শুক্রবার, ২০ই নভেম্বর, ২০২৬ ইং
০৪:১৪ পি.এম
ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো এবার দুইজন প্রতিদ্বন্দ্বীর মুখোমুখি হতে চলেছেন। ফ্রান্সের ফিলিপ দিয়ালো এবং জাপানের কোজো তাশিমা মাঠে নেমেছেন তার ১১ বছরের শাসন শেষ করার জন্য। বৃহস্পতিবার ফিফা এই তথ্য নিশ্চিত করেছে।
মধ্যরাতের সময়সীমার মধ্যে দুজনেই জুরিখে মনোনয়নপত্র জমা দিয়েছেন। তাদের সঙ্গে ছিল পাঁচটি সদস্য ফেডারেশনের সমর্থনপত্র। ফিফার ২১১টি সদস্য ফেডারেশন ভোট প্রদান করবে। ভোট অনুষ্ঠিত হবে ১৮ মার্চ মরক্কোর রাবাতে।
জুলাইয়ে ইনফান্তিনোর একটি গোপন পরিকল্পনা ফাঁস হয়েছিল। ওই পরিকল্পনায় বিশ্বকাপের মুনাফার অংশ বেসরকারি বিনিয়োগকারীদের কাছে বিক্রির কথা ছিল। তীব্র সমালোচনার পর তিনি সেই প্রকল্প বাতিল করেন। এরপর থেকে উয়েফার নেতৃত্বে তার সমালোচকেরা তাকে সরানোর চেষ্টা করছেন।
ফিফা এক বিবৃতিতে জানিয়েছে, ‘প্রার্থীদের আবেদন নির্বাচন কমিটির কাছে পাঠানো হয়েছে। কমিটি আবেদন যাচাই করবে এবং প্রার্থীকে গ্রহণ করা হবে কি না, সে বিষয়ে সিদ্ধান্ত নেবে।’
নির্বাচন কমিটির তিন সদস্যকে ১৮ ফেব্রুয়ারির মধ্যে জানাতে হবে কারা ব্যালটে থাকবেন। প্রার্থীদের যোগ্যতা ও সততার পরীক্ষায় পাস করতে হবে। কমিটির সিদ্ধান্তের বিরুদ্ধে পরে সুইজারল্যান্ডের লুজানে অবস্থিত ক্রীড়া সালিশি আদালতে (কাস) আপিল করা যাবে।
গত গ্রীষ্মের বিশ্বকাপে যুক্তরাষ্ট্রের স্ট্রাইকার ফোলারিন বালোগান লাল কার্ড দেখেছিলেন। তবে তাকে এক ম্যাচের জন্যও নিষেধাজ্ঞা দেওয়া হয়নি। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হস্তক্ষেপের পর বালোগানের নিষেধাজ্ঞা বাতিল হয়। ফিফা এই বিষয়টি যেভাবে সামলেছে, তা নিয়ে ইনফান্তিনো কড়া সমালোচনার মুখে পড়েন।
কে এই ফিলিপ দিয়ালো
দিয়ালো ফ্রান্স ফুটবল ফেডারেশনের সভাপতি। তিনি নঁতের একাডেমিতে খেলেছেন এবং ১৯৯২ সাল থেকে ফুটবলের সঙ্গে যুক্ত রয়েছেন। ২০ বছরেরও বেশি সময় তিনি ফিফার বিরোধ নিষ্পত্তি চেম্বারের বিচারক ছিলেন।
মঙ্গলবার প্যারিসে ৬৩ বছর বয়সী দিয়ালো তার প্রার্থিতা ঘোষণা করেন। তিনি বলেন, অন্য মহাদেশ থেকে তিনি ‘সমর্থনের জোরালো ইঙ্গিত’ পেয়েছেন। তার কথায়, ইনফান্তিনোকে চ্যালেঞ্জ করতে প্রথম উৎসাহ দেন উয়েফার ইংলিশ এফএ চেয়ার ডেবি হিউইট।
দিয়ালো জানিয়েছেন, তিনি তাশিমাকে ‘একজোট’ হতে রাজি করানোর চেষ্টা করবেন। তবে এর মানে ঠিক কী, তা তিনি খোলাসা করেননি। দুজনের প্রার্থিতার ওপর এর কী প্রভাব পড়বে, তাও তিনি বলেননি।
কে এই কোজো তাশিমা
তাশিমা জাপানের সাবেক আন্তর্জাতিক ফুটবলার। তার বয়স ৬৮। তিনি ফিফা সভাপতি পদে লড়া প্রথম জাপানি। ১৯৭৯-৮০ সালে তিনি জাপানের হয়ে সাতটি ম্যাচ খেলেছেন এবং পরে জাপান ফুটবল ফেডারেশনের প্রধানও হন।
২০১৫ সাল থেকে তিনি ফিফার পরিচালনা কমিটির সদস্য। তখন সভাপতি ছিলেন ব্লাটার।
প্রার্থিতার ঘোষণা দেওয়ার সময় তাশিমা বলেন, ‘এটা জেতা বা হারার বিষয় নয়। জাপানের ফুটবল যে সৎ, সুস্থ ও ন্যায়নিষ্ঠ মনোভাব গড়ে তুলেছে, তা বিশ্বকে জানানোই আসল কথা।’ রয়টার্স এ কথা জানিয়েছে। তিনি আরও বলেন, ‘ফিফার এখন এসব মূল্যবোধই দরকার, যা আমরা আগলে রেখেছি। বিশ্বের কাছে এই আহ্বান জানাতেই আমি লড়ার সিদ্ধান্ত নিয়েছি।’
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
গোপালগঞ্জের কোটালীপাড়ায় কান্দি ইউনিয়ন জামায়াতে ইসলামীর সভাপতির পদ থেকে মো. আবুল কালাম শেখ পদত্যাগ করেছেন। তিনি তার দায়িত্ব পালনে অক্ষমতার কথা জানিয়ে শুক্রবার (২০ নভেম্বর) সকালে নিজ বাড়িতে একটি সংবাদ সম্মেলন আয়োজন করে পদত্যাগের ঘোষণা দেন।
সংবাদ সম্মেলনে আবুল কালাম শেখ উল্লেখ করেন, কোটালীপাড়া উপজেলা জামায়াতের পক্ষ থেকে এক বছর আগে অলিখিতভাবে কান্দি ইউনিয়ন জামায়াতের সভাপতির দায়িত্ব তাকে দেওয়া হয়েছিল। তিনি জানান, তিন মাস আগে তিনি তার দায়িত্বশীলদের জানিয়েছিলেন যে, তিনি এই দায়িত্ব পালন করতে অপারগ এবং সেই কারণে পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন।
তিনি আরও বলেন, সাধারণ মানুষের কাছে বিষয়টি পৌঁছায়নি, তাই গণমাধ্যমের মাধ্যমে এটি জানানো প্রয়োজন মনে করেছেন। আবুল কালাম শেখ বলেন, "আমি আজ থেকে বাংলাদেশ জামায়াতে ইসলাম কান্দি ইউনিয়ন সভাপতির পদ থেকে পদত্যাগ করলাম।"
আবুল কালাম বলেন, তার পদত্যাগের পেছনে কোনো চাপ বা ভয়ভীতি নেই। তিনি নিজ সিদ্ধান্তে পদত্যাগ করেছেন, কারণ এই দায়িত্বে থেকে দলীয় কার্যক্রম পরিচালনা করা তার পক্ষে সম্ভব নয়।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
ঝিনাইদহ পৌরসভার ব্যস্ততম নতুন হাটখোলা বাজার সামান্য বৃষ্টিতে কাদা ও পানিতে একাকার হয়ে যায়। এই পরিস্থিতি দেখে বোঝার উপায় নেই যে এটি একটি বাজার, নাকি ধান লাগানোর চাষের জমি।
পৌর কর্তৃপক্ষের দীর্ঘদিনের উদাসীনতা ও অবহেলার কারণে হাটের ভেতরের চলাচলের রাস্তা ও অলিগলি সম্পূর্ণ অনুপযোগী হয়ে পড়েছে, ফলে হাজারো ক্রেতা-বিক্রেতা চরম জনদুর্ভোগে পড়েছেন। অতীতে এই হাটের ভেতরের রাস্তায় নামমাত্র ইটের খোয়া (ব্যাটস) ফেলে প্রায় ৫৫ লাখ টাকা তুলে নেওয়ার অভিযোগও রয়েছে।
সরেজমিনে বাজার ঘুরে দেখা গেছে, বৃষ্টির কারণে হাটের অধিকাংশ স্থানে কাদা ও জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। কোথাও জমে আছে নোংরা পানি, আবার কোথাও কাদার মধ্যে যানবাহনের চাকার খাদ তৈরি হয়েছে। পা ফেলার মতো কোনো শুকনো জায়গা না থাকায় সাধারণ মানুষ বাধ্য হয়ে কাদা মাড়িয়েই নিত্যপ্রয়োজনীয় কেনাকাটা করছেন।
হাটে বাজার করতে আসা শহরের আরাপপুর এলাকার আবু জাফর ক্ষোভ প্রকাশ করে বলেন, "বৃষ্টি নামলেই এই হাটের এমন বেহাল দশা হয়। কাঁদার মধ্য দিয়ে হাঁটতে গিয়ে পরনের কাপড় ও জুতা নষ্ট হয়ে যাচ্ছে। একটু অসতর্ক হলেই পা পিছলে বড় ধরনের দুর্ঘটনার ভয় থাকে।"
উপ-শহর পাড়ার ক্রেতা বেবি খাতুন জানান, "এমন কাদাপানির ভেতর নারী ও বয়স্ক মানুষদের চলাচল করা প্রায় অসম্ভব হয়ে পড়েছে। পৌরসভার উচিত দ্রুত হাটের রাস্তাঘাট সংস্কার করে মানুষের এই কষ্ট লাঘব করা।"
পৌর কর্তৃপক্ষের অবহেলার অভিযোগ তুলে সবজি বিক্রেতা আব্দুল হালিম বলেন, "দীর্ঘদিন ধরে এখানে ব্যবসা করছি। বৃষ্টি হলেই পুরো হাট কাদায় ডুবে যায়, মালামাল নিয়ে দোকানে ঢোকা যায় না। কাদার ভয়ে ক্রেতারাও আসতে চান না, ফলে আমাদের বেচাকেনা অর্ধেকে নেমে আসে। পৌরসভায় বারবার ধরনা দিয়েও কোনো প্রতিকার মেলেনি।"
মাছ বিক্রেতা মনির হোসেন একই সুরে দ্রুত হাটের রাস্তাগুলো পাকা করার ও সঠিক ড্রেনেজ বা পানি নিষ্কাশনের ব্যবস্থা নেওয়ার দাবি জানান।
স্থানীয় ব্যবসায়ী ও বাসিন্দাদের অভিযোগ, এর আগে এই হাটের রাস্তায় কেবল ইটের খোয়া (ব্যাটস) ফেলে সংস্কারের নামে ৫৫ লাখ টাকা বিল তুলে নেওয়া হয়েছিল, কিন্তু কাজের কাজ কিছুই হয়নি।
এ বিষয়ে ঝিনাইদহ পৌরসভার সহকারী প্রকৌশলী মো. রাশেদ আলী খান বলেন, "নতুন হাটখোলার ভেতরের রাস্তা সংস্কারের জন্য ‘জলবায়ু সহনশীল নগর ও আঞ্চলিক উন্নয়ন প্রকল্প’-আরইউটিডিপি এর আওতায় সংস্কারের উদ্যোগ নেওয়া হয়েছে।"
তিনি আরও জানান, ইতোমধ্যে কাজের টেন্ডার প্রক্রিয়া সম্পন্ন হয়েছে এবং আগামী সপ্তাহেই নির্মাণকাজ শুরু হবে। আশা করছি দ্রুতই এই জনদুর্ভোগের স্থায়ী সমাধান হবে।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
হোয়াটসঅ্যাপে প্রতিদিন অসংখ্য মেসেজ, ছবি, ভিডিও এবং গুরুত্বপূর্ণ নথি জমা হয়। ফোন হারানোর পর বা নতুন ফোন কিনলে এই গুরুত্বপূর্ণ তথ্যগুলো ফিরে পাওয়ার জন্য ব্যাকআপের প্রয়োজন হয়। এতদিন গুগল ড্রাইভ অথবা আইক্লাউডে এই ব্যাকআপ রাখা সম্ভব ছিল। তবে এখন হোয়াটসঅ্যাপ নিজস্ব ক্লাউড স্টোরেজ চালুর পরিকল্পনা করছে। সেখানে নির্দিষ্ট পরিমাণ জায়গা বিনামূল্যে পাওয়া যাবে। কিন্তু অতিরিক্ত স্টোরেজ প্রয়োজন হলে ব্যবহারকারীদের টাকা খরচ করে সাবস্ক্রিপশন নিতে হতে পারে।
প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট ওয়েববিটাইনফোরের তথ্য অনুযায়ী, হোয়াটসঅ্যাপের নতুন ক্লাউড স্টোরেজ ফিচার বর্তমানে পরীক্ষামূলক পর্যায়ে রয়েছে। নির্বাচিত কিছু অ্যান্ড্রয়েড বেটা ব্যবহারকারী এই সুবিধাটি পাচ্ছেন। ফিচারটি চালু হলে ব্যবহারকারীরা গুগল ড্রাইভের পাশাপাশি হোয়াটসঅ্যাপের নিজস্ব ক্লাউডেও চ্যাট ব্যাকআপ রাখতে সক্ষম হবেন।
নতুন এই পরিষেবায় ব্যবহারকারীদের জন্য ২জিবি পর্যন্ত স্টোরেজ বিনামূল্যে দেওয়ার পরিকল্পনা রয়েছে। তবে যাদের আরও বেশি জায়গার প্রয়োজন, তাদের জন্য পেইড সাবস্ক্রিপশন থাকবে।
প্রাথমিক রিপোর্টে ভারতে দুটি সাবস্ক্রিপশন প্ল্যানের তথ্য পাওয়া গেছে। এর মধ্যে ‘হোয়াটসঅ্যাপ প্লাস’ নামক প্ল্যানের আওতায় মাসে ৭৯ রুপি খরচ করলে সর্বোচ্চ ১০০জিবি স্টোরেজ পাওয়া যাবে। অপরদিকে ‘মেটা ওয়ান কোর’ নামক প্ল্যানে মাসিক খরচ হতে পারে ৫৪৯ রুপি। এতে সর্বোচ্চ ৪ টেরাবাইট স্টোরেজ পাওয়ার সম্ভাবনা রয়েছে। এগুলো সম্ভাব্য মূল্য এবং চূড়ান্ত দাম সংস্থার ঘোষণার পরেই নিশ্চিত হবে।
রিপোর্ট অনুযায়ী, পেইড প্ল্যানের মেয়াদ শেষ হয়ে গেলেও শেষ ব্যাকআপটি চার মাস পর্যন্ত হোয়াটসঅ্যাপের সার্ভারে রাখা হবে। এই সময়ের মধ্যে সাবস্ক্রিপশন চালু না করলে ব্যাকআপ স্থায়ীভাবে মুছে যেতে পারে। তাই পরিষেবাটি ব্যবহার করার সময় সাবস্ক্রিপশনের মেয়াদ খেয়াল রাখা অত্যন্ত জরুরি।
এছাড়া জানা গেছে, নতুন ক্লাউড স্টোরেজে রাখা চ্যাট এন্ড-টু-এন্ড এনক্রিপশন দিয়ে সুরক্ষিত থাকবে। এই নিরাপত্তা ব্যবস্থা বন্ধ করার সুযোগ থাকবে না। অতিরিক্ত সুরক্ষার জন্য ব্যবহারকারীরা পাসওয়ার্ড, পাসকি অথবা ৬৪ সংখ্যার এনক্রিপশন কি ব্যবহার করতে পারবেন। যারা এনক্রিপশন ছাড়া ব্যাকআপ রাখতে চান, তাদের গুগল ড্রাইভ বা আইক্লাউড ব্যবহার করতে হবে।
এখনো নির্বাচিত অ্যান্ড্রয়েড বিটা ব্যবহারকারীদের মধ্যে এই ফিচারের পরীক্ষা চলছে। ভবিষ্যতে আইওএস ব্যবহারকারীদের জন্যও পরীক্ষা শুরু হতে পারে। তবে কবে সবার জন্য ফিচারটি চালু হবে, তা এখনো জানায়নি মেটা।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
গোপালগঞ্জে আইনশৃঙ্খলা ও নিরাপত্তা পরিস্থিতি পরিদর্শনের উদ্দেশ্যে পৌঁছেছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) আলী হোসেন ফকির এবং স্পেশাল রেসপন্স ব্যাটালিয়নের (এসআরবি) মহাপরিচালক ফারুক আহমেদ। তাদের সাথে আছেন বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী।
শুক্রবার (২০ নভেম্বর) বেলা ১১টার দিকে আইজিপি আলী হোসেন ফকির গোপালগঞ্জে পৌঁছান।
একটি সূত্রের মাধ্যমে জানা যায়, পুলিশ মহাপরিদর্শক এবং তিন বাহিনীর ডিজিরা জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি সরেজমিনে পরিদর্শন করবেন। তারা সাম্প্রতিক সহিংসতায় ক্ষতিগ্রস্ত এবং পুড়ে যাওয়া থানাগুলোও পরিদর্শন করবেন। এর পাশাপাশি জেলা পুলিশের আয়োজনে একটি বিশেষ সভায় অংশগ্রহণের পরিকল্পনাও রয়েছে তাদের।
এদিকে, কয়েকদিনের সহিংসতার পর বৃহস্পতিবার (১৯ নভেম্বর) রাত থেকে গোপালগঞ্জের পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হতে শুরু করেছে। রাত থেকে কোথাও কোনো ধরনের সহিংসতার খবর পাওয়া যায়নি।
শুক্রবার (২০ নভেম্বর) সকালে জেলা শহরের বিভিন্ন স্থান ঘুরে দেখা গেছে, রাত থেকেই বৃষ্টি হওয়ায় সকাল পর্যন্ত জেলার কোথাও আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের মিছিল বা ভাঙচুরের ঘটনা ঘটেনি। তবে জেলা শহরে ঔষধ ও খাবারের দোকান ছাড়া অন্যান্য দোকানপাট বন্ধ রয়েছে।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ