নাশকতা, বোমাবাজি এবং অগ্নিসংযোগের মাধ্যমে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির চেষ্টা করছেন। এই ধরনের কর্মকাণ্ডের মাধ্যমে তারা আবারও নিজেদের রাজনৈতিক অবস্থান স্পষ্ট করেছেন।
তিনি উল্লেখ করেছেন, ফাঁসির দণ্ডপ্রাপ্ত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে নিষিদ্ধ আওয়ামী লীগ এবং তার সহযোগীদের আগুন সন্ত্রাস, বোমাবাজি ও নৈরাজ্যের প্রতিবাদে এই কর্মসূচির আয়োজন করা হয়েছে।
রিজভী বলেন, "যারা দেশের বিভিন্ন স্থানে বোমা বিস্ফোরণ, অগ্নিসংযোগ ও মানুষ হত্যার মতো কর্মকাণ্ডে উসকানি দিতে পারে, তারা জনগণের বন্ধু হতে পারে না, দেশের বন্ধু হতে পারে না।" আওয়ামী লীগের কর্মকাণ্ডের মধ্য দিয়েই দলটিকে নিষিদ্ধ করার সিদ্ধান্তের যৌক্তিকতা স্পষ্ট হয়েছে বলেও তিনি মন্তব্য করেন।
তিনি অভিযোগ করেছেন, আওয়ামী লীগের নেতারা বিদেশে বসে বাংলাদেশে নাশকতামূলক কর্মকাণ্ড পরিচালনার জন্য অর্থ পাঠাচ্ছেন। কিছু সন্ত্রাসী ও কিশোরকে টাকা দিয়ে গাড়িতে আগুন দেওয়া, বাড়িঘরে পেট্রল ছিটিয়ে অগ্নিসংযোগ এবং বিভিন্ন স্থানে বোমাবাজি করানো হচ্ছে। গ্রামীণ ব্যাংকের প্রায় ৭৫টি স্থানে ককটেল বিস্ফোরণ ও অগ্নিসংযোগের ঘটনাও ঘটেছে বলে দাবি করেছেন তিনি।
বিএনপির এই নেতা জানান, এসব সন্ত্রাসী কর্মকাণ্ডে বিএনপির তিনজন নেতা-কর্মী নিহত হয়েছেন। সীমান্তের ওপারে অবস্থান করে যারা এসব কর্মকাণ্ডে উসকানি দিচ্ছেন, শেখ হাসিনাকে এসব হত্যাকাণ্ডের দায় নিতে হবে।
ভারতে অবস্থানরত আওয়ামী লীগের নেতাদের প্রসঙ্গে রিজভী বলেন, ভারত প্রায়ই দাবি করে, বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতিতে তারা হস্তক্ষেপ করে না। কিন্তু পেট্রাপোলে আওয়ামী লীগের চার নেতার সঙ্গে ইমিগ্রেশন কর্মকর্তার দুই ঘণ্টার বৈঠকের ঘটনা নানা প্রশ্নের জন্ম দিয়েছে। এটি একটি অশুভ ইঙ্গিত বলেও মন্তব্য করেন তিনি।
রিজভী বলেন, আওয়ামী লীগ বরাবরই ক্ষমতাকে নিজেদের বাপ-দাদার সম্পত্তি মনে করেছে। ক্ষমতায় এসে তারা বিরোধী দলের নেতা-কর্মীদের ওপর নির্যাতন, হত্যা, দুর্নীতি ও লুটপাট চালিয়েছে। মেগা প্রকল্পের নামে অর্থ আত্মসাৎ করে দলের নেতারা বিপুল সম্পদের মালিক হয়েছেন এবং সেই অর্থ বিদেশে পাচার করেছেন বলে অভিযোগ করেন তিনি।
তিনি আরও বলেন, শেখ হাসিনা ২০০৯ সালে ক্ষমতায় এসে বাকশাল পুনরুজ্জীবিত করেছিলেন। ১৭ বছর ধরে দুঃশাসন চালিয়ে গণতন্ত্রের অস্তিত্ব মুছে দেওয়ার চেষ্টা করেছেন। বিরোধী দল, মতপ্রকাশের স্বাধীনতা ও রাজনৈতিক অধিকার হরণের মধ্য দিয়ে আওয়ামী লীগ তাদের শাসন পরিচালনা করেছে।
আওয়ামী লীগের পুনরুত্থানের চেষ্টা প্রতিহত করার আহ্বান জানিয়ে রিজভী বলেন, বাংলাদেশের মানুষ কখনও স্বৈরশাসন মেনে নেয়নি। দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের ওপর কেউ আঘাত হানলে জনগণ ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ গড়ে তুলবে। অনেক রক্তের বিনিময়ে গণতন্ত্রের যে যাত্রা শুরু হয়েছে, তা কেউ স্তব্ধ করতে পারবে না।
তিনি বলেন, ১৯৭১ সালের মুক্তিযুদ্ধ, ৭ নভেম্বরের সিপাহি-জনতার ঐক্য এবং ২০২৪ সালের জুলাই-আগস্টের গণ-অভ্যুত্থানের চেতনা ধারণ করে আধিপত্যবাদ ও ষড়যন্ত্রের বিরুদ্ধে লড়াই চালিয়ে যেতে হবে। যারা জনগণের অধিকার কেড়ে নিতে আসবে, তাদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে বিএনপি সব সময় প্রস্তুত রয়েছে।
মুক্তিযুদ্ধ দলের সভাপতি ইশতিয়াক আজিজ উলফাতের সভাপতিত্বে এসময় আরও উপস্থিত ছিলেন বিএনপির চেয়ারম্যানের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিব, স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরফত আলী সপু, ঢাকা ৬ আসনের সংসদ সদস্য ও মুক্তিযুদ্ধের প্রজন্ম দলের সভাপতি ইশরাক হোসেন সহ মুক্তিযুদ্ধা দলের ও মুক্তিযুদ্ধের প্রজন্ম দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ