প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
কুড়িগ্রামের উলিপুরের হাতিয়া ভবেশ আদর্শ উচ্চবিদ্যালয়ের অফিস সহায়ক এবং উপজেলা ছাত্রলীগ সভাপতি নজরুল ইসলামের বিরুদ্ধে প্রায় দুই বছর ধরে কর্মস্থলে অনুপস্থিত থাকা সত্ত্বেও নিয়মিত বেতন গ্রহণের অভিযোগ উঠেছে। অভিযুক্ত ব্যক্তি বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাঈদুল ইসলামের ভাগনে।
অভিযোগ রয়েছে যে, ৫ আগস্টের পর থেকে বিদ্যালয়ে উপস্থিত না হলেও প্রধান শিক্ষক মাঈদুল ইসলাম (যিনি তার আপন মামা) গোপনে হাজিরা খাতায় স্বাক্ষর নিয়ে নজরুল ইসলামকে নিয়মিত বেতন-ভাতা তুলতে সহায়তা করছেন। এই ঘটনায় স্থানীয় অভিভাবক শাহ আলম ইউএনও এবং মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ করেছেন।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সরেজমিন তদন্তে গিয়ে নজরুল ইসলামকে অনুপস্থিত অবস্থায় পান এবং হাজিরা খাতা ও অন্যান্য কাগজপত্র জব্দ করেন। তবে প্রধান শিক্ষকের দাবি, নজরুল ছুটিতে আছেন, কিন্তু তিনি ছুটির আবেদন প্রদর্শন করতে পারেননি।
স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, প্রধান শিক্ষক বিদ্যালয়টিকে পারিবারিক প্রতিষ্ঠানে পরিণত করেছেন। প্রধান শিক্ষকসহ তার আত্মীয়স্বজনের মধ্যে সহকারী শিক্ষক, অফিস সহায়ক, আয়া, পরিচ্ছন্নতাকর্মী ও নৈশপ্রহরীসহ মোট ছয়জন কর্মরত রয়েছেন।
বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোহাম্মদ আলী বলেন, ‘নজরুল ইসলাম বিদ্যালয়ে মাঝে মাঝে আসতেন। তবে এখন কিছুদিন ধরে তিনি আসেন না।’
অভিযোগকারী শাহ আলম বলেন, ‘নজরুল ইসলাম দীর্ঘদিন ধরে প্রতিষ্ঠানে আসেন না। অথচ প্রধান শিক্ষকের সহযোগিতায় নিয়মিত হাজিরা খাতায় স্বাক্ষর এবং বেতন-ভাতা উত্তোলন করছেন। বিদ্যালয়ে না এসে অবৈধভাবে বেতন-ভাতা উত্তোলনের বিষয়ে সুবিচার পাওয়ার আশায় মাধ্যমিক শিক্ষা অফিসে লিখিত অভিযোগ করেছি।’
উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) সাজ্জাদ হোসেন তদন্তের বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘তদন্তকালে অফিস সহায়ক নজরুল ইসলামকে অনুপস্থিত পেয়েছি। হাজিরা খাতা ও ছুটির আবেদনসহ প্রয়োজনীয় কাগজপত্র বিদ্যালয় থেকে নেওয়া হয়েছে। তদন্তের স্বার্থে এখনই কোনো মন্তব্য করা উচিত হবে না।’
অভিযোগের বিষয়ে অফিস সহায়ক ও উপজেলা ছাত্রলীগের সভাপতি নজরুল ইসলাম পলাতক থাকায় তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।
ইউএনও এ টি এম আরিফ জানান, তদন্ত সাপেক্ষে এ বিষয়ে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন