প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
ঝালকাঠির জনজীবন টানা দুই দিনের বৃষ্টিতে বিপর্যস্ত হয়ে পড়েছে। কর্মজীবী, পথচারী, ক্ষুদ্র ব্যবসায়ী এবং খেটে খাওয়া সাধারণ মানুষের জন্য সবচেয়ে বেশি দুর্ভোগ সৃষ্টি হয়েছে। জীবিকার তাগিদে বৃষ্টি উপেক্ষা করে ঘর থেকে বের হলেও স্বাভাবিক কাজকর্ম করতে গিয়ে তারা চরম ভোগান্তির শিকার হচ্ছেন।
বৃহস্পতিবার সকাল থেকে শুরু হওয়া বৃষ্টি দিনভর অব্যাহত থাকার পর শুক্রবারও থেমে থেমে ভারী বৃষ্টিপাত হয়েছে। এর ফলে ঝালকাঠি শহরের রাস্তাঘাটে মানুষের চলাচল উল্লেখযোগ্যভাবে কমে গেছে। শহরের সড়কগুলোতে প্রতিদিনের চিরচেনা ব্যস্ততা নেই। বৃষ্টির কারণে ক্রেতা ও পথচারীর সংখ্যা হ্রাস পাওয়ায় ক্ষুদ্র ব্যবসায়ীদের বেচাকেনায় ভাটা পড়েছে।
শহরের বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, বৃষ্টির মধ্যে যাত্রীর অপেক্ষায় দাঁড়িয়ে রয়েছেন রিকশা ও অটোরিকশাচালকরা। তবে যাত্রী সংখ্যা কম থাকায় তাদের আয়ও উল্লেখযোগ্যভাবে কমে গেছে। বৃষ্টিতে ভিজে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করেও কাঙ্ক্ষিত যাত্রী পাচ্ছেন না অনেকে। এতে পরিবার-পরিজন নিয়ে সংসার চালানো নিয়ে তাদের দুশ্চিন্তা বেড়ে গেছে।
অন্যদিকে, ঝালকাঠির বিভিন্ন খেয়াঘাটেও দুর্ভোগের চিত্র দেখা যাচ্ছে। বিশেষ করে নলছিটিমুখী ও নলছিটি থেকে ঝালকাঠি শহরে আসা মানুষকে বৃষ্টির মধ্যে খেয়া পারাপারে ভোগান্তি পোহাতে হচ্ছে। সকাল থেকেই বৈরী আবহাওয়া উপেক্ষা করে জীবিকার তাগিদে মানুষকে খেয়া পার হতে দেখা যাচ্ছে। প্রতিকূল আবহাওয়ার মধ্যেও মানুষের দৈনন্দিন কর্মব্যস্ততা থেমে নেই।
বৃষ্টির কারণে জরুরি প্রয়োজনে ঘরের বাইরে বের হওয়া সাধারণ মানুষকেও বিড়ম্বনার শিকার হতে হচ্ছে। বিশেষ করে রিকশা, অটোরিকশা এবং খেয়ায় চলাচলকারী যাত্রীদের দুর্ভোগ বেড়েছে। পাশাপাশি বেচাকেনা কমে যাওয়ায় দিনমজুর ও ক্ষুদ্র ব্যবসায়ীদের আয়-রোজগারেও নেতিবাচক প্রভাব পড়েছে।
সব মিলিয়ে টানা দুই দিনের বৃষ্টিতে ঝালকাঠির সাধারণ মানুষের দুর্ভোগ বেড়েছে বহুগুণ। একদিকে জীবিকার তাগিদ, অন্যদিকে বৈরী আবহাওয়া—এই দুইয়ের সঙ্গে প্রতিনিয়ত লড়াই করতে হচ্ছে নিম্নআয়ের মানুষকে। বিশেষ করে দিন এনে দিন খাওয়া মানুষের কাছে এই বৃষ্টি যেন বাড়তি দুর্ভোগের কারণ হয়ে দাঁড়িয়েছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন