প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
হাইকোর্ট দেশের ১৬ বছর বা এর কম বয়সী শিশুদের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারের জন্য নীতিমালা তৈরির নির্দেশ দিয়েছেন। সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে একটি স্বাধীন বিশেষজ্ঞ কমিটি গঠনের নির্দেশনা প্রদান করা হয়েছে।
আদালত উল্লেখ করেছেন, কমিটিতে সাইবার নিরাপত্তা, শিশু মনস্তত্ত্ব, শিশুরোগ এবং আইন বিশেষজ্ঞদের অন্তর্ভুক্ত করা আবশ্যক।
আজ রোববার, একটি রিট আবেদনের শুনানি শেষে বিচারপতি সিকদার মোহাম্মদ মাহমুদুর রাজী এবং বিচারপতি ফাতেমা আনোয়ারের হাইকোর্ট বেঞ্চ এই আদেশ প্রদান করেন।
ডাক ও টেলিযোগাযোগ সচিব, মহিলা ও শিশু বিষয়ক সচিব, স্বাস্থ্য সচিব, আইন সচিব এবং বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) চেয়ারম্যানকে এই নির্দেশ বাস্তবায়নের জন্য বলা হয়েছে।
এছাড়া, ১৬ বছর বা তার কম বয়সী শিশুদের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে নীতিমালা প্রণয়নে সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের ব্যর্থতা কেন বেআইনি ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে একটি রুলও জারি করেছেন হাইকোর্ট। সংশ্লিষ্টদের চার সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়েছে।
এই রিটটি সুপ্রিম কোর্টের আইনজীবী মোহাম্মদ ফয়সাল দস্তগীরের পক্ষ থেকে করা হয়েছে। তিনি আদালতে রিটের পক্ষে নিজেই শুনানি করেন।
দস্তগীর বলেন, "কোনো নীতিমালা না থাকায় বাংলাদেশে শিশুরা কোনো বিধিনিষেধ ছাড়াই সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করছে এবং নানাভাবে প্রভাবিত হচ্ছে। এর ফলে অনেক শিশু একাকিত্ব ও বিষণ্নতাসহ বিভিন্ন সমস্যায় ভুগছে, যা তাদের মানসিক বিকাশকে বাধাগ্রস্ত করছে।"
আইসিডিডিআর,বির একটি গবেষণা প্রতিবেদনের উদ্ধৃতি দিয়ে আইনজীবী জানান, ঢাকায় প্রতি ৫ শিশুর মধ্যে ৪ জনের বেশি অর্থাৎ, ৮৩ শতাংশ শিশু দিনে ২ ঘণ্টার বেশি সময় ডিজিটাল স্ক্রিনে কাটায়। এটি আন্তর্জাতিকভাবে সুপারিশকৃত সীমার চেয়ে অনেক বেশি।
গবেষণায় দেখা গেছে, ডিজিটাল ডিভাইসে বেশি সময় ব্যয় করা শিশুদের এক-তৃতীয়াংশের বেশি চোখের সমস্যায় ভুগছে এবং প্রায় ৮০ শতাংশ শিশু প্রায়ই মাথাব্যথা অনুভব করে।
গবেষণা প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, শৈশবে দীর্ঘদিন পর্যাপ্ত ঘুম না হলে স্মৃতিশক্তি, মনোযোগ, শেখার ক্ষমতা ও আবেগ নিয়ন্ত্রণে নেতিবাচক প্রভাব পড়তে পারে। পাশাপাশি শারীরিক বৃদ্ধি ব্যাহত হওয়া এবং সামগ্রিক মানসিক সুস্থতা ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন