প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
সুনামগঞ্জের তাহিরপুর কয়লা আমদানিকারক গ্রুপের সভাপতি পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন বিশিষ্ট ব্যবসায়ী খসরুল আলম। নির্বাচনের জন্য মনোনয়নপত্র জমার শেষ সময় ছিল ১২ নভেম্বর, যেখানে তাহিরপুর কয়লা আমদানিকারক গ্রুপের ১২টি পদে মোট ৩৭ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন।
বৃহস্পতিবার, সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার বড়ছড়া এলসি স্টেশন সংলগ্ন তাহিরপুর কয়লা আমদানিকারক গ্রুপের কার্যালয়ে উৎসবমুখর পরিবেশে প্রার্থীরা মনোনয়নপত্র দাখিল করেন। নির্বাচনের কমিশনার জুনাব আলী জানান, বৃহস্পতিবার বিকেল ৪টা পর্যন্ত মনোনয়নপত্র জমার সময় ছিল।
বিক্রি হওয়া ৩৭টি মনোনয়নপত্রের সবগুলোই জমা পড়েছে। প্রার্থীদের মধ্যে সভাপতি পদে ১ জন, সিনিয়র সহ-সভাপতি পদে ২ জন, সহ-সভাপতি পদে ৩ জন, সাধারণ সম্পাদক পদে ৩ জন, সহ-সাধারণ সম্পাদক পদে ২ জন, অর্থ-সম্পাদক পদে ২ জন, সাংগঠনিক সম্পাদক পদে ৩ জন, দফতর সম্পাদক পদে ২ জন, আন্তর্জাতিক সম্পাদক পদে ২ জন, প্রচার সম্পাদক পদে ১ জন, সহ-প্রচার সম্পাদক পদে ২ জন এবং কার্যকরী সদস্য পদে ১৪ জন মনোনয়নপত্র জমা দিয়েছেন।
সভাপতি পদে একমাত্র প্রার্থী খসরুল আলম এবং প্রচার সম্পাদক পদে একমাত্র প্রার্থী মুক্তার আহমেদ রাজু। নির্বাচন কমিশনার জুনাব আলী জানালেন, অন্য কেউ মনোনয়নপত্র না জমা দেওয়ার কারণে তাদের বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে বাকি সব পদে একাধিক প্রার্থী আছেন। আগামী ১২ ডিসেম্বর শনিবার সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীন ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। ভোটগ্রহণ শেষে প্রাথমিক ফলাফল ঘোষণা করা হবে।
কমিশনার জুনাব আলী বলেন, বিগত ফ্যাসিস্ট সরকারের সময় ১৮ বছর ধরে জেলার ব্যবসায়ীদের গুরুত্বপূর্ণ সংগঠনের গণতান্ত্রিক প্রক্রিয়ায় নির্বাচন অনুষ্ঠিত হয়নি। তাঁর ভাষ্যমতে, ফ্যাসিস্টরা ক্ষমতার অপব্যবহার করে প্রশাসনিক ক্ষমতা ব্যবহার করে নিজের পছন্দের ব্যবসায়ীদের দিয়ে কমিটি গঠন করেছে এবং বড়ছড়া ও চারাগাঁও শুল্ক স্টেশন পরিচালনা করেছে।
তিনি উল্লেখ করেন, তখন সংগঠনের আয়-ব্যয়ের কোনো হিসাব ছিল না এবং অবকাঠামো উন্নয়ন ও সংস্কারের নামে কোটি কোটি টাকা আত্মসাৎ হয়েছে। উন্নয়নের নামে ব্যবসায়ীদের কাছ থেকে আদায় করা হলেও স্টেশনের কোনো উন্নয়ন হয়নি। সব টাকা ভাগ-বাটোয়ারা হয়েছে।
জুনাব আলী জানান, সুনামগঞ্জ-১ আসনের সংসদ কামরুজ্জামান কামরুলের উপস্থিতিতে অনুষ্ঠিত সমিতির সাধারণ সভায় সব সদস্যের সম্মতিতে নির্বাচন কমিশন ও আপিল বোর্ড গঠন করা হয়েছে। নির্বাচন কমিশনের সদস্য হিসেবে সহকারী কমিশনার মেহেদী হাসান উজ্জ্বল ও রাকাব উদ্দিন রয়েছেন। আপিল বোর্ডের প্রধান হিসেবে আছেন স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলী হায়দার। বোর্ডের সদস্য সাবেক ভাইস চেয়ারম্যান ফেরদৌস আলম ও ডাক্তার শামসুদ্দিন।
কমিশনার বলেন, শতভাগ নিরপেক্ষতা বজায় রেখে একটি সুষ্ঠু, স্বচ্ছ ও দৃষ্টান্তমূলক নির্বাচন আয়োজনের চেষ্টা করা হবে, যাতে ব্যবসায়ীরা স্বাধীনভাবে মতামত দিতে পারেন। নির্বাচনে পেশিশক্তি ও কালোটাকা রোধে কমিশন সর্বোচ্চ চেষ্টা করবে। তিনি আরও জানান, যদি কোনো প্রার্থী টাকা দিয়ে ভোটারদের প্রভাবিত করার চেষ্টা করেন, তাহলে নির্বাচনী আচরণবিধি অনুযায়ী তাৎক্ষণিকভাবে তার প্রার্থিতা বাতিল করা হবে। সরকার প্রতিবছর গড়ে ৫০০ কোটি টাকা রাজস্ব পেয়ে থাকে এ এলসি স্টেশন থেকে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন