মঙ্গলবার, ২৪শে নভেম্বর, ২০২৬ ইং
০৬:০৩ পি.এম
কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প থেকে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-১৫ একটি রিভলবার, এক রাউন্ড তাজা গুলি, একটি খালি খোসা ও চাবুকসহ এক রোহিঙ্গা যুবককে গ্রেপ্তার করেছে। মঙ্গলবার (২৪ নভেম্বর) সকালে ক্যাম্প-১৭ এলাকায় অভিযান পরিচালনা করে তাকে আটক করা হয়।
গ্রেপ্তার হওয়া যুবকের নাম জাবেদ হোসেন (২৭)। তিনি ক্যাম্প-১৭-জোরহমানের বাসিন্দা।
এসআরবি-১৫ জানায়, গোপন তথ্যের ভিত্তিতে সিপিসি-২-এর হোয়াইক্যং ক্যাম্পের একটি আভিযানিক দল ক্যাম্প-১৭ এলাকায় অভিযান চালায়। অভিযানের সময় জাবেদ হোসেনকে গ্রেপ্তার করা হয়। তার হেফাজত থেকে উদ্ধার করা হয় একটি রিভলবার, এক রাউন্ড তাজা গুলি, এক রাউন্ড গুলির খালি খোসা, একটি চাবুক এবং একটি স্মার্টফোন।
এসআরবি-১৫-এর সহকারী পরিচালক (মিডিয়া) সহকারী পুলিশ সুপার আ. ম. ফারুক জানান, ‘গ্রেপ্তার হওয়া ব্যক্তি এবং উদ্ধার করা আলামত পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে। রোহিঙ্গা ক্যাম্প ও আশপাশের এলাকার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং অবৈধ অস্ত্র উদ্ধারে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।’
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
ঢাকা, ২৪ নভেম্বর, ২০২৬ : সারা দেশের বিভিন্ন স্থানে হাম উপসর্গে গত ২৪ ঘণ্টায় আরও নয়জনের মৃত্যু ঘটেছে।
আজ স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোলরুম কর্তৃক প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গত ২৪ ঘণ্টায় সারা দেশে সন্দেহজনক হাম রোগী শনাক্ত হয়েছে ১ হাজার ২৮৩ জন। এর মধ্যে ঢাকা বিভাগে ৫২৬ জন, চট্টগ্রামে ১৮৩ জন, সিলেটে ১৬৭ জন, বরিশালে ১৩৮ জন, খুলনায় ১০৭ জন, ময়মনসিংহে ৯০ জন, রাজশাহীতে ৩৯ জন এবং রংপুর বিভাগে ৩৩ জন সন্দেহজনক রোগী শনাক্ত করা হয়েছে।
সন্দেহজনক হামে মারা যাওয়া নয়জনের মধ্যে ঢাকা ও সিলেটে ৩ জন করে এবং চট্টগ্রাম, বরিশাল ও খুলনা বিভাগে ১ জন করে মৃত্যুবরণ করেছেন।
নতুন করে নিশ্চিত হাম শনাক্ত হওয়া ৬৮ জনের মধ্যে ঢাকা বিভাগে ৪৩ জন এবং সিলেট বিভাগে ২৫ জন রয়েছে। পাশাপাশি, গত ২৪ ঘণ্টায় হাসপাতালে নতুন করে ভর্তি হয়েছেন ১ হাজার ২০৮ জন এবং সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ১ হাজার ১৩৯ জন রোগী।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছরের ১৫ মার্চ থেকে ২৪ নভেম্বর সকাল ৮টা পর্যন্ত সারা দেশে মোট সন্দেহজনক হাম রোগী শনাক্ত হয়েছে ২ লাখ ৫৯ হাজার ১৯০ জন। এর মধ্যে নিশ্চিত হাম রোগী সংখ্যা ২৬ হাজার ৩০০ জন। এই সময়ের মধ্যে সন্দেহজনক হামে মোট ১ হাজার ২৫৬ জন এবং নিশ্চিত হামে ১০৫ জনের মৃত্যু হয়েছে।
১৫ মার্চ থেকে এ পর্যন্ত হাসপাতালে মোট ভর্তি হয়েছেন ২ লাখ ৩১ হাজার ৯৯৯ জন সন্দেহজনক হাম রোগী। আর চিকিৎসা শেষে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ২ লাখ ২৩ হাজার ১৫৮ জন।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
ফিলিস্তিনিদের বিরুদ্ধে হামলা ও সন্ত্রাসী কার্যকলাপে যুক্ত ইসরাইলি বসতি স্থাপনকারীদের ওপর নিষেধাজ্ঞা আরোপের উদ্দেশ্যে মার্কিন কংগ্রেসের ডেমোক্র্যাট নেতা হাকিম জেফ্রিসের পরিকল্পনাকে স্বাগত জানিয়েছেন নিউইয়র্কের মেয়র জোহরান মামদানি। তবে, তিনি এই পদক্ষেপকে ‘অপর্যাপ্ত’ বলে অভিহিত করে ডেমোক্রেটিক পার্টির প্রতি আহ্বান জানিয়েছেন যে, ইসরাইলে যুক্তরাষ্ট্রের সামরিক সহায়তা বন্ধ করা উচিত।
মঙ্গলবার (২৪ নভেম্বর) প্রকাশিত এক প্রতিবেদনে মামদানি উল্লেখ করেন, যেসব বসতি স্থাপনকারী অসংখ্য ফিলিস্তিনির জীবন ও জীবিকা ধ্বংস করছে, তাদের ওপর নিষেধাজ্ঞা আরোপের উদ্যোগ নিঃসন্দেহে একটি ইতিবাচক পদক্ষেপ। কিন্তু, তিনি মনে করেন যে, আমাদের এর চেয়েও বেশি কিছু করতে হবে। তিনি বলেন, "আমাদের দেশ বিভিন্ন প্রশাসনের অধীনে ফিলিস্তিনিদের ওপর ইসরাইলি গণহত্যায় বিলিয়ন বিলিয়ন ডলার অর্থায়ন করে আসছে—এই বাস্তবতাটি এখন মোকাবিলা করতে হবে। এখনই সময় ভিন্ন পথে হাঁটার।"
এছাড়া, আগামী জানুয়ারিতে মার্কিন প্রতিনিধি পরিষদের পরবর্তী স্পিকার হিসেবে দায়িত্ব গ্রহণ করতে যাচ্ছেন হাকিম জেফ্রিস। তিনি ঘোষণা করেছেন, নতুন কংগ্রেসের অধিবেশন শুরু হওয়ার প্রথম ১০০ দিনের মধ্যে তিনি এই নিষেধাজ্ঞার বিলটি উত্থাপন করবেন।
দখলকৃত পশ্চিম তীরে সহিংসতার জন্য বসতি স্থাপনকারীদের জবাবদিহিতার আওতায় আনার পাশাপাশি ইসরাইলের প্রতি ওয়াশিংটনের নীতি ও সামরিক সহায়তা পুনর্বিবেচনা করার জন্য ডেমোক্রেটিক পার্টির ভেতরে ক্রমবর্ধমান দাবির মধ্যে মেয়র মামদানি এই জোরালো অবস্থান গ্রহণ করেছেন।
সূত্র: মিডলইস্ট মনিটর
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
শাহ আলী থানা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম এবং নাশকতামূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে অবস্থান কর্মসূচি পালন করেছে।
এ কর্মসূচিটি মঙ্গলবার মিরপুর-১ নম্বরে মুক্ত বাংলা মার্কেটের সামনে অনুষ্ঠিত হয়।
নেতা এস এ সিদ্দিক সাজুর নেতৃত্বে আয়োজিত এই কর্মসূচিতে বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।
নেতাকর্মীরা আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম এবং যেকোনো ধরনের নাশকতামূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে নিজেদের অবস্থান প্রকাশ করেন। এ সময় তারা দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ ও সতর্ক থাকার আহ্বান জানান।
এস এ সিদ্দিক সাজু বলেন, "দেশে শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।" তিনি আরও বলেন, "কোনো ধরনের উসকানি বা সহিংসতায় জড়ানো যাবে না। আইন নিজের হাতে তুলে না নিয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সহযোগিতা করতে হবে।"
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
পটুয়াখালী ৪ আসনের সংসদ সদস্য এবং বিএনপি'র নির্বাহী কমিটির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক এবিএম মোশাররফ হোসেন এমপি মন্তব্য করেছেন, "এই যে এখানে দেখেন, একদিকে কিন্তু মন্দির আর একদিকে মসজিদ অন্য পাসে বৌদ্ধ বিহার আছে। আমাদের মধ্যে কোনো বিভেদ নেই। আমি যাকে বিশ্বাস করি, তাকে বলি আল্লাহ। আপনারা তাকে বলেন ভগবান, ফারাতারা, খ্রিস্টানরা তাকে বলে গড। উদ্দেশ্য তো একটাই।"
তিনি আরও বলেন, "আমরা নামাজ পড়ি, রোজা রাখি, ধর্ম পালন করি উদ্দেশ্য আমরা স্বর্গে, বেহেশতে যাব। আপনারাও তেমন মনে করেন আপনারা স্বর্গে যাবেন। কিন্তু সিদ্ধান্ত নেবে কে? সৃষ্টিকর্তা। সুতরাং এই যে একটা পারস্পরিক সম্প্রীতি, এইটা আমাদের আগামী দিনে বজায় রাখতে হবে। এই যে রাস পূর্ণিমা আমার মনে হয় হিন্দু সম্প্রদায়ের চেয়ে মুসলমানরা বেশি উপস্থিত হয়েছেন।"
এবিএম মোশাররফ হোসেন উল্লেখ করেন, মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, "আমার পরিচয় হিন্দু না, আমার পরিচয় মুসলমান না, আমার পরিচয় খ্রিস্টান না, আমার পরিচয় বৌদ্ধ না আমার পরিচয় আমি বাংলাদেশি।" তিনি বলেন, "এই বাংলাদেশটাকে যদি আমরা ধারণ করতে পারি, তাইলে আমাদের মধ্যে ধর্মীয় কোনো বিভাজন থাকবে না। আমাদের মধ্যে কোনো অশান্তি থাকবে না। আমাদের মধ্যে কোনো প্রতিহিংসা থাকবে না। কারণ আমাদের হৃদয়ে তো একটি কথা, যে আমরা বাংলাদেশের লোক।"
তিনি আরও সতর্ক করেন, "সকলে সতর্ক থাকবেন, নানা রকম উসকানি দেওয়ার চেষ্টা করা হচ্ছে, আমরা যদি কাজ না করি, তাহলে সবার আগে বাংলাদেশটা হবে না। সে লক্ষ্যেই আমাদের প্রধানমন্ত্রী এই কার্যক্রম হাতে নিয়েছেন সবার জন্য সমান অধিকার নিশ্চিত করতে।"
এবং পটুয়াখালীর কুয়াকাটায় আনুষ্ঠানিকভাবে ঐতিহ্যবাহী রাসপূজার উদ্বোধনকালে এসব কথা বলেন তিনি। সোমবার (২৩ নভেম্বর) রাত সাড়ে ৯টায় কুয়াকাটার শ্রী শ্রী রাধাকৃষ্ণ মন্দির ও তীর্থযাত্রী সেবাশ্রমে আয়োজিত অনুষ্ঠানে তিনি রাস উৎসবের উদ্বোধন করেন।
এ সময় উপস্থিত ছিলেন পটুয়াখালীর জেলা প্রশাসক চৌধুরী আশরাফুল করিম, জেলা পরিষদের প্রশাসক স্নেহাংশু সরকার কুট্রি, উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আরিফুজ্জামান, প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, কুয়াকাটা পৌর প্রশাসক মো ইয়াসিন সাদেক এবং বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা এবং রাস উৎসব আয়োজক কমিটির নেতৃবৃন্দ।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ