প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
ঝিনাইদহ পৌরসভার ব্যস্ততম নতুন হাটখোলা বাজার সামান্য বৃষ্টিতে কাদা ও পানিতে একাকার হয়ে যায়। এই পরিস্থিতি দেখে বোঝার উপায় নেই যে এটি একটি বাজার, নাকি ধান লাগানোর চাষের জমি।
পৌর কর্তৃপক্ষের দীর্ঘদিনের উদাসীনতা ও অবহেলার কারণে হাটের ভেতরের চলাচলের রাস্তা ও অলিগলি সম্পূর্ণ অনুপযোগী হয়ে পড়েছে, ফলে হাজারো ক্রেতা-বিক্রেতা চরম জনদুর্ভোগে পড়েছেন। অতীতে এই হাটের ভেতরের রাস্তায় নামমাত্র ইটের খোয়া (ব্যাটস) ফেলে প্রায় ৫৫ লাখ টাকা তুলে নেওয়ার অভিযোগও রয়েছে।
সরেজমিনে বাজার ঘুরে দেখা গেছে, বৃষ্টির কারণে হাটের অধিকাংশ স্থানে কাদা ও জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। কোথাও জমে আছে নোংরা পানি, আবার কোথাও কাদার মধ্যে যানবাহনের চাকার খাদ তৈরি হয়েছে। পা ফেলার মতো কোনো শুকনো জায়গা না থাকায় সাধারণ মানুষ বাধ্য হয়ে কাদা মাড়িয়েই নিত্যপ্রয়োজনীয় কেনাকাটা করছেন।
হাটে বাজার করতে আসা শহরের আরাপপুর এলাকার আবু জাফর ক্ষোভ প্রকাশ করে বলেন, "বৃষ্টি নামলেই এই হাটের এমন বেহাল দশা হয়। কাঁদার মধ্য দিয়ে হাঁটতে গিয়ে পরনের কাপড় ও জুতা নষ্ট হয়ে যাচ্ছে। একটু অসতর্ক হলেই পা পিছলে বড় ধরনের দুর্ঘটনার ভয় থাকে।"
উপ-শহর পাড়ার ক্রেতা বেবি খাতুন জানান, "এমন কাদাপানির ভেতর নারী ও বয়স্ক মানুষদের চলাচল করা প্রায় অসম্ভব হয়ে পড়েছে। পৌরসভার উচিত দ্রুত হাটের রাস্তাঘাট সংস্কার করে মানুষের এই কষ্ট লাঘব করা।"
পৌর কর্তৃপক্ষের অবহেলার অভিযোগ তুলে সবজি বিক্রেতা আব্দুল হালিম বলেন, "দীর্ঘদিন ধরে এখানে ব্যবসা করছি। বৃষ্টি হলেই পুরো হাট কাদায় ডুবে যায়, মালামাল নিয়ে দোকানে ঢোকা যায় না। কাদার ভয়ে ক্রেতারাও আসতে চান না, ফলে আমাদের বেচাকেনা অর্ধেকে নেমে আসে। পৌরসভায় বারবার ধরনা দিয়েও কোনো প্রতিকার মেলেনি।"
মাছ বিক্রেতা মনির হোসেন একই সুরে দ্রুত হাটের রাস্তাগুলো পাকা করার ও সঠিক ড্রেনেজ বা পানি নিষ্কাশনের ব্যবস্থা নেওয়ার দাবি জানান।
স্থানীয় ব্যবসায়ী ও বাসিন্দাদের অভিযোগ, এর আগে এই হাটের রাস্তায় কেবল ইটের খোয়া (ব্যাটস) ফেলে সংস্কারের নামে ৫৫ লাখ টাকা বিল তুলে নেওয়া হয়েছিল, কিন্তু কাজের কাজ কিছুই হয়নি।
এ বিষয়ে ঝিনাইদহ পৌরসভার সহকারী প্রকৌশলী মো. রাশেদ আলী খান বলেন, "নতুন হাটখোলার ভেতরের রাস্তা সংস্কারের জন্য ‘জলবায়ু সহনশীল নগর ও আঞ্চলিক উন্নয়ন প্রকল্প’-আরইউটিডিপি এর আওতায় সংস্কারের উদ্যোগ নেওয়া হয়েছে।"
তিনি আরও জানান, ইতোমধ্যে কাজের টেন্ডার প্রক্রিয়া সম্পন্ন হয়েছে এবং আগামী সপ্তাহেই নির্মাণকাজ শুরু হবে। আশা করছি দ্রুতই এই জনদুর্ভোগের স্থায়ী সমাধান হবে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন