শুক্রবার, ২০ই নভেম্বর, ২০২৬ ইং
১০:১৭ পি.এম
নড়াইলে বিএনপির দুই নেতার হত্যার জন্য সাবেক এমপি ও ক্রিকেটার মাশরাফি বিন মর্তুজাকে দায়ী করে প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন তার গ্রেপ্তারের দাবি জানিয়েছেন।
শুক্রবার (২০ নভেম্বর) বিকেলে জাতীয় প্রেস ক্লাবের সামনে ‘আমজনতার দল’ এর উদ্যোগে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের অপতৎপরতার প্রতিবাদে একটি বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। সেখানে রাশেদ খাঁন এ দাবি তুলে ধরেন।
তিনি মন্তব্য করেন, "আওয়ামী লীগকে এখন আর রাজনৈতিক দল বলার সুযোগ নেই। বরং এই দলটি এখন দেউলিয়া হয়ে হায়েনার মতো হিংস্র হয়ে উঠেছে।" তিনি আরও বলেন, জামায়াত এনসিপিসহ সব রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধ হয়ে আওয়ামী লীগকে প্রতিহত করতে হবে।
রাশেদ খাঁন বলেন, "গোপালগঞ্জকে কয়েকটি জেলার মধ্যে ভাগ করে দেওয়ার বিষয়ে ওসমান হাদির ভবিষ্যৎবাণী সত্য মনে হচ্ছে।" তিনি অভিযোগ করেন, আওয়ামী লীগ গোপালগঞ্জসহ দেশের বিভিন্ন স্থানে অগ্নিসন্ত্রাস করছে। এই সন্ত্রাসীদের প্রতিহত করতে কোনও শর্ত থাকতে পারে না।
সমাবেশের সভাপতিত্ব করেন আমজনতার দলের সভাপতি তারেক রহমান।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা ও চিকিৎসা সম্পন্ন করে সিঙ্গাপুর থেকে ঢাকায় ফিরে এসেছেন বিএনপির সিনিয়র নেতা ড. খন্দকার মোশাররফ হোসেন।
তিনি শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে ঢাকার বিমানবন্দরে অবতরণ করেন। বিএনপির মিডিয়া সেলের পক্ষ থেকে একটি বার্তায় এই তথ্য জানানো হয়েছে।
বার্তায় উল্লেখ করা হয়, গত ৫ নভেম্বর স্বাস্থ্য পরীক্ষার উদ্দেশ্যে সিঙ্গাপুরে যান খন্দকার মোশাররফ হোসেন। ১৫ নভেম্বর, সিঙ্গাপুরের স্থানীয় সময় সকালে ঢাকার উদ্দেশ্যে যাত্রা করার সময় বিমানবন্দরে পৌঁছানোর পর তিনি হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। পরে তাকে পুনরায় সিঙ্গাপুর ন্যাশনাল ইউনিভার্সিটি হাসপাতালে ভর্তি করা হয়।
আজ সন্ধ্যায় চিকিৎসা শেষে তিনি ঢাকায় ফিরেছেন। এই সময় তার সঙ্গে ছিলেন সহধর্মিণী বিলকিস আকতার এবং বড় ছেলে খন্দকার মাহবুব হোসেন তুষার।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
কুমিল্লা, ২০ নভেম্বর, ২০২৬ : আন্তর্জাতিক আধ্যাত্মিক ও দার্শনিক সংগঠন ‘দ্য থিওসোফিক্যাল সোসাইটি কুমিল্লা’-লজের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে।
শুক্রবার প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে কমিটির নাম ও পদবী প্রকাশ করা হয়।
ভ্রাতা অ্যাড. শহিদুল হক স্বপন ৩৫ সদস্য বিশিষ্ট কমিটির ঘোষণা করেন। উপস্থিত সদস্যদের কণ্ঠ ভোটের মাধ্যমে এক বছরের জন্য সভাপতি হিসেবে নির্বাচিত হন অ্যাড. গোলাম ফারুক, এবং সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হন লেখক চন্দন দাস।
সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পালন করবেন বদরুল হুদা জেনু, অধ্যক্ষ শীলভদ্র মহাথেরো, শাহজাহান চৌধুরী, অধ্যক্ষ তাপস বকশি। সহ-সম্পাদক হিসেবে ডা. লরেন্স তীমু বৈরাগী, কোষাধ্যক্ষ হিসেবে অ্যাড. দিলীপ কুমার চন্দ, সাংগঠনিক সম্পাদক হিসেবে কমল চন্দ খোকন, এবং সহ-সাংগঠনিক সম্পাদক হিসেবে সুমির বড়ুয়া তপু নির্বাচিত হয়েছেন। তথ্য ও প্রচার সম্পাদক হিসেবে আবু সুফিয়ান, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক হিসেবে অমৃত লাল দত্ত, সমাজ কল্যাণ সম্পাদক হিসেবে এনামুল হক জুয়েল, পাঠাগার সম্পাদক হিসেবে আইরিন মুক্তা অধিকারী, সাংস্কৃতিক সম্পাদক হিসেবে জাহিদুর রহমান মামুন, ধর্মতত্ত্ব, বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক হিসেবে আনিসুর রহমান অপু, আপ্যায়ন ও প্রমোদ সম্পাদক হিসেবে দেলোয়ার মজুমদার, এবং অফিস সম্পাদক হিসেবে এস এ এম মামুন দায়িত্ব পালন করবেন।
কার্যনির্বাহী সদস্যদের মধ্যে রয়েছেন অধ্যক্ষ শফিকুর রহমান, অধ্যাপক নিখিল চন্দ্র রায়, অধ্যাপক ড. ফারুক সরকার, অধ্যাপক মৃণাল কান্তি গোস্বামী, জাকির হোসেন জি এস, লিলি পণ্ডিত, অধ্যাপক রাহুল তারণ পিন্টু, ডা. আতোয়ার রহমান, খায়রুল আহসান মানিক, কাজী মাহতাব সুমন, অ্যাড. নাজনীন কাজল, খায়রুল আজিম শিমুল, অধ্যাপক অনুকূল চন্দ্র দাশ, বহ্নি শিখা মজুমদার, নুর উদ্দিন মজুমদার ও বাহার রায়হান।
সভায় আগামী ২৮ নভেম্বর ‘দ্য থিওসোফিক্যাল সোসাইটি’র ১৫১তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনের পরিকল্পনা জানানো হয়। ৩১ ডিসেম্বর থেকে ৪ জানুয়ারি পর্যন্ত ভারতের চেন্নাইয়ের আদিয়ার থিওসোফিক্যাল সোসাইটির বার্ষিক আন্তর্জাতিক সম্মেলনে একটি প্রতিনিধিদল যোগদানের সিদ্ধান্ত নেওয়া হয়। বিবিধ পর্বে যৌথ ব্যাংক হিসাব চালু করা হবে এবং প্রতিটি অনুষ্ঠান শেষে হিসাব নিরীক্ষা করা হবে।
‘দ্য থিওসোফিক্যাল সোসাইটি’ ১৮৭৫ সালে প্রতিষ্ঠিত একটি আন্তর্জাতিক আধ্যাত্মিক ও দার্শনিক সংগঠন।
সংগঠনটির কুমিল্লা শাখার বয়স ১৩৮ বছর।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
চাঁদপুর, ২০ নভেম্বর ২০২৬ : আজ জেলা সদরে মাদকবিরোধী বিশেষ অভিযান চলাকালীন সময়ে পুলিশ চাঁদপুর সদর মডেল থানার পক্ষ থেকে হাশিম খান (৩৫) নামের একজনকে আটক করেছে, যার কাছে ছিল দুইহাজার ৮৩৬ পিস ইয়াবা।
শুক্রবার সকালে শহরের কালিবাড়ি ওয়ান মিনিটের মোড়ের কাছে সাধনা ঔষধালয়ের সামনে থেকে ওই ব্যক্তিকে আটক করা হয়।
আটককৃত হাশিম খান চাঁদপুর জেলার মতলব দক্ষিণ উপজেলার উপাদী ইউনিয়নের ডিঙ্গাভাঙ্গা খান বাড়ির বাসিন্দা।
পুলিশের সূত্রে জানা যায়, গোপন তথ্যের ভিত্তিতে চাঁদপুর সদর মডেল থানার একটি দল অভিযান পরিচালনা করে। অভিযানের সময় শহরের কালিবাড়ি ওয়ান মিনিটের মোড়ের কাছে সন্দেহভাজন হাশিম খানকে আটক করা হয়। পরে তার সঙ্গে থাকা ব্যাগে তল্লাশি চালিয়ে দুইহাজার ৮৩৬ পিস ইয়াবা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক বাজারমূল্য সাড়ে আটলাখ টাকা।
এ বিষয়ে চাঁদপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফয়েজ আহমেদ নিশ্চিত করে জানান, এই ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
টাঙ্গাইলে নারী উদ্যোক্তাদের দক্ষতা বৃদ্ধির পাশাপাশি অর্থনৈতিক সম্ভাবনা উন্নয়নের উদ্দেশ্যে ‘উদ্যমী নারী, সমৃদ্ধ টাঙ্গাইল’ শীর্ষক একটি বিশেষ সেমিনার ও সনদ বিতরণ অনুষ্ঠান সম্প্রতি অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২০ নভেম্বর) বিকেলে টাঙ্গাইলের বিসিক শিল্পনগরী প্রাঙ্গণে এই সেমিনারটি অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশনের (বিসিক) চেয়ারম্যান বেনজীর আহমেদ টিটো। সভাপতিত্ব করেন বিসিকের ঢাকার আঞ্চলিক পরিচালক মানছুরুল করিম। বক্তব্য রাখেন নাসিব টাঙ্গাইলের সভাপতি জাফর আহমেদ, টাঙ্গাইল চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি ভাইস প্রেসিডেন্ট নুরুল আলম, টাঙ্গাইল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কাজী জাকেরুল মওলা, বিসিক টাঙ্গাইলের সহকারী মহাব্যবস্থাপক মেরাজ উদ্দিন, এবং টাঙ্গাইল জেলা রেস্তোরাঁ ও মিষ্টান্ন ব্যবসায়ী মালিক সমিতির সভাপতি স্বপন ঘোষ প্রমুখ।
বিসিকের চেয়ারম্যান বেনজীর আহমেদ টিটো মন্তব্য করেন, "দেশের সামগ্রিক অর্থনৈতিক উন্নয়নে নারী উদ্যোক্তাদের ভূমিকা প্রশংসনীয়। তাঁদের ব্যবসায়িক অগ্রযাত্রার বাধা দূর করতে বিসিকের পক্ষ থেকে সব ধরনের নীতিগত ও কারিগরি সহায়তা করা হয়।"
সেমিনারে নারী উদ্যোক্তাদের বর্তমান চ্যালেঞ্জ, পণ্যের মানোন্নয়ন, বিপণন ব্যবস্থা এবং সহজ শর্তে ঋণ ও প্রশিক্ষণ সুবিধার বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। আলোচনা সভার শেষে প্রশিক্ষণপ্রাপ্ত উদ্যোক্তাদের মধ্যে আনুষ্ঠানিকভাবে সনদপত্র বিতরণ করা হয়।
অনুষ্ঠানে বিসিক জেলা কার্যালয় টাঙ্গাইলের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, স্থানীয় ব্যবসায়ী নেতৃবৃন্দ এবং জেলার বিভিন্ন প্রান্ত থেকে আগত নারী উদ্যোক্তারা উপস্থিত ছিলেন।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ