ঢাকা সোমবার, ২৩শে নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৮ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ১২ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
সোমবার, ২৩শে নভেম্বর, ২০২৬ইং ০৮ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

ফরিদপুরে চার বছরের শিশুকে যৌন নিপীড়নের দায়ে যুবকের ১০ বছর কারাদণ্ড


ফরিদপুরে চার বছরের শিশুকে যৌন নিপীড়নের দায়ে যুবকের ১০ বছর কারাদণ্ড

ফরিদপুরে চার বছরের শিশুকে যৌন নিপীড়নের অভিযোগে আশরাফুল উকিল (২৮) নামের এক যুবকের বিরুদ্ধে আদালত ১০ বছরের কারাদণ্ডের নির্দেশ দিয়েছে। আদালত একই সঙ্গে ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও এক বছরের কারাদণ্ড ভোগ করতে হবে।

রোববার (২২ নভেম্বর) দুপুরে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক (জেলা ও দায়রা জজ) শামীমা পারভীন এই আদেশ দেন। রায় ঘোষণার সময় দণ্ডপ্রাপ্ত আশরাফুল উকিল আদালতে উপস্থিত ছিলেন। পরে তাকে পুলিশ পাহারায় কারাগারে পাঠানো হয়।

মামলার এজাহার থেকে জানা যায়, মধুখালী উপজেলার বাসিন্দা চার বছরের শিশুটি ঘরের মধ্যে ছিল। শিশুটির মা রান্নার কাজে ব্যস্ত ছিলেন। ২০২৪ সালের ১ অক্টোবর প্রতিবেশী আশরাফুল উকিল শিশুটির ঘরে প্রবেশ করে তাকে যৌন নিপীড়ন করে। শিশুটির চিৎকার শুনে তার মা ছুটে এলে আশরাফুল পালিয়ে যায়। পরদিন শিশুটির মা বাদী হয়ে মধুখালী থানায় মামলা দায়ের করেন।

আরও পড়ুন: ক্যানসার সচেতনতা প্রচারক রুবিয়া নিজেই ক্যানসারে আক্রান্ত

২০২৫ সালের ১৭ জানুয়ারি আদালতে মামলার চার্জশিট দাখিল করেন তদন্তকারি কর্মকর্তা। সাক্ষ্য ও শুনানি শেষে আজ আদালতের বিচারক এই রায় ঘোষণা করেন।

নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পিপি অ্যাডভোকেট গোলাম রব্বানী ভূঁইয়া রতন সত্যতা নিশ্চিত করে জানান, চার বছরের শিশুকে যৌন নিপীড়নের দায়ে আশরাফুল উকিলকে ১০ বছরের কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও এক বছরের কারাদণ্ড ভোগ করতে হবে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

হাইকোর্টের নির্দেশে ১৬ বছরের নিচে শিশুদের জন্য সামাজিক মাধ্যম নীতিমালা তৈরির নির্দেশ

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

রবিবার, ২২শে নভেম্বর, ২০২৬ ইং

০৫:৫৪ পি.এম


হাইকোর্টের নির্দেশে ১৬ বছরের নিচে শিশুদের জন্য সামাজিক মাধ্যম নীতিমালা তৈরির নির্দেশ

হাইকোর্ট দেশের ১৬ বছর বা এর কম বয়সী শিশুদের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারের জন্য নীতিমালা তৈরির নির্দেশ দিয়েছেন। সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে একটি স্বাধীন বিশেষজ্ঞ কমিটি গঠনের নির্দেশনা প্রদান করা হয়েছে।

আদালত উল্লেখ করেছেন, কমিটিতে সাইবার নিরাপত্তা, শিশু মনস্তত্ত্ব, শিশুরোগ এবং আইন বিশেষজ্ঞদের অন্তর্ভুক্ত করা আবশ্যক।

আজ রোববার, একটি রিট আবেদনের শুনানি শেষে বিচারপতি সিকদার মোহাম্মদ মাহমুদুর রাজী এবং বিচারপতি ফাতেমা আনোয়ারের হাইকোর্ট বেঞ্চ এই আদেশ প্রদান করেন।

ডাক ও টেলিযোগাযোগ সচিব, মহিলা ও শিশু বিষয়ক সচিব, স্বাস্থ্য সচিব, আইন সচিব এবং বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) চেয়ারম্যানকে এই নির্দেশ বাস্তবায়নের জন্য বলা হয়েছে।

এছাড়া, ১৬ বছর বা তার কম বয়সী শিশুদের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে নীতিমালা প্রণয়নে সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের ব্যর্থতা কেন বেআইনি ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে একটি রুলও জারি করেছেন হাইকোর্ট। সংশ্লিষ্টদের চার সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়েছে।

এই রিটটি সুপ্রিম কোর্টের আইনজীবী মোহাম্মদ ফয়সাল দস্তগীরের পক্ষ থেকে করা হয়েছে। তিনি আদালতে রিটের পক্ষে নিজেই শুনানি করেন।

দস্তগীর বলেন, "কোনো নীতিমালা না থাকায় বাংলাদেশে শিশুরা কোনো বিধিনিষেধ ছাড়াই সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করছে এবং নানাভাবে প্রভাবিত হচ্ছে। এর ফলে অনেক শিশু একাকিত্ব ও বিষণ্নতাসহ বিভিন্ন সমস্যায় ভুগছে, যা তাদের মানসিক বিকাশকে বাধাগ্রস্ত করছে।"

আইসিডিডিআর,বির একটি গবেষণা প্রতিবেদনের উদ্ধৃতি দিয়ে আইনজীবী জানান, ঢাকায় প্রতি ৫ শিশুর মধ্যে ৪ জনের বেশি অর্থাৎ, ৮৩ শতাংশ শিশু দিনে ২ ঘণ্টার বেশি সময় ডিজিটাল স্ক্রিনে কাটায়। এটি আন্তর্জাতিকভাবে সুপারিশকৃত সীমার চেয়ে অনেক বেশি।

গবেষণায় দেখা গেছে, ডিজিটাল ডিভাইসে বেশি সময় ব্যয় করা শিশুদের এক-তৃতীয়াংশের বেশি চোখের সমস্যায় ভুগছে এবং প্রায় ৮০ শতাংশ শিশু প্রায়ই মাথাব্যথা অনুভব করে।

গবেষণা প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, শৈশবে দীর্ঘদিন পর্যাপ্ত ঘুম না হলে স্মৃতিশক্তি, মনোযোগ, শেখার ক্ষমতা ও আবেগ নিয়ন্ত্রণে নেতিবাচক প্রভাব পড়তে পারে। পাশাপাশি শারীরিক বৃদ্ধি ব্যাহত হওয়া এবং সামগ্রিক মানসিক সুস্থতা ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রাশিয়া ও চীনকে কেন বন্ধু মনে করেন ট্রাম্প?

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

রবিবার, ২২শে নভেম্বর, ২০২৬ ইং

০৫:৫৪ পি.এম


রাশিয়া ও চীনকে কেন বন্ধু মনে করেন ট্রাম্প?

যুক্তরাষ্ট্রের প্রতিপক্ষ দেশগুলোর নেতাদের সঙ্গে মার্কিন প্রেসিডেন্টদের সাক্ষাৎ একটি স্বাভাবিক প্রক্রিয়া। তবে বর্তমান মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের কর্তৃত্ববাদী শাসকদের সঙ্গে শীর্ষ বৈঠকগুলো বেশ অদ্ভুত, কারণ তিনি তাদের সঙ্গে বন্ধুর মতো সম্পর্ক গড়ে তোলেন।

সম্প্রতি চীনের দক্ষিণাঞ্চলীয় শহর শেনজেনে চীনা প্রেসিডেন্ট শি জিনপিং ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে অনুষ্ঠিত গুরুত্বপূর্ণ শীর্ষ বৈঠকে ট্রাম্পের এই আচরণ আবারও আলোচনার কেন্দ্রবিন্দুতে এসেছে।

এই তিন দেশের বৈঠকের প্রতীকী তাৎপর্য অত্যন্ত স্পষ্ট। তিনটি বৃহৎ শক্তি, যাদের প্রত্যেকেই নিজেদের আঞ্চলিক বলয়ে আধিপত্য বিস্তারের দাবি করে, তারা একত্র হয়ে নিজেদের প্রভাব ও ক্ষমতা প্রদর্শন করেছে। এই আয়োজনের মাধ্যমে ছোট ও অপেক্ষাকৃত দুর্বল দেশগুলোকে কার্যত উপেক্ষা করার বার্তা দেওয়া হয়েছে বলেও অনেকের মত।

বিশ্লেষকদের মতে, যদি ট্রাম্প মুক্ত বিশ্বের নেতা হিসেবে স্বৈরশাসকদের মুখোমুখি হতেন, তবে পরিস্থিতি এতটা দৃষ্টিকটু হতে পারতো না। কিন্তু ট্রাম্প বরং যুক্তরাষ্ট্রের মিত্রদের প্রতি ‘অবজ্ঞা’ প্রকাশ করে শি জিনপিং ও পুতিনের কঠোর শাসনব্যবস্থার প্রশংসা করেন। তিনি প্রায়ই তাদের কর্মকাণ্ডের সাফাই দেন কিংবা তাদের অসন্তুষ্ট করতে পারে এমন পদক্ষেপ নিতে এড়িয়ে যান।

এশিয়া সফরের আগে ট্রাম্প বলেছিলেন, ইউক্রেনের বেসামরিক নাগরিকদের ওপর ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালানো পুতিন এখনো ‘সংযম’ দেখাচ্ছেন, এবং তিনি চাইলে আরও ‘কঠোর’ হতে পারতেন। এছাড়া, চীনের বিরুদ্ধে গুপ্তচরবৃত্তি-সংক্রান্ত একটি বিতর্ক এবং অত্যাধুনিক সেমিকন্ডাক্টর চিপ নিয়ে উদ্বেগের বিষয়ে বেইজিংকে চাপ না দেওয়ার ব্যাখ্যায় ট্রাম্প বলেন, ‘আমার মনে হয় না সেখানে যাওয়ার ঠিক আগে চীনকে অপমান করা উচিত।’

যুক্তরাষ্ট্রের শত্রুদের সঙ্গে আলোচনা করা এবং তাদের কাছে নতি স্বীকার করার মধ্যে একটি সূক্ষ্ম সীমারেখা বিদ্যমান। পরাশক্তিগুলোর মধ্যে উত্তেজনা কমাতে কার্যকর কূটনীতি কতটা ভূমিকা রাখবে, এবং কতটা হবে দুই স্বৈরশাসক ও ‘স্বৈরশাসক হতে আগ্রহী’ এক মার্কিন প্রেসিডেন্টের পারস্পরিক ক্ষমতার প্রদর্শনী- শেনজেনের সম্মেলনে সেই সীমারেখাই ছিল এক পরীক্ষা।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

হামের উপসর্গে এক দিনে ৯ শিশুর মৃত্যু, সর্বোচ্চ দুই মাসে

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

রবিবার, ২২শে নভেম্বর, ২০২৬ ইং

০৫:৫৫ পি.এম


হামের উপসর্গে এক দিনে ৯ শিশুর মৃত্যু, সর্বোচ্চ দুই মাসে

দেশে হামের উপসর্গ নিয়ে একদিনে ৯ শিশুর মৃত্যু ঘটেছে। এটি গত দুই মাসের মধ্যে একদিনে সর্বোচ্চ মৃত্যুর ঘটনা হিসেবে চিহ্নিত হয়েছে। চলতি বছরের ১০ এপ্রিল থেকে এখন পর্যন্ত হাম-সংক্রান্ত রোগে মোট মৃত্যুর সংখ্যা ১ হাজার ৩৫২ এ পৌঁছেছে।

রোববার (২২ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, শনিবার সকাল ৮টা থেকে রোববার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামে কোনো মৃত্যু ঘটেনি। তবে সন্দেহজনক হামে ৯ শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে ঢাকা বিভাগে ৪, চট্টগ্রামে ৩ এবং সিলেট ও খুলনা বিভাগে ১ শিশু মারা গেছে।

এর আগে গত ২৩ সেপ্টেম্বর একদিনে সর্বোচ্চ ১১ শিশুর মৃত্যুর তথ্য পাওয়া গিয়েছিল।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, ১০ এপ্রিল থেকে এখন পর্যন্ত সন্দেহজনক হামে ১ হাজার ২৪৭ শিশু মারা গেছে। অন্যদিকে, নিশ্চিত হামে মৃত্যু হয়েছে ১০৫ শিশুর।

এদিকে গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে নিশ্চিত হাম শনাক্ত হয়েছে ৭৬ শিশুর। একই সময়ে সন্দেহজনক হাম রোগী শনাক্ত হয়েছে ১ হাজার ১৬২ শিশু।

নতুন শনাক্ত নিশ্চিত রোগীদের মধ্যে ঢাকা বিভাগে ৪৩, সিলেটে ১৮ এবং চট্টগ্রামে ১৫ শিশু রয়েছে।

অন্যদিকে, সন্দেহজনক রোগীদের মধ্যে ঢাকা বিভাগে ৫০৩, চট্টগ্রামে ২২৮, সিলেটে ১৫৮, বরিশালে ১০০, ময়মনসিংহে ৫৩, খুলনায় ৪৯, রংপুরে ৩৬ এবং রাজশাহীতে ৩৫ শিশু রয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের পরিসংখ্যান অনুযায়ী, ২১ নভেম্বর সকাল ৮টা পর্যন্ত দেশে মোট সন্দেহজনক হাম রোগীর সংখ্যা ২ লাখ ৫৬ হাজার ৫৮৬। এ সময়ে নিশ্চিত হাম রোগী শনাক্ত হয়েছে ২৬ হাজার ১৩৬ শিশু।

এ পর্যন্ত সন্দেহজনক হাম নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ২ লাখ ২৯ হাজার ৫৩০ শিশু। এর মধ্যে চিকিৎসা শেষে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছে ২ লাখ ২০ হাজার ৭০৫ শিশু।

গত ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন হাসপাতালে নতুন করে ভর্তি হয়েছেন ১ হাজার ৬৪ শিশু। একই সময়ে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছে ৯৮৭ শিশু।

বিভাগভিত্তিক মৃত্যুর পরিসংখ্যান অনুযায়ী, হামের উপসর্গ নিয়ে সবচেয়ে বেশি মৃত্যু ঘটেছে ঢাকা বিভাগে। এ বিভাগে এখন পর্যন্ত ৫৬০ শিশুর মৃত্যু হয়েছে। এরপর সিলেটে ২২২, চট্টগ্রামে ১২৮, ময়মনসিংহে ৯৫, রাজশাহীতে ৯৩, বরিশালে ৭০, খুলনায় ৬১ এবং রংপুরে ১৮ শিশুর মৃত্যু হয়েছে।

অন্যদিকে, নিশ্চিত হামে মৃত্যুর ক্ষেত্রেও ঢাকা বিভাগ শীর্ষে রয়েছে। এ বিভাগে এখন পর্যন্ত ৬৮ শিশুর মৃত্যু ঘটেছে। এছাড়া বরিশালে ১৯, চট্টগ্রামে ১০, সিলেট ও রাজশাহীতে ৩ জন করে এবং ময়মনসিংহে ২ শিশু মারা গেছে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বাগেরহাটে আইডিইবির ৫৬তম প্রতিষ্ঠাবার্ষিকী র‌্যালি ও আলোচনা সভার মাধ্যমে উদ্‌যাপন

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

রবিবার, ২২শে নভেম্বর, ২০২৬ ইং

০৫:৫৫ পি.এম


বাগেরহাটে আইডিইবির ৫৬তম প্রতিষ্ঠাবার্ষিকী র‌্যালি ও আলোচনা সভার মাধ্যমে উদ্‌যাপন

বাগেরহাটে ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ (আইডিইবি)-এর ৫৬ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন করা হয়েছে বর্ণাঢ্য আয়োজন, আনন্দ-উৎসব ও নানা কর্মসূচির মাধ্যমে।

রোববার (২২ নভেম্বর) সকালে বাগেরহাট অফিসার্স ক্লাবের সামনে থেকে একটি র‌্যালি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় এসে শেষ হয়।

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন আইডিইবি বাগেরহাটের জেলা শাখার সভাপতি ইঞ্জিনিয়ার আব্দুর রহমান। অনুষ্ঠানটি পরিচালনা করেন কাজী মাহমুদুল ইসলাম।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগেরহাট-২ আসনের সংসদ সদস্য শেখ মনজুরুল হক রাহাত। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগেরহাট জেলা বিএনপির সাবেক সভাপতি এম এ সালাম এবং অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) সাগুপ্তা হক, আইডিইবির কেন্দ্রীয় নেতা ইঞ্জিনিয়ার মো. আবু হানিফসহ বিভিন্ন পর্যায়ের ডিপ্লোমা প্রকৌশলী, সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা ও আমন্ত্রিত অতিথিরা।

আলোচনা সভায় বক্তারা উল্লেখ করেন, দেশের অবকাঠামোগত উন্নয়ন, শিল্পায়ন, প্রযুক্তিগত অগ্রগতি এবং দক্ষ জনশক্তি গঠনে ডিপ্লোমা প্রকৌশলীরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছেন। তারা কারিগরি শিক্ষার প্রসার ও দক্ষ প্রকৌশলী তৈরির ওপর গুরুত্বারোপ করেন, যা দেশের উন্নয়নকে আরও গতিশীল করবে।

বক্তারা আরও জানান, আইডিইবি দীর্ঘদিন ধরে ডিপ্লোমা প্রকৌশলীদের পেশাগত মর্যাদা প্রতিষ্ঠা, অধিকার সংরক্ষণ এবং কারিগরি শিক্ষার উন্নয়নে কাজ করে যাচ্ছে। তারা আশাবাদ ব্যক্ত করেন যে, ভবিষ্যতেও সংগঠনটি দেশের উন্নয়ন ও অগ্রগতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১২ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫৯
জোহর ১১:৪৬
আসর ০৩:৩৫
মাগরিব ০৫:১১
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:১৮ সূর্যাস্ত : ০৫:১১
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%