০৫:৩৭ পি.এম
গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলার পাটগাতী ইউনিয়ন বিএনপিতে সাংগঠনিক কার্যক্রম নিয়ে নতুন আলোচনা শুরু হয়েছে। দলীয় কার্যক্রম ও সাংগঠনিক কর্মকাণ্ডে অসন্তোষ প্রকাশ করে একযোগে ইউনিয়ন বিএনপির ছয় নেতা পদত্যাগ করেছেন।
বুধবার (২৫ নভেম্বর) সকাল ১০টায় উপজেলার গিমাডাঙ্গা নতুন বাজারে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে আনুষ্ঠানিকভাবে পদত্যাগের ঘোষণা দেন তারা।
পদত্যাগকারী নেতাদের মধ্যে রয়েছেন, টুঙ্গিপাড়া উপজেলার পাটগাতী ইউনিয়ন বিএনপির সহ-কৃষিবিষয়ক সম্পাদক শাহানুর শেখ, ধর্মবিষয়ক সম্পাদক মিজানুর রহমান, দপ্তর সম্পাদক সজীব ফকির, সহ-সাংগঠনিক সম্পাদক বাচ্চু শেখ এবং সদস্য মো. আফজাল শেখ ও মোহাম্মদ জামাল মোল্লা।
আরও পড়ুন: কালিয়াকৈরে পোশাক কারখানায় শ্রমিক ভাঙচুর, ছুটি ঘোষণা
সংবাদ সম্মেলনে তাদের লিখিত বক্তব্যে বলা হয়, দীর্ঘ সময় ধরে বিএনপির পাটগাতী ইউনিয়ন শাখার বিভিন্ন পদে দায়িত্ব পালন করে আসছিলেন তারা। তবে দলের বর্তমান কার্যক্রম ও সাংগঠনিক কর্মকাণ্ডে তারা সন্তুষ্ট নন। এই কারণে সম্পূর্ণ স্বেচ্ছায় ও নিজ নিজ সিদ্ধান্তে দলের পদসহ প্রাথমিক সদস্যপদ থেকেও পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন।
লিখিত বক্তব্যে তারা আরও উল্লেখ করেন, পদত্যাগের মাধ্যমে তারা বিএনপির সব ধরনের সাংগঠনিক ও দলীয় দায়িত্ব থেকে সরে দাঁড়ালেন। একই সঙ্গে ভবিষ্যতে বিএনপি কিংবা দলটির কোনো অঙ্গ ও সহযোগী সংগঠনের রাজনৈতিক কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত না থাকার সিদ্ধান্ত নিয়েছেন।
একই ইউনিয়ন শাখার ছয় নেতার একযোগে পদত্যাগের এই ঘটনায় স্থানীয় রাজনৈতিক অঙ্গনে আলোচনা সৃষ্টি হয়েছে। বিশেষ করে ইউনিয়ন বিএনপির সাংগঠনিক কার্যক্রমে এর কী প্রভাব পড়বে, তা নিয়ে রাজনৈতিক মহলে কৌতূহল দেখা দিয়েছে। তবে এ বিষয়ে পাটগাতী ইউনিয়ন বিএনপির শীর্ষ নেতাদের কোনো বক্তব্য পাওয়া যায়নি।
আরও পড়ুন: সড়ক নির্মাণে নিম্নমানের কাজ বরদাশত হবে না: ডা. শাহাদাত হোসেন
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন