ঢাকা শনিবার, ২১শে নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৬ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ১০ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
শনিবার, ২১শে নভেম্বর, ২০২৬ইং ০৬ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

‘শান্তি ঘোষণায়’ তেল সরবরাহ বাড়াতে সম্মত ট্রাম্প, শি ও পুতিন


‘শান্তি ঘোষণায়’ তেল সরবরাহ বাড়াতে সম্মত ট্রাম্প, শি ও পুতিন

বিশ্বে পরিশোধিত জ্বালানি পণ্যের উৎপাদন ও সরবরাহ বৃদ্ধির পাশাপাশি জাতিসংঘ সংস্কার এবং পারমাণবিক ঝুঁকি হ্রাসের লক্ষ্যে সংলাপ চালানোর বিষয়ে একমত হয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এবং রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। চীনের শেনজেনে অনুষ্ঠিত এক অভূতপূর্ব ত্রিপক্ষীয় বৈঠকের পর তাঁরা চার দফার একটি যৌথ ঘোষণায় এসব অঙ্গীকার করেন।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) এশিয়া-প্যাসিফিক অর্থনৈতিক সহযোগিতা (এপেক) সম্মেলনের ফাঁকে বৈঠকটি অনুষ্ঠিত হয়। চীন, রাশিয়া ও যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপ্রধানদের প্রথম ত্রিপক্ষীয় বৈঠকের পর প্রকাশিত ঘোষণাটিকে দেশ দুটির রাষ্ট্রীয় গণমাধ্যম ‘শান্তি ঘোষণা’ হিসেবে উল্লেখ করেছে।

যৌথ ঘোষণায় উল্লেখ করা হয়েছে, জাতিসংঘ নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য হিসেবে তিন দেশ জাতিসংঘ সংস্কারে কাজ করবে, যাতে সংস্থাটি বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলায় আরও কার্যকর ভূমিকা পালন করতে পারে। পাশাপাশি, বিশ্বের সব দেশের স্বার্থে পরিশোধিত পেট্রোলিয়াম পণ্যের উৎপাদন ও সরবরাহ বৃদ্ধির পরিকল্পনার কথাও জানানো হয়েছে। জ্বালানির নিরবচ্ছিন্ন প্রবাহের গুরুত্ব পুনর্ব্যক্ত করেছেন তাঁরা।

আরও পড়ুন: হোদায়দা বন্দরে হুথি স্থাপনায় সউদী নেতৃত্বাধীন জোটের হামলা, জাজানে সতর্কতা

ঘোষণার আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি)। এতে রাষ্ট্রের সম্মতি এবং রাষ্ট্রীয় কর্মকর্তাদের দায়মুক্তির নীতিকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করা হয়েছে। একই সঙ্গে আইসিসি ও অন্যান্য সংস্থাগুলো যেন নিজেদের এখতিয়ারের অপব্যবহার না করে, সে বিষয়ে একমত হয়েছেন তিন নেতা। তবে আদালত সংস্কারের কোনো সুনির্দিষ্ট পরিকল্পনা ঘোষণায় দেওয়া হয়নি।

তারা পুনর্ব্যক্ত করেছেন যে পারমাণবিক যুদ্ধ কখনো জয় করা সম্ভব নয় এবং এমন যুদ্ধ কখনোই হওয়া উচিত নয়। পারমাণবিক ঝুঁকি কমানো এবং পারমাণবিক অস্ত্রের বিস্তার রোধে সংলাপ চালানোর অঙ্গীকারও রয়েছে ঘোষণায়।

তবে পর্যবেক্ষকদের মতে, বৈঠক থেকে বড় কোনো কূটনৈতিক অগ্রগতি আসেনি। ইউক্রেন যুদ্ধ কিংবা ইরানকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যুদ্ধের কোনো উল্লেখ নেই যৌথ ঘোষণায়। পারমাণবিক অস্ত্র নিয়ন্ত্রণে নতুন কোনো চুক্তি বা নির্দিষ্ট আলোচনার সময়সূচিও ঘোষণা করা হয়নি।

বৈঠকটি বিশ্বরাজনীতিতে নতুন উদ্বেগও তৈরি করেছে। বিশেষ করে ইউক্রেনের ভবিষ্যৎ ও ইউরোপের নিরাপত্তা নিয়ে ওয়াশিংটন, মস্কো ও বেইজিংয়ের মধ্যে আলোচনা হলেও সেখানে ইউক্রেন বা ইউরোপের প্রতিনিধিরা ছিলেন না। এতে ইউক্রেনের ভাগ্য নির্ধারণে দেশটির মিত্রদের পাশ কাটিয়ে যুক্তরাষ্ট্র, রাশিয়া ও চীন সমঝোতায় পৌঁছাতে পারে—এমন আশঙ্কা প্রকাশ করেছেন ইউরোপের কয়েকজন নেতা।

আরও পড়ুন: বাংলাদেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে ভারতীয় মন্তব্য, সম্পর্ক রক্ষার প্রতিশ্রুতি

ত্রিপক্ষীয় বৈঠকের আগে ট্রাম্প আলাদাভাবে পুতিন ও শি জিনপিংয়ের সঙ্গে আলোচনা করেন। রুশ প্রেসিডেন্টের সঙ্গে বৈঠকে ট্রাম্প তাঁকে ‘আমার বন্ধু’ বলে সম্বোধন করেন। ২০২৫ সালের আগস্টে যুক্তরাষ্ট্রের আলাস্কার অ্যাঙ্কোরেজে তাঁদের সর্বশেষ ব্যক্তিগত বৈঠক হয়েছিল। এরপর ইউক্রেন যুদ্ধ বন্ধে একাধিক উদ্যোগ নেওয়া হলেও মস্কো ও কিয়েভের মধ্যে সমঝোতা হয়নি।

শেনজেন সম্মেলনে পুতিন নিজেকে বিশ্বমঞ্চের গুরুত্বপূর্ণ শক্তি হিসেবে তুলে ধরার সুযোগ পেয়েছেন বলে মনে করা হচ্ছে। ইউক্রেনে রাশিয়ার সামরিক অভিযান নিয়ে পশ্চিমা দেশগুলোর সমালোচনা ও মস্কোকে বিচ্ছিন্ন রাখার প্রচেষ্টার মধ্যেও চীন ও যুক্তরাষ্ট্রের নেতাদের সঙ্গে একই টেবিলে বসেছেন তিনি।

বৈঠকের পর এক সংবাদ সম্মেলনে পুতিন বলেন, মস্কো ও ওয়াশিংটনের মধ্যে ‘পারস্পরিক বোঝাপড়া’ তৈরি হবে বলে তিনি আশা করেন। তাঁর ভাষ্য, ট্রাম্প ইউক্রেনসহ বিভিন্ন সংঘাতের সমাধান করতে আন্তরিকভাবে আগ্রহী এবং রাশিয়া-যুক্তরাষ্ট্রের দ্বিপক্ষীয় সম্পর্ক উন্নয়নের বিষয়ে তাঁর সদিচ্ছা রয়েছে।

চীনের রাষ্ট্রীয় গণমাধ্যম শি জিনপিং ও ট্রাম্পের আলাদা বৈঠককে ‘ইতিবাচক ও গঠনমূলক’ হিসেবে বর্ণনা করেছে। বৈঠকে শি বলেন, সম্পর্কের বড় ধরনের অবনতি এড়াতে তাইওয়ান ইস্যুতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের ‘সঠিক কাজ’ করা উচিত। তাইওয়ান নিজেদের ভূখণ্ডের অংশ বলে দাবি করে চীন। অন্যদিকে দ্বীপটি স্বশাসিত এবং নিজেদের গণতান্ত্রিক সরকারব্যবস্থায় পরিচালিত।

আরও পড়ুন: দুবাইয়ে স্বর্ণের দামে পতন, দোকানে ক্রেতাদের ভিড়

এদিকে, তিন নেতার বৈঠক চলাকালীন ইউরোপীয় নেতারা জার্মানির রাজধানী বার্লিনে ‘কোয়ালিশন অব দ্য উইলিং’-এর বৈঠকে মিলিত হন। ইউক্রেনকে সমর্থন এবং যুদ্ধ-পরবর্তী নিরাপত্তার নিশ্চয়তা নিয়ে আলোচনার জন্য প্রায় ৪০ জন নেতার অংশ নেওয়ার কথা ছিল।

শেনজেনে ট্রাম্পের সঙ্গে পুতিনের বন্ধুত্বপূর্ণ আচরণের প্রতিক্রিয়ায় পোল্যান্ডের প্রধানমন্ত্রী ডোনাল্ড টাস্ক সামাজিক যোগাযোগমাধ্যমে লেখেন, ‘ঈশ্বর, এমন বন্ধুদের থেকে আমাদের রক্ষা করুন।’

জার্মানির পররাষ্ট্রমন্ত্রী ইয়োহান ওয়াডেফুল বলেন, বার্লিনের বৈঠকের মাধ্যমে মস্কোর কাছে শক্ত বার্তা যাবে যে পশ্চিমা দেশগুলো যেকোনো শান্তি আলোচনাকে গুরুত্বের সঙ্গে বিবেচনা করে। ইউক্রেনের নিরাপত্তা নিশ্চিত করতে যুক্তরাজ্য ও ফ্রান্সের উদ্যোগে গঠিত জোটের সদস্যরা যুদ্ধ-পরবর্তী নিরাপত্তা নিশ্চয়তার পরিকল্পনা নিয়েও আলোচনা করছেন। তথ্যসূত্র: দ্য টেলিগ্রাফ, এএফপি

আরও পড়ুন: মালয়েশিয়া থেকে ১০ হাজার রোহিঙ্গাকে তুরস্কে পুনর্বাসনের উদ্যোগ

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মধুপুর গড়ের লাল মাটিতে বিদেশি চায়না কমলার চাষ শুরু

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

শুক্রবার, ২০ই নভেম্বর, ২০২৬ ইং

০৩:২১ পি.এম


মধুপুর গড়ের লাল মাটিতে বিদেশি চায়না কমলার চাষ শুরু

টাঙ্গাইলের মধুপুর গড়ের লাল মাটিতে আনারসের চাষের পাশাপাশি এবার নতুন সম্ভাবনার দুয়ার খুলেছে বিদেশি জাতের চায়না কমলা চাষ। স্থানীয় কৃষকরা সুস্বাদু ও মিষ্টি স্বাদের এই কমলা চাষ করে সফলতার মুখ দেখছেন। কম খরচে অধিক লাভের সম্ভাবনা থাকায় দিন দিন কৃষকদের মধ্যে এ ফল চাষে আগ্রহ বাড়ছে।

মধুপুরের বিখ্যাত আনারস জিআই পণ্য হিসেবে স্বীকৃত হওয়ার পাশাপাশি এ অঞ্চলে কলা, পেঁপে, আদা, কাজুবাদাম, মাল্টা ও ড্রাগন ফলসহ বিভিন্ন অর্থকরী ফসলের চাষ হয়ে আসছে। এর ধারাবাহিকতায় পাহাড়ি লাল মাটিতে চায়না কমলার সফল উৎপাদন স্থানীয় কৃষিতে নতুন সম্ভাবনার সৃষ্টি করেছে।

উপজেলার বেরীবাইদ ইউনিয়নের জাঙ্গালিয়া গ্রামের পাহাড়ি এলাকায় কৃষক কিতাব আলী প্রায় পাঁচ একর জমিতে চায়না কমলার বাগান গড়ে তুলেছেন। বাগানজুড়ে গাছে ঝুলছে থোকায় থোকায় কমলা। বাগানটির সাফল্যের খবর ছড়িয়ে পড়ায় প্রতিদিন দূরদূরান্ত থেকে কৃষক ও দর্শনার্থীরা বাগানটি দেখতে আসছেন।

কৃষক কিতাব আলী জানান, ইউটিউবে কমলা চাষের ভিডিও দেখে তাঁর মধ্যে আগ্রহ তৈরি হয়। পরে চারা সংগ্রহের জন্য চুয়াডাঙ্গা জেলায় গিয়ে কমলার বাগান পরিদর্শন করেন। সেখান থেকে অনুপ্রাণিত হয়ে নিজের ছয় বিঘা জমিতে পরীক্ষামূলকভাবে চায়না কমলার চাষ শুরু করেন। প্রথম বছরেই তিনি ভালো ফলন পান। গত বছর বাগান থেকে প্রায় পাঁচ লাখ টাকার কমলা বিক্রি করেছেন। চলতি বছর ফলন ও বাজারে চাহিদা দুটোই বেড়েছে। গত বছরের তুলনায় এবার আরও বেশি দামে কমলা বিক্রি করতে পারবেন বলে আশা করছেন তিনি।

অন্যদিকে উপজেলার লাউফুলা গ্রামের কৃষক আরশেদ আলী জানান, তিনি পরীক্ষামূলকভাবে ৮০ শতাংশ জমিতে চায়না জাতের প্রায় ২০০টি কমলার চারা রোপণ করেছেন। প্রতিটি গাছে এক থেকে দেড় মণ পর্যন্ত কমলা ধরেছে। কমলা চাষে খরচ তুলনামূলক কম এবং লাভের সম্ভাবনা বেশি হওয়ায় আগামীতে আরও বেশি জমিতে এ জাতের কমলা চাষের পরিকল্পনা রয়েছে তার।

উপসহকারী কৃষি কর্মকর্তা ফারুক হোসেন জানান, কৃষি বিভাগের পক্ষ থেকে নিয়মিত কমলার বাগান পরিদর্শন করা হচ্ছে। গাছকে রোগবালাই ও পোকামাকড়ের আক্রমণ থেকে রক্ষা করতে কৃষকদের প্রয়োজনীয় পরামর্শ দেওয়া হচ্ছে। বাগানের গাছগুলোতে প্রচুর ফলন এসেছে। কমলার মিষ্টি স্বাদ ও উন্নত মানের কারণে বাজারেও এর চাহিদা রয়েছে। পাইকাররা বাগান থেকেই প্রতি কেজি কমলা প্রায় ১১০ টাকা দরে কিনে নিয়ে যাচ্ছেন।

মধুপুর উপজেলা কৃষি কর্মকর্তা মমতাজ বেগম জানান, মধুপুরের পাহাড়ি লাল মাটি কমলা চাষের জন্য অত্যন্ত উপযোগী। কৃষকদের প্রয়োজনীয় পরামর্শ, প্রশিক্ষণ, বীজ ও সারসহ বিভিন্ন বিষয়ে সহযোগিতা দেওয়া হচ্ছে। এ বছর উপজেলায় প্রায় দুই হেক্টর জমিতে চায়না কমলার চাষ হয়েছে। এতে উৎপাদন হয়েছে প্রায় ৩৩ মেট্রিক টন। যোগাযোগব্যবস্থা ভালো থাকায় কৃষকরা সহজেই উৎপাদিত কমলা বাজারজাত করতে পারছেন। কিতাব আলীর সফলতা দেখে এলাকার অন্যান্য কৃষকরাও বাণিজ্যিকভাবে কমলা চাষে আগ্রহী হয়ে উঠছেন।

তিনি আরও জানান, যথাযথ সহযোগিতা ও পরিকল্পিত উদ্যোগ অব্যাহত থাকলে মধুপুরের পাহাড়ি লাল মাটিতে চায়না কমলার বাণিজ্যিক চাষ আরও সম্প্রসারিত হবে। এতে কৃষকদের আয় বাড়ার পাশাপাশি স্থানীয় অর্থনীতিতেও ইতিবাচক প্রভাব পড়বে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বৈরী আবহাওয়ায় বিপর্যস্ত ঝালকাঠি, জীবিকার তাগিদে ভিজছেন শ্রমজীবীরা

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

শুক্রবার, ২০ই নভেম্বর, ২০২৬ ইং

০৩:২১ পি.এম


বৈরী আবহাওয়ায় বিপর্যস্ত ঝালকাঠি, জীবিকার তাগিদে ভিজছেন শ্রমজীবীরা

ঝালকাঠির জনজীবন টানা দুই দিনের বৃষ্টিতে বিপর্যস্ত হয়ে পড়েছে। কর্মজীবী, পথচারী, ক্ষুদ্র ব্যবসায়ী এবং খেটে খাওয়া সাধারণ মানুষের জন্য সবচেয়ে বেশি দুর্ভোগ সৃষ্টি হয়েছে। জীবিকার তাগিদে বৃষ্টি উপেক্ষা করে ঘর থেকে বের হলেও স্বাভাবিক কাজকর্ম করতে গিয়ে তারা চরম ভোগান্তির শিকার হচ্ছেন।

বৃহস্পতিবার সকাল থেকে শুরু হওয়া বৃষ্টি দিনভর অব্যাহত থাকার পর শুক্রবারও থেমে থেমে ভারী বৃষ্টিপাত হয়েছে। এর ফলে ঝালকাঠি শহরের রাস্তাঘাটে মানুষের চলাচল উল্লেখযোগ্যভাবে কমে গেছে। শহরের সড়কগুলোতে প্রতিদিনের চিরচেনা ব্যস্ততা নেই। বৃষ্টির কারণে ক্রেতা ও পথচারীর সংখ্যা হ্রাস পাওয়ায় ক্ষুদ্র ব্যবসায়ীদের বেচাকেনায় ভাটা পড়েছে।

শহরের বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, বৃষ্টির মধ্যে যাত্রীর অপেক্ষায় দাঁড়িয়ে রয়েছেন রিকশা ও অটোরিকশাচালকরা। তবে যাত্রী সংখ্যা কম থাকায় তাদের আয়ও উল্লেখযোগ্যভাবে কমে গেছে। বৃষ্টিতে ভিজে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করেও কাঙ্ক্ষিত যাত্রী পাচ্ছেন না অনেকে। এতে পরিবার-পরিজন নিয়ে সংসার চালানো নিয়ে তাদের দুশ্চিন্তা বেড়ে গেছে।

অন্যদিকে, ঝালকাঠির বিভিন্ন খেয়াঘাটেও দুর্ভোগের চিত্র দেখা যাচ্ছে। বিশেষ করে নলছিটিমুখী ও নলছিটি থেকে ঝালকাঠি শহরে আসা মানুষকে বৃষ্টির মধ্যে খেয়া পারাপারে ভোগান্তি পোহাতে হচ্ছে। সকাল থেকেই বৈরী আবহাওয়া উপেক্ষা করে জীবিকার তাগিদে মানুষকে খেয়া পার হতে দেখা যাচ্ছে। প্রতিকূল আবহাওয়ার মধ্যেও মানুষের দৈনন্দিন কর্মব্যস্ততা থেমে নেই।

বৃষ্টির কারণে জরুরি প্রয়োজনে ঘরের বাইরে বের হওয়া সাধারণ মানুষকেও বিড়ম্বনার শিকার হতে হচ্ছে। বিশেষ করে রিকশা, অটোরিকশা এবং খেয়ায় চলাচলকারী যাত্রীদের দুর্ভোগ বেড়েছে। পাশাপাশি বেচাকেনা কমে যাওয়ায় দিনমজুর ও ক্ষুদ্র ব্যবসায়ীদের আয়-রোজগারেও নেতিবাচক প্রভাব পড়েছে।

সব মিলিয়ে টানা দুই দিনের বৃষ্টিতে ঝালকাঠির সাধারণ মানুষের দুর্ভোগ বেড়েছে বহুগুণ। একদিকে জীবিকার তাগিদ, অন্যদিকে বৈরী আবহাওয়া—এই দুইয়ের সঙ্গে প্রতিনিয়ত লড়াই করতে হচ্ছে নিম্নআয়ের মানুষকে। বিশেষ করে দিন এনে দিন খাওয়া মানুষের কাছে এই বৃষ্টি যেন বাড়তি দুর্ভোগের কারণ হয়ে দাঁড়িয়েছে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নারায়ণগঞ্জে ডাইং কারখানার বিস্ফোরণে ২ শ্রমিক দগ্ধ

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

শুক্রবার, ২০ই নভেম্বর, ২০২৬ ইং

০৩:২২ পি.এম


নারায়ণগঞ্জে ডাইং কারখানার বিস্ফোরণে ২ শ্রমিক দগ্ধ

নারায়ণগঞ্জের ফতুল্লায় গভীর রাতে একটি ডাইং কারখানায় গ্যাস লাইনের লিকেজের কারণে বিকট শব্দে বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এই দুর্ঘটনায় কারখানায় কর্মরত দুই শ্রমিক গুরুতর দগ্ধ হয়েছেন।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) দিবাগত রাত আনুমানিক ২টায় ৫০ মিনিটে ফতুল্লার ইসদাইর এলাকায় অবস্থিত ‘রতন ডাইং’ কারখানায় এই ঘটনা ঘটে।

দগ্ধ শ্রমিকদের নাম হচ্ছে পাশা (৪০) ও রঞ্জিত (৪৫)।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, মধ্যরাতে রতন মিয়ার মালিকানাধীন ওই ডাইং কারখানায় গ্যাস লাইনের লিকেজ থেকে হঠাৎ বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। এর পর স্থানীয়রা কারখানার ভেতরে প্রবেশ করে দেখতে পান পুরো ভবন ধোঁয়ায় আচ্ছন্ন এবং দুই শ্রমিক আগুনে পুড়ে ছটফট করছেন। আগুনের কারণে তাদের শরীর ঝলসে যায়। তাদের উদ্ধার করে দ্রুত চিকিৎসার জন্য ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নেওয়া হয়।

দগ্ধদের শারীরিক অবস্থার বিষয়ে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগের রেসিডেন্ট সার্জন ডা. সুলতান মাহমুদ শিকদার জানান, রাত ২টায় ৫০ মিনিটের দিকে ফতুল্লায় গ্যাস লাইনের লিকেজের পর দগ্ধ অবস্থায় দুই রোগীকে জরুরি বিভাগে আনা হয়। তাদের মধ্যে পাশার শরীরের ৮৭ শতাংশ ফ্লেম বার্নসহ শ্বাসনালী (ইনহেলেশন ইনজুরি) ক্ষতিগ্রস্ত হয়েছে। অন্যদিকে রঞ্জিতের শরীরের ৫২ শতাংশ ফ্লেম বার্নসহ শ্বাসনালী পুড়ে গেছে। তাদের দুজনের অবস্থাই অত্যন্ত আশঙ্কাজনক।

এ বিষয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সহকারী উপ-পরিচালক আব্দুল্লাহ আল আরিফিন কালের কণ্ঠকে বলেন, ‘ঘটনাটি আমরা জেনেছি এবং বিস্তারিত জানতে আমাদের একটি টিম পাঠানো হয়েছে।’

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ট্রাম্পের বাণিজ্যযুদ্ধের প্রভাবে কানাডার গাড়ি কারখানায় শ্রমিকদের সংকট সমাধানের দাবি

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শুক্রবার, ২০ই নভেম্বর, ২০২৬ ইং

০৩:২৩ পি.এম


ট্রাম্পের বাণিজ্যযুদ্ধের প্রভাবে কানাডার গাড়ি কারখানায় শ্রমিকদের সংকট সমাধানের দাবি

ঢাকা, ২০ নভেম্বর, ২০২৬ : কানাডার বাণিজ্যযুদ্ধের প্রেক্ষাপটে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে সংঘাতের প্রায় দুই বছর অতিক্রান্ত হয়েছে। এই সংঘাতের প্রভাব বিভিন্ন শিল্প কারখানায় স্পষ্টভাবে প্রতিফলিত হচ্ছে। এর মধ্যে একটি উদাহরণ হচ্ছে টরন্টোর উত্তর-পশ্চিমে অবস্থিত একটি বন্ধ গাড়ি কারখানা।

খবর বার্তা সংস্থা এএফপি’র।

ব্র্যাম্পটন অ্যাসেম্বলি প্ল্যান্টে ২০২৩ সাল পর্যন্ত ডজ ব্র্যান্ডের বিভিন্ন মডেলের গাড়ি উৎপাদন করা হতো। ওই বছর বিশ্বের শীর্ষস্থানীয় গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান স্টেলান্টিস জানায়, বৈদ্যুতিক গাড়ি উৎপাদনের উপযোগী করে কারখানাটির আধুনিকায়ন করা প্রয়োজন।

এই কারণে প্রায় তিন হাজার কর্মীর কাজ বন্ধ হয়ে যায়। তবে ২০২৫ সালে জিপ কম্পাস মডেলের গাড়ি উৎপাদনের মাধ্যমে কারখানাটি পুনরায় চালুর প্রতিশ্রুতি দিয়েছিল প্রতিষ্ঠানটি।

কিন্তু পরে ট্রাম্প এমন শুল্ক আরোপ করেন, যার উদ্দেশ্য ছিল গাড়ি নির্মাতা প্রতিষ্ঠানগুলোকে যুক্তরাষ্ট্রের ভেতরেই গাড়ি উৎপাদনে বাধ্য করা। এরপর স্টেলান্টিস জানায়, জিপ কম্পাস আর কানাডায় নয়, যুক্তরাষ্ট্রের ইলিনয় অঙ্গরাজ্যে তৈরি করা হবে।

গত ৯ নভেম্বর প্রতিষ্ঠানটি ঘোষণা দেয়, তারা ব্র্যাম্পটনের কারখানাটি কানাডার প্রতিরক্ষা সরঞ্জাম নির্মাতা প্রতিষ্ঠান রোশেলের কাছে বিক্রি করছে।

চলতি সপ্তাহে শীতল ও ঝোড়ো বিকেলে প্রায় জনশূন্য কারখানাটির সামনে ক্ষুব্ধ কানাডীয় গাড়িশ্রমিকেরা প্রধানমন্ত্রী মার্ক কার্নির কাছে এ সংকট সমাধানে দ্রুত পদক্ষেপ নেওয়ার দাবি জানান।

দক্ষ শ্রমিক ও ইউনিয়ন নেতা জেসন ওয়াটসন বলেন, ‘আমরা এই প্রতিষ্ঠানের জন্য নিজেদের জীবন উৎসর্গ করেছি। এমন কিছু নেই, যা আমরা করিনি।’

তিনি আরও বলেন, ‘এই বিক্রি ঠেকাতে কেন্দ্রীয় সরকারকে হস্তক্ষেপ করতে হবে এবং প্রয়োজনীয় সব পদক্ষেপ নিতে হবে।’

এ সময় তার পাশে কয়েক ডজন শ্রমিক উপস্থিত ছিলেন। ওয়াটসন জানান, কারখানাটি আবার চালু হবে—এই বিশ্বাসে তাঁদের অনেকে অন্য চাকরির সুযোগও ছেড়ে দিয়েছিলেন।

স্টেলান্টিসের কারখানা নিয়ে এই বিরোধ যুক্তরাষ্ট্র ও কানাডার বাণিজ্যযুদ্ধের জটিল বাস্তবতাকে সামনে নিয়ে এসেছে।

ট্রাম্পের চাপের মুখেও দৃঢ় অবস্থান নেওয়ায় কার্নি প্রশংসা পেয়েছেন। তবে বিশেষজ্ঞদের মতে, কানাডার গাড়িশিল্প রক্ষায় তার হাতে বিকল্প খুব বেশি নেই। কারণ, যুক্তরাষ্ট্রের কাছাকাছি হওয়ায় অন্টারিওর দক্ষিণাঞ্চলে এই শিল্পের বিকাশ ঘটেছে।

যুক্তরাষ্ট্রের বাজারে কানাডার গাড়ি প্রবেশে শুল্কের বাধা অব্যাহত থাকলে দেশটিতে আরও কর্মসংস্থান হারানোর আশঙ্কা রয়েছে।

‘তারা আমাদের সঙ্গে প্রতারণা করেছে’

কার্নি বলেছেন, যুক্তরাষ্ট্রের ওপর অতিরিক্ত নির্ভরশীলতার কারণে কানাডা ঝুঁকির মুখে পড়েছে। তাই বাণিজ্য ও অর্থনৈতিক সম্পর্কের ক্ষেত্রে দেশটিকে আরও বেশি বৈচিত্র্য আনতে হবে।

অন্টারিওর হ্যামিল্টনে একটি ইস্পাত কারখানা নিয়েও একই ধরনের সংকট দেখা দিয়েছে। যুক্তরাষ্ট্রভিত্তিক প্রতিষ্ঠান ক্লিভল্যান্ড-ক্লিফস শুল্কের কারণে সেখানে শত শত কর্মীর চাকরি হারানোর আশঙ্কার কথা জানিয়েছে। এ ঘটনাও কানাডার অর্থনৈতিক দুর্বলতা ও যুক্তরাষ্ট্রের ওপর নির্ভরশীলতার বিষয়টি সামনে এনেছে।

কার্নি বিদেশের বিভিন্ন দেশের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক বাড়ানোর পাশাপাশি দেশের অভ্যন্তরীণ উৎপাদনশিল্পকে শক্তিশালী করার চেষ্টা করছেন। এর অংশ হিসেবে প্রতিরক্ষা শিল্প উন্নয়নের একটি পরিকল্পনা নেওয়া হয়েছে, যার আওতায় আগামী এক দশকে ৫০০ বিলিয়ন কানাডীয় ডলারের বেশি (প্রায় ৩৫০ বিলিয়ন মার্কিন ডলার) ব্যয়ের লক্ষ্য রয়েছে।

রোশেল সাঁজোয়া যান তৈরি করে। সরকারি প্রতিরক্ষা সরঞ্জাম কেনার চুক্তি পেলে প্রতিষ্ঠানটি লাভবান হতে পারে।

তবে কারখানাটির শ্রমিক ইউনিয়ন ইউনিফরের সভাপতি আরডিস স্নো বলেন, রোশেল কোনোভাবেই স্টেলান্টিসের মতো বড় গাড়ি নির্মাতা প্রতিষ্ঠানের দেওয়া কর্মসংস্থান ও বেতনের বিকল্প হতে পারবে না। তার ধারণা, রোশেলে শ্রমিকদের ঘণ্টাপ্রতি মজুরি স্টেলান্টিসের ৪৫ কানাডীয় ডলারের প্রায় অর্ধেক হতে পারে।

স্নো এএফপিকে বলেন, ‘বন্ধকী ঋণদাতা প্রতিষ্ঠানগুলো তো আর বলবে না, আপনার বেতন অর্ধেক কমে গেছে, তাই আপনার বাড়ির ঋণের কিস্তিও অর্ধেক কমিয়ে দিচ্ছি।’

প্রায় ৪০ বছর আগে এই কারখানায় কাজ শুরু করেছিলেন স্নো। তিনি জানান, কারখানার আধুনিকায়নের জন্য উৎপাদন বন্ধ থাকাকালে তার অনেক সহকর্মী কানাডার অপেক্ষাকৃত কম ব্যয়বহুল এলাকায় চলে গিয়েছিলেন।

কারখানাটি আবার চালু হলে তারা ফিরে আসার প্রস্তুতি নিচ্ছিলেন। কিন্তু এর মধ্যেই স্টেলান্টিস ঘোষণা দেয়, জিপ কম্পাসের উৎপাদন যুক্তরাষ্ট্রের ইলিনয়ে সরিয়ে নেওয়া হবে।

স্নো বলেন, ‘খবরটি আমাদের কাছে যেন পেটে ঘুষি মারার মতো ছিল।’

তবে এরপরও স্টেলান্টিস শ্রমিক ইউনিয়নকে আশ্বস্ত করেছিল, ব্র্যাম্পটন কারখানায় নতুন একটি গাড়ির মডেল উৎপাদনের দায়িত্ব দেওয়া হবে।

গত আগস্টে প্রতিষ্ঠানটি রোশেলের সঙ্গে কারখানা বিক্রির আলোচনা চলছে বলে নিশ্চিত করে।

স্নো বলেন, ‘কোনো কোম্পানি যা বলে, তার সবকিছুই যে বিশ্বাস করতে হবে, তা নয়। তবে তাদের কথা অবিশ্বাস করার মতো কোনো কারণও আমাদের ছিল না। তারা আমাদের সঙ্গে সততা দেখায়নি।’

এই লড়াইয়ের সম্মুখসারি

স্টেলান্টিসের বিরুদ্ধে কানাডা সরকারের বক্তব্য বেশ কঠোর। প্রধানমন্ত্রী কার্নি কারখানাটি বিক্রির সিদ্ধান্তকে ‘বিশ্বাসঘাতকতা’ বলে অভিহিত করেছেন।

স্টেলান্টিসের বৈশ্বিক প্রধান নির্বাহী আন্তোনিও ফিলোসা শুক্রবার কানাডায় এসে সরকার ও শ্রমিক ইউনিয়নের সঙ্গে বৈঠক করবেন বলে আশা করা হচ্ছে।

তবে কারখানা বিক্রির সিদ্ধান্ত প্রত্যাহার করা হতে পারে—এমন কোনো ইঙ্গিত দেয়নি প্রতিষ্ঠানটি। বরং ক্ষতিগ্রস্ত শ্রমিকদের জন্য ন্যায্য সমঝোতার ভিত্তিতে ক্ষতিপূরণ প্যাকেজ তৈরির দিকে তারা মনোযোগ দিচ্ছে বলে জানিয়েছে। এতে কর্মীদের দীর্ঘদিনের চাকরির অভিজ্ঞতা ও অবদানের বিষয়টিও বিবেচনায় নেওয়ার কথা বলা হয়েছে।

চলতি সপ্তাহে শ্রমিকদের সঙ্গে এক সমাবেশে কানাডার বামপন্থী নিউ ডেমোক্রেটিক পার্টির নেতা আভি লুইস বলেন, ব্র্যাম্পটনে গাড়ি উৎপাদন অব্যাহত রাখতে স্টেলান্টিসকে বাধ্য করা উচিত প্রধানমন্ত্রী কার্নির।

তিনি বলেন, ‘একবার আমাদের এই শিল্প উৎপাদন সক্ষমতা হারিয়ে গেলে তা আর ফিরে পাওয়া যাবে না।’

লুইস আরও বলেন, ‘ট্রাম্পের শুল্কযুদ্ধ কানাডার ওপর একটি আক্রমণ। এই লড়াইয়ের সম্মুখসারিতে রয়েছে ব্র্যাম্পটনের এই কারখানা।’

তবে টরন্টো বিশ্ববিদ্যালয়ের শিল্প ও শ্রমনীতি বিশেষজ্ঞ রাফায়েল গোমেজ মনে করেন, এ ক্ষেত্রে কানাডা সরকারের করণীয় খুবই সীমিত।

তার মতে, বিশ্ববাজারে তীব্র প্রতিযোগিতার কারণে স্টেলান্টিস আগে থেকেই সংকটে ছিল। ব্র্যাম্পটনের কারখানাকে বৈদ্যুতিক গাড়ি উৎপাদনের উপযোগী করে গড়ে তোলার পরিকল্পনাটিও ছিল ঝুঁকিপূর্ণ। এর মধ্যে ট্রাম্পের আরোপ করা শুল্ক উত্তর আমেরিকার গাড়িশিল্পের উৎপাদন ব্যয়ের পুরো হিসাবই পাল্টে দিয়েছে।

গোমেজ এএফপিকে বলেন, ‘বিভিন্ন দিক থেকেই এই পরিস্থিতি আর টেকসই অবস্থায় নেই।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৯ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫৭
জোহর ১১:৪৫
আসর ০৩:৩৬
মাগরিব ০৫:১২
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:১৬ সূর্যাস্ত : ০৫:১২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%