০৫:৪৫ পি.এম
বগুড়ার ‘পীস স্কুল অ্যান্ড কলেজ’-এর পরিচালনা ও পদত্যাগ সংক্রান্ত বিরোধের প্রেক্ষিতে একটি মামলা দায়ের করেছেন বিক্ষুব্ধ ও বঞ্চিত এক প্রতিষ্ঠাকালীন সদস্য। মামলাটি বগুড়ার সিনিয়র চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে দায়ের করা হয়েছে।
গত ১৬ নভেম্বর আদালতে মামলা দাখিলের পর বিজ্ঞ বিচারক মামলাটির তদন্তের জন্য পুলিশ তদন্তকারী সংস্থা (পিবিআই) কে নির্দেশ দিয়েছেন। আদালত সূত্রে জানা গেছে, নির্দেশনার বিষয়টি ২৫ নভেম্বর পিবিআইকে পাঠানো হয়েছে।
মামলাটি গত ১৬ নভেম্বর ২০২৬ তারিখে বগুড়া সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সদর আমলী আদালতে দায়ের করা হয় (নম্বর ২৯০৬/২০২৬)। বাদী হিসেবে প্রতিষ্ঠাকালীন পরিচালক মো. শাহাদত হোসেন, যিনি বগুড়া সদর থানার ঠনঠনিয়া এলাকার বাসিন্দা এবং আলহাজ্ব জালাল উদ্দিনের ছেলে। আসামিরা হলেন, শেরপুরের গোরতা গ্রামের মো. সোলায়মান আলীর ছেলে মো. শাহীন আলম, ধুনটের মানিক পোটল এলাকার মৃত আব্দুল বারীর ছেলে মো. ফজলুল হক এবং শিবগঞ্জ মাঝিহট্ট এলাকার মো. নুরুল হক প্রামাণিকের ছেলে মো. দেলোয়ার হোসেন।
আরও পড়ুন: সড়ক নির্মাণে নিম্নমানের কাজ বরদাশত হবে না: ডা. শাহাদাত হোসেন
মামলার আরজিতে উল্লেখ করা হয়েছে, বাদীসহ আসামি ও আরও কয়েকজনের সম্মিলিত উদ্যোগ ও অর্থায়নে সাবা হাউজিং কমপ্লেক্স, জামিলনগর এলাকায় ‘পীস স্কুল অ্যান্ড কলেজ’ প্রতিষ্ঠিত ও পরিচালিত হয়ে আসছিল। বাদী শাহাদত দাবি করেছেন, তিনি প্রতিষ্ঠাতা নির্বাহী পরিচালক হিসেবে বিনিয়োগসহ দায়িত্ব পালন করেছেন এবং এর উন্নয়ন ও আর্থিক কার্যক্রমে তার অবদান ছিল। ফেসিস্ট আওয়ামী সরকারের আমলে কিছুদিন বন্ধ থাকার পর ২০২৪ সালের জুলাইয়ের পরে প্রতিষ্ঠানটি পুনরায় চালু হয়। এরপর আসামিরা যোগসাজশে বাদীকে বেআইনিভাবে সরিয়ে দেওয়ার পরিকল্পনা করেন বলে অভিযোগ করা হয়েছে।
মামলার অভিযোগ অনুযায়ী, অভিযুক্তরা জামাত সংশ্লিষ্ট। তাদের অশুভ পরিকল্পনা সম্পর্কে জানতে পেরে বাদী গত ১২ অক্টোবর ২০২৬ তারিখে বগুড়া জেলা জামায়াত আমির বরাবর লিখিত অভিযোগ দেন। এর ধারাবাহিকতায় গত ৩১ অক্টোবর ২০২৬ বিকেল আনুমানিক সাড়ে ৪টার দিকে বাদীকে বগুড়া সদর থানাধীন কলোনিস্থ শেখ ফরিদ এতিমখানা সংলগ্ন জেলা জামায়াত অফিস কক্ষে ডাকা হয়।
সেখানে পূর্বপরিকল্পিতভাবে একত্রিত হয়ে মানসিক হয়রানি ও মারধরের ভয়ভীতি দেখিয়ে বাদীকে জীবনহানির হুমকি দেওয়া হয়। অভিযোগে উল্লেখ করা হয়েছে, একপর্যায়ে ইচ্ছার বিরুদ্ধে জোরপূর্বক পদত্যাগ সংক্রান্ত রেজুলেশন বহিতে স্বাক্ষর নেওয়া হয় এবং ৩০০ টাকা মূল্যমানের তিনটি ফাঁকা নন-জুডিশিয়াল স্ট্যাম্পে স্বাক্ষর গ্রহণ করা হয়। বাদী আশঙ্কা প্রকাশ করেছেন, এসব ফাঁকা স্ট্যাম্প ব্যবহার করে ভবিষ্যতে আর্থিক লেনদেন বা পদত্যাগ সংক্রান্ত মিথ্যা ও জাল দলিল তৈরি করা হতে পারে। এছাড়া পীস স্কুলের কার্যক্রমে অংশগ্রহণ এবং প্রতিষ্ঠানে প্রবেশে বাধা দেওয়ার অভিযোগও তোলা হয়েছে।
বাদীর পক্ষ থেকে দণ্ডবিধি ৩৮৩, ৩৮৪, ৩৮৫, ৫০৩, ৫০৬, ৩৪ ও ১২০বি ধারার পাশাপাশি তদন্ত সাপেক্ষে ৪৬৫, ৪৬৭, ৪৬৮ ও ৪৭১ ধারায় মামলাটি দায়ের করা হয়েছে এবং আসামিদের বিরুদ্ধে ওয়ারেন্ট জারির আবেদন জানানো হয়েছে।
আরও পড়ুন: গাজীপুরে নারী শ্রমিক নিহতের গুজব, থানায় এসে জানালেন তিনি সুস্থ
নিজের অবস্থান তুলে ধরে বাদী শাহাদত হোসেন বলেন, “আমি পীস স্কুলের একজন প্রতিষ্ঠাকালীন পরিচালক। এই স্কুল পরিচালনা কমিটিতে হঠাৎ এসে যুক্ত হয় শাহীন আলম। এর আগে এই পরিচালকের কোনো নাম গন্ধই ছিলো না স্কুলটিতে। বগুড়া শহর শিবিরের সাবেক সভাপতি শাহীন আলম স্কুলটিতে ঢোকার পর থেকে নানাভাবে আর্থিক দুর্নীতির সাথে জড়িয়ে পড়ে। টাকা পয়সা নয় ছয় করার প্রতিবাদ করলেই কৌশলে এই সাবেক শিবির নেতা পরিচালকদের টাকা পয়সা ফেরত না দিয়েই জোরপূর্বক বের করে দেয়। এর আগে আরো চার/পাঁচজন পরিচালককে প্রতিষ্ঠান থেকে বের করে দেয়। সেই সাথে বগুড়া জেলা জামায়াতের অফিসে বিচারের নাম করে বসে জামায়াতের জেলা আমির আব্দুল হক এবং প্রচার সম্পাদক নুর মুহাম্মদ আবু তাহেরের উপস্থিতিতে আমাকে প্রাণনাশের হুমকি দিয়ে পরিচালক পদ থেকে অব্যাহতিপত্রে স্বাক্ষর নেয়। এসময় নুর মুহাম্মদ আবু তাহের আমাকে হত্যার উদ্দেশ্যে কয়েক বার মারতে আসে। আমি প্রাণনাশের ভয়ে স্বাক্ষর করতে বাধ্য হই। পরে বিষয়টি অভিযোগ আঁকড়ে বগুড়া সদর থানায় জানাই এবং পরে জেলা বগুড়া সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সদর আমলী আদালতে মামলা দায়ের করি।”
অন্যদিকে, আনীত অভিযোগগুলো অস্বীকার করে মামলার প্রধান আসামি পীস স্কুল বগুড়ার ব্যবস্থাপনা পরিচালক শাহীন আলম এবং দ্বিতীয় আসামি ফজলুল হক মিডিয়াকে জানিয়েছেন, মামলাকারী শাহাদতের দেওয়া অভিযোগগুলো সত্য নয়। তারা দাবি করেছেন, বাদী স্বেচ্ছায় পীস স্কুল থেকে তার পাওনাদি বুঝে নিয়ে পরিচালক পদ থেকে সরে গেছেন। তাদের দাবি, বাদীকে কেউ জোর করে ফাঁকা স্ট্যাম্পে সই করায়নি। তারা জানান, বিষয়টি বর্তমানে আদালতে বিচারাধীন এবং আদালতের নির্দেশেই পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন