ঢাকা সোমবার, ২৩শে নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৮ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ১২ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
সোমবার, ২৩শে নভেম্বর, ২০২৬ইং ০৮ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

পঞ্চগড়ে মোটরসাইকেলে লুকানো ৬ হাজার ৪০০ ট্যাপেন্টাডল ট্যাবলেট জব্দ, আটক ২ যুবক


পঞ্চগড়ে মোটরসাইকেলে লুকানো ৬ হাজার ৪০০ ট্যাপেন্টাডল ট্যাবলেট জব্দ, আটক ২ যুবক

পঞ্চগড়ের বোদা সীমান্ত এলাকায় অভিযান পরিচালনা করে ৬ হাজার ৪০০ পিস ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ দুই যুবককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

বিজিবি জানিয়েছে, আটককৃতরা মাদক কারবারি হিসেবে চিহ্নিত হয়েছে। এ সময় একটি মোটরসাইকেল, দুটি মোবাইল ফোন এবং দুটি সিম কার্ডও জব্দ করা হয়।

রোববার (২২ নভেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার বড়শশী ইউনিয়নের চটিপাড়া এলাকায় অভিযান চালিয়ে নীলফামারী-৫৬ বিজিবি ব্যাটালিয়নের সদস্যরা তাদের আটক করে। দুপুরের দিকে বিজিবি এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য প্রকাশ করে।

আরও পড়ুন: ক্যানসার সচেতনতা প্রচারক রুবিয়া নিজেই ক্যানসারে আক্রান্ত

আটককৃতদের মধ্যে রয়েছেন বোদা উপজেলার বগদুলঝুলা ডাকঘরের নূরপাড়া গ্রামের রাশেদ (২৬) ও বোরহান (১৭)।

বিজিবির সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, গোপন তথ্যের ভিত্তিতে বড়শশী বিওপির একটি নিয়মিত টহল দল চটিপাড়া এলাকায় অভিযান চালায়। সীমান্ত পিলার ৭৭৬/এমপি থেকে প্রায় ৮০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে অভিযানটি পরিচালিত হয়। সন্দেহভাজন ওই দুজনকে আটক করে তাদের তল্লাশি করা হয়। তাদের কাছ থেকে ৬ হাজার ৪০০ পিস ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট, একটি মোটরসাইকেল, একটি অ্যান্ড্রয়েড ফোন, একটি বাটন ফোন এবং দুটি সিম কার্ড জব্দ করা হয়।

বিজিবির দাবি, আটককৃত দুজন কোমরে স্কচটেপ দিয়ে পেঁচিয়ে এবং মোটরসাইকেলের বিভিন্ন গোপন অংশে ট্যাবলেটগুলো লুকিয়ে পাচারের চেষ্টা করছিলেন। জব্দ করা মালামালের আনুমানিক বাজারমূল্য ২১ লাখ ৪৮ হাজার ৮০০ টাকা।

নীলফামারী-৫৬ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সরকার আসিফ মাহমুদ জানিয়েছেন, সীমান্তে অবৈধ অনুপ্রবেশ, অস্ত্র ও মাদক পাচার রোধে গোয়েন্দা তৎপরতা ও অভিযানকে আরও জোরদার করা হয়েছে। মানব পাচার, অবৈধ অস্ত্র ও মাদক চোরাচালানের বিরুদ্ধে বিজিবি ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করছে। যুবসমাজকে মাদকমুক্ত রাখতে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

আরও পড়ুন: কালাইয়ে মোটরসাইকেলের ধাক্কায় নারীর মৃত্যু

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কুষ্টিয়ায় টিআরসি নিয়োগের প্রথম দিনের কার্যক্রম সম্পন্ন

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

রবিবার, ২২শে নভেম্বর, ২০২৬ ইং

০৯:০৮ পি.এম


কুষ্টিয়ায় টিআরসি নিয়োগের প্রথম দিনের কার্যক্রম সম্পন্ন

‘সেবার ব্রতে চাকরি’ এই মূলমন্ত্রকে সামনে রেখে স্মার্ট পুলিশ গড়ার উদ্দেশ্যে বাংলাদেশ পুলিশের ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগের প্রথম দিনের মাঠপর্যায়ের কার্যক্রম কুষ্টিয়া জেলায় সম্পন্ন হয়েছে অক্টোবর-২০২৬-এর জন্য।

রোববার (২২ নভেম্বর ২০২৬) সকাল ৭টা থেকে কুষ্টিয়া পুলিশ লাইন্স প্যারেড গ্রাউন্ডে নিয়োগ কার্যক্রম শুরু হয়। প্রথম দিনে প্রার্থীদের শারীরিক মাপ ও প্রয়োজনীয় কাগজপত্রের প্রাথমিক যাচাই-বাছাই কার্যক্রম অত্যন্ত সুষ্ঠু, সুশৃঙ্খল ও নিরপেক্ষভাবে সম্পন্ন হয়েছে।

নিয়োগ বোর্ডের সভাপতির দায়িত্ব পালন করেন কুষ্টিয়ার পুলিশ সুপার আমিনুল ইসলাম। বোর্ডের সদস্য হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইদহের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) শেখ বিল্লাল হোসেন এবং খুলনার অতিরিক্ত পুলিশ সুপার (বি-সার্কেল) মো. খায়রুল আনাম, বিপিএম-সেবা।

এছাড়া, পুলিশ হেডকোয়ার্টার্সের প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন ইন্ডাস্ট্রিয়াল পুলিশ-৪, নারায়ণগঞ্জের পুলিশ সুপার (সুপারনিউমারারি) শারমিন আক্তার এবং পুলিশ হেডকোয়ার্টার্স, ঢাকার অতিরিক্ত পুলিশ সুপার (এমটি অ্যান্ড ওয়ার্কশপ) ইমরান রহমান।

এ সময় পুলিশ সুপার আমিনুল ইসলাম প্রার্থীদের উদ্দেশ্যে বলেন, টিআরসি পদে নিয়োগ কার্যক্রম সম্পূর্ণ স্বচ্ছ, নিরপেক্ষ ও দুর্নীতিমুক্তভাবে সম্পন্ন করা হবে। তিনি উল্লেখ করেন, যারা নিয়োগপ্রাপ্ত হবেন, তারা নিজেদের যোগ্যতার ভিত্তিতে নির্বাচিত হবেন। এ জন্য প্রার্থী ও তাঁদের পরিবারের সদস্যদের প্রতারক বা দালাল চক্রের খপ্পরে না পড়ার বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানান তিনি।

নিয়োগ কার্যক্রমে আরও উপস্থিত ছিলেন কুষ্টিয়ার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) শিকদার মো. হাসান ইমাম, সহকারী পুলিশ সুপার (মিরপুর সার্কেল) মুহাম্মদ মাহমুদুল হক মজুমদার, কুষ্টিয়া সদর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. মোছা. রেশমা খাতুন এবং দৌলতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. মো. সাজ্জাদ বিন আজাদ সিজানসহ নিয়োগ কার্যক্রমে দায়িত্ব পালনকারী বিভিন্ন পদমর্যাদার পুলিশ কর্মকর্তা ও সদস্যরা।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নারায়ণগঞ্জে তিন অবৈধ ইটভাটাকে ১৫ লাখ টাকা জরিমানা

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

রবিবার, ২২শে নভেম্বর, ২০২৬ ইং

০৯:০৯ পি.এম


নারায়ণগঞ্জে তিন অবৈধ ইটভাটাকে ১৫ লাখ টাকা জরিমানা

নারায়ণগঞ্জের ফতুল্লা এলাকায় বায়ু ও পরিবেশ দূষণের অভিযোগে তিনটি অবৈধ ইটভাটার বিরুদ্ধে ১৫ লাখ টাকা জরিমানা আরোপ করেছে পরিবেশ অধিদফতর। একই সাথে একটি ইটভাটার অবকাঠামো এক্সকাভেটর দ্বারা আংশিকভাবে ভেঙে ফেলার নির্দেশনা দেওয়া হয়েছে এবং কার্যক্রম সম্পূর্ণভাবে বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

রোববার (২২ নভেম্বর) সদর উপজেলার ফতুল্লা থানাধীন পূর্ব গোপালনগর ও বক্তাবলী এলাকায় পরিবেশ অধিদফতরের মনিটরিং অ্যান্ড এনফোর্সমেন্ট উইংয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সিনিয়র সহকারী সচিব ফয়জুন্নেছা আক্তারের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়।

এ বিষয়ে নিশ্চিত করেছেন নারায়ণগঞ্জ জেলা কার্যালয়ের উপপরিচালক এ এইচ এম রাসেদ। তিনি জানিয়েছেন, অভিযানে মেসার্স এন বি এম ব্রিকস-৩, মেসার্স নূরে মদিনা ব্রিকস ও মেসার্স নাছির উদ্দিন অ্যান্ড সন্স নামে তিনটি অবৈধ ইটভাটাকে পাঁচ লাখ টাকা করে মোট ১৫ লাখ টাকা জরিমানা করা হয়েছে। এর মধ্যে মেসার্স এন বি এম ব্রিকস-৩ এর অবকাঠামো এক্সকাভেটর দিয়ে আংশিকভাবে ভেঙে দেওয়া হয়েছে। একই সাথে তিনটি ইটভাটার সব ধরনের কার্যক্রম সম্পূর্ণরূপে বন্ধ রাখতে কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে।

জেলা পুলিশ ও আইনশৃঙ্খলা বাহিনীর সহযোগিতায় পরিচালিত এই অভিযানে পরিবেশ অধিদফতর নারায়ণগঞ্জ জেলা কার্যালয়ের উপপরিচালক এ এইচ এম রাসেদ, সহকারী পরিচালক মো. রাসেল মাহমুদসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বায়ু দূষণ নিয়ন্ত্রণ, পরিবেশের ভারসাম্য রক্ষা, অবৈধ ইটভাটা ও বায়ু দূষণকারী কারখানা এবং প্রতিষ্ঠানের বিরুদ্ধে অভিযান অব্যাহত রাখার কথাও জানিয়েছেন পরিবেশ অধিদফতর নারায়ণগঞ্জ জেলা কার্যালয়ের উপপরিচালক এ এইচ এম রাসেদ।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

দোয়া কবুল হচ্ছে না, কীভাবে সঠিকভাবে দোয়া করা উচিত?

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

রবিবার, ২২শে নভেম্বর, ২০২৬ ইং

০৯:০৯ পি.এম


দোয়া কবুল হচ্ছে না, কীভাবে সঠিকভাবে দোয়া করা উচিত?

ধরি, আপনি একটি ছোট্ট চারাগাছ মাটিতে পুঁতে প্রতিদিন তার যত্ন নিচ্ছেন। নিয়মিত পানি দিচ্ছেন, আগাছা পরিষ্কার করছেন এবং অপেক্ষা করছেন কখন তার কচি পাতা গজাবে কিংবা ফুল ফুটবে। কয়েক সপ্তাহ কেটে গেল, কিন্তু মাটির নিচে কোনো সাড়া নেই। তখন মনে হতে পারে, এত শ্রম কি বৃথা যাচ্ছে? কিন্তু ঠিক সেই সময়েই মাটির গভীরে চারাগাছটি শেকড় ছড়াচ্ছে, যা সময় হলেই সবুজ হয়ে উঠবে।

আমাদের দোয়ার বিষয়টিও অনেকটা এরকম। হয়তো দীর্ঘদিন ধরে একটি চাওয়া মনের ভেতর পুষে রেখেছেন। নামাজের শেষে দু’হাত তুলে বলছেন, রাতের নিস্তব্ধতায় নিঃশব্দে চোখের জল ফেলছেন, কিন্তু কাঙ্ক্ষিত ফল যেন অধরাই রয়ে যাচ্ছে। তখন বুকের ভেতর একটি চাপা প্রশ্ন উঁকি দেয়—দোয়া কি তবে কবুল হচ্ছে না?

দীর্ঘ অপেক্ষা মানুষকে ক্লান্ত করে, কখনো কখনো হতাশাও করে। তবে বিশ্বাস আমাদের শেখায়, দোয়ার পর তাড়াহুড়া করা উচিত নয় এবং পরম করুণাময়ের রহমত থেকে নিরাশ হওয়া উচিত নয়। কারণ দোয়ার জবাব সব সময় আমাদের কল্পনার ছাঁচে বা প্রত্যাশিত রূপে আসতে পারে না।

দোয়া কবুলের তিনটি অদেখা রূপ

সাধারণত আমরা দোয়া কবুল হওয়া বলতে বুঝি—যা চাইলাম, ঠিক তা-ই চোখের সামনে পেয়ে গেলাম। কিন্তু বাস্তবে দোয়ার প্রতিদান এমনভাবে আসতে পারে, যা আমাদের সাধারণ চোখে ধরা পড়ে না। কোনো অদৃশ্য বিপদ থেকে রব আমাদের রক্ষা করছেন, কিংবা পরকালের জন্য কী অমূল্য সঞ্চয় জমা করছেন—তা আমাদের অজানা। তাই কাঙ্ক্ষিত ফল না দেখলেই দোয়া বিফলে গেছে ভাবার কোনো কারণ নেই।

হাদিসে দোয়া কবুলের তিনটি দিক চমৎকারভাবে তুলে ধরা হয়েছে। সাহাবি হজরত আবু সাঈদ খুদরি (রা.) থেকে বর্ণিত, রাসুলুল্লাহ (স.) বলেছেন, কোনো মুসলিম এমন দোয়া করলে, যাতে গুনাহের বা আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করার বিষয় নেই, আল্লাহ তাকে তিনটির একটি দান করেন—

তাড়াহুড়ার ফাঁদে পা দেবেন না

যখন অপেক্ষার প্রহর দীর্ঘ হয়, তখন মনে হয়, এত দিন তো চাইলাম, কিছুই তো হলো না! এই অধৈর্য অনেক সময় মানুষকে চাওয়া থেকে দূরে সরিয়ে দেয়। অথচ দোয়ার ফল কখন এবং কীভাবে আসবে, তার পূর্ণ জ্ঞান একমাত্র আল্লাহর কাছেই রয়েছে। তাই দেরি হচ্ছে মনে করে দোয়ার হাত গুটিয়ে নেওয়া উচিত নয়। রাসুলুল্লাহ (স.) বলেছেন—

يُسْتَجَابُ لأَحَدِكُمْ مَا لَمْ يَعْجَلْ يَقُولُ دَعَوْتُ فَلَمْ يُسْتَجَبْ لِي

‘তোমাদের প্রত্যেক ব্যক্তির দোয়া কবুল হয়ে থাকে, যদি সে তাড়াহুড়া না করে আর বলে যে, আমি দোয়া করলাম, কিন্তু আমার দোয়া তো কবুল হলো না।’ (বুখারি ৬৩৪০, মুসলিম ২৭৩৫)

হালাল উপার্জন ও আত্মশুদ্ধির ছোঁয়া

এক ব্যক্তি দীর্ঘ পথ পাড়ি দিয়ে ক্লান্ত, ধুলিমলিন অবস্থায় আকাশের দিকে হাত তুলে আকুতি জানাচ্ছেন—‘হে আমার রব! হে আমার রব!’ কিন্তু তার খাবার, পানীয় ও পোশাক যদি হারাম পথে অর্জিত হয়, তবে সেই প্রার্থনার পথ কীভাবে প্রশস্ত হবে?

রাসুলুল্লাহ (স.) এক দীর্ঘ সফরকারীর কথা উল্লেখ করেছেন, যিনি ধূলি-ধূসরিত ও রুক্ষ অবস্থায় দুই হাত তুলে বলেন— يَا رَبِّ يَا رَبِّ (হে আমার রব! হে আমার রব!), অথচ তার খাদ্য হারাম, পানীয় হারাম, পোশাক হারাম এবং তিনি হারাম দ্বারাই প্রতিপালিত। রাসুলুল্লাহ (স.) বলেন— فَأَنَّى يُسْتَجَابُ لِذَلِكَ— তার দোয়া কীভাবে কবুল হবে?’ (মুসলিম ১০১৫)

তাহলে দোয়া কবুলের জন্য হালাল রিজিক ও পবিত্রতার বিষয়ে যত্নবান হওয়া খুব জরুরি। আর জীবনে কোনো ভুল বা গুনাহ হয়ে গেলে হতাশ না হয়ে আন্তরিকভাবে তাওবা করতে হবে এবং নিজেকে শুধরে নেওয়ার চেষ্টা চালিয়ে যেতে হবে।

দোয়ার আদব ও বিনয়ের সৌন্দর্য

দোয়া হলো রবের সঙ্গে একান্ত নিভৃত আলাপ। এর শুরুতে আল্লাহর প্রশংসা ও রাসুলুল্লাহ (স.)-এর ওপর দরুদ পাঠ করা দোয়াকে আরও সুন্দর ও গ্রহণযোগ্য করে তোলে। প্রার্থনায় থাকতে হবে গভীর বিনয়, আন্তরিকতা ও গোপনীয়তা। আল্লাহ তাআলা বলেন—

ادْعُوا رَبَّكُمْ تَضَرُّعًا وَخُفْيَةً ۚ إِنَّهُ لَا يُحِبُّ الْمُعْتَدِينَ

‘তোমরা তোমাদের রবকে ডাক অনুনয়-বিনয় করে ও চুপিসারে। নিশ্চয়ই তিনি সীমালঙ্ঘনকারীদের পছন্দ করেন না।’ (সুরা আরাফ: আয়াত ৫৫)

এছাড়া খেয়াল রাখতে হবে, দোয়ায় যেন কোনো গুনাহের কাজ বা আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করার মতো অন্যায় কিছু চাওয়া না হয়। নিজের ভুলের জন্য ইস্তেগফার করতে হবে এবং কারও হক বা অধিকার নষ্ট করা থেকে দূরে থাকতে হবে।

দোয়া নিজেই একটি অনন্য ইবাদত

অনেক সময় আমরা দোয়াকে শুধু চাওয়া-পাওয়ার মাধ্যম হিসেবে দেখি, অথচ দোয়া নিজেই একটি বড় ইবাদত। হাত তুলে চাওয়ার মধ্য দিয়ে একজন বান্দা নিজের অসহায়ত্ব স্বীকার করে এবং তার রহমতের ওপর পূর্ণ ভরসা রাখে। কাঙ্ক্ষিত ফল আসতে সময় লাগলেও দোয়ার এই ইবাদত-মূল্য কখনো কমে না। রাসুলুল্লাহ (স.) বলেছেন—

الدُّعَاءُ هُوَ الْعِبَادَةُ

‘দোয়াই ইবাদত।’ (আবু দাউদ ১৪৭৯)

রব যে আমাদের কতটা কাছে, তা কুরআনের বাণীতে বারবার ওঠে এসেছে। কুরআনের ভাষায়—

وَإِذَا سَأَلَكَ عِبَادِي عَنِّي فَإِنِّي قَرِيبٌ ۖ أُجِيبُ دَعْوَةَ الدَّاعِ إِذَا دَعَانِ

‘আর আমার বান্দারা যখন আপনার কাছে আমার সম্পর্কে জিজ্ঞাসা করে, তখন (বলে দিন) আমি তো কাছেই আছি। প্রার্থনাকারী যখন আমার কাছে প্রার্থনা করে, আমি তার প্রার্থনায় সাড়া দিই।’ (সুরা বাকারা: আয়াত ১৮৬)

অন্য আয়াতে আল্লাহ তাআলা ঘোষণা দেন—

وَقَالَ رَبُّكُمُ ادْعُونِي أَسْتَجِبْ لَكُمْ

‘তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দেব।’ (সুরা গাফির: আয়াত ৬০)

দোয়া করার অর্থ এই নয় যে, হাত-পা গুটিয়ে বসে থাকা। অসুস্থ হলে দোয়ার পাশাপাশি সঠিক চিকিৎসা নিতে হবে; জীবিকার টানাপোড়েন দেখা দিলে হালাল উপায়ে পরিশ্রমের চেষ্টা করতে হবে; যেকোনো প্রয়োজনে নিজের সাধ্যমতো উদ্যোগ নিতে হবে। নিজের সর্বোচ্চ চেষ্টাটুকু করে চূড়ান্ত ফলাফল আল্লাহর ওপর ছেড়ে দেওয়াই মুমিনের পথ।

মাটির নিচে লুকিয়ে থাকা বীজ যেমন নীরবে নিজের সময় গুছিয়ে নেয়, তেমনি আপনার প্রতিটি নিঃশব্দ দোয়াও পরম করুণাময়ের দরবারে সংরক্ষিত থাকে। কাঙ্ক্ষিত ফল চোখে ধরা দিতে দেরি হলেও হতাশ হবেন না। নিজের ভুলগুলো শুধরে নিন, হালাল পথে অবিচল থাকুন, সাধ্যমতো চেষ্টা চালিয়ে যান এবং আল্লাহর কাছে চাওয়া অব্যাহত রাখুন। কারণ দোয়া হলো সেই সেতুবন্ধন, যা বান্দাকে সবসময় তার রবের কাছে ফিরিয়ে নিয়ে যায়। আল্লাহ আমাদের সবার দোয়া কবুল করুন। আমিন।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

চট্টগ্রাম নগরীর উন্নয়নে চসিকের সব বিভাগকে সমন্বিতভাবে কাজের নির্দেশ প্রশাসক ডা. শাহাদাত হোসেনের

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

রবিবার, ২২শে নভেম্বর, ২০২৬ ইং

০৯:১০ পি.এম


চট্টগ্রাম নগরীর উন্নয়নে চসিকের সব বিভাগকে সমন্বিতভাবে কাজের নির্দেশ প্রশাসক ডা. শাহাদাত হোসেনের

চট্টগ্রাম, ২২ নভেম্বর, ২০২৬ : চট্টগ্রাম নগরীকে পরিচ্ছন্ন, সবুজ, স্বাস্থ্যসম্মত, নিরাপদ ও আধুনিক নগর হিসেবে গড়ে তোলার জন্য চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) সব বিভাগকে সমন্বিতভাবে কাজ করার নির্দেশনা প্রদান করেছেন চসিকের প্রশাসক ডা. শাহাদাত হোসেন।

রোববার (২২ নভেম্বর) বিকেলে নগরীর টাইগারপাসস্থ চট্টগ্রাম সিটি কর্পোরেশন কার্যালয়ে পরিচ্ছন্নতা বিভাগ, প্রকৌশল বিভাগ, রাজস্ব বিভাগ, আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা ও ম্যাজিস্ট্রেটদের সঙ্গে অনুষ্ঠিত সমন্বয় সভায় তিনি এ নির্দেশনা দেন।

ডা. শাহাদাত হোসেন উল্লেখ করেন, নগরীর উন্নয়ন কোনো একটি বিভাগের একক দায়িত্ব নয়। প্রকৌশল, পরিচ্ছন্নতা, রাজস্ব ও প্রশাসন বিভাগের কর্মকর্তাদের নিজেদের দায়িত্ব যথাযথভাবে পালনের পাশাপাশি পারস্পরিক সমন্বয় নিশ্চিত করতে হবে। তিনি বলেন, নগরবাসী যাতে উন্নয়ন কার্যক্রমের সুফল পায়, সেজন্য মাঠপর্যায়ে কাজের দৃশ্যমান অগ্রগতি নিশ্চিত করা প্রয়োজন।

তিনি আরও বলেন, চট্টগ্রাম নগরীর উন্নয়নে আমাদের প্রত্যেককে দায়িত্বশীল হতে হবে। নগরীর বিভিন্ন এলাকায় উন্নয়ন কার্যক্রম বাস্তবায়ন করা হচ্ছে। কিন্তু কোথাও ময়লা জমে থাকা, কোথাও ফুটপাত দখল হয়ে যাওয়া, কিংবা কোথাও উন্নয়নকাজ অসমাপ্ত পড়ে থাকা গ্রহণযোগ্য নয়। তিনি প্রত্যাশা করেন যে, প্রতিটি বিভাগ নিজেদের দায়িত্ব যথাযথভাবে পালন করবে এবং কাজের মাধ্যমে নগরবাসীর কাছে ফলাফল তুলে ধরবে। পরিকল্পনা গ্রহণ করলেই হবে না, পরিকল্পনার বাস্তবায়ন ও নিয়মিত তদারকিও নিশ্চিত করতে হবে।

সভায় নগরীর বিভিন্ন এলাকায় ফুটপাত দখল এবং উচ্ছেদের পর পুনরায় দখল হওয়ার বিষয়ে উদ্বেগ প্রকাশ করেন চসিক প্রশাসক। আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা ও ম্যাজিস্ট্রেটদের নিয়মিত অভিযান পরিচালনার নির্দেশ দিয়ে তিনি বলেন, ফুটপাত পথচারীদের চলাচলের জন্য। ব্যবসাপ্রতিষ্ঠান কিংবা ভাসমান দোকানের কারণে পথচারীদের সড়কে নেমে চলাচল করতে হলে দুর্ঘটনার ঝুঁকি বাড়ে এবং যানজট সৃষ্টি হয়।

সভায় চসিকের ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা ও সচিব মো. আশরাফুল আমিন, প্রকৌশল, পরিচ্ছন্নতা, রাজস্ব ও প্রশাসন বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তা, আঞ্চলিক নির্বাহী কর্মকর্তাবৃন্দ এবং সংশ্লিষ্ট ম্যাজিস্ট্রেটরা উপস্থিত ছিলেন।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১২ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫৯
জোহর ১১:৪৬
আসর ০৩:৩৫
মাগরিব ০৫:১১
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:১৮ সূর্যাস্ত : ০৫:১১
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%