শুক্রবার, ১৩ই নভেম্বর, ২০২৬ ইং
০৩:০৩ পি.এম
মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প জানিয়েছেন, যদি ইরানের সরকার পতন না ঘটে তার ক্ষমতার মেয়াদ শেষ হওয়ার আগে, তাহলে তিনি বিষয়টিকে নিজের পরাজয় হিসেবে বিবেচনা করবেন।
রক্ষণশীল রেডিও উপস্থাপক হিউ হিউইটের সঙ্গে এক সাক্ষাৎকারে ট্রাম্প এ বিষয়ে জানতে চাইলে বলেন, “হ্যাঁ, সেটি একটি পরাজয়ই হবে... নিশ্চিতভাবেই।”
ইরানের বিরুদ্ধে পুনরায় সামরিক শক্তি প্রয়োগের বিষয়ে তিনি দ্বিধা করবেন কি না, এমন প্রশ্নের জবাবে ট্রাম্প জানান, তিনি কোনো দ্বিধা ছাড়াই তা করবেন।
তিনি আরও বলেন, “যদি আমি দেখি পরিস্থিতি অন্য দিকে মোড় নিচ্ছে, তবে আমি তা (ইরানে হামলা) করব। এমনও হতে পারে যে আমি এখনই তা করে ফেলব।”
সূত্র: টাইমস অব ইসরাইল
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
ফরিদপুরের সালথা উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি রাকিবুল হাসান জুয়েল (৩৪) কে পুলিশ আবারও গ্রেপ্তার করেছে। শুক্রবার (১৩ নভেম্বর) সকাল পৌনে ৮টার দিকে উপজেলার ভাওয়াল এলাকায় অভিযান চালিয়ে তাঁকে আটক করা হয়। গ্রেপ্তার হওয়া রাকিবুল হাসান জুয়েল ভাওয়াল ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. ওহাব মাতুব্বরের পুত্র।
সালথা থানার ওসি মো. বাবলুর রহমান খান গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে দৈনিক ইনকিলাবকে বলেছেন, "গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার সকালে ভাওয়াল এলাকায় অভিযান চালিয়ে স্বেচ্ছাসেবক লীগ নেতা রাকিবুল হাসান জুয়েলকে গ্রেপ্তার করা হয়েছে।" তাঁর বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
পুলিশ সূত্রে জানা গেছে, এর আগে ২০২৬ সালের ১৭ মার্চ সকালে সালথা সদর বাজার এলাকা থেকে তাঁকে আটক করা হয়েছিল। পরে তিনি জামিনে মুক্তি পান। এবার আবারও তাঁকে গ্রেপ্তার করেছে পুলিশ।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
কুড়িগ্রামের উলিপুরের হাতিয়া ভবেশ আদর্শ উচ্চবিদ্যালয়ের অফিস সহায়ক এবং উপজেলা ছাত্রলীগ সভাপতি নজরুল ইসলামের বিরুদ্ধে প্রায় দুই বছর ধরে কর্মস্থলে অনুপস্থিত থাকা সত্ত্বেও নিয়মিত বেতন গ্রহণের অভিযোগ উঠেছে। অভিযুক্ত ব্যক্তি বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাঈদুল ইসলামের ভাগনে।
অভিযোগ রয়েছে যে, ৫ আগস্টের পর থেকে বিদ্যালয়ে উপস্থিত না হলেও প্রধান শিক্ষক মাঈদুল ইসলাম (যিনি তার আপন মামা) গোপনে হাজিরা খাতায় স্বাক্ষর নিয়ে নজরুল ইসলামকে নিয়মিত বেতন-ভাতা তুলতে সহায়তা করছেন। এই ঘটনায় স্থানীয় অভিভাবক শাহ আলম ইউএনও এবং মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ করেছেন।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সরেজমিন তদন্তে গিয়ে নজরুল ইসলামকে অনুপস্থিত অবস্থায় পান এবং হাজিরা খাতা ও অন্যান্য কাগজপত্র জব্দ করেন। তবে প্রধান শিক্ষকের দাবি, নজরুল ছুটিতে আছেন, কিন্তু তিনি ছুটির আবেদন প্রদর্শন করতে পারেননি।
স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, প্রধান শিক্ষক বিদ্যালয়টিকে পারিবারিক প্রতিষ্ঠানে পরিণত করেছেন। প্রধান শিক্ষকসহ তার আত্মীয়স্বজনের মধ্যে সহকারী শিক্ষক, অফিস সহায়ক, আয়া, পরিচ্ছন্নতাকর্মী ও নৈশপ্রহরীসহ মোট ছয়জন কর্মরত রয়েছেন।
বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোহাম্মদ আলী বলেন, ‘নজরুল ইসলাম বিদ্যালয়ে মাঝে মাঝে আসতেন। তবে এখন কিছুদিন ধরে তিনি আসেন না।’
অভিযোগকারী শাহ আলম বলেন, ‘নজরুল ইসলাম দীর্ঘদিন ধরে প্রতিষ্ঠানে আসেন না। অথচ প্রধান শিক্ষকের সহযোগিতায় নিয়মিত হাজিরা খাতায় স্বাক্ষর এবং বেতন-ভাতা উত্তোলন করছেন। বিদ্যালয়ে না এসে অবৈধভাবে বেতন-ভাতা উত্তোলনের বিষয়ে সুবিচার পাওয়ার আশায় মাধ্যমিক শিক্ষা অফিসে লিখিত অভিযোগ করেছি।’
উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) সাজ্জাদ হোসেন তদন্তের বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘তদন্তকালে অফিস সহায়ক নজরুল ইসলামকে অনুপস্থিত পেয়েছি। হাজিরা খাতা ও ছুটির আবেদনসহ প্রয়োজনীয় কাগজপত্র বিদ্যালয় থেকে নেওয়া হয়েছে। তদন্তের স্বার্থে এখনই কোনো মন্তব্য করা উচিত হবে না।’
অভিযোগের বিষয়ে অফিস সহায়ক ও উপজেলা ছাত্রলীগের সভাপতি নজরুল ইসলাম পলাতক থাকায় তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।
ইউএনও এ টি এম আরিফ জানান, তদন্ত সাপেক্ষে এ বিষয়ে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
সুনামগঞ্জের তাহিরপুর কয়লা আমদানিকারক গ্রুপের সভাপতি পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন বিশিষ্ট ব্যবসায়ী খসরুল আলম। নির্বাচনের জন্য মনোনয়নপত্র জমার শেষ সময় ছিল ১২ নভেম্বর, যেখানে তাহিরপুর কয়লা আমদানিকারক গ্রুপের ১২টি পদে মোট ৩৭ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন।
বৃহস্পতিবার, সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার বড়ছড়া এলসি স্টেশন সংলগ্ন তাহিরপুর কয়লা আমদানিকারক গ্রুপের কার্যালয়ে উৎসবমুখর পরিবেশে প্রার্থীরা মনোনয়নপত্র দাখিল করেন। নির্বাচনের কমিশনার জুনাব আলী জানান, বৃহস্পতিবার বিকেল ৪টা পর্যন্ত মনোনয়নপত্র জমার সময় ছিল।
বিক্রি হওয়া ৩৭টি মনোনয়নপত্রের সবগুলোই জমা পড়েছে। প্রার্থীদের মধ্যে সভাপতি পদে ১ জন, সিনিয়র সহ-সভাপতি পদে ২ জন, সহ-সভাপতি পদে ৩ জন, সাধারণ সম্পাদক পদে ৩ জন, সহ-সাধারণ সম্পাদক পদে ২ জন, অর্থ-সম্পাদক পদে ২ জন, সাংগঠনিক সম্পাদক পদে ৩ জন, দফতর সম্পাদক পদে ২ জন, আন্তর্জাতিক সম্পাদক পদে ২ জন, প্রচার সম্পাদক পদে ১ জন, সহ-প্রচার সম্পাদক পদে ২ জন এবং কার্যকরী সদস্য পদে ১৪ জন মনোনয়নপত্র জমা দিয়েছেন।
সভাপতি পদে একমাত্র প্রার্থী খসরুল আলম এবং প্রচার সম্পাদক পদে একমাত্র প্রার্থী মুক্তার আহমেদ রাজু। নির্বাচন কমিশনার জুনাব আলী জানালেন, অন্য কেউ মনোনয়নপত্র না জমা দেওয়ার কারণে তাদের বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে বাকি সব পদে একাধিক প্রার্থী আছেন। আগামী ১২ ডিসেম্বর শনিবার সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীন ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। ভোটগ্রহণ শেষে প্রাথমিক ফলাফল ঘোষণা করা হবে।
কমিশনার জুনাব আলী বলেন, বিগত ফ্যাসিস্ট সরকারের সময় ১৮ বছর ধরে জেলার ব্যবসায়ীদের গুরুত্বপূর্ণ সংগঠনের গণতান্ত্রিক প্রক্রিয়ায় নির্বাচন অনুষ্ঠিত হয়নি। তাঁর ভাষ্যমতে, ফ্যাসিস্টরা ক্ষমতার অপব্যবহার করে প্রশাসনিক ক্ষমতা ব্যবহার করে নিজের পছন্দের ব্যবসায়ীদের দিয়ে কমিটি গঠন করেছে এবং বড়ছড়া ও চারাগাঁও শুল্ক স্টেশন পরিচালনা করেছে।
তিনি উল্লেখ করেন, তখন সংগঠনের আয়-ব্যয়ের কোনো হিসাব ছিল না এবং অবকাঠামো উন্নয়ন ও সংস্কারের নামে কোটি কোটি টাকা আত্মসাৎ হয়েছে। উন্নয়নের নামে ব্যবসায়ীদের কাছ থেকে আদায় করা হলেও স্টেশনের কোনো উন্নয়ন হয়নি। সব টাকা ভাগ-বাটোয়ারা হয়েছে।
জুনাব আলী জানান, সুনামগঞ্জ-১ আসনের সংসদ কামরুজ্জামান কামরুলের উপস্থিতিতে অনুষ্ঠিত সমিতির সাধারণ সভায় সব সদস্যের সম্মতিতে নির্বাচন কমিশন ও আপিল বোর্ড গঠন করা হয়েছে। নির্বাচন কমিশনের সদস্য হিসেবে সহকারী কমিশনার মেহেদী হাসান উজ্জ্বল ও রাকাব উদ্দিন রয়েছেন। আপিল বোর্ডের প্রধান হিসেবে আছেন স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলী হায়দার। বোর্ডের সদস্য সাবেক ভাইস চেয়ারম্যান ফেরদৌস আলম ও ডাক্তার শামসুদ্দিন।
কমিশনার বলেন, শতভাগ নিরপেক্ষতা বজায় রেখে একটি সুষ্ঠু, স্বচ্ছ ও দৃষ্টান্তমূলক নির্বাচন আয়োজনের চেষ্টা করা হবে, যাতে ব্যবসায়ীরা স্বাধীনভাবে মতামত দিতে পারেন। নির্বাচনে পেশিশক্তি ও কালোটাকা রোধে কমিশন সর্বোচ্চ চেষ্টা করবে। তিনি আরও জানান, যদি কোনো প্রার্থী টাকা দিয়ে ভোটারদের প্রভাবিত করার চেষ্টা করেন, তাহলে নির্বাচনী আচরণবিধি অনুযায়ী তাৎক্ষণিকভাবে তার প্রার্থিতা বাতিল করা হবে। সরকার প্রতিবছর গড়ে ৫০০ কোটি টাকা রাজস্ব পেয়ে থাকে এ এলসি স্টেশন থেকে।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
নিখোঁজ ব্যক্তিদের সন্ধানের জন্য প্রকাশিত বিজ্ঞপ্তি থেকে পরিবারের মোবাইল নম্বর সংগ্রহ করে অপহরণের নাটক রচনা করছিল একটি সংঘবদ্ধ চক্র। এরপর তারা কণ্ঠ নকল করে কান্নার আওয়াজ শুনিয়ে মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে মুক্তিপণের টাকা হাতিয়ে নিত। মানিকগঞ্জের এক কলেজছাত্র নিখোঁজ হওয়ার ঘটনায় একই কৌশলে অর্থ হাতানোর পর স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি) দুই সদস্যকে গ্রেফতার করেছে।
গ্রেফতারকৃতদের নাম ফয়সাল ও আলামিন। সম্প্রতি নারায়ণগঞ্জে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এসআরবি জানিয়েছে, চক্রটি গত এক বছরে এভাবে প্রায় অর্ধকোটি টাকা হাতিয়ে নিয়েছে।
ভুক্তভোগীর পরিবার এবং এসআরবি সূত্রে জানা যায়, গত ২৪ অক্টোবর গাজীপুরের কালিয়াকৈরে বোনের বাসা থেকে রাজধানীর মগবাজারে ফেরার উদ্দেশ্যে বাসে ওঠেন মানিকগঞ্জের কলেজছাত্র হৃদয়ন আনসারী। এরপর থেকে তার কোনো খোঁজ পাওয়া যায়নি। অনেক খোঁজাখুঁজির পর হৃদয়নের সন্ধান চেয়ে স্বজন ও বন্ধুরা সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন জায়গায় বিজ্ঞপ্তি দেন।
নিখোঁজের পরদিন, ওই বিজ্ঞপ্তিতে থাকা মোবাইল নম্বরে ফোন করে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তি নিজেকে অপহরণকারী হিসেবে পরিচয় দেয়। হৃদয়নকে আটকে রাখা হয়েছে দাবি করে ৫০ হাজার টাকা মুক্তিপণ চাওয়া হয়। ফোনের অপর প্রান্ত থেকে কণ্ঠ নকল করে কান্নার আওয়াজ শোনানো হলে পরিবার আতঙ্কিত হয়ে পড়ে। প্রিয়জনকে ফিরে পাওয়ার আশায় সরল বিশ্বাসে বিকাশ ও নগদের মাধ্যমে ৪০ হাজার টাকা পাঠান স্বজনরা। তবে টাকা পাওয়ার পর থেকেই প্রতারকরা নম্বরটি ব্লক করে যোগাযোগ বিচ্ছিন্ন করে দেয়।
এ বিষয়ে হৃদয়নের বাবা বলেন, ‘ওকে পেতে চাইলে ৫০ হাজার টাকা বিকাশ করতে বলে ওরা। পরে বিকাশ ও নগদ অ্যাপের মাধ্যমে আমাদের কাছ থেকে ৪০ হাজার টাকা নিয়েছে।’ হৃদয়নের মা আক্ষেপ করে বলেন, ‘ওরা টাকা দাবি করার সঙ্গে সঙ্গে আমরা টাকা দিয়ে দিয়েছি। কিন্তু ওরা আমার সন্তানটাকে ফিরিয়ে দেয়নি।’
মুক্তিপণের টাকা দিয়েও হৃদয়নের কোনো সন্ধান না পেয়ে ক্ষুব্ধ স্বজন ও এলাকাবাসী মানিকগঞ্জের বানিয়াজুরী বাসস্ট্যান্ড এলাকায় বিক্ষোভ করেন।
ঘটনার পর এসআরবি ছায়া তদন্ত শুরু করে। প্রতারণায় ব্যবহৃত মোবাইল নম্বরের সূত্র ধরে নারায়ণগঞ্জে অভিযান চালিয়ে চক্রের মূল হোতা ফয়সাল ও তার সহযোগী আলামিনকে গ্রেফতার করা হয়।
এসআরবি-৩-এর উপ-অধিনায়ক স্কোয়াড্রন লিডার মো. সাইদুর রহমান বলেন, পত্রিকা বা বিভিন্ন জায়গায় সাঁটানো হারানো বিজ্ঞপ্তি থেকে তথ্য ও নম্বর সংগ্রহ করত চক্রটি। এরপর পরিবারকে ফোন দিয়ে ভুক্তভোগীর কণ্ঠ নকল করে কান্নাকাটি করত। স্বজনরা আতঙ্কিত থাকায় কণ্ঠের পার্থক্য বুঝতে পারতেন না। হৃদয়নের পরিবার প্রথমে ৩০ হাজার এবং পরে আরও ১০ হাজার টাকা পাঠায়। কিন্তু এদের কাছে তো অপহৃত ব্যক্তি নেই, তাই ফেরত দেয়ারও প্রশ্ন আসে না। টাকা নেয়ার পরই তারা নম্বর বন্ধ করে দেয়।
তদন্ত সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, শুধু নিখোঁজ ব্যক্তির পরিবারই নয়, বিদেশগামী কর্মীদের পরিবারকে ফোন করেও প্রতারণা করত চক্রটি। এ প্রসঙ্গে স্কোয়াড্রন লিডার মো. সাইদুর রহমান বলেন, দেশের বিভিন্ন জায়গায় এদের এজেন্ট রয়েছে। তারা বিদেশগামী ব্যক্তিদের স্বজনদের ফোন করে বলত, বিমানবন্দরে পাসপোর্ট ও টিকিট হারিয়ে গেছে; দ্রুত ১০ হাজার টাকা পাঠালে পরের ফ্লাইটে পাঠানোর ব্যবস্থা করা হবে। এতে স্বজনরা ভয় পেয়ে টাকা পাঠিয়ে দিতেন।
এসআরবি জানায়, চক্রের হোতা ফয়সালের মোবাইল ব্যাংকিং হিসাবে গত এক বছরে অর্ধকোটি টাকার লেনদেনের তথ্য পাওয়া গেছে। দেশে এ ধরনের আরও একাধিক চক্র সক্রিয় রয়েছে এবং তাদের ধরতে অভিযান অব্যাহত আছে।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ