ঢাকা বুধবার, ২৫শে নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ১০ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ১৪ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
বুধবার, ২৫শে নভেম্বর, ২০২৬ইং ১০ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

ভারতে ইসরায়েলের প্রভাব: ফোন হ্যাকিং থেকে ক্ষেপণাস্ত্র পর্যন্ত


ভারতে ইসরায়েলের প্রভাব: ফোন হ্যাকিং থেকে ক্ষেপণাস্ত্র পর্যন্ত

ভারতের প্রধান বিরোধী দল কংগ্রেস গাজায় ইসরায়েলের সামরিক অভিযানের বিরুদ্ধে সমালোচনা করলেও, দলের শীর্ষ নেতা রাহুল গান্ধী ইসরায়েলের সঙ্গে শক্তিশালী সম্পর্ক বজায় রাখার পক্ষে অবস্থান নিয়েছেন। এক সাক্ষাৎকারে রাহুল গান্ধী গাজার পরিস্থিতি নিয়ে কঠোর অবস্থান জানালেও, তিনি সশস্ত্র বাহিনীর জন্য সেরা অস্ত্র সংগ্রহের পাশাপাশি কৌশলগত স্বার্থে ইসরায়েলের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক রাখার কথা উল্লেখ করেন।

বিশ্লেষকদের মতে, রাহুল গান্ধীর এই বক্তব্য ভারত-ইসরায়েল সম্পর্কের গভীরতাকে তুলে ধরে, যা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও তার দল বিজেপির শাসনামলের বাইরেও বিস্তৃত এবং ভবিষ্যতেও টিকে থাকার মতো ভিত্তি পেয়েছে।

ভারতের বিভিন্ন খাতে ইসরায়েলের ওপর নির্ভরতা বেড়েছে, যার মধ্যে সামরিক সরঞ্জাম, নজরদারি প্রযুক্তি, পুলিশি কৌশল ও সাইবার নজরদারি অন্তর্ভুক্ত রয়েছে। সম্প্রতি ইন্টারনেট ফ্রিডম ফাউন্ডেশন (আইএফএফ)-এর এক অনুসন্ধানে দাবি করা হয়েছে যে, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ নিজ দেশের নিয়ম শিথিল করে ইসরায়েল থেকে ফোন হ্যাকিং প্রযুক্তি কেনার অনুমোদন দিয়েছিলেন। ২০১৯ সালে হোয়াটসঅ্যাপ জানায়, ইসরায়েলি প্রতিষ্ঠান এনএসও গ্রুপের তৈরি পেগাসাস স্পাইওয়্যার ব্যবহার করে ভারতের সাংবাদিক ও মানবাধিকার কর্মীদের লক্ষ্যবস্তু করা হয়েছিল, যদিও ভারত সরকার অননুমোদিত নজরদারির অভিযোগ অস্বীকার করেছে।

আরও পড়ুন: ইরানে অন্তঃসত্ত্বা হওয়ার খবর জানার পর কিশোরী মেয়েকে হত্যা

গবেষক ও বিশ্লেষকদের মতে, ভারত-ইসরায়েল সম্পর্ক কেবল নজরদারিতে সীমাবদ্ধ নয়। ২০১৪ সালের পর থেকে ভারত ইসরায়েলের অন্যতম প্রধান অস্ত্র ক্রেতায় পরিণত হয়েছে এবং দেশটির অস্ত্র রপ্তানির প্রায় ৩৭ শতাংশই যায় ভারতে। এই সহযোগিতার কেন্দ্রে রয়েছে আদানি গোষ্ঠী। ২০১৬ সালে হায়দরাবাদে ইসরায়েলি প্রতিষ্ঠান এলবিট সিস্টেমসের সঙ্গে যৌথ উদ্যোগে হের্মেস-৯০০ ড্রোন তৈরির কারখানা গড়ে ওঠে।

অস্ত্রের যন্ত্রাংশ উৎপাদন এবং ইসরায়েলের হাইফা বন্দর অধিগ্রহণের মতো বড় বিনিয়োগও যুক্ত হয়েছে। অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের সাম্প্রতিক এক প্রতিবেদনে ২০২৩ সালের অক্টোবর থেকে ২০২৫ সালের নভেম্বর পর্যন্ত ভারতীয় প্রতিষ্ঠানগুলো থেকে ইসরায়েলে অস্ত্র ও সামরিক সরঞ্জাম পাঠানোর পরিসংখ্যান তুলে ধরা হয়েছে। তবে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় কৌশলগত বাণিজ্যের ক্ষেত্রে তাদের শক্তিশালী আইনি কাঠামো থাকার কথা জানিয়ে অভিযোগগুলো এড়িয়ে গেছে।

বিশ্লেষকরা বলছেন, ভারত কেন ইসরায়েলের ওপর এতটা নির্ভরশীল, তার পেছনে বড় কারণ হলো শর্তহীন সরবরাহ ও প্রযুক্তিগত সমন্বয়। অনেক সময় পশ্চিমা দেশগুলো অস্ত্র বিক্রির ক্ষেত্রে ব্যবহার বা সোর্স কোড নিয়ে নানা শর্ত ও সীমাবদ্ধতা আরোপ করে, কিন্তু ইসরায়েল সে ধরনের কড়াকড়ি ছাড়াই সরঞ্জাম দেয় এবং রুশ প্রযুক্তির সঙ্গেও সহজে মানিয়ে নিতে পারে এমন ব্যবস্থা সরবরাহ করে। পাশাপাশি ‘মেক ইন ইন্ডিয়া’ কর্মসূচির আওতায় যৌথ উৎপাদন ও স্থানীয়করণের সুযোগও নতুন মাত্রা যোগ করেছে।

এই ঘনিষ্ঠতার পেছনে আদর্শিক মিল নাকি নিছক বাস্তববাদী স্বার্থ—তা নিয়ে বিশেষজ্ঞদের মধ্যে ভিন্নমত রয়েছে। এক পক্ষ মনে করে, জাতীয় নিরাপত্তা ও প্রতিরক্ষা চাহিদাই মূল চালিকাশক্তি। অন্য পক্ষের মতে, কৌশলগত প্রয়োজনের পাশাপাশি হিন্দুত্ববাদ ও জায়নবাদের মধ্যকার আদর্শিক সখ্য এবং রাষ্ট্রীয় নেতৃত্বের ব্যক্তিগত সখ্যও সম্পর্ককে দৃঢ় করেছে।

আরও পড়ুন: ইউক্রেন সংঘাতে প্রতি চার মিনিটে নিহত হচ্ছে একজন রুশ সেনা

ইতিহাস বলছে, এই সম্পর্কের সূচনা মোদির আমলে নয়। ১৯৬২ সালে চীন-ভারত যুদ্ধ, ১৯৬৫ ও ১৯৭১ সালের যুদ্ধের সময় গোপনে বা আনুষ্ঠানিক কূটনৈতিক সম্পর্ক ছাড়াই ইসরায়েল ভারতকে সামরিক সহায়তা দিয়েছিল। ১৯৯২ সালে কংগ্রেস শাসনামলে পূর্ণাঙ্গ কূটনৈতিক সম্পর্ক স্থাপিত হয় এবং পরবর্তী সময়ে বিজেপি ও কংগ্রেস—উভয় সরকারের আমলেই প্রতিরক্ষা সহযোগিতা এগিয়ে নেওয়া হয়। তবে ২০১৪ সালের পর থেকে এই সম্পর্ক আর গোপন বা লোকচক্ষুর আড়ালে থাকেনি; বরং প্রকাশ্যে ও প্রাতিষ্ঠানিকভাবে আরও দৃশ্যমান হয়ে উঠেছে।

একদিকে ফিলিস্তিন প্রশ্নে ঐতিহাসিক সমর্থনের দাবি এবং অন্যদিকে ইসরায়েলের সঙ্গে সামরিক ও কৌশলগত অংশীদারত্ব—এই দুইয়ের টানাপোড়েন ভারতের পররাষ্ট্রনীতি ও অভ্যন্তরীণ রাজনীতিতে নতুন বিতর্ক তৈরি করেছে। সমালোচকদের মতে, চলমান সংঘাত ও মানবাধিকার প্রশ্নে আন্তর্জাতিক অঙ্গনে জবাবদিহির বিষয়টি উপেক্ষিত হলে তা ভারতের কূটনৈতিক অবস্থানকেও প্রশ্নের মুখে ফেলতে পারে। সূত্র: আল জাজিরা।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

একনেকে ২৪ হাজার ১১০ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

বুধবার, ২৫শে নভেম্বর, ২০২৬ ইং

০৫:৪৪ পি.এম


একনেকে ২৪ হাজার ১১০ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক) ২৪ হাজার ১১০ কোটি ৬৬ লাখ টাকা ব্যয়ের ১০টি প্রকল্প অনুমোদন করেছে। এই অনুমোদিত প্রকল্পগুলোর মধ্যে পাঁচটি নতুন প্রকল্প অন্তর্ভুক্ত রয়েছে। বাকি প্রকল্পগুলোর মধ্যে চারটি সংশোধিত এবং একটি প্রকল্পের মেয়াদ বৃদ্ধির প্রস্তাব রয়েছে। প্রকল্পগুলোর বাস্তবায়নে সরকারের নিজস্ব অর্থায়ন থেকে ১২ হাজার ৭৭৫ কোটি ৯৯ লাখ টাকা, প্রকল্প ঋণ থেকে ৮ হাজার ৯৪৪ কোটি ২১ লাখ টাকা এবং সংস্থার নিজস্ব অর্থায়ন থেকে ২ হাজার ৩৯০ কোটি ৪৭ লাখ টাকা ব্যয় হবে।

বুধবার (২৫ নভেম্বর) বাংলাদেশ সচিবালয়ে প্রধানমন্ত্রী ও একনেক চেয়ারপারসন তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় এসব প্রকল্প অনুমোদন করা হয়।

অনুমোদিত প্রকল্পগুলোর মধ্যে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের দুটি প্রকল্প রয়েছে, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের তিনটি প্রকল্প, সমাজকল্যাণ মন্ত্রণালয়ের একটি প্রকল্প, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের একটি প্রকল্প, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের দুটি প্রকল্প এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের একটি প্রকল্প অন্তর্ভুক্ত রয়েছে।

স্বাস্থ্য খাতের দুটি প্রকল্পের মধ্যে আটটি বিভাগীয় শহরে পূর্ণাঙ্গ ক্যানসার, হৃদরোগ ও কিডনি চিকিৎসাকেন্দ্র স্থাপন প্রকল্পের দ্বিতীয় সংশোধন এবং যশোর, কক্সবাজার, পাবনা ও নোয়াখালীতে ৫০০ শয্যাবিশিষ্ট মেডিকেল কলেজ হাসপাতাল নির্মাণ প্রকল্পের দ্বিতীয় সংশোধন অন্তর্ভুক্ত। একইসাথে জাতীয় গ্যাস্ট্রোলিভার ইনস্টিটিউট ও হাসপাতালের ১১ ও ১২ তলা ঊর্ধ্বমুখী সম্প্রসারণের বিষয়টিও এই প্রকল্পের আওতায় এসেছে।

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের তিনটি প্রকল্পের মধ্যে দুটি নতুন প্রকল্প রয়েছে। এই প্রকল্পগুলো হলো পাবনা জেলার গ্রামীণ অবকাঠামো উন্নয়ন প্রকল্প এবং চট্টগ্রাম ও কক্সবাজার জেলার গ্রামীণ অবকাঠামো উন্নয়ন প্রকল্প। এছাড়া নোয়াখালী, ফেনী ও লক্ষ্মীপুর জেলার গুরুত্বপূর্ণ পল্লী অবকাঠামো উন্নয়ন প্রকল্পের দ্বিতীয় সংশোধনের প্রস্তাবও অনুমোদন দেওয়া হয়েছে।

সমাজকল্যাণ মন্ত্রণালয়ের অধীনে চরফ্যাশন উপজেলায় বাংলাদেশ দারিদ্র্য বিমোচন সংস্থা স্বাস্থ্যসেবা কেন্দ্র স্থাপন প্রকল্পের চতুর্থবারের মতো মেয়াদ বাড়ানো হয়েছে। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের গ্রামীণ মাটির রাস্তাসমূহ টেকসই করার লক্ষ্যে হেরিং বোন বন্ড (এইচবিবি) করণ প্রকল্পের চতুর্থ সংশোধনের প্রস্তাবও অনুমোদন পেয়েছে।

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের দুটি নতুন প্রকল্প অনুমোদন করা হয়েছে। এর মধ্যে ঢাকা শহরের পার্শ্ববর্তী ১৩টি পল্লী বিদ্যুৎ সমিতির বৈদ্যুতিক বিতরণ ব্যবস্থার ক্ষমতা বৃদ্ধি এবং চট্টগ্রাম ও সিলেট বিভাগের পল্লী বিদ্যুতের বিতরণ ব্যবস্থার আধুনিকায়ন ও ক্ষমতা বৃদ্ধি প্রকল্প অন্তর্ভুক্ত রয়েছে।

এছাড়া পানি সম্পদ মন্ত্রণালয়ের অধীনে কক্সবাজারের পেকুয়া উপজেলায় বন্যা নিয়ন্ত্রণ, নিষ্কাশন ও সেচ ব্যবস্থার উন্নয়নে উপকূলীয় পোল্ডার ৬৪/২এ ও ৬৪/২বি পুনর্বাসন প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে।

এদিকে, ৫০ কোটি টাকার কম ব্যয় সংবলিত আরও সাতটি প্রকল্প সম্পর্কে একনেক সভায় অবহিত করা হয়েছে। এসব প্রকল্প ইতোমধ্যে পরিকল্পনামন্ত্রী অনুমোদন করেছেন।

প্রকল্পগুলোর মধ্যে রয়েছে চট্টগ্রাম মহানগরীর বন্যা নিয়ন্ত্রণ, জলমগ্নতা ও জলাবদ্ধতা নিরসন এবং নিষ্কাশন ব্যবস্থার উন্নয়ন প্রকল্পের দ্বিতীয় সংশোধন, বন্যা পুনর্গঠন জরুরি সহায়তা প্রকল্প, কেন্দ্রীয় প্যাকিং হাউসে স্থাপিত উদ্ভিদ সংগনিরোধ পরীক্ষাগারকে আন্তর্জাতিক মানে উন্নীতকরণ প্রকল্প এবং ময়মনসিংহ বিভাগে মৎস্যসম্পদের টেকসই উন্নয়ন ও সম্প্রসারণ প্রকল্প।

এছাড়া বাংলাদেশের অভ্যন্তরীণ জলাশয়ের মৎস্যসম্পদের জরিপ পদ্ধতির উন্নয়ন, ভেনম রিসার্চ সেন্টার বাংলাদেশের সক্ষমতা বৃদ্ধি এবং পিরোজপুরের ভান্ডারিয়ায় টেক্সটাইল ভোকেশনাল ইনস্টিটিউট স্থাপন প্রকল্পও এই তালিকায় অন্তর্ভুক্ত রয়েছে।

সভায় অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী আবদুল মঈন খান, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান, সমাজকল্যাণমন্ত্রী ডা. জাহিদ, পানিসম্পদমন্ত্রী শহীদ উদ্দীন চৌধুরী এ্যানিসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বগুড়া পিস স্কুলের পরিচালকসহ ৩ জনের বিরুদ্ধে মামলা, পিবিআইকে তদন্তের নির্দেশ

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

বুধবার, ২৫শে নভেম্বর, ২০২৬ ইং

০৫:৪৫ পি.এম


বগুড়া পিস স্কুলের পরিচালকসহ ৩ জনের বিরুদ্ধে মামলা, পিবিআইকে তদন্তের নির্দেশ

বগুড়ার ‘পীস স্কুল অ্যান্ড কলেজ’-এর পরিচালনা ও পদত্যাগ সংক্রান্ত বিরোধের প্রেক্ষিতে একটি মামলা দায়ের করেছেন বিক্ষুব্ধ ও বঞ্চিত এক প্রতিষ্ঠাকালীন সদস্য। মামলাটি বগুড়ার সিনিয়র চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে দায়ের করা হয়েছে।

গত ১৬ নভেম্বর আদালতে মামলা দাখিলের পর বিজ্ঞ বিচারক মামলাটির তদন্তের জন্য পুলিশ তদন্তকারী সংস্থা (পিবিআই) কে নির্দেশ দিয়েছেন। আদালত সূত্রে জানা গেছে, নির্দেশনার বিষয়টি ২৫ নভেম্বর পিবিআইকে পাঠানো হয়েছে।

মামলাটি গত ১৬ নভেম্বর ২০২৬ তারিখে বগুড়া সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সদর আমলী আদালতে দায়ের করা হয় (নম্বর ২৯০৬/২০২৬)। বাদী হিসেবে প্রতিষ্ঠাকালীন পরিচালক মো. শাহাদত হোসেন, যিনি বগুড়া সদর থানার ঠনঠনিয়া এলাকার বাসিন্দা এবং আলহাজ্ব জালাল উদ্দিনের ছেলে। আসামিরা হলেন, শেরপুরের গোরতা গ্রামের মো. সোলায়মান আলীর ছেলে মো. শাহীন আলম, ধুনটের মানিক পোটল এলাকার মৃত আব্দুল বারীর ছেলে মো. ফজলুল হক এবং শিবগঞ্জ মাঝিহট্ট এলাকার মো. নুরুল হক প্রামাণিকের ছেলে মো. দেলোয়ার হোসেন।

মামলার আরজিতে উল্লেখ করা হয়েছে, বাদীসহ আসামি ও আরও কয়েকজনের সম্মিলিত উদ্যোগ ও অর্থায়নে সাবা হাউজিং কমপ্লেক্স, জামিলনগর এলাকায় ‘পীস স্কুল অ্যান্ড কলেজ’ প্রতিষ্ঠিত ও পরিচালিত হয়ে আসছিল। বাদী শাহাদত দাবি করেছেন, তিনি প্রতিষ্ঠাতা নির্বাহী পরিচালক হিসেবে বিনিয়োগসহ দায়িত্ব পালন করেছেন এবং এর উন্নয়ন ও আর্থিক কার্যক্রমে তার অবদান ছিল। ফেসিস্ট আওয়ামী সরকারের আমলে কিছুদিন বন্ধ থাকার পর ২০২৪ সালের জুলাইয়ের পরে প্রতিষ্ঠানটি পুনরায় চালু হয়। এরপর আসামিরা যোগসাজশে বাদীকে বেআইনিভাবে সরিয়ে দেওয়ার পরিকল্পনা করেন বলে অভিযোগ করা হয়েছে।

মামলার অভিযোগ অনুযায়ী, অভিযুক্তরা জামাত সংশ্লিষ্ট। তাদের অশুভ পরিকল্পনা সম্পর্কে জানতে পেরে বাদী গত ১২ অক্টোবর ২০২৬ তারিখে বগুড়া জেলা জামায়াত আমির বরাবর লিখিত অভিযোগ দেন। এর ধারাবাহিকতায় গত ৩১ অক্টোবর ২০২৬ বিকেল আনুমানিক সাড়ে ৪টার দিকে বাদীকে বগুড়া সদর থানাধীন কলোনিস্থ শেখ ফরিদ এতিমখানা সংলগ্ন জেলা জামায়াত অফিস কক্ষে ডাকা হয়।

সেখানে পূর্বপরিকল্পিতভাবে একত্রিত হয়ে মানসিক হয়রানি ও মারধরের ভয়ভীতি দেখিয়ে বাদীকে জীবনহানির হুমকি দেওয়া হয়। অভিযোগে উল্লেখ করা হয়েছে, একপর্যায়ে ইচ্ছার বিরুদ্ধে জোরপূর্বক পদত্যাগ সংক্রান্ত রেজুলেশন বহিতে স্বাক্ষর নেওয়া হয় এবং ৩০০ টাকা মূল্যমানের তিনটি ফাঁকা নন-জুডিশিয়াল স্ট্যাম্পে স্বাক্ষর গ্রহণ করা হয়। বাদী আশঙ্কা প্রকাশ করেছেন, এসব ফাঁকা স্ট্যাম্প ব্যবহার করে ভবিষ্যতে আর্থিক লেনদেন বা পদত্যাগ সংক্রান্ত মিথ্যা ও জাল দলিল তৈরি করা হতে পারে। এছাড়া পীস স্কুলের কার্যক্রমে অংশগ্রহণ এবং প্রতিষ্ঠানে প্রবেশে বাধা দেওয়ার অভিযোগও তোলা হয়েছে।

বাদীর পক্ষ থেকে দণ্ডবিধি ৩৮৩, ৩৮৪, ৩৮৫, ৫০৩, ৫০৬, ৩৪ ও ১২০বি ধারার পাশাপাশি তদন্ত সাপেক্ষে ৪৬৫, ৪৬৭, ৪৬৮ ও ৪৭১ ধারায় মামলাটি দায়ের করা হয়েছে এবং আসামিদের বিরুদ্ধে ওয়ারেন্ট জারির আবেদন জানানো হয়েছে।

নিজের অবস্থান তুলে ধরে বাদী শাহাদত হোসেন বলেন, “আমি পীস স্কুলের একজন প্রতিষ্ঠাকালীন পরিচালক। এই স্কুল পরিচালনা কমিটিতে হঠাৎ এসে যুক্ত হয় শাহীন আলম। এর আগে এই পরিচালকের কোনো নাম গন্ধই ছিলো না স্কুলটিতে। বগুড়া শহর শিবিরের সাবেক সভাপতি শাহীন আলম স্কুলটিতে ঢোকার পর থেকে নানাভাবে আর্থিক দুর্নীতির সাথে জড়িয়ে পড়ে। টাকা পয়সা নয় ছয় করার প্রতিবাদ করলেই কৌশলে এই সাবেক শিবির নেতা পরিচালকদের টাকা পয়সা ফেরত না দিয়েই জোরপূর্বক বের করে দেয়। এর আগে আরো চার/পাঁচজন পরিচালককে প্রতিষ্ঠান থেকে বের করে দেয়। সেই সাথে বগুড়া জেলা জামায়াতের অফিসে বিচারের নাম করে বসে জামায়াতের জেলা আমির আব্দুল হক এবং প্রচার সম্পাদক নুর মুহাম্মদ আবু তাহেরের উপস্থিতিতে আমাকে প্রাণনাশের হুমকি দিয়ে পরিচালক পদ থেকে অব্যাহতিপত্রে স্বাক্ষর নেয়। এসময় নুর মুহাম্মদ আবু তাহের আমাকে হত্যার উদ্দেশ্যে কয়েক বার মারতে আসে। আমি প্রাণনাশের ভয়ে স্বাক্ষর করতে বাধ্য হই। পরে বিষয়টি অভিযোগ আঁকড়ে বগুড়া সদর থানায় জানাই এবং পরে জেলা বগুড়া সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সদর আমলী আদালতে মামলা দায়ের করি।”

অন্যদিকে, আনীত অভিযোগগুলো অস্বীকার করে মামলার প্রধান আসামি পীস স্কুল বগুড়ার ব্যবস্থাপনা পরিচালক শাহীন আলম এবং দ্বিতীয় আসামি ফজলুল হক মিডিয়াকে জানিয়েছেন, মামলাকারী শাহাদতের দেওয়া অভিযোগগুলো সত্য নয়। তারা দাবি করেছেন, বাদী স্বেচ্ছায় পীস স্কুল থেকে তার পাওনাদি বুঝে নিয়ে পরিচালক পদ থেকে সরে গেছেন। তাদের দাবি, বাদীকে কেউ জোর করে ফাঁকা স্ট্যাম্পে সই করায়নি। তারা জানান, বিষয়টি বর্তমানে আদালতে বিচারাধীন এবং আদালতের নির্দেশেই পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কাপাসিয়ায় ভ্রাম্যমাণ আদালতে তিন মাদকসেবীকে বিনাশ্রম কারাদণ্ড

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

বুধবার, ২৫শে নভেম্বর, ২০২৬ ইং

০৫:৪৫ পি.এম


কাপাসিয়ায় ভ্রাম্যমাণ আদালতে তিন মাদকসেবীকে বিনাশ্রম কারাদণ্ড

গাজীপুরের কাপাসিয়ায় ভ্রাম্যমাণ আদালতে তিনজন মাদকসেবীর বিরুদ্ধে বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে। বুধবার, ২৫ নভেম্বর সকালে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হাফিজুল হকের নেতৃত্বে এই আদালত কার্যক্রম অনুষ্ঠিত হয়।

সূত্রের তথ্য অনুযায়ী, বুধবার সকালে ঘাগটিয়া ইউনিয়নের শালদৈ এলাকা থেকে স্থানীয় বাসিন্দারা তিনজন মাদকসেবীকে ৪ পিস ইয়াবা বড়ি সহ আটক করে পুলিশে সোপর্দ করেন। পরে থানার এসআই আমিরুল ইসলাম তাদের ভ্রাম্যমাণ আদালতে হাজির করেন। কারাদণ্ডপ্রাপ্তদের মধ্যে রয়েছেন শ্যামপুর গ্রামের নূরুজ্জামানের পুত্র সৌরভ (২০) এবং গাওরার গ্রামের জনাব আলীর পুত্র শফিকুল ইসলাম (১৯)। তাদেরকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

এছাড়া, গাওরার গ্রামের নাছির উদ্দিনের পুত্র আশিক (২৯) কে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

থানা পুলিশ জানিয়েছে, তাদের গাজীপুর আদালতে প্রেরণ করা হয়েছে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

জুলাই যোদ্ধাদের রাষ্ট্রীয় মর্যাদা নিশ্চিতের দাবি আখতার হোসেনের

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

বুধবার, ২৫শে নভেম্বর, ২০২৬ ইং

০৫:৪৬ পি.এম


জুলাই যোদ্ধাদের রাষ্ট্রীয় মর্যাদা নিশ্চিতের দাবি আখতার হোসেনের

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব ও রংপুর-৪ আসনের সংসদ সদস্য আখতার হোসেন জুলাই যোদ্ধাদের রাষ্ট্রীয় মর্যাদা নিশ্চিত করার দাবি জানিয়েছেন। রংপুরের কাউনিয়ায় জুলাই গণ অভ্যুত্থানে পুলিশের গুলিতে আহত হয়ে দীর্ঘদিন অসুস্থ থাকার পর মারা যাওয়া গেজেটভুক্ত জুলাই যোদ্ধা বিপ্লব হোসেনের পরিবারের পাশে দাঁড়িয়ে তিনি এই দাবি তুলে ধরেন।

বুধবার (২৫ নভেম্বর) সকালে কাউনিয়া উপজেলার হরিশ্বর বাঁধের পাড় গ্রামে গিয়ে বিপ্লব হোসেনের কবর জিয়ারত করেন আখতার হোসেন। এরপর তিনি পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে তাদের খোঁজখবর নেন এবং ৫০ হাজার টাকার অনুদানের চেক তুলে দেন। সংসদ সদস্য এসময় পরিবারটির জন্য প্রয়োজনীয় সরকারি সুযোগ-সুবিধা নিশ্চিত করার আশ্বাসও প্রদান করেন।

নিহত বিপ্লব হোসেন ওই গ্রামের সুরুজ মিয়ার ছেলে। জুলাই যোদ্ধা হিসেবে তার গেজেট নম্বর ১১৬৩।

পরিবারের সঙ্গে সাক্ষাৎ শেষে সংসদ সদস্য আখতার হোসেন বলেন, “শহীদ ও আহত গেজেটভুক্ত জুলাই যোদ্ধাদের জন্য সরকারি বিধিমালায় বেশ কিছু অসংগতি রয়েছে। যাদের নামে ভাতার হিসাব খোলা হয়েছে, তারা মারা গেলে সেই হিসাব বন্ধ হয়ে যায়। ফলে পরিবার আর্থিক সহায়তা থেকে বঞ্চিত হয়।”

তিনি আরও উল্লেখ করেন, “কোনো জুলাই যোদ্ধা মারা গেলে তার পরিবারের অন্য সদস্যদের যেন ভাতা পাওয়ার সুযোগ থাকে, সে বিষয়ে সরকারের সুদৃষ্টি দেয়া প্রয়োজন।”

এসময় আখতার হোসেন জুলাই যোদ্ধাদের রাষ্ট্রীয় মর্যাদার দাবি তুলে ধরে বলেন, “জুলাই যোদ্ধারা মারা গেলে তাদের গার্ড অব অনার দেয়া হয় না। সরকারিভাবে তাদের গার্ড অব অনার দেয়ার ব্যবস্থা করতে হবে।”

একই সঙ্গে এখনও অসুস্থ থাকা আহত জুলাই যোদ্ধাদের সুচিকিৎসা নিশ্চিত করতে সরকারকে কার্যকর উদ্যোগ নেয়ার আহ্বান জানান এনসিপির এই নেতা।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৪ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৫:০০
জোহর ১১:৪৬
আসর ০৩:৩৫
মাগরিব ০৫:১১
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:২০ সূর্যাস্ত : ০৫:১১
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%