প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
নারায়ণগঞ্জের ফতুল্লায় গভীর রাতে একটি ডাইং কারখানায় গ্যাস লাইনের লিকেজের কারণে বিকট শব্দে বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এই দুর্ঘটনায় কারখানায় কর্মরত দুই শ্রমিক গুরুতর দগ্ধ হয়েছেন।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) দিবাগত রাত আনুমানিক ২টায় ৫০ মিনিটে ফতুল্লার ইসদাইর এলাকায় অবস্থিত ‘রতন ডাইং’ কারখানায় এই ঘটনা ঘটে।
দগ্ধ শ্রমিকদের নাম হচ্ছে পাশা (৪০) ও রঞ্জিত (৪৫)।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, মধ্যরাতে রতন মিয়ার মালিকানাধীন ওই ডাইং কারখানায় গ্যাস লাইনের লিকেজ থেকে হঠাৎ বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। এর পর স্থানীয়রা কারখানার ভেতরে প্রবেশ করে দেখতে পান পুরো ভবন ধোঁয়ায় আচ্ছন্ন এবং দুই শ্রমিক আগুনে পুড়ে ছটফট করছেন। আগুনের কারণে তাদের শরীর ঝলসে যায়। তাদের উদ্ধার করে দ্রুত চিকিৎসার জন্য ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নেওয়া হয়।
দগ্ধদের শারীরিক অবস্থার বিষয়ে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগের রেসিডেন্ট সার্জন ডা. সুলতান মাহমুদ শিকদার জানান, রাত ২টায় ৫০ মিনিটের দিকে ফতুল্লায় গ্যাস লাইনের লিকেজের পর দগ্ধ অবস্থায় দুই রোগীকে জরুরি বিভাগে আনা হয়। তাদের মধ্যে পাশার শরীরের ৮৭ শতাংশ ফ্লেম বার্নসহ শ্বাসনালী (ইনহেলেশন ইনজুরি) ক্ষতিগ্রস্ত হয়েছে। অন্যদিকে রঞ্জিতের শরীরের ৫২ শতাংশ ফ্লেম বার্নসহ শ্বাসনালী পুড়ে গেছে। তাদের দুজনের অবস্থাই অত্যন্ত আশঙ্কাজনক।
এ বিষয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সহকারী উপ-পরিচালক আব্দুল্লাহ আল আরিফিন কালের কণ্ঠকে বলেন, ‘ঘটনাটি আমরা জেনেছি এবং বিস্তারিত জানতে আমাদের একটি টিম পাঠানো হয়েছে।’
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন