ঢাকা সোমবার, ২৩শে নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৮ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ১২ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
সোমবার, ২৩শে নভেম্বর, ২০২৬ইং ০৮ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

ক্রীড়াবিদদের চিকিৎসাসেবায় বিশেষ ছাড় দিতে এনএসসি-ল্যাবএইডের চুক্তি


ক্রীড়াবিদদের চিকিৎসাসেবায় বিশেষ ছাড় দিতে এনএসসি-ল্যাবএইডের চুক্তি

খেলাধুলায় ইনজুরি একটি সাধারণ বিষয়। কিন্তু অনেক সময় দেশের ক্রীড়াবিদরা চোটের পর প্রয়োজনীয় চিকিৎসা থেকে বঞ্চিত হন। খেলোয়াড়দের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করার উদ্দেশ্যে এবার জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) এবং ল্যাবএইড গ্রুপের মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে।

রোববার যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সভাকক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে এই সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। এর ফলে ক্রীড়া কার্ডধারী খেলোয়াড় এবং তাদের পরিবারের সদস্যরা ল্যাবএইডের বিভিন্ন স্বাস্থ্যসেবায় বিশেষ ছাড়ে সুবিধা গ্রহণ করতে পারবেন।

যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক জানিয়েছেন, সরকার ক্রীড়াবিদদের জন্য একটি সমন্বিত ব্যবস্থা গড়ে তোলার পরিকল্পনা করছে, যেখানে প্রশিক্ষণের পাশাপাশি চিকিৎসা, আর্থিক সহযোগিতা, কর্মসংস্থান, সামাজিক স্বীকৃতি এবং অবসর-পরবর্তী জীবনেও প্রয়োজনীয় সহায়তা নিশ্চিত করা হবে। এ লক্ষ্য বাস্তবায়নে সরকারি প্রতিষ্ঠানের পাশাপাশি বেসরকারি সংস্থাগুলোকেও সম্পৃক্ত করার ওপর গুরুত্ব দেন তিনি।

আরও পড়ুন: লা লিগায় সর্বোচ্চ জয় রেকর্ড গড়লেন সিমিওনে

চুক্তির শর্ত অনুযায়ী, ক্রীড়া কার্ডধারীরা ল্যাবএইডের বিভিন্ন প্রতিষ্ঠানে বহির্বিভাগের প্যাথলজি ও বায়োকেমিস্ট্রি পরীক্ষায় ৩০ শতাংশ ছাড় পাবেন। এছাড়া সিটি স্ক্যান, এমআরআই, ইসিজি, ইকো, ইটিটি ও আল্ট্রাসনোগ্রামসহ নির্দিষ্ট কিছু পরীক্ষায় ১৫ শতাংশ ছাড় পাওয়া যাবে। হাসপাতালের ভর্তি রোগীদের বেড চার্জেও বিশেষ সুবিধা প্রদান করা হবে।

একইভাবে, ল্যাবএইড ক্যান্সার হাসপাতালে প্যাথলজি, বায়োকেমিস্ট্রি ও বিভিন্ন ডায়াগনস্টিক পরীক্ষার পাশাপাশি ভর্তি রোগী এবং কেমো ডে কেয়ারের বেড চার্জে ছাড় পাবেন সুবিধাভোগীরা। অন্যদিকে, লাইফ প্লাস বাংলাদেশ লিমিটেডের মাধ্যমে টেলিমেডিসিন, বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ, অ্যাপয়েন্টমেন্ট, বাসায় নমুনা সংগ্রহ, অ্যাম্বুলেন্স বুকিংয়ে সহযোগিতা এবং বাসায় ওষুধ পৌঁছে দেওয়ার সেবাও নির্ধারিত ছাড়ে পাওয়া যাবে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক। জাতীয় ক্রীড়া পরিষদের নির্বাহী পরিচালক অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। বিশেষ অতিথি হিসেবে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব এবং ল্যাবএইড গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক উপস্থিত ছিলেন। এ সময় সংশ্লিষ্ট মন্ত্রণালয়, জাতীয় ক্রীড়া পরিষদ ও ল্যাবএইডের ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।

আরও পড়ুন: বল ও লালা ব্যবহারের নিষেধাজ্ঞা তুলে নিতে বললেন শুভমান গিল

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর
আল-জাজিরার বিশ্লেষণ

ইরান কি তার পারমাণবিক নীতি পরিবর্তন করছে?

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

রবিবার, ২২শে নভেম্বর, ২০২৬ ইং

০৫:৫৩ পি.এম


ইরান কি তার পারমাণবিক নীতি পরিবর্তন করছে?

ইরান কি তার পুরোনো পারমাণবিক নীতি থেকে সরে আসছে? এই প্রশ্নটি এখন সবার মুখে মুখে। দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচির সাম্প্রতিক মন্তব্যে এই বিষয়টি উঠে এসেছে। তিনি জানিয়েছেন, ইরানের কাছে থাকা সমৃদ্ধ ইউরেনিয়াম দেশের ‘প্রয়োজন অনুযায়ী’ ব্যবহার করা হবে—এবং সেই প্রয়োজন কিভাবে নির্ধারিত হবে, তা পরিস্থিতির উপর নির্ভর করবে। শনিবার (২১ নভেম্বর) ইরানি গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, দেশের ভবিষ্যৎ পারমাণবিক নীতি নিয়ে ভেতরে এখন ‘বড় ধরনের কৌশলগত বিতর্ক’ চলছে।

যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান যুদ্ধের প্রেক্ষাপটে আরাগচির এই বক্তব্য নতুন গুঞ্জন সৃষ্টি করেছে। ইরান সম্ভবত কেবল শান্তিপূর্ণ কাজে পরমাণু শক্তি ব্যবহারের পুরোনো অবস্থান পরিবর্তন করতে পারে। যুদ্ধ থামাতে যুক্তরাষ্ট্র যেখানে ইরানের কাছ থেকে পারমাণবিক অস্ত্র না বানানোর নিশ্চয়তা চাইছে, ঠিক তখনই ইরানের এমন ইঙ্গিত পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে।

বহু বছর ধরে ইরান দাবি করে আসছে, তাদের পারমাণবিক কর্মসূচি শুধুমাত্র বিদ্যুৎ উৎপাদন, চিকিৎসা গবেষণা এবং কৃষির মতো শান্তিপূর্ণ কাজের জন্য। প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির জারি করা এক ধর্মীয় ফতোয়ায় পারমাণবিক অস্ত্র তৈরি নিষিদ্ধ করা হয়েছিল। ১৯৭০ সালে পরমাণু অস্ত্র বিস্তার রোধ চুক্তিতে (এনপিটি) সই করা ইরান সবসময় দাবি করে আসছে, শান্তিপূর্ণ কাজে ইউরেনিয়াম সমৃদ্ধ করা তাদের ‘অবিচ্ছেদ্য অধিকার’।

তবে ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ইরনাকে দেওয়া সাক্ষাৎকারে আরাগচি স্পষ্টভাবে উল্লেখ করেন, সমৃদ্ধ ইউরেনিয়াম দেশের ভেতরেই থাকবে এবং প্রয়োজন অনুযায়ী তা কাজে লাগানো হবে। আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার (আইএইএ) ২০২৫ সালের হিসাব অনুযায়ী, ইসরাইলি হামলার আগে ইরানের কাছে ৬০ শতাংশ মাত্রায় সমৃদ্ধ করা প্রায় ৪৪০ কেজি ইউরেনিয়াম ছিল। বিদ্যুৎ উৎপাদনে লাগে মাত্র ৩ শতাংশ, আর পারমাণবিক অস্ত্র বানাতে লাগে ৯০ শতাংশ। বিশেষজ্ঞদের মতে, ৬০ শতাংশ থেকে ৯০ শতাংশে পৌঁছানো খুব অল্প সময়ের কাজ।

আরাগচি জানান, পারমাণবিক নীতি পরিবর্তনের বিষয়ে ইরানের আইনপ্রণেতা ও কর্মকর্তাদের মধ্যে জোর আলোচনা চলছে, এবং উভয় পক্ষেরই শক্ত যুক্তি রয়েছে। যারা নীতি পরিবর্তনের পক্ষে, তাদের যুক্তি হলো—পারমাণবিক অস্ত্র না রাখার নীতি গত বছর ও চলতি বছরে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের হামলা থেকে ইরানের পারমাণবিক স্থাপনাগুলোকে রক্ষা করতে পারেনি। আরাগচি এই বিতর্ককে জাতীয় স্বার্থ ও নিরাপত্তার জন্য গুরুত্বপূর্ণ বললেও স্বীকার করেছেন যে, নীতিতে কোনো বড় পরিবর্তন হলে তার ফল সুদূরপ্রসারী হবে। তবে তিনি এখনই নীতি পরিবর্তনের কোনো ঘোষণা দেননি।

শুধু আরাগচি নন, চলতি মাসের শুরুতে ইরানের নিরাপত্তা প্রধান মোহসেন রেজাইও নতুন যুদ্ধ শুরু হলে পুরোনো পারমাণবিক নীতিতে থাকা হবে কি না, তা নিয়ে আলোচনা করেছেন। এমনকি গত ১২ নভেম্বর সর্বোচ্চ নেতা নিয়োগকারী সংস্থা ‘অ্যাসেম্বলি অব এক্সপার্টস’ জানায়, দেশের প্রতিরক্ষা নীতি খতিয়ে দেখা এবং নিজেদের প্রতিরোধ ক্ষমতা বাড়ানো এখন খুব জরুরি হয়ে পড়েছে। জার্মান-ইরানি রাষ্ট্রবিজ্ঞানী আলি ফাতহুল্লাহ-নেজাদ আল জাজিরাকে বলেন, ইরানের কোনো রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের পক্ষ থেকে এমন সমর্থন এই প্রথম দেখা গেল।

২০১৫ সালে যুক্তরাষ্ট্র ও বিশ্বশক্তিগুলোর সঙ্গে ইরানের একটি পারমাণবিক চুক্তি (জেসিপিওএ) হয়েছিল, যেখানে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ সীমিত রাখার কথা ছিল। কিন্তু ২০১৮ সালে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার প্রথম মেয়াদে ওই চুক্তি থেকে সরে গেলে ইরানও বিধিনিষেধ মানা বন্ধ করে দেয়। ২০২৫ সালের জুনে আইএইএ জানায়, ইরান আন্তর্জাতিক নিয়ম মানছে না। এর কয়েক দিন পরই ১২ দিনের যুদ্ধে ফোরদো, নাতাঞ্জ ও ইসফাহানের পারমাণবিক স্থাপনায় হামলা চালায় যুক্তরাষ্ট্র ও ইসরাইল। চলতি বছরের মার্চে আইএইএ প্রধান রাফায়েল গ্রোসি জানান, হামলার পরও অন্তত ২০০ কেজি সমৃদ্ধ ইউরেনিয়াম টিকে আছে, যা সম্ভবত ইসফাহানের মাটির নিচে লুকানো রয়েছে।

আইএইএ ইরানের এই ইউরেনিয়াম সমৃদ্ধকরণকে ‘গভীর উদ্বেগের বিষয়’ বলে অভিহিত করেছে। মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স গত মাসে রয়টার্সকে বলেন, “আপনি যদি পারমাণবিক অস্ত্র না-ই চান, তবে ৬০ শতাংশ সমৃদ্ধ জ্বালানির কী দরকার?” প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও সাফ জানিয়েছেন, ইরানকে কোনোভাবেই পারমাণবিক অস্ত্র বানাতে দেওয়া হবে না। অন্যদিকে, অঘোষিত পারমাণবিক অস্ত্রের অধিকারী ইসরাইলের তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুও গত সপ্তাহে ইরানকে ‘অস্তিত্বের হুমকি’ বলে তা চিরতরে শেষ করার কথা বলেছেন।

ইরান কি সত্যিই পারমাণবিক অস্ত্র বানানোর পথে হাঁটবে? সুইডেনের লুন্ড বিশ্ববিদ্যালয়ের গবেষক রুজবেহ পারসি আল জাজিরাকে বলেন, এটা এখন আর অসম্ভব কিছু নয়। চলতি বছরের ফেব্রুয়ারিতে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের শুরু করা যুদ্ধ তেহরানের সব হিসাব বদলে দিয়েছে। আগে এনপিটি থেকে বেরিয়ে পারমাণবিক অস্ত্র বানানোর কথা কেবল কোণায়-কানাচে শোনা যেত, এখন তা বড় আলোচনায় চলে এসেছে। ল্যাঙ্কাস্টার বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক সাইমন ম্যাবনের মতে, আত্মরক্ষার দিক থেকে ভাবলে ইরানের এই যুক্তি বোঝা যায়, তবে তা আন্তর্জাতিক চুক্তির বিরুদ্ধে যাবে।

তবে ইরানের ভেতরেই এ নিয়ে মতভেদ রয়েছে। কট্টরপন্থি নেতা ও আইনপ্রণেতারা মনে করেন, শাসনব্যবস্থা টিকিয়ে রাখতে পারমাণবিক ও ক্ষেপণাস্ত্র শক্তি খুব জরুরি। অন্যদিকে, সাবেক পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ জাভেদ জারিফের মতো নেতারা এর বিপক্ষে। তাদের মতে, পারমাণবিক অস্ত্র বানাতে গেলে যুক্তরাষ্ট্র ও ইসরাইল আরও বড় হামলা চালাবে। ফাতহুল্লাহ-নেজাদের মতে, ইরান আপাতত এই অস্পষ্টতাকেই কৌশল হিসেবে কাজে লাগাচ্ছে।

বিশ্লেষকদের মতে, ইরান যদি সত্যিই পারমাণবিক নীতি পরিবর্তন করে, তবে যুক্তরাষ্ট্রের সঙ্গে শান্তি আলোচনার পথ আরও কঠিন হয়ে যাবে। যুক্তরাষ্ট্র আলোচনার শুরুতেই ইরানের কাছ থেকে পারমাণবিক ছাড় চাইছে, আর ইরান অবরোধ তুলে নেওয়া, আটকে রাখা অর্থ ফেরত দেওয়া এবং সব ফ্রন্টে যুদ্ধ বন্ধসহ সাতটি শর্ত দিয়ে রেখেছে। অধ্যাপক ম্যাবন সতর্ক করে বলেন, ইরান আত্মরক্ষার কথা ভেবে নীতি বদলালেও যুক্তরাষ্ট্র ও ইসরাইল একে আক্রমণাত্মক পদক্ষেপ মনে করতে পারে—যা পুরো অঞ্চলকে ভয়াবহ বিপদের মুখে ফেলবে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ফরিদপুরে চার বছরের শিশুকে যৌন নিপীড়নের দায়ে যুবকের ১০ বছর কারাদণ্ড

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

রবিবার, ২২শে নভেম্বর, ২০২৬ ইং

০৫:৫৩ পি.এম


ফরিদপুরে চার বছরের শিশুকে যৌন নিপীড়নের দায়ে যুবকের ১০ বছর কারাদণ্ড

ফরিদপুরে চার বছরের শিশুকে যৌন নিপীড়নের অভিযোগে আশরাফুল উকিল (২৮) নামের এক যুবকের বিরুদ্ধে আদালত ১০ বছরের কারাদণ্ডের নির্দেশ দিয়েছে। আদালত একই সঙ্গে ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও এক বছরের কারাদণ্ড ভোগ করতে হবে।

রোববার (২২ নভেম্বর) দুপুরে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক (জেলা ও দায়রা জজ) শামীমা পারভীন এই আদেশ দেন। রায় ঘোষণার সময় দণ্ডপ্রাপ্ত আশরাফুল উকিল আদালতে উপস্থিত ছিলেন। পরে তাকে পুলিশ পাহারায় কারাগারে পাঠানো হয়।

মামলার এজাহার থেকে জানা যায়, মধুখালী উপজেলার বাসিন্দা চার বছরের শিশুটি ঘরের মধ্যে ছিল। শিশুটির মা রান্নার কাজে ব্যস্ত ছিলেন। ২০২৪ সালের ১ অক্টোবর প্রতিবেশী আশরাফুল উকিল শিশুটির ঘরে প্রবেশ করে তাকে যৌন নিপীড়ন করে। শিশুটির চিৎকার শুনে তার মা ছুটে এলে আশরাফুল পালিয়ে যায়। পরদিন শিশুটির মা বাদী হয়ে মধুখালী থানায় মামলা দায়ের করেন।

২০২৫ সালের ১৭ জানুয়ারি আদালতে মামলার চার্জশিট দাখিল করেন তদন্তকারি কর্মকর্তা। সাক্ষ্য ও শুনানি শেষে আজ আদালতের বিচারক এই রায় ঘোষণা করেন।

নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পিপি অ্যাডভোকেট গোলাম রব্বানী ভূঁইয়া রতন সত্যতা নিশ্চিত করে জানান, চার বছরের শিশুকে যৌন নিপীড়নের দায়ে আশরাফুল উকিলকে ১০ বছরের কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও এক বছরের কারাদণ্ড ভোগ করতে হবে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

হাইকোর্টের নির্দেশে ১৬ বছরের নিচে শিশুদের জন্য সামাজিক মাধ্যম নীতিমালা তৈরির নির্দেশ

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

রবিবার, ২২শে নভেম্বর, ২০২৬ ইং

০৫:৫৪ পি.এম


হাইকোর্টের নির্দেশে ১৬ বছরের নিচে শিশুদের জন্য সামাজিক মাধ্যম নীতিমালা তৈরির নির্দেশ

হাইকোর্ট দেশের ১৬ বছর বা এর কম বয়সী শিশুদের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারের জন্য নীতিমালা তৈরির নির্দেশ দিয়েছেন। সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে একটি স্বাধীন বিশেষজ্ঞ কমিটি গঠনের নির্দেশনা প্রদান করা হয়েছে।

আদালত উল্লেখ করেছেন, কমিটিতে সাইবার নিরাপত্তা, শিশু মনস্তত্ত্ব, শিশুরোগ এবং আইন বিশেষজ্ঞদের অন্তর্ভুক্ত করা আবশ্যক।

আজ রোববার, একটি রিট আবেদনের শুনানি শেষে বিচারপতি সিকদার মোহাম্মদ মাহমুদুর রাজী এবং বিচারপতি ফাতেমা আনোয়ারের হাইকোর্ট বেঞ্চ এই আদেশ প্রদান করেন।

ডাক ও টেলিযোগাযোগ সচিব, মহিলা ও শিশু বিষয়ক সচিব, স্বাস্থ্য সচিব, আইন সচিব এবং বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) চেয়ারম্যানকে এই নির্দেশ বাস্তবায়নের জন্য বলা হয়েছে।

এছাড়া, ১৬ বছর বা তার কম বয়সী শিশুদের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে নীতিমালা প্রণয়নে সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের ব্যর্থতা কেন বেআইনি ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে একটি রুলও জারি করেছেন হাইকোর্ট। সংশ্লিষ্টদের চার সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়েছে।

এই রিটটি সুপ্রিম কোর্টের আইনজীবী মোহাম্মদ ফয়সাল দস্তগীরের পক্ষ থেকে করা হয়েছে। তিনি আদালতে রিটের পক্ষে নিজেই শুনানি করেন।

দস্তগীর বলেন, "কোনো নীতিমালা না থাকায় বাংলাদেশে শিশুরা কোনো বিধিনিষেধ ছাড়াই সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করছে এবং নানাভাবে প্রভাবিত হচ্ছে। এর ফলে অনেক শিশু একাকিত্ব ও বিষণ্নতাসহ বিভিন্ন সমস্যায় ভুগছে, যা তাদের মানসিক বিকাশকে বাধাগ্রস্ত করছে।"

আইসিডিডিআর,বির একটি গবেষণা প্রতিবেদনের উদ্ধৃতি দিয়ে আইনজীবী জানান, ঢাকায় প্রতি ৫ শিশুর মধ্যে ৪ জনের বেশি অর্থাৎ, ৮৩ শতাংশ শিশু দিনে ২ ঘণ্টার বেশি সময় ডিজিটাল স্ক্রিনে কাটায়। এটি আন্তর্জাতিকভাবে সুপারিশকৃত সীমার চেয়ে অনেক বেশি।

গবেষণায় দেখা গেছে, ডিজিটাল ডিভাইসে বেশি সময় ব্যয় করা শিশুদের এক-তৃতীয়াংশের বেশি চোখের সমস্যায় ভুগছে এবং প্রায় ৮০ শতাংশ শিশু প্রায়ই মাথাব্যথা অনুভব করে।

গবেষণা প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, শৈশবে দীর্ঘদিন পর্যাপ্ত ঘুম না হলে স্মৃতিশক্তি, মনোযোগ, শেখার ক্ষমতা ও আবেগ নিয়ন্ত্রণে নেতিবাচক প্রভাব পড়তে পারে। পাশাপাশি শারীরিক বৃদ্ধি ব্যাহত হওয়া এবং সামগ্রিক মানসিক সুস্থতা ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রাশিয়া ও চীনকে কেন বন্ধু মনে করেন ট্রাম্প?

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

রবিবার, ২২শে নভেম্বর, ২০২৬ ইং

০৫:৫৪ পি.এম


রাশিয়া ও চীনকে কেন বন্ধু মনে করেন ট্রাম্প?

যুক্তরাষ্ট্রের প্রতিপক্ষ দেশগুলোর নেতাদের সঙ্গে মার্কিন প্রেসিডেন্টদের সাক্ষাৎ একটি স্বাভাবিক প্রক্রিয়া। তবে বর্তমান মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের কর্তৃত্ববাদী শাসকদের সঙ্গে শীর্ষ বৈঠকগুলো বেশ অদ্ভুত, কারণ তিনি তাদের সঙ্গে বন্ধুর মতো সম্পর্ক গড়ে তোলেন।

সম্প্রতি চীনের দক্ষিণাঞ্চলীয় শহর শেনজেনে চীনা প্রেসিডেন্ট শি জিনপিং ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে অনুষ্ঠিত গুরুত্বপূর্ণ শীর্ষ বৈঠকে ট্রাম্পের এই আচরণ আবারও আলোচনার কেন্দ্রবিন্দুতে এসেছে।

এই তিন দেশের বৈঠকের প্রতীকী তাৎপর্য অত্যন্ত স্পষ্ট। তিনটি বৃহৎ শক্তি, যাদের প্রত্যেকেই নিজেদের আঞ্চলিক বলয়ে আধিপত্য বিস্তারের দাবি করে, তারা একত্র হয়ে নিজেদের প্রভাব ও ক্ষমতা প্রদর্শন করেছে। এই আয়োজনের মাধ্যমে ছোট ও অপেক্ষাকৃত দুর্বল দেশগুলোকে কার্যত উপেক্ষা করার বার্তা দেওয়া হয়েছে বলেও অনেকের মত।

বিশ্লেষকদের মতে, যদি ট্রাম্প মুক্ত বিশ্বের নেতা হিসেবে স্বৈরশাসকদের মুখোমুখি হতেন, তবে পরিস্থিতি এতটা দৃষ্টিকটু হতে পারতো না। কিন্তু ট্রাম্প বরং যুক্তরাষ্ট্রের মিত্রদের প্রতি ‘অবজ্ঞা’ প্রকাশ করে শি জিনপিং ও পুতিনের কঠোর শাসনব্যবস্থার প্রশংসা করেন। তিনি প্রায়ই তাদের কর্মকাণ্ডের সাফাই দেন কিংবা তাদের অসন্তুষ্ট করতে পারে এমন পদক্ষেপ নিতে এড়িয়ে যান।

এশিয়া সফরের আগে ট্রাম্প বলেছিলেন, ইউক্রেনের বেসামরিক নাগরিকদের ওপর ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালানো পুতিন এখনো ‘সংযম’ দেখাচ্ছেন, এবং তিনি চাইলে আরও ‘কঠোর’ হতে পারতেন। এছাড়া, চীনের বিরুদ্ধে গুপ্তচরবৃত্তি-সংক্রান্ত একটি বিতর্ক এবং অত্যাধুনিক সেমিকন্ডাক্টর চিপ নিয়ে উদ্বেগের বিষয়ে বেইজিংকে চাপ না দেওয়ার ব্যাখ্যায় ট্রাম্প বলেন, ‘আমার মনে হয় না সেখানে যাওয়ার ঠিক আগে চীনকে অপমান করা উচিত।’

যুক্তরাষ্ট্রের শত্রুদের সঙ্গে আলোচনা করা এবং তাদের কাছে নতি স্বীকার করার মধ্যে একটি সূক্ষ্ম সীমারেখা বিদ্যমান। পরাশক্তিগুলোর মধ্যে উত্তেজনা কমাতে কার্যকর কূটনীতি কতটা ভূমিকা রাখবে, এবং কতটা হবে দুই স্বৈরশাসক ও ‘স্বৈরশাসক হতে আগ্রহী’ এক মার্কিন প্রেসিডেন্টের পারস্পরিক ক্ষমতার প্রদর্শনী- শেনজেনের সম্মেলনে সেই সীমারেখাই ছিল এক পরীক্ষা।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১২ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫৯
জোহর ১১:৪৬
আসর ০৩:৩৫
মাগরিব ০৫:১১
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:১৮ সূর্যাস্ত : ০৫:১১
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%