০৬:৪১ পি.এম
রাজধানীর ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষাপ্রতিষ্ঠান জামিয়া আরাবিয়া ইমদাদুল উলুম ফরিদাবাদের ৭০ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত তিন দিনব্যাপী ৭০ সালা দস্তারবন্দী মহাসম্মেলনের আজ শেষ দিন। এ মহাসম্মেলন রাজধানীর গেন্ডারিয়ার ধুপখোলা মাঠে অনুষ্ঠিত হচ্ছে, যেখানে অংশগ্রহণ করছেন দেশ-বিদেশের শীর্ষস্থানীয় আলেম-উলামা, ইসলামী স্কলার, প্রাক্তন শিক্ষার্থী ও ধর্মপ্রাণ মানুষ।
এই মহাসম্মেলন শুরু হয় গত ২৩ নভেম্বর সোমবার বিকেলে জামিয়ার মুহতামিম ও শায়খুল হাদিস মাওলানা আব্দুল কুদ্দুসের উদ্বোধনী বক্তব্যের মাধ্যমে। তিন দিনের আয়োজনে প্রতিষ্ঠানটির প্রায় ২০ হাজার প্রাক্তন শিক্ষার্থীকে সম্মাননা পাগড়ি পরানোর উদ্যোগ নেওয়া হয়েছে। সম্মেলনের দ্বিতীয় দিন মঙ্গলবার ২০১৩ থেকে ২০১৭ শিক্ষাবর্ষের প্রায় পাঁচ হাজার ফুজালাকে পাগড়ি পরানো হয়। প্রথম দিনেও কয়েক হাজার প্রাক্তন শিক্ষার্থীকে দেওয়া হয় এ সম্মাননা।
মহাসম্মেলনে অংশগ্রহণ করেছেন বাংলাদেশ, পাকিস্তান ও ভারতসহ বিভিন্ন দেশের খ্যাতিমান আলেম ও ইসলামী স্কলাররা। তাঁদের মধ্যে উল্লেখযোগ্য হলেন পাকিস্তানের মাওলানা হানিফ জালান্ধরি, মাওলানা ওবাইদুল্লাহ খালিদ, মাওলানা ফয়সাল নাদিম শাহ এবং ভারতের মাওলানা শাহ হাকিম মাজহার, মাওলানা সাইয়িদ আজহার মাদানী ও মাওলানা মুহাম্মদ রমজান মেওয়াতি। এ ছাড়া দারুল উলুম দেওবন্দের মুহতামিম মুফতি আবুল কাসেম নোমানীসহ আরও কয়েকজন বিশিষ্ট আলেমের অংশ নেওয়ার কথা রয়েছে। ভার্চুয়ালি বক্তব্য দিয়েছেন পাকিস্তানের প্রখ্যাত আলেম শায়খুল ইসলাম মুফতি মুহাম্মদ তাকী উসমানী।
আরও পড়ুন: ধর্মমন্ত্রী কুরআন-সুন্নাহর আলোকে সহযোগিতা চাইলেন আলেম-ওলামাদের
দেশের শীর্ষস্থানীয় আলেমদের উপস্থিতিতে বয়ান ও আলোচনা পর্বে উঠে আসছে ইলম অর্জনের লক্ষ্য ও করণীয়, কর্মজীবনে ইসলাহি মুরুব্বিদের সঙ্গে সম্পর্ক বজায় রাখা, আত্মসংশোধন, আখলাক, নিয়মানুবর্তিতা, নবীজির আদর্শ অনুসরণ এবং দেশ ও মানুষের কল্যাণে আলেমদের ভূমিকার মতো গুরুত্বপূর্ণ বিষয়।
মহাসম্মেলন ঘিরে ধুপখোলা মাঠের আশপাশে তৈরি হয়েছে উৎসবমুখর পরিবেশ। বসেছে জমজমাট ইসলামী বইমেলা। বিভিন্ন প্রকাশনীর স্টলে ইসলামি বই দেখতে ও কিনতে ভিড় করছেন পাঠক, শিক্ষার্থী ও দর্শনার্থীরা। ধর্মীয় জ্ঞানচর্চার প্রতি মানুষের আগ্রহের প্রতিফলন দেখা যাচ্ছে বইমেলার প্রতিটি স্টলে।
শুধু ধর্মীয় আলোচনা কিংবা বইমেলাই নয়, সম্মেলনে অংশ নেওয়া বিভিন্ন মাদ্রাসা নিয়ে এসেছে ব্যতিক্রমী নানা আয়োজন। বিশেষ আকর্ষণ হিসেবে রয়েছে মাদ্রাসাছাত্রদের বিজ্ঞান মেলা। সেখানে শিক্ষার্থীরা নিজেদের তৈরি বিভিন্ন বৈজ্ঞানিক প্রকল্প, উদ্ভাবন ও প্রযুক্তিনির্ভর মডেল প্রদর্শন করছেন। এসব আয়োজনের মধ্য দিয়ে ধর্মীয় শিক্ষার পাশাপাশি বিজ্ঞান, প্রযুক্তি ও সৃজনশীল চর্চায় মাদ্রাসাশিক্ষার্থীদের আগ্রহ ও সক্ষমতার পরিচয় ফুটে উঠছে।
এদিকে ৭০ বছর পূর্তি উপলক্ষে প্রকাশিত হয়েছে বিশেষ স্মারকগ্রন্থ। চারশ পঞ্চাশ টাকা নির্ধারিত মূল্যের স্মারকগ্রন্থটির প্রথম কপি প্রথম দিন নিলামে বিক্রি হয়েছে আড়াই লাখ টাকায়। এ নিয়েও সম্মেলনে আগ্রহ ও উৎসাহ দেখা গেছে।
আরও পড়ুন: হাসিমুখে কারো মন ভালো করে দেওয়াও কি সদকা?
আজ বুধবার ২৫ নভেম্বর মহাসম্মেলনের শেষ দিনে থাকছে দেশি-বিদেশি আলেমদের বয়ান এবং অবশিষ্ট ফুজালাদের দস্তারবন্দী কার্যক্রম। তিন দিনের এ আয়োজনকে ঘিরে ফরিদাবাদ জামিয়ার প্রাক্তন শিক্ষার্থী, আলেম-উলামা ও সাধারণ মানুষের মধ্যে তৈরি হয়েছে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন