০৮:২৯ পি.এম
ঢাকা, ২২ নভেম্বর, ২০২৬ : বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি তামিম ইকবাল জানিয়েছেন, ঢাকার বাইরে প্রাথমিকভাবে ছয় থেকে সাতটি শহরে ক্রিকেট একাডেমি প্রতিষ্ঠার মাধ্যমে তরুণ ক্রিকেটারদের বিনামূল্যে প্রশিক্ষণ দেওয়ার পরিকল্পনা রয়েছে। এই একাডেমিগুলোতে বিসিবি নিয়োজিত কোচদের তত্ত্বাবধানে প্রশিক্ষণ পরিচালিত হবে।
তামিম মন্তব্য করেন, "এ উদ্যোগের ফলে দেশের বিভিন্ন অঞ্চলের প্রতিভাবান তরুণেরা আরও সহজে ক্রিকেট প্রশিক্ষণের সুযোগ পাবে।" বিদ্যমান মাঠ, ইনডোর সুবিধা ও কোচিং অবকাঠামো কাজে লাগিয়ে তরুণ ক্রিকেটাররা প্রশিক্ষণ গ্রহণ করতে সক্ষম হবে।
বিসিবি সভাপতি জানান, তিনি আগামী ২৮ নভেম্বর বোর্ডের পরবর্তী সভায় এ প্রস্তাব উত্থাপন করবেন। অনুমোদন পেলে, আগামী কয়েক মাসের মধ্যেই কর্মসূচিটি শুরু করা সম্ভব হতে পারে।
আরও পড়ুন: লা লিগায় সর্বোচ্চ জয় রেকর্ড গড়লেন সিমিওনে
আজ মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে এক সংবাদ সম্মেলনে তামিম বলেন, ‘উদাহরণ হিসেবে সিলেটের কথা ধরুন। সেখানে মাঠ আছে, উইকেট আছে, ইনডোর সুবিধাও রয়েছে। বিসিবি এরই মধ্যে কোচদের বেতন দিচ্ছে। তাহলে একটি একাডেমি চালু করতে আর কী প্রয়োজন? শুধু বল ও পোশাক।’
তিনি আরও জানান, প্রাথমিকভাবে সিলেট, চট্টগ্রাম, খুলনা, বগুড়া ও বরিশালের মতো শহরে এসব একাডেমি প্রতিষ্ঠা করা হতে পারে। উল্লেখ্য, একাডেমিগুলো আবাসিক হবে না, ফলে সংশ্লিষ্ট শহর ও আশপাশের এলাকার তরুণ ক্রিকেটাররা প্রশিক্ষণে অংশ নিয়ে পরে নিজ নিজ বাড়িতে ফিরে যেতে পারবে।
শিক্ষার্থীদের পড়াশোনার বিষয়টি বিবেচনায় রেখে প্রতি সপ্তাহে বৃহস্পতিবার, শুক্রবার ও শনিবার প্রশিক্ষণ আয়োজনের পরিকল্পনা করছে বিসিবি।
কতজন খেলোয়াড়কে বাছাই করা হবে, তা এখনো চূড়ান্ত হয়নি। তবে তামিম স্পষ্ট করে জানিয়েছেন, প্রশিক্ষণ হবে সম্পূর্ণ বিনা মূল্যে।
আরও পড়ুন: বল ও লালা ব্যবহারের নিষেধাজ্ঞা তুলে নিতে বললেন শুভমান গিল
উদ্যোগটির উদ্দেশ্য ব্যাখ্যা করে তামিম বলেন, তরুণ খেলোয়াড়দের পর্যাপ্ত প্রস্তুতির সুযোগ দিয়ে বিদ্যমান বয়সভিত্তিক ক্রিকেটের উন্নয়ন প্রক্রিয়াকে আরও কার্যকর করতে চান তিনি।
তিনি উল্লেখ করেন, বয়সভিত্তিক প্রতিযোগিতায় অংশ নেওয়ার জন্য বয়স যাচাইসহ অন্যান্য আনুষ্ঠানিকতা প্রায়ই টুর্নামেন্ট শুরুর ঠিক আগে সম্পন্ন করা হয়।
একাডেমি কর্মসূচি কয়েক মাস আগে শুরু করা গেলে বাছাই করা খেলোয়াড়রা প্রতিযোগিতায় অংশ নেওয়ার আগে প্রায় চার মাস কাঠামোবদ্ধ প্রশিক্ষণের সুযোগ পাবে।
তামিমের মতে, এ উদ্যোগ বেসরকারিভাবে পরিচালিত স্থানীয় ক্রিকেট একাডেমিগুলোর কার্যক্রমকে বাধাগ্রস্থ করবে না; বরং তাদের পরিপূরক হিসেবে কাজ করবে।
আরও পড়ুন: ভারত ৭২০ রান করে ১৫ ওভার বাকি থাকতেই ড্র মেনে নিল
তিনি বলেন, ‘স্থানীয় একাডেমির খেলোয়াড়রা বিসিবি পরিচালিত কর্মসূচিতে সুযোগ পেলে ওই একাডেমিগুলোও উপকৃত হবে। কারণ, এমন স্বীকৃতি পেলে আরও বেশি অভিভাবক তাঁদের সন্তানদের এসব প্রতিষ্ঠানে ভর্তি করতে উৎসাহিত হবেন।’
দেশের ৬৪ জেলায়ই শেষ পর্যন্ত ক্রিকেট একাডেমি প্রতিষ্ঠার উচ্চাকাঙ্খার কথা জানান বিসিবি সভাপতি।
তিনি বলেন, উপযুক্ত মাঠ ও ইনডোর সুবিধাসহ ন্যূনতম অবকাঠামো নিশ্চিত করার ওপর এ সম্প্রসারণ নির্ভর করবে, ‘আমি দেশের ৬৪ জেলাতেই একাডেমি করতে চাই। তবে সেই লক্ষ্যে পৌঁছাতে হলে ন্যূনতম সুযোগ-সুবিধা থাকতে হবে।
আরও পড়ুন: বৃষ্টির কারণে বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকার দ্বিতীয় টেস্টের টস দেরিতে
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন