প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
পঞ্চগড়ের বোদা সীমান্ত এলাকায় অভিযান পরিচালনা করে ৬ হাজার ৪০০ পিস ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ দুই যুবককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
বিজিবি জানিয়েছে, আটককৃতরা মাদক কারবারি হিসেবে চিহ্নিত হয়েছে। এ সময় একটি মোটরসাইকেল, দুটি মোবাইল ফোন এবং দুটি সিম কার্ডও জব্দ করা হয়।
রোববার (২২ নভেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার বড়শশী ইউনিয়নের চটিপাড়া এলাকায় অভিযান চালিয়ে নীলফামারী-৫৬ বিজিবি ব্যাটালিয়নের সদস্যরা তাদের আটক করে। দুপুরের দিকে বিজিবি এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য প্রকাশ করে।
আটককৃতদের মধ্যে রয়েছেন বোদা উপজেলার বগদুলঝুলা ডাকঘরের নূরপাড়া গ্রামের রাশেদ (২৬) ও বোরহান (১৭)।
বিজিবির সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, গোপন তথ্যের ভিত্তিতে বড়শশী বিওপির একটি নিয়মিত টহল দল চটিপাড়া এলাকায় অভিযান চালায়। সীমান্ত পিলার ৭৭৬/এমপি থেকে প্রায় ৮০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে অভিযানটি পরিচালিত হয়। সন্দেহভাজন ওই দুজনকে আটক করে তাদের তল্লাশি করা হয়। তাদের কাছ থেকে ৬ হাজার ৪০০ পিস ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট, একটি মোটরসাইকেল, একটি অ্যান্ড্রয়েড ফোন, একটি বাটন ফোন এবং দুটি সিম কার্ড জব্দ করা হয়।
বিজিবির দাবি, আটককৃত দুজন কোমরে স্কচটেপ দিয়ে পেঁচিয়ে এবং মোটরসাইকেলের বিভিন্ন গোপন অংশে ট্যাবলেটগুলো লুকিয়ে পাচারের চেষ্টা করছিলেন। জব্দ করা মালামালের আনুমানিক বাজারমূল্য ২১ লাখ ৪৮ হাজার ৮০০ টাকা।
নীলফামারী-৫৬ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সরকার আসিফ মাহমুদ জানিয়েছেন, সীমান্তে অবৈধ অনুপ্রবেশ, অস্ত্র ও মাদক পাচার রোধে গোয়েন্দা তৎপরতা ও অভিযানকে আরও জোরদার করা হয়েছে। মানব পাচার, অবৈধ অস্ত্র ও মাদক চোরাচালানের বিরুদ্ধে বিজিবি ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করছে। যুবসমাজকে মাদকমুক্ত রাখতে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন