সোমবার, ২৩শে নভেম্বর, ২০২৬ ইং
০৩:০৯ পি.এম
দোহায় রাইজিং স্টারস এশিয়া কাপে গতকাল রোববার মুখোমুখি হয় ভারত ‘এ’ এবং পাকিস্তান ‘এ’। ম্যাচ শুরুর আগে টসের সময় একটি বিতর্কের সৃষ্টি হয়। ম্যাচের রেফারি নিয়ামুর রশিদ ভুলবশত টসের ফল ভারতের পক্ষে ঘোষণা করেন।
ভারতের অধিনায়ক তিলক ভার্মা কয়েন ছুড়েছিলেন। পাকিস্তানের অধিনায়ক আবদুল সামাদ ডাক দেন ‘হেড’। কয়েনটি দুই অধিনায়কের মাঝখানে পড়ে যায়। রশিদ এগিয়ে গিয়ে দেখেন এবং সম্প্রচারের উপস্থাপককে তিনি ‘টেইল’ বলেছেন বলে মনে হয়। তবে সামাদ নিশ্চিত হতে পারেননি এবং নিজেই কয়েনটি দেখেন। এরপর তিনি বলেন, ‘হেড।’
রশিদ এই সিদ্ধান্ত মেনে নেন। শেষ পর্যন্ত টস পাকিস্তানের পক্ষে ঘোষণা করা হয় এবং সামাদ প্রথমে ব্যাটিং বেছে নেন।
ঘটনাটির ভিডিও এক্সে ছড়িয়ে পড়ে, যেখানে একটি পোস্টে উল্লেখ করা হয় যে রেফারি প্রথমে টসের ফল ভুল ঘোষণা করেন। সামাদ সঙ্গে সঙ্গে ভুলটি ধরিয়ে দেন এবং পুনরায় দেখতে বলেন। সামাদ সঠিক ছিলেন এবং রেফারি পরে নিজের সিদ্ধান্ত সংশোধন করেন। পোস্টে আরও বলা হয়, ভারত-পাকিস্তান ম্যাচে নাটক লেগেই থাকে এবং এবার টসের নাটক ক্যামেরায় ধরা পড়েছে।
এ ঘটনায় পাকিস্তানের কিছু ভক্ত ভারতের প্রতি ‘পক্ষপাতের’ অভিযোগ তুলেছেন। তবে এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) প্রধান পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান মহসিন নাকভি।
দুই অধিনায়কের কথায় বোঝা গেছে, টসটি তাদের জন্য গুরুত্বপূর্ণ ছিল। সামাদ বলেন, ‘আমরা প্রথমে ব্যাটিং করতে চাই। দল আজ খুব আত্মবিশ্বাসী। পিচ শুকনো দেখাচ্ছে। তাই আমরা ব্যাটিং করতে চেয়েছি। ছেলেরা খুব আত্মবিশ্বাসী। প্রতিটি ব্যাটার, প্রতিটি বোলার ও দলের সবাই আত্মবিশ্বাসী। আজ ভালো ম্যাচ দেখবেন।’
তিলক বলেন, ‘আমরাও ব্যাটিং করতে চেয়েছিলাম। পিচ একটু শুকনো দেখাচ্ছে। আমাদের কাছে এটা আরেকটি ম্যাচ। কিন্তু দর্শকদের কাছে এটা আকর্ষণীয় ম্যাচ। তারা সব সময় এর অপেক্ষায় থাকে।’
শেষমেশ, টস জেতা দলই ম্যাচ জিতেছে। পাকিস্তান ৩১৩ রানের পাহাড় গড়ে ৪৮ রানের জয় নিয়ে মাঠ ছেড়েছে।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
ঢাকা, ২৩ নভেম্বর, ২০২৬ : গোপালগঞ্জে কথিত ‘অভিযান বা গণহত্যার’ পরিকল্পনা সম্পর্কে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়ানো তথ্যকে সম্পূর্ণ বানোয়াট, ভিত্তিহীন এবং জনমনে আতঙ্ক সৃষ্টির অপচেষ্টা হিসেবে প্রত্যাখ্যান করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
আজ সকালে বিজিবির পক্ষ থেকে একটি সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বিভিন্ন ফেসবুক পেজ ও সামাজিক যোগাযোগমাধ্যমের অ্যাকাউন্ট ব্যবহার করে সমন্বিতভাবে অপতথ্য ছড়ানোর মাধ্যমে জনমনে আতঙ্ক সৃষ্টি এবং ধ্বংসাত্মক কর্মকাণ্ডে উসকানি দেওয়ার চেষ্টা চলছে।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, গোপালগঞ্জে কথিত অভিযান বা গণহত্যা নিয়ে বানোয়াট ও উসকানিমূলক তথ্য প্রচার করা হচ্ছে। এর মধ্যে বিজিবির ঊর্ধ্বতন কর্মকর্তাদের জড়িয়ে মিথ্যা তথ্য ছড়ানোর পাশাপাশি বাহিনীর ওপর হামলা চালাতে জনগণকে উসকানি দেওয়ার অপচেষ্টাও রয়েছে।
রাষ্ট্রীয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নাম ব্যবহার করে জনগণকে বিভ্রান্ত করা, আতঙ্ক সৃষ্টি এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানোর এসব অপচেষ্টার তীব্র নিন্দা জানিয়েছে বিজিবি।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, গোপালগঞ্জের বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে দেওয়া এবং আরও নাশকতামূলক কর্মকাণ্ডে উসকানি দেওয়াই এসব অপতথ্য প্রচারের মূল উদ্দেশ্য বলে প্রতীয়মান হচ্ছে।
বিজিবি জানায়, স্থানীয় জেলা প্রশাসনের অনুরোধে এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বর্তমানে গোপালগঞ্জে তাদের দুটি ব্যাটালিয়ন মোতায়েন রয়েছে।
নাশকতা প্রতিরোধ ও নিরাপত্তা নিশ্চিত করতে ম্যাজিস্ট্রেটদের উপস্থিতিতে বিজিবি সদস্যরা অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয় করে শহরের গুরুত্বপূর্ণ সড়কগুলোতে টহল দিচ্ছেন।
এছাড়া জেলা প্রশাসন, এসআরবি, আনসার ও পুলিশের সঙ্গে সমন্বয় করে গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোর নিরাপত্তা জোরদার করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বিজিবি সদর দপ্তরের মনিটরিং সেল ড্রোন ও বডি-ওর্ন ক্যামেরার মাধ্যমে মাঠপর্যায়ের পরিস্থিতি সার্বক্ষণিক পর্যবেক্ষণ করছে।
শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখা এবং সব ধরনের নাশকতামূলক কর্মকাণ্ড প্রতিরোধে বিজিবি সদস্যরা সর্বোচ্চ পেশাদারত্বের সঙ্গে দায়িত্ব পালন করছেন।
এ পরিস্থিতিতে গুজবে বিভ্রান্ত না হতে শান্তিপ্রিয় জনগণের প্রতি আহ্বান জানিয়েছে বিজিবি। একই সঙ্গে বাহিনীটি আশ্বস্ত করেছে, আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
ফ্যাসিবাদবিরোধী রাজনৈতিক ঐক্য পুনরুদ্ধারের লক্ষ্যে রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠকের অংশ হিসেবে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠক করছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রতিনিধি দলের সদস্যরা। এই প্রতিনিধি দলে এনসিপির চারজন শীর্ষ নেতা অন্তর্ভুক্ত রয়েছেন।
বৈঠকটি সোমবার (২৩ নভেম্বর) বেলা ১টায় বাংলাদেশ সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগে শুরু হয়।
এনসিপির প্রতিনিধি দলে উপস্থিত আছেন—দলের আহ্বায়ক নাহিদ ইসলাম, সদস্য সচিব আখতার হোসেন, যুগ্ম আহ্বায়ক আকরাম হোসেন সিএফ এবং জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ।
প্রধানমন্ত্রীর আমন্ত্রণকে ইতিবাচকভাবে গ্রহণ করেছে এনসিপি। তারা মনে করে, গণভোটের রায় বাস্তবায়ন, আওয়ামীলীগের বিচার ফ্যাসিবাদী ও সন্ত্রাসী সংগঠন হিসেবে এবং জুলাই মাসের গণহত্যার বিচারকে জাতীয় ঐক্যের ভিত্তি হিসেবে গ্রহণ করা উচিত।
এদিকে, ইতোমধ্যে জাতীয় সংসদে দেওয়া বক্তব্যে প্রধানমন্ত্রী রাজনৈতিক দলগুলোর ঐক্যের আহ্বান জানিয়েছেন। বিরোধী দলের পক্ষ থেকেও এই আহ্বানে ইতিবাচক সাড়া পাওয়া গেছে। এই সংলাপে জুলাই মাসের জাতীয় সনদ বাস্তবায়নের বিষয়টি বিশেষ গুরুত্ব পাচ্ছে।
বিরোধী দলগুলো সরকারের ঐক্যের আহ্বানে সাড়া দেওয়ার পাশাপাশি, এই সনদ বাস্তবায়নে সরকারের প্রতি চাপ প্রয়োগ করার ইঙ্গিতও পাওয়া যাচ্ছে।
এনসিপির মাধ্যমে আজকের সংলাপ শুরু হলেও, অন্যান্য রাজনৈতিক দলগুলোর সঙ্গে প্রধানমন্ত্রী সংলাপের সূচি এখনো চূড়ান্ত হয়নি।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
ব্যস্ত জীবনের কারণে খাবার দ্রুত গরম করার জন্য মাইক্রোওয়েভ ওভেনের ব্যবহার ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। বাসা কিংবা অফিস—সব জায়গাতেই এই যন্ত্রের জনপ্রিয়তা বেড়েছে। তবে অনেকের মনে প্রশ্ন রয়েছে, নিয়মিত মাইক্রোওয়েভে খাবার গরম করার ফলে কি ক্যানসারের ঝুঁকি বৃদ্ধি পায়? খাবারের পুষ্টিগুণ কি নষ্ট হয়ে যায়? মাইক্রোওয়েভের বিকিরণ কি শরীরের কোষের ক্ষতি করতে পারে?
স্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে, সঠিকভাবে মাইক্রোওয়েভ ওভেন ব্যবহার করে খাবার গরম করার ফলে ক্যানসারের ঝুঁকি বৃদ্ধি পাওয়ার কোনো নির্ভরযোগ্য বৈজ্ঞানিক প্রমাণ নেই। বরং মাইক্রোওয়েভ সংক্রান্ত অনেক প্রচলিত ধারণা বৈজ্ঞানিকভাবে সঠিক নয় বলে প্রতিপন্ন হয়েছে।
মাইক্রোওয়েভ ওভেনে খাবার গরম করার জন্য একটি বিশেষ ধরনের ইলেকট্রোম্যাগনেটিক তরঙ্গ ব্যবহার করা হয়। এটি নন-আয়োনাইজিং রেডিয়েশন বা নিম্নশক্তির বিকিরণ। এক্স-রে বা গামা রশ্মির মতো এর শক্তি সরাসরি ডিএনএ ক্ষতিগ্রস্ত করার জন্য যথেষ্ট নয়।
মাইক্রোওয়েভের তরঙ্গ খাবারের ভেতরের পানির অণুগুলোকে দ্রুত নড়াচড়া করায়, যার ফলে তাপ উৎপন্ন হয়ে খাবার গরম হয়। ওভেন বন্ধ করার পর এই তরঙ্গ আর অবশিষ্ট থাকে না। ফলে খাবারও তেজস্ক্রিয় হয়ে যায় না।
যুক্তরাষ্ট্রের খাদ্য ও ওষুধ প্রশাসন (FDA) জানিয়েছে, নির্ধারিত নিরাপত্তামান পূরণ করে তৈরি এবং প্রস্তুতকারকের নির্দেশনা অনুযায়ী ব্যবহার করা মাইক্রোওয়েভ ওভেন নিরাপদ।
তাহলে প্লাস্টিকের পাত্রে খাবার গরম করা কি নিরাপদ?
এখানেই একটি গুরুত্বপূর্ণ সতর্কতা রয়েছে। মাইক্রোওয়েভের বিকিরণ নিজে ক্যানসারের কারণ না হলেও, অনুপযুক্ত প্লাস্টিকের পাত্রে খাবার গরম করলে কিছু রাসায়নিক খাবারে মিশে যাওয়ার আশঙ্কা থাকতে পারে।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
ঢাকা, ২৩ নভেম্বর, ২০২৬ : রাজধানী ঢাকার অপরাধ জগতের অন্যতম শীর্ষ সন্ত্রাসী সুইডেন আসলামকে পুলিশ গ্রেফতার করেছে।
রোববার দিবাগত রাতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাকে আটক করা হয়।
এ তথ্য নিশ্চিত করেছেন অতিরিক্ত পুলিশ কমিশনার (ডিবি) মো. শফিকুল ইসলাম বাসসকে।
তিনি জানান, সুইডেন আসলাম রোববার রাতে থাই এয়ারওয়েজের একটি ফ্লাইটে থাইল্যান্ড যাওয়ার উদ্দেশ্যে বিমানবন্দরে উপস্থিত হন। ইমিগ্রেশন কার্যক্রম সম্পন্ন করার সময় তাকে গ্রেফতার করা হয়। পরে তাকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) কাছে হস্তান্তর করা হয়। বর্তমানে সুইডেন আসলাম ডিবি হেফাজতে রয়েছে।
গোয়েন্দা সূত্রে প্রকাশ পায় যে, শীর্ষ সন্ত্রাসী সুইডেন আসলামের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। নব্বইয়ের দশকে ঢাকার অপরাধ জগতের আতঙ্ক হিসেবে পরিচিত সুইডেন আসলাম তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী।
তিনি ২৭ বছর কারাভোগের পর ২০২৪ সালের সেপ্টেম্বরে জামিনে মুক্তি পান। সুইডেন আসলামের প্রকৃত নাম শেখ মোহাম্মদ আসলাম, এবং তার বাবার নাম শেখ জিন্নাত আলী। সুইডেন আসলামের পৈতৃক নিবাস ঢাকার নবাবগঞ্জ উপজেলার ছাতিয়ার এলাকায় হলেও তিনি রাজধানীর ইন্দিরা রোডে বেড়ে উঠেছেন।
‘সুইডেন’ নামটি আসলামের প্রথম স্ত্রী ইতির জন্য এসেছে, যিনি সুইডেনে বসবাস করতেন। কিশোর শাকিল হত্যাকাণ্ডের পর আসলাম সুইডেনে স্ত্রীর কাছে চলে যান এবং সেখানে কিছু বছর কাটান।
দেশে ফেরার পর তার নামের সঙ্গে ‘সুইডেন’ শব্দটি যুক্ত হয়ে যায়।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ