প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
ভারতের প্রধান বিরোধী দল কংগ্রেস গাজায় ইসরায়েলের সামরিক অভিযানের বিরুদ্ধে সমালোচনা করলেও, দলের শীর্ষ নেতা রাহুল গান্ধী ইসরায়েলের সঙ্গে শক্তিশালী সম্পর্ক বজায় রাখার পক্ষে অবস্থান নিয়েছেন। এক সাক্ষাৎকারে রাহুল গান্ধী গাজার পরিস্থিতি নিয়ে কঠোর অবস্থান জানালেও, তিনি সশস্ত্র বাহিনীর জন্য সেরা অস্ত্র সংগ্রহের পাশাপাশি কৌশলগত স্বার্থে ইসরায়েলের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক রাখার কথা উল্লেখ করেন।
বিশ্লেষকদের মতে, রাহুল গান্ধীর এই বক্তব্য ভারত-ইসরায়েল সম্পর্কের গভীরতাকে তুলে ধরে, যা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও তার দল বিজেপির শাসনামলের বাইরেও বিস্তৃত এবং ভবিষ্যতেও টিকে থাকার মতো ভিত্তি পেয়েছে।
ভারতের বিভিন্ন খাতে ইসরায়েলের ওপর নির্ভরতা বেড়েছে, যার মধ্যে সামরিক সরঞ্জাম, নজরদারি প্রযুক্তি, পুলিশি কৌশল ও সাইবার নজরদারি অন্তর্ভুক্ত রয়েছে। সম্প্রতি ইন্টারনেট ফ্রিডম ফাউন্ডেশন (আইএফএফ)-এর এক অনুসন্ধানে দাবি করা হয়েছে যে, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ নিজ দেশের নিয়ম শিথিল করে ইসরায়েল থেকে ফোন হ্যাকিং প্রযুক্তি কেনার অনুমোদন দিয়েছিলেন। ২০১৯ সালে হোয়াটসঅ্যাপ জানায়, ইসরায়েলি প্রতিষ্ঠান এনএসও গ্রুপের তৈরি পেগাসাস স্পাইওয়্যার ব্যবহার করে ভারতের সাংবাদিক ও মানবাধিকার কর্মীদের লক্ষ্যবস্তু করা হয়েছিল, যদিও ভারত সরকার অননুমোদিত নজরদারির অভিযোগ অস্বীকার করেছে।
গবেষক ও বিশ্লেষকদের মতে, ভারত-ইসরায়েল সম্পর্ক কেবল নজরদারিতে সীমাবদ্ধ নয়। ২০১৪ সালের পর থেকে ভারত ইসরায়েলের অন্যতম প্রধান অস্ত্র ক্রেতায় পরিণত হয়েছে এবং দেশটির অস্ত্র রপ্তানির প্রায় ৩৭ শতাংশই যায় ভারতে। এই সহযোগিতার কেন্দ্রে রয়েছে আদানি গোষ্ঠী। ২০১৬ সালে হায়দরাবাদে ইসরায়েলি প্রতিষ্ঠান এলবিট সিস্টেমসের সঙ্গে যৌথ উদ্যোগে হের্মেস-৯০০ ড্রোন তৈরির কারখানা গড়ে ওঠে।
অস্ত্রের যন্ত্রাংশ উৎপাদন এবং ইসরায়েলের হাইফা বন্দর অধিগ্রহণের মতো বড় বিনিয়োগও যুক্ত হয়েছে। অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের সাম্প্রতিক এক প্রতিবেদনে ২০২৩ সালের অক্টোবর থেকে ২০২৫ সালের নভেম্বর পর্যন্ত ভারতীয় প্রতিষ্ঠানগুলো থেকে ইসরায়েলে অস্ত্র ও সামরিক সরঞ্জাম পাঠানোর পরিসংখ্যান তুলে ধরা হয়েছে। তবে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় কৌশলগত বাণিজ্যের ক্ষেত্রে তাদের শক্তিশালী আইনি কাঠামো থাকার কথা জানিয়ে অভিযোগগুলো এড়িয়ে গেছে।
বিশ্লেষকরা বলছেন, ভারত কেন ইসরায়েলের ওপর এতটা নির্ভরশীল, তার পেছনে বড় কারণ হলো শর্তহীন সরবরাহ ও প্রযুক্তিগত সমন্বয়। অনেক সময় পশ্চিমা দেশগুলো অস্ত্র বিক্রির ক্ষেত্রে ব্যবহার বা সোর্স কোড নিয়ে নানা শর্ত ও সীমাবদ্ধতা আরোপ করে, কিন্তু ইসরায়েল সে ধরনের কড়াকড়ি ছাড়াই সরঞ্জাম দেয় এবং রুশ প্রযুক্তির সঙ্গেও সহজে মানিয়ে নিতে পারে এমন ব্যবস্থা সরবরাহ করে। পাশাপাশি ‘মেক ইন ইন্ডিয়া’ কর্মসূচির আওতায় যৌথ উৎপাদন ও স্থানীয়করণের সুযোগও নতুন মাত্রা যোগ করেছে।
এই ঘনিষ্ঠতার পেছনে আদর্শিক মিল নাকি নিছক বাস্তববাদী স্বার্থ—তা নিয়ে বিশেষজ্ঞদের মধ্যে ভিন্নমত রয়েছে। এক পক্ষ মনে করে, জাতীয় নিরাপত্তা ও প্রতিরক্ষা চাহিদাই মূল চালিকাশক্তি। অন্য পক্ষের মতে, কৌশলগত প্রয়োজনের পাশাপাশি হিন্দুত্ববাদ ও জায়নবাদের মধ্যকার আদর্শিক সখ্য এবং রাষ্ট্রীয় নেতৃত্বের ব্যক্তিগত সখ্যও সম্পর্ককে দৃঢ় করেছে।
ইতিহাস বলছে, এই সম্পর্কের সূচনা মোদির আমলে নয়। ১৯৬২ সালে চীন-ভারত যুদ্ধ, ১৯৬৫ ও ১৯৭১ সালের যুদ্ধের সময় গোপনে বা আনুষ্ঠানিক কূটনৈতিক সম্পর্ক ছাড়াই ইসরায়েল ভারতকে সামরিক সহায়তা দিয়েছিল। ১৯৯২ সালে কংগ্রেস শাসনামলে পূর্ণাঙ্গ কূটনৈতিক সম্পর্ক স্থাপিত হয় এবং পরবর্তী সময়ে বিজেপি ও কংগ্রেস—উভয় সরকারের আমলেই প্রতিরক্ষা সহযোগিতা এগিয়ে নেওয়া হয়। তবে ২০১৪ সালের পর থেকে এই সম্পর্ক আর গোপন বা লোকচক্ষুর আড়ালে থাকেনি; বরং প্রকাশ্যে ও প্রাতিষ্ঠানিকভাবে আরও দৃশ্যমান হয়ে উঠেছে।
একদিকে ফিলিস্তিন প্রশ্নে ঐতিহাসিক সমর্থনের দাবি এবং অন্যদিকে ইসরায়েলের সঙ্গে সামরিক ও কৌশলগত অংশীদারত্ব—এই দুইয়ের টানাপোড়েন ভারতের পররাষ্ট্রনীতি ও অভ্যন্তরীণ রাজনীতিতে নতুন বিতর্ক তৈরি করেছে। সমালোচকদের মতে, চলমান সংঘাত ও মানবাধিকার প্রশ্নে আন্তর্জাতিক অঙ্গনে জবাবদিহির বিষয়টি উপেক্ষিত হলে তা ভারতের কূটনৈতিক অবস্থানকেও প্রশ্নের মুখে ফেলতে পারে। সূত্র: আল জাজিরা।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন