ঢাকা শনিবার, ২১শে নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৬ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ১০ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
শনিবার, ২১শে নভেম্বর, ২০২৬ইং ০৬ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

বাংলাদেশের বিপক্ষে দক্ষিণ আফ্রিকার নেতৃত্বে মহারাজ, দলে ফিরলেন এনগিডি


বাংলাদেশের বিপক্ষে দক্ষিণ আফ্রিকার নেতৃত্বে মহারাজ, দলে ফিরলেন এনগিডি

দক্ষিণ আফ্রিকা দল বাংলাদেশ দলের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজের জন্য ঘোষণা করা হয়েছে। নিয়মিত অধিনায়ক টেম্বা বাভুমা পায়ের পেশির চোট থেকে সেরে ওঠার প্রক্রিয়ায় থাকায় ওয়ানডে সিরিজে নেতৃত্ব দেবেন কেশব মহারাজ।

বাঁহাতি এই স্পিনারকে প্রথম টেস্ট চলাকালে দল থেকে ছেড়ে দেওয়ার পর ৫০ ওভারের দলের অধিনায়ক হিসেবে মনোনীত করা হয়েছে। তবে মহারাজ দ্বিতীয় টেস্টে অংশগ্রহণ করবেন না। দলে বিশেষজ্ঞ স্পিনার হিসেবে থাকছেন সাইমন হারমার।

এদিকে, বাঁহাতি স্পিন অলরাউন্ডার সেনুরান মুথুস্বামীকে সেঞ্চুরিয়ানে অনুষ্ঠিত দ্বিতীয় টেস্টের জন্য দলে অন্তর্ভুক্ত করা হয়েছে। ওই ম্যাচে দক্ষিণ আফ্রিকার নেতৃত্ব দেবেন এইডেন মার্করাম।

আরও পড়ুন: মেসিবিহীন আর্জেন্টিনার ম্যাচে দর্শক ফেরাতে মার্তিনেজের পরামর্শ

দক্ষিণ আফ্রিকা ওয়ানডে সিরিজে টেস্ট দলের নিয়মিত বেশিরভাগ খেলোয়াড়কে বিশ্রাম দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। চলমান টেস্ট দলের মধ্যে মাত্র তিনজন- অ্যানরিক নরকিয়া, করবিন বশ ও টনি ডি জর্জি ওয়ানডে দলে স্থান পেয়েছেন।

২০২৩ বিশ্বকাপের আগে সর্বশেষ ওয়ানডে খেলা নরকিয়া দ্বিতীয় টেস্টে খেলার জন্য ফিট হয়ে উঠবেন বলে আশা করা হচ্ছে। অন্যদিকে, বশ ও ডি জর্জি এখনও চলমান টেস্ট সিরিজে খেলেননি।

বাভুমার পাশাপাশি মার্করাম, ম্যাথিউ ব্রিটজ, রায়ান রিকেলটন, কাগিসো রাবাদা ও মার্কো জানসেনের মতো সাদা বলের ক্রিকেটের প্রতিষ্ঠিত কয়েকজন খেলোয়াড়কেও বিশ্রাম দেওয়া হয়েছে। গ্রীষ্মের পরবর্তী সময়ে ইংল্যান্ডের বিপক্ষে আরও তিনটি টেস্টকে সামনে রেখে নির্ভরযোগ্য খেলোয়াড়দের বিশ্রাম দেয়ার বিষয়টি দলীয় সূত্রে জানানো হয়েছে।

নেপাল প্রিমিয়ার লিগে খেলার কারণে ডেভিড মিলারকেও ওয়ানডে ও টি-টোয়েন্টি দুই দল থেকেই বাদ রাখা হয়েছে।

আরও পড়ুন: মরিসিও পচেত্তিনোর অনুশীলনে ড্রোন চালিয়ে ফুটেজ সরিয়ে নিলেন অপারেটর

দক্ষিণ আফ্রিকার জন্য একটি বড় স্বস্তির খবর হলো, পেসার লুঙ্গি এনগিডি দলে ফিরেছেন। চলতি মৌসুমে ঘরোয়া ক্রিকেটের প্রথম রাউন্ডে হ্যামস্ট্রিংয়ে চোট পেয়েছিলেন তিনি। সেই চোট কাটিয়ে ওয়ানডে দলে জায়গা পেয়েছেন এই পেসার।

এনগিডির সঙ্গে পেস আক্রমণে থাকছেন নরকিয়া, বশ, জেরাল্ড কোয়েটজি, ডুয়ান জানসেন ও নকোবানি মোকোয়েনা।

ব্যাটিং লাইনআপে নেতৃত্ব দেবেন কুইন্টন ডি কক, লুয়ান-দ্রে প্রিটোরিয়াস ও ট্রিস্টান স্টাবস। টাইটানসের হয়ে ঘরোয়া টি-টোয়েন্টিতে দারুণ পারফরম্যান্সের পুরস্কার হিসেবে দলে ফিরেছেন সিনেথেম্বা কেশিলে।

২০২৫ সালে পাকিস্তানের বিপক্ষে দুটি ওয়ানডে খেলার অভিজ্ঞতা রয়েছে কেশিলের। তবে টাইটানসের হয়ে ঘরোয়া টি-টোয়েন্টিতে ওপেনিংয়ে নেমে সাত ইনিংসে ১৯৭.৮৫ স্ট্রাইক রেটে ২৭৭ রান করেছেন। তাঁর ইনিংসগুলোর মধ্যে ছিল মাত্র ১৪ বলে করা ঘরোয়া টি-টোয়েন্টিতে যৌথভাবে দ্রুততম অর্ধশতক।

আরও পড়ুন: কোয়ার্টার ফাইনালে স্পেনের মুখোমুখি ফ্রান্স, ইংল্যান্ডের প্রতিপক্ষ নরওয়ে

দক্ষিণ আফ্রিকার প্রধান কোচ শুকরি কনরাড এনগিডির প্রত্যাবর্তনে সন্তোষ প্রকাশ করেছেন। তিনি নরকিয়াকে দলে রাখার গুরুত্বও তুলে ধরেছেন, যাতে ৫০ ওভারের ক্রিকেটে ছন্দ ফিরে পাওয়ার সুযোগ তৈরি হয়।

এক বিবৃতিতে কনরাড বলেন, “এনগিডিকে ফিরে পেয়ে দারুণ লাগছে। টেস্ট দলের সঙ্গে থেকে পুনর্বাসনের শেষ ধাপগুলো সম্পন্ন করেছে সে। আবার মাঠে ফেরার জন্য মুখিয়ে ছিল। গত মৌসুমে সাদা বলের ক্রিকেটে আমাদের হয়ে সে কতটা কার্যকর ছিল, তা আমরা দেখেছি। আশা করি, আগের জায়গা থেকেই সে আবার শুরু করতে পারবে।”

নিয়মিত অধিনায়ক মার্করামসহ বেশ কয়েকজনকে বিশ্রাম দিয়ে টি-টোয়েন্টি সিরিজের জন্য পরীক্ষামূলক দলও ঘোষণা করেছে দক্ষিণ আফ্রিকা।

চলতি বছরের শুরুতে নামিবিয়া সফরে দক্ষিণ আফ্রিকাকে নেতৃত্ব দেওয়া বিয়র্ন ফোর্টুইন এবার টি-টোয়েন্টি দলের অধিনায়ক হয়েছেন। হ্যামস্ট্রিংয়ের চোট কাটিয়ে দলে ফিরেছেন কোয়েনা মাফাকা।

আরও পড়ুন: কক্সবাজারে শুরু হলো জাতীয় বিচ ভলিবল প্রতিযোগিতা

তবে হ্যামস্ট্রিংয়ের চোট আবার ফিরে আসায় পেসার ওটনিয়েল বার্টম্যানকে নির্বাচনের জন্য বিবেচনা করা হয়নি।

কনরাড বলেন, দুই সাদা বলের সিরিজই উদীয়মান খেলোয়াড়দের যাচাই এবং আগামী বছরের বিশ্বকাপের আগে দলের বিভিন্ন সমন্বয় পরীক্ষা করার সুযোগ করে দেবে।

তিনি আরও বলেন, “এই দুই সাদা বলের সিরিজ আমাদের বৃহত্তর পরিকল্পনায় থাকা কয়েকজন খেলোয়াড়কে আন্তর্জাতিক পর্যায়ে নিজেদের প্রমাণের যথেষ্ট সুযোগ দেওয়ার জন্যই নির্ধারিত হয়েছিল। পাশাপাশি আগামী বছরের বিশ্বকাপের দল গঠনের কথা মাথায় রেখে কয়েকটি ভিন্ন সমন্বয় পরীক্ষা করার সুযোগও এটি।”

বাংলাদেশ সিরিজে দক্ষিণ আফ্রিকা ওয়ানডে দল: কেশব মহারাজ (অধিনায়ক), ডেওয়াল্ড ব্রেভিস, করবিন বশ, জেরাল্ড কোয়েটজি, কুইন্টন ডি কক, টনি ডি জর্জি, বিয়র্ন ফোর্টুইন, জর্ডান হারম্যান, ডুয়ান জানসেন, নকোবানি মোকোয়েনা, লুয়ান-দ্রে প্রিটোরিয়াস, অ্যানরিক নরকিয়া, লুঙ্গি এনগিডি, সিনেথেম্বা কেশিলে ও ট্রিস্টান স্টাবস।

আরও পড়ুন: ভিনিসিয়াস এখন রিয়ালে জায়গা পুনরুদ্ধার করতে চান

বাংলাদেশ সিরিজে দক্ষিণ আফ্রিকা টি-টোয়েন্টি দল: বিয়র্ন ফোর্টুইন (অধিনায়ক), ডেওয়াল্ড ব্রেভিস, জেরাল্ড কোয়েটজি, কনর এস্টারহুইজেন, ডোনোভান ফেরেইরা, জর্ডান হারম্যান, ডুয়ান জানসেন, কোয়েনা মাফাকা, নকোবানি মোকোয়েনা, নকাবা পিটার, লুয়ান-দ্রে প্রিটোরিয়াস, সিনেথেম্বা কেশিলে, ট্রিস্টান স্টাবস ও প্রেনেলান সুব্রায়েন।

সূত্র: বাসস

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

হোদায়দা বন্দরে হুথি স্থাপনায় সউদী নেতৃত্বাধীন জোটের হামলা, জাজানে সতর্কতা

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শুক্রবার, ২০ই নভেম্বর, ২০২৬ ইং

০৯:০০ পি.এম


হোদায়দা বন্দরে হুথি স্থাপনায় সউদী নেতৃত্বাধীন জোটের হামলা, জাজানে সতর্কতা

সউদী নেতৃত্বাধীন সামরিক জোট হুথি বিদ্রোহীদের স্থাপনায় ‘সুনির্দিষ্ট অভিযান’ শুরু করেছে, যা সউদী আরব এবং ইয়েমেনের বেসামরিক নাগরিকদের লক্ষ্যবস্তুতে পরিণত করার অভিযোগের প্রেক্ষাপটে। এই উত্তেজনার মধ্যে ইয়েমেনের তাইজ প্রদেশে বিমান হামলার খবর পাওয়া গেছে এবং সউদী আরবের জাজান প্রদেশে সাময়িকভাবে বিপদ সংকেত জারি করা হয়েছিল, যা পরে প্রত্যাহার করা হয়।

জোটের মুখপাত্র তুর্কি আল-মালকি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) একটি বার্তায় জানান, হুথিদের নিয়ন্ত্রণে থাকা হোদায়দা বন্দরে অস্ত্র চোরাচালান ও পরিবহনে ব্যবহৃত ‘অপারেশনাল সক্ষমতা’ ইতোমধ্যে লক্ষ্যবস্তু করা হয়েছে। তিনি উল্লেখ করেন, এই অভিযান চলমান রয়েছে এবং ইয়েমেনের সানা, সাদা ও তাইজ প্রদেশের সামরিক লক্ষ্যবস্তু ও ব্যালিস্টিক সক্ষমতাতেও আঘাত হানা হবে।

এর আগে হোদায়দা বন্দরে হামলা চালানোর পর হুথিরা সউদী আরবের একটি বিদ্যুৎকেন্দ্র, লোহিত সাগরের বন্দরগুলো এবং রিয়াদের আর্থিক কেন্দ্র লক্ষ্যবস্তুতে পরিণত করার হুমকি দিয়েছিল।

এদিকে, ইয়েমেনের হুথি-সংশ্লিষ্ট গণমাধ্যমের দাবি অনুযায়ী, সউদী নেতৃত্বাধীন জোট তাইজ প্রদেশের আল-আবুস এলাকায় বিমান হামলা চালিয়েছে। এ বিষয়ে বিস্তারিত তথ্য সংগ্রহের চেষ্টা চলছে।

অন্যদিকে, সউদী আরবের বেসামরিক প্রতিরক্ষা বিভাগ জাজান প্রদেশের জন্য জরুরি বিপদ সংকেত জারি করলেও কয়েক মিনিট পরই তা তুলে নেয়। এর আগে ইয়েমেন সীমান্তবর্তী দক্ষিণ-পশ্চিম কোণের এই প্রদেশের রাজধানী জিজানের জন্যও একই ধরনের সতর্কতা জারি করেছিল দেশটি।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

২৪ ডিসেম্বর ফল প্রকাশ, নতুন বই শিক্ষার্থীদের হাতে: শিক্ষামন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

শুক্রবার, ২০ই নভেম্বর, ২০২৬ ইং

০৯:০০ পি.এম


২৪ ডিসেম্বর ফল প্রকাশ, নতুন বই শিক্ষার্থীদের হাতে: শিক্ষামন্ত্রী

শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহসানুল হক মিলন জানিয়েছেন, প্রাথমিক এবং মাধ্যমিক স্তরের শিক্ষার্থীদের বার্ষিক পরীক্ষার ফলাফল আগামী ২৪ ডিসেম্বর প্রকাশিত হবে। একই দিনে ফলাফলের সঙ্গে শিক্ষার্থীদের নতুন শিক্ষাবর্ষের বইও দেওয়া হবে। ফলে শিক্ষার্থীরা ফলাফল জানার পরপরই নতুন বই নিয়ে বাড়ি ফিরতে পারবে।

শুক্রবার (২০ নভেম্বর) বিকাল সাড়ে ৩টার দিকে মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার ভবেরচর ওয়াজীর আলী উচ্চ বিদ্যালয় মাঠে শিক্ষার মানোন্নয়ন বিষয়ক একটি আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব তথ্য তুলে ধরেন।

এহসানুল হক মিলন বলেন, "মেধাবী কোনো শিক্ষার্থী যেন অর্থের অভাবে পড়াশোনা থেকে ঝরে না পড়ে, তা নিশ্চিত করতে হবে।"

তিনি এ সময় মুন্সীগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য কামরুজ্জামান রতনকে উদ্দেশ্য করে বলেন, "অর্থাভাবে পড়াশোনা চালিয়ে যেতে না পারা মেধাবী শিক্ষার্থীদের ব্যক্তিগতভাবে খোঁজখবর নিতে হবে।" শিক্ষামন্ত্রী আরও বলেন, "এ ধরনের কোনো সমস্যা দেখা দিলে আমাকে জানাতে হবে। প্রয়োজনে আমি নিজেও ব্যক্তিগত তহবিল থেকে শিক্ষার্থীদের সহায়তা করব।"

শিক্ষার্থীদের উদ্দেশ্যে শিক্ষামন্ত্রী বলেন, আগামী ২৪ ডিসেম্বর সব শিক্ষাপ্রতিষ্ঠানে বার্ষিক পরীক্ষার ফলাফল ঘোষণা করা হবে। সেদিন ফলাফলের শিটের পাশাপাশি শিক্ষার্থীরা পরবর্তী শ্রেণির নতুন বই পাবে। উদাহরণ হিসেবে তিনি উল্লেখ করেন, যারা চতুর্থ শ্রেণি থেকে পঞ্চম শ্রেণিতে উত্তীর্ণ হবে, তারা সেদিন পঞ্চম শ্রেণির বই নিয়ে বাড়ি ফিরবে।

নতুন বই সরবরাহের অগ্রগতি তুলে ধরে তিনি জানান, প্রাথমিক বিদ্যালয়গুলোতে ইতোমধ্যে বই পৌঁছে গেছে। মাধ্যমিক স্তরের বইও আগামী ৩০ নভেম্বরের মধ্যে শিক্ষাপ্রতিষ্ঠানে পৌঁছে দেওয়া হবে। তবে আনুষ্ঠানিকভাবে শিক্ষার্থীদের হাতে বই তুলে দেওয়া হবে ২৪ ডিসেম্বর।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

জাতীয় অ্যারো জিনিয়াস প্রতিযোগিতায় রানার্সআপ রুয়েটের ‘অ্যারো ভেনম’

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

শুক্রবার, ২০ই নভেম্বর, ২০২৬ ইং

০৯:০১ পি.এম


জাতীয় অ্যারো জিনিয়াস প্রতিযোগিতায় রানার্সআপ রুয়েটের ‘অ্যারো ভেনম’

বাংলাদেশে প্রথমবারের মতো আয়োজিত জাতীয় অ্যারো জিনিয়াস প্রতিযোগিতার ২০২৬ এর রানার্সআপ হিসেবে নির্বাচিত হয়েছে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) শিক্ষার্থীদের দল ‘অ্যারো ভেনম’। দুই দিনব্যাপী এই প্রতিযোগিতায় দলটি তাদের তৈরি অ্যারিয়াল প্রজেক্ট ও ড্রোন প্রযুক্তির প্রদর্শনী করেছে।

প্রতিযোগিতার উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান, যা অনুষ্ঠিত হয় বৃহস্পতিবার (১৯ নভেম্বর) অ্যাভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ (এএইউবি) এর লালমনিরহাট ক্যাম্পাসে।

টিম অ্যারো ভেনম প্রতিযোগিতায় অংশ নিয়ে তাদের উদ্ভাবনী ধারণা, সৃজনশীলতা ও প্রযুক্তিগত সক্ষমতা তুলে ধরেছে। দ্বিতীয় স্থান অর্জনের জন্য টিমকে ষাট হাজার টাকা পুরস্কারের ডেমো চেক প্রদান করা হয়। এ আয়োজনে দলের সঙ্গে উপস্থিত ছিলেন রুয়েটের তড়িৎ ও ইলেকট্রনিক কৌশল (ইইই) বিভাগের প্রধান এবং দলের উপদেষ্টা অধ্যাপক ড. মাসুদ রানা। দলের সদস্য হিসেবে অংশগ্রহণ করেন ২০২০–২১ শিক্ষাবর্ষের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের তাকি তামিম ও ইমন চৌধুরী এবং একই বর্ষের যন্ত্রকৌশল বিভাগের মোহাম্মদ খুবায়েব ও মজনুরুল আলম।

এছাড়াও ২০২২–২৩ শিক্ষাবর্ষের যন্ত্রকৌশল বিভাগের আব্দুল্লাহ আল মারযুক, নাইমুর আলম আশিক ও রাফি উদ্দীন সোহাগ, তড়িৎ ও ইলেকট্রনিক কৌশল বিভাগের নাবিল আজাদ, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের ইশতিয়াক আহমেদ ইমন এবং ২০২৩–২৪ শিক্ষাবর্ষের যন্ত্রকৌশল বিভাগের মাহমুদুল হাসান মেহরাজ ও তাহমিদ হাসান ফুয়াদ অংশগ্রহণ করেন। বর্তমানে দলটিতে বিভিন্ন বিভাগের প্রায় ১৫ জন সদস্য কাজ করছেন।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান উল্লেখ করেন, জাতীয় অ্যারো জিনিয়াস প্রতিযোগিতা দেশের তরুণদের মেধা, সাহস ও সম্ভাবনা বিকাশের জন্য একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ। তিনি তরুণদের উদ্ভাবনকে শুধুমাত্র প্রতিযোগিতা বা প্রদর্শনীর মধ্যে সীমাবদ্ধ না রেখে কৃষি, যোগাযোগ, দুর্যোগ ব্যবস্থাপনা, নিরাপত্তা ও জনকল্যাণে কার্যকর সমাধান তৈরিতে কাজে লাগানোর আহ্বান জানান। একই সঙ্গে তিনি তরুণদের চাকরি প্রার্থী হওয়ার পাশাপাশি উদ্ভাবক, গবেষক ও উদ্যোক্তা হিসেবে গড়ে ওঠার ওপর গুরুত্বারোপ করেন।

প্রধানমন্ত্রী আরও জানান, ২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে দক্ষিণ এশিয়ার অন্যতম প্রধান অ্যাভিয়েশন হাবে পরিণত করার লক্ষ্য অর্জনে দক্ষ মানবসম্পদ, গবেষণা ও দেশীয় প্রযুক্তির বিকাশ জরুরি। এ ক্ষেত্রে অ্যাভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য জানান, অ্যাভিয়েশন, অ্যারোস্পেস, ড্রোন ও রোবটিক্স প্রযুক্তিতে আগ্রহী তরুণ, উদ্ভাবক ও প্রযুক্তি প্রেমীদের জন্য একটি প্রতিযোগিতামূলক প্ল্যাটফর্ম তৈরি করাই এই আয়োজনের উদ্দেশ্য। এর মাধ্যমে তরুণদের প্রযুক্তিগত দক্ষতা ও উদ্ভাবনী ধারণা তুলে ধরার পাশাপাশি দেশের বিভিন্ন প্রান্তের শিক্ষার্থী, গবেষক ও উদ্ভাবকদের মধ্যে যোগাযোগ, জ্ঞান বিনিময় ও সহযোগিতার সুযোগ সৃষ্টি হবে।

উদ্বোধনীর পর প্রধানমন্ত্রী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস, বিশেষায়িত গবেষণাগার এবং অ্যাভিয়েশন, অ্যারোস্পেস, ড্রোন, রোবটিক্স ও স্পেস প্রযুক্তি সরেজমিনে পরিদর্শন করেন। বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁন প্রধানমন্ত্রীকে বিশ্ববিদ্যালয়ের গবেষণা কার্যক্রম, বিশেষায়িত গবেষণাগারের সুযোগ-সুবিধা এবং অ্যাভিয়েশন ও অ্যারোস্পেস প্রযুক্তির অগ্রগতিতে বিশ্ববিদ্যালয়ের ভূমিকা সম্পর্কে অবহিত করেন।

দুই দিনব্যাপী এই প্রতিযোগিতায় দেশের বিভিন্ন প্রান্ত থেকে ৭৪টি দলের মোট ২৯৬ জন প্রতিযোগী চারটি বিভাগে অংশ নিচ্ছেন। বিভাগগুলো হলো: রোটরক্রাফট, ফিক্সড উইং, সকার বট ও স্পেস রোবোটিক্স। এর মধ্যে রোটরক্রাফট বিভাগে ১৬টি দলের ৬৯ জন, ফিক্সড উইং বিভাগে ১৭টি দলের ৮০ জন, সকার বট বিভাগে ৩৭টি দলের ১১৭ জন এবং স্পেস রোবোটিক্স বিভাগে ৪টি দলের ৩০ জন প্রতিযোগী অংশ নিয়েছেন।

উদ্বোধনী অনুষ্ঠানে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু, শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন, ধর্মবিষয়ক প্রতিমন্ত্রী, প্রতিরক্ষা উপদেষ্টা, বিমানবাহিনী প্রধান, লালমনিরহাট-১ ও লালমনিরহাট-২ আসনের সংসদ সদস্য, এএইউবির উপাচার্য, বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, সামরিক ও বেসামরিক কর্মকর্তাসহ বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধি এবং স্থানীয় বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

শুক্রবার (২০ নভেম্বর) প্রতিযোগিতার দ্বিতীয় দিনের কার্যক্রম ও সমাপনী অনুষ্ঠানের মধ্য দিয়ে সম্পন্ন হবে এই আয়োজন। আয়োজকদের মন্তব্য, প্রতিযোগিতার লক্ষ্য শুধুমাত্র বিজয়ী নির্বাচন নয়; বরং সম্ভাবনাময় তরুণ প্রতিভা খোঁজা, উদ্ভাবকদের মধ্যে যোগাযোগ ও সহযোগিতার ক্ষেত্র তৈরি এবং ধারণার সঙ্গে গবেষণা, বাস্তব প্রযুক্তি ও ভবিষ্যৎ শিল্পের সংযোগ স্থাপন করা। দেশের অ্যাভিয়েশন, অ্যারোস্পেস, ড্রোন, রোবোটিকস ও মহাকাশ প্রযুক্তি খাতে নিজস্ব সক্ষমতা, প্রযুক্তিগত স্বনির্ভরতা, নতুন শিল্প এবং কর্মসংস্থানের সুযোগ সৃষ্টিতে এই উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করছে এএইউবি।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বরিশালে ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে অতি বর্ষণে বিপর্যস্ত জনজীবন

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

শুক্রবার, ২০ই নভেম্বর, ২০২৬ ইং

০৯:০২ পি.এম


বরিশালে ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে অতি বর্ষণে বিপর্যস্ত জনজীবন

পশ্চিম মধ্য এবং তৎসংলগ্ন দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে বরিশাল অঞ্চলে গত দুই দিনের বৃষ্টিপাতের কারণে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। এই পরিস্থিতির সাথে সাথে, এ অঞ্চলের প্রধান দানাদার খাদ্য ফসল আমন এবং রবি ফসলের ক্ষতির আশঙ্কা বাড়ছে। কৃষি যোদ্ধাগণ শীতকালীন সবজির ব্যাপক ক্ষতির আশঙ্কায় আতঙ্কিত রয়েছেন।

বুধবার (২০ নভেম্বর) রাতে উপকূলীয় এলাকা জুড়ে হালকা বৃষ্টি শুরু হয়, এবং বৃহস্পতিবার সকাল থেকে দিনভর মাঝারি থেকে ভারী বৃষ্টি চলতে থাকে। শুক্রবার সকালের পূর্ববর্তী ২৪ ঘণ্টায় বরিশালে প্রায় ৩৫ মিলি বৃষ্টি হয়েছে। শুক্রবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বরিশালে আরও প্রায় ২০ মিলি বৃষ্টি হয়।

নভেম্বরে আকাশে মেঘ জমলেই বরিশাল অঞ্চলের কৃষকদের মধ্যে আতঙ্ক এবং দুশ্চিন্তা ফিরে আসে। এবার বরিশাল কৃষি অঞ্চলে প্রায় ২৪ লাখ টন আমন চাল ঘরে তোলার লক্ষ্যে প্রায় ৯ লাখ হেক্টর জমিতে আমনের আবাদ করা হয়েছে। ভাটি এলাকা হওয়ার কারণে বরিশাল অঞ্চলের এই প্রধান দানাদার খাদ্য ফসলের আবাদ এবং কর্তন বিলম্বিত হয়ে থাকে। দেশের উত্তরাঞ্চলে ইতোমধ্যে আমন কর্তন প্রায় শেষ হয়ে গেলেও বরিশাল অঞ্চলের বেশিরভাগ আমন ধান কর্তনের চূড়ান্ত পর্যায়ে পৌঁছালেও অধিকাংশই এখনও ফুল পর্যায়ে রয়েছে। তবে কিছু উচ্চ ফলনশীল জাতের ধান ইতোমধ্যে পাকতে শুরু করেছে, কিন্তু বৃহস্পতিবার পর্যন্ত মাত্র ৫ ভাগ আমন ধান ঘরে উঠেছে।

ফলে, চলমান দুর্যোগ বরিশালসহ সমগ্র দক্ষিণাঞ্চলের প্রধান দানাদার খাদ্য ফসলকে চরম অনিশ্চয়তার মুখে ফেলেছে। ইতোমধ্যে বিপুল সংখ্যক উঠতি আমন ধানের জমিতে পানি জমতে শুরু করেছে। শুক্রবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আরও ৩০ মিলি বৃষ্টিপাতের ফলে বিপুল সংখ্যক আমন ধান চূড়ান্ত সর্বনাশের দিকে যাচ্ছে। অক্টোবর মাসে স্বাভাবিকের মাত্র ৫ ভাগ বৃষ্টিপাতের পর মধ্য নভেম্বর পর্যন্ত একই পরিস্থিতি অব্যাহত থাকার পরে অসময়ের এই বর্ষণ সমগ্র দক্ষিণাঞ্চলের প্রধান দানাদার খাদ্য ফসলকে ভয়াবহ ঝুঁকির মুখে ফেলেছে।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তর যত দ্রুত সম্ভব ধান কর্তনের পরামর্শ দিলেও গত দুদিনের বৃষ্টিতে কোন কৃষক বা কৃষি শ্রমিক মাঠে নামতে পারেননি।

তবে বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় ‘আকভান’ শুক্রবার সকাল থেকে দুপুরের মধ্যে দুর্বল হয়ে ভারতের ওড়িশা উপকূল অতিক্রম করেছে, কিন্তু বরিশাল সংলগ্ন উত্তর বঙ্গোপসাগরে গভীর সঞ্চালনশীল মেঘমালা সৃষ্টি অব্যাহত রয়েছে। আবহাওয়া বিভাগ শনিবারেও বৃষ্টিপাতের ধারাবাহিকতা অব্যাহত থাকার সম্ভাবনা ব্যক্ত করেছে।

শেষ নভেম্বরের এ বর্ষণে বরিশাল অঞ্চলের আগাম শীতকালীন সবজির ক্ষতির পাশাপাশি সবজি ও ডালসহ অন্যান্য শীতকালীন ফসলের আবাদও যথেষ্ট পিছিয়ে যাচ্ছে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৯ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫৭
জোহর ১১:৪৫
আসর ০৩:৩৬
মাগরিব ০৫:১২
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:১৬ সূর্যাস্ত : ০৫:১২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%