ঢাকা রবিবার, ২২শে নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৭ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ১১ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
রবিবার, ২২শে নভেম্বর, ২০২৬ইং ০৭ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

হন্ডুরাসের আদালতে তিন মার্কিন নাগরিক যৌন পাচারে দোষী সাব্যস্ত


হন্ডুরাসের আদালতে তিন মার্কিন নাগরিক যৌন পাচারে দোষী সাব্যস্ত

ঢাকা, ২১ নভেম্বর, ২০২৬ : নারীদের প্রলুব্ধ করে যৌনতার উদ্দেশ্যে পাচার চক্রে যুক্ত থাকার অভিযোগে তিন মার্কিন নাগরিক এবং এক হন্ডুরাসের নাগরিককে দোষী সাব্যস্ত করেছে হন্ডুরাসের একটি আদালত। শুক্রবার এই রায়ের তথ্য প্রকাশ করেছে দেশটির অ্যাটর্নি জেনারেলের কার্যালয়।

২০২২ সালে নিখোঁজ হওয়া এক তরুণীর আলোচিত ঘটনার সূত্র ধরে এ পাচার চক্রের কার্যক্রম সামনে আসে।

খবরটি জানায় বার্তা সংস্থা এএফপি।

আরও পড়ুন: মুসলিম জনসংখ্যা বাড়ছে, তাই প্রতিটি হিন্দু বাড়িতে বন্দুক রাখার আহ্বান বিজেপি বিধায়কের

নিখোঁজ তরুণীর নাম অ্যাঞ্জি পেনা। ২২ বছর বয়সী এই বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী ২০২২ সালের ১ জানুয়ারি হন্ডুরাসের উপকূলবর্তী ক্যারিবীয় দ্বীপ রোয়াতানে জেটস্কি চালানোর সময় নিখোঁজ হন।

প্রাথমিকভাবে পুলিশ জানায়, তিনি পানিতে ডুবে মারা গেছেন। তবে পরিবারের সদস্যরা সন্দেহ প্রকাশ করে জানান, তাকে অপহরণ করা হতে পারে এবং ঘটনার সুষ্ঠু তদন্তের দাবি জানান। পরে বেলিজে তার ব্যবহৃত জেটস্কি এবং ব্যক্তিগত কিছু জিনিস উদ্ধার করা হয়।

পরবর্তী তদন্তে জানা যায়, তিনি ‘ডেল্টা টিমস’ নামে একটি যৌন পাচার চক্রের ফাঁদে পড়েছিলেন। পরে এই চক্রটি ভেঙে দেওয়া হয়। অ্যাটর্নি জেনারেলের অফিসের তদন্তে দেখা যায়, পাচারের শিকার ব্যক্তিদের মধ্যে অপ্রাপ্তবয়স্করাও ছিল।

শুক্রবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে প্রকাশিত এক বিবৃতিতে দেশটির প্রসিকিউটর কার্যালয় জানায়, ‘ডেল্টা টিমস’ নামে পরিচিত চক্রের চার সদস্যকে অপরাধমূলক কর্মকাণ্ডে সংঘবদ্ধভাবে জড়িত থাকার দায়ে আদালত দোষী সাব্যস্ত করেছে।

আরও পড়ুন: পোল্যান্ডের মাটিতে রুশ ক্ষেপণাস্ত্র ও ড্রোন: ন্যাটোর প্রতিক্রিয়া কি হবে?

দোষী সাব্যস্ত ব্যক্তিরা হলেন তিন মার্কিন নাগরিক হ্যারল্ড গ্রিন, উইলিয়াম মারডক ও গ্যারি লি জনস্টন এবং হন্ডুরাসের নাগরিক রামন ত্রেহো।

তদন্তে উঠে এসেছে, তারা সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করে নারীদের খুঁজে বের করে, প্রলুব্ধ করে চক্রে যুক্ত করতেন এবং এক স্থান থেকে অন্য স্থানে পাচার করতেন।

তবে প্রমাণের অভাবে মার্কিন নাগরিক গ্রিন ও মারডককে মানব পাচারের অভিযোগ থেকে খালাস দিয়েছে আদালত।

মামলার অভিযোগ অনুযায়ী, পাচারের শিকার নারীদের আসামিদের পাশাপাশি তাদের মালিকানাধীন বারের খদ্দেরদের সঙ্গেও যৌন কর্মকাণ্ডে বাধ্য করা হতো।

আরও পড়ুন: রোহিঙ্গাদের পক্ষে আইসিজের ঐতিহাসিক রায়, তবে মিয়ানমারে ফেরা এখনো কঠিন

রাষ্ট্রপক্ষের কৌঁসুলিরা জানিয়েছেন, আসামিদের সর্বোচ্চ ১০ বছরের কারাদণ্ড নিশ্চিত করতে তারা আদালতে আবেদন জানাবেন। আগামী ৯ ডিসেম্বর মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়েছে।

নিখোঁজ অ্যাঞ্জি পেনার খালা ইয়েনেলি দিয়াজ এএফপিকে বলেন, ‘আমাদের বলা হয়েছিল, এটি একটি দুর্ঘটনা। কিন্তু পুরো ঘটনাটিই সংঘবদ্ধ অপরাধী চক্রের মাধ্যমে পরিচালিত হয়েছিল।’

রাষ্ট্রপক্ষের অভিযোগ, তদন্তের সময় হন্ডুরাসের কয়েকজন সরকারি কর্মকর্তা আসামিদের সুরক্ষা দিয়েছেন। তাদের মধ্যে পুলিশ কর্মকর্তা এবং একজন বিচারকও ছিলেন। তারা সাজানো আইনি প্রক্রিয়া ও জাল নথিপত্র তৈরির মাধ্যমে আসামিদের সহায়তা করেছিলেন বলে অভিযোগ রয়েছে।

লাতিন আমেরিকার দেশগুলোর মধ্যে হন্ডুরাসে নারীদের হত্যার (ফেমিসাইড) হার সবচেয়ে বেশি।

আরও পড়ুন: ইরাকে নারী শিক্ষার্থীদের পড়াতে পারবেন না পুরুষ শিক্ষক, ছাত্রীদের বিক্ষোভ

জাতিসংঘের লাতিন আমেরিকা ও ক্যারিবীয় অর্থনৈতিক কমিশনের (ইসিএলএসি) তথ্য অনুযায়ী, দেশটিতে প্রতি ১ লাখ মানুষের বিপরীতে ফেমিসাইডের ঘটনা ৪ দশমিক ৩টি।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ঢাকার মঞ্চে ২৭ নভেম্বর গাইবেন রোমানিয়ান পপতারকা ওটিলিয়া

আন্তর্জাতিক ডেস্ক

বিনোদন ডেস্ক

শনিবার, ২১শে নভেম্বর, ২০২৬ ইং

১২:২৬ পি.এম


ঢাকার মঞ্চে ২৭ নভেম্বর গাইবেন রোমানিয়ান পপতারকা ওটিলিয়া

আন্তর্জাতিক সংগীতাঙ্গনের পরিচিত মুখ রোমানিয়ান পপতারকা ওটিলিয়া ব্রুমা আবারও ঢাকায় আসার পরিকল্পনা করছেন। আগামী ২৭ নভেম্বর রাজধানীতে তাঁর বিশেষ সংগীতানুষ্ঠান অনুষ্ঠিত হতে যাচ্ছে। ‘বিলিয়নেরা’ গানের মাধ্যমে বিশ্বজুড়ে পরিচিতি পাওয়া এই শিল্পীর পরিবেশনা নিয়ে ইতোমধ্যে সংগীতপ্রেমীদের মধ্যে ব্যাপক আগ্রহ সৃষ্টি হয়েছে।

‘ওটিলিয়া রিটার্নস: বিলিয়নেরা লাইভ ইন ঢাকা’ শিরোনামের এই আয়োজনটি রাজধানীর মাদানী অ্যাভিনিউয়ের কোর্টসাইডে অনুষ্ঠিত হবে। শুক্রবারের এই কনসার্টের আয়োজক হিসেবে রয়েছে ইভেন্ট ম্যানেজমেন্ট প্রতিষ্ঠান ইমেকার্স বাংলাদেশ। টিকিট বিক্রির দায়িত্ব পালন করছে টিকিফাই।

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, কনসার্টের টিকিট বিক্রি ইতোমধ্যে শুরু হয়েছে। অনলাইনে টিকিটের দাম সর্বনিম্ন ২ হাজার ৫০০ টাকা থেকে শুরু হচ্ছে। টিকিট সংগ্রহ করা যাবে টিকিফাইয়ের ওয়েবসাইটের মাধ্যমে।

কনসার্ট আয়োজনের বিষয়ে ইমেকার্স বাংলাদেশের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী নাইম আশরাফ জানান, এর আগে তাঁরা অরিজিৎ সিং, নেহা কক্করের মতো সংগীতানুষ্ঠানসহ বেশ কয়েকটি উল্লেখযোগ্য আয়োজন সম্পন্ন করেছেন। এবারের ওটিলিয়া কনসার্টকে তাঁরা আন্তর্জাতিক মানের একটি বিশেষ আয়োজন হিসেবে উপস্থাপন করতে চান।

তিনি আরও উল্লেখ করেন, দর্শক ও শিল্পীদের নিরাপত্তা এবং আয়োজনের সুষ্ঠু ব্যবস্থাপনা নিশ্চিত করতে প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণ করা হচ্ছে। কনসার্টের আয়োজনের জন্য সংশ্লিষ্ট সরকারি কর্তৃপক্ষের প্রয়োজনীয় অনুমোদনও নেওয়া হয়েছে।

আয়োজকদের প্রত্যাশা, ওটিলিয়ার এই পরিবেশনা চলতি বছরের অন্যতম আকর্ষণীয় আন্তর্জাতিক সংগীতানুষ্ঠান হয়ে উঠবে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ঝিনাইদহে বিএনপির কার্যালয়ে অগ্নিসংযোগ, ছাত্রলীগের বিরুদ্ধে অভিযোগ

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

শনিবার, ২১শে নভেম্বর, ২০২৬ ইং

১২:২৬ পি.এম


ঝিনাইদহে বিএনপির কার্যালয়ে অগ্নিসংযোগ, ছাত্রলীগের বিরুদ্ধে অভিযোগ

ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার বারোবাজার ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের হাসিলবাগ গ্রামে বিএনপির স্থানীয় কার্যালয়ে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। শুক্রবার (২০ নভেম্বর) রাত আড়াইটার দিকে দুর্বৃত্তরা কার্যালয়টিতে আগুন ধরিয়ে দেয়।

স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, রাত আড়াইটার সময় কিছু দুর্বৃত্ত বিএনপির ওয়ার্ড কার্যালয়ে আগুন লাগিয়ে দেয়। আগুন দেওয়ার পর তারা কিছু সময় সেখানে অবস্থান করে চলে যায়। পরে কার্যালয়ের আসবাবপত্র পুড়ে যাওয়ার বিষয়টি জানাজানি হলে স্থানীয় বিএনপি নেতাকর্মীদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়।

এই ঘটনার জন্য স্থানীয় বিএনপি নেতারা ওই ওয়ার্ডের ছাত্রলীগের নেতাকর্মীদের দায়ী করছেন। তাদের অভিযোগ, আওয়ামী লীগ নেতা ও সাবেক এক জনপ্রতিনিধির উসকানিতে ছাত্রলীগের নেতাকর্মীরা রাতের অন্ধকারে এ ঘটনা ঘটিয়েছে।

কালীগঞ্জ উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও বারোবাজার ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আবুল কালাম আজাদ বলেন, "দিনের বেলায় কিছু করার সাহস না পেয়ে রাতের অন্ধকারে চোরের মতো ওয়ার্ড বিএনপির কার্যালয়ে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে। আমরা ঐক্যবদ্ধ বিএনপি, তাদের প্রতিহত করব। আওয়ামী লীগ নেতা ও সাবেক এক চেয়ারম্যানের উসকানিতে ছাত্রলীগের সন্ত্রাসীরা এ অগ্নিসংযোগের ঘটনা ঘটিয়েছে বলে আমরা মনে করছি। বিষয়টি আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জানিয়েছি। তারা তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেবেন।"

হাসিলবাগ গ্রামের যুবদল নেতা ও ইউপি সদস্য পদপ্রার্থী তুহিন খান বলেন, "রাতে কে বা কারা বিএনপির পার্টি অফিসে আগুন দিয়েছে। এতে চেয়ার, টেবিল, ফ্যানসহ অফিসের সবকিছু পুড়ে গেছে।"

এ বিষয়ে বক্তব্য জানতে বারোবাজার পুলিশ ক্যাম্পের ইনচার্জ (আইসি) এসআই দীপঙ্কর মণ্ডলের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি মোবাইল রিসিভ করেননি।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেফতার ২৯৯, দায়ের ৩২ মামলা

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

শনিবার, ২১শে নভেম্বর, ২০২৬ ইং

১২:২৭ পি.এম


ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেফতার ২৯৯, দায়ের ৩২ মামলা

ঢাকা, ২১ নভেম্বর, ২০২৬ : গত ২৪ ঘণ্টার মধ্যে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) পরিচালিত অভিযানে ২৯৯ জনকে গ্রেফতার করা হয়েছে। এই সময়ে ৩২টি মামলা দায়ের করা হয়েছে।

শুক্রবার রাজধানীর বিভিন্ন থানার এলাকায় অভিযান চালিয়ে মাদকদ্রব্য ও অন্যান্য আলামতসহ তাদের আটক করা হয়।

ডিএমপির মিডিয়া ও পাবলিক রিলেশন্স বিভাগের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ এই তথ্য প্রকাশ করা হয়।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, গ্রেফতারকৃতদের মধ্যে রমনা বিভাগে ২৩ জন, লালবাগ বিভাগে ১৯ জন, ওয়ারী বিভাগে ৩৭ জন, মতিঝিল বিভাগে ২৬ জন, তেজগাঁও বিভাগে ৪৮ জন, মিরপুর বিভাগে ৭৩ জন, গুলশান বিভাগে ১৮ জন, উত্তরা বিভাগে ৪৭ জন, গোয়েন্দা বিভাগে চারজন এবং এসআরইউ বিভাগে চারজন রয়েছেন।

অভিযানের সময় উদ্ধার করা হয়েছে চারটি অবিস্ফোরিত এবং চারটি বিস্ফোরিত ককটেলের অংশবিশেষ, ২৩ কেজি ৫০০ গ্রাম গাঁজা, ৫০ পিস ইয়াবা, চার বোতল তরল পেট্রোল, পেট্রোল ভর্তি দুটি পলিথিনের গোলা, একটি গ্যাসলাইট, ছয়টি মোবাইল ফোন এবং একটি মোটরসাইকেল।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া বর্তমানে চলছে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সৌদি জোটের বিমান হামলায় ইয়েমেনে নিহত ৪১

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শনিবার, ২১শে নভেম্বর, ২০২৬ ইং

১২:২৭ পি.এম


সৌদি জোটের বিমান হামলায় ইয়েমেনে নিহত ৪১

হুথি গোষ্ঠী জানিয়েছে যে, সৌদি নেতৃত্বাধীন জোটের বিমান হামলায় গত ২৪ ঘণ্টায় ইয়েমেনে ৪১ জন নিহত হয়েছেন।

শুক্রবার স্থানীয় সময় লোহিত সাগরের উপকূলবর্তী বন্দরনগরী হুদাইদাহসহ ইয়েমেনের বিভিন্ন স্থানে জোটটি হামলা চালিয়েছে। তাদের ভাষায়, এটি ছিল একটি ‘বিশেষ অভিযান’ যা লক্ষ্যবস্তু ছিল।

সৌদি নেতৃত্বাধীন জোটের পক্ষ থেকে জানানো হয়েছে যে, হুদাইদাহ বন্দরে চোরাচালান ও অস্ত্র পরিবহণের কার্যক্রম লক্ষ্য করে হামলা পরিচালনা করা হয়েছে। এছাড়াও, সানা, সা'দা ও তাইজ প্রদেশেও হামলা হয়েছে।

হুদাইদাহ বন্দরে হামলার পর, হুথিরা জেদ্দাসহ সৌদি আরবের লোহিত সাগরের অন্যান্য বন্দরে পালটা হামলার হুঁশিয়ারি দিয়েছে। তারা সৌদি আকাশসীমাকে ‘অনিরাপদ’ উল্লেখ করে বিমান সংস্থাগুলোকে সতর্ক করেছে। গোষ্ঠীটি সৌদি আরবের রাজধানী রিয়াদের আর্থিক জেলাসহ আল-শুকাইক এলাকার একটি বিদ্যুৎকেন্দ্রেও হামলার হুমকি দিয়েছে।

সৌদি নেতৃত্বাধীন জোটের মুখপাত্র তুর্কি আল-মালকি সামাজিক মাধ্যম এক্সে একটি পোস্টে জানিয়েছেন, ‘হুদাইদাহ বন্দরে চোরাচালান এবং অস্ত্র ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পরিবহনে ব্যবহৃত কার্যক্রম পরিচালনার সক্ষমতাকে লক্ষ্য করে হামলা চালানো হয়েছে।’

তিনি আরও জানান, সানায় ক্ষেপণাস্ত্র ও ড্রোন স্থাপনা এবং একটি সরবরাহ ডিপোসহ ‘সামরিক লক্ষ্যবস্তুতে’ হামলা চালানো হয়েছে।

পরে দেওয়া আরেক পোস্টে তিনি জানান, ইয়েমেন সীমান্তসংলগ্ন জিজান অঞ্চলের আকাশে দুটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিহত করা হয়েছে। ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ আল-শুকাইক এলাকায় পড়েছে।

হুথি নিয়ন্ত্রিত টেলিভিশন চ্যানেল আল-মাসিরাহ সৌদি নেতৃত্বাধীন জোটের বিমান হামলার পর মোখা শহরের ক্ষতিগ্রস্ত একটি বিদ্যুৎকেন্দ্রের ছবি সম্প্রচার করেছে। সূত্র: মিডল ইস্ট

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১০ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫৮
জোহর ১১:৪৫
আসর ০৩:৩৫
মাগরিব ০৫:১১
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:১৭ সূর্যাস্ত : ০৫:১১
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%