শুক্রবার, ২০ই নভেম্বর, ২০২৬ ইং
১২:৩৫ পি.এম
ঢাকা, ২০ নভেম্বর, ২০২৬ : ব্রেক্সিটের পর ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) সঙ্গে সম্পর্ক নতুনভাবে গড়ে তোলার উদ্যোগের অংশ হিসেবে বাণিজ্য এবং তরুণদের যাতায়াত সহজ করার লক্ষ্যে একাধিক চুক্তিতে পৌঁছানোর আশা করছে যুক্তরাজ্য এবং ইইউ।
শুক্রবার ব্রাসেলসে অনুষ্ঠিত সম্মেলনে এসব বিষয়ে সমঝোতায় পৌঁছানোর জন্য চেষ্টা করছেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহাম এবং ইইউর শীর্ষ নেতারা।
খবর বার্তা সংস্থা এএফপি’র।
ব্রেক্সিটের প্রায় এক দশক পর দুই পক্ষের সম্পর্ক স্বাভাবিক করার পথে এটিকে প্রথম পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।
চলতি বছরের গ্রীষ্মে ক্ষমতায় আসার পর ইউরোপের সঙ্গে সম্পর্ক নিয়ে যুক্তরাজ্যের দীর্ঘদিনের বিতর্কে বেশ কিছু প্রচলিত অবস্থান থেকে সরে এসেছেন বার্নহাম। এমনকি ভবিষ্যতে যুক্তরাজ্যের আবারও ইইউতে যোগ দেওয়ার সম্ভাবনার কথাও তিনি তুলেছেন।
তবে আপাতত ব্রাসেলসে ইইউর শীর্ষ নেতা উরসুলা ভন ডার লেয়েন এবং আন্তোনিও কস্তার সঙ্গে বৈঠকে বড় কোনো সিদ্ধান্তের পরিবর্তে ছোট পরিসরের কয়েকটি পদক্ষেপে গুরুত্ব দেওয়া হচ্ছে। এর লক্ষ্য, ইইউ থেকে বেরিয়ে যাওয়ার সিদ্ধান্তের প্রায় ১০ বছর পর দুই পক্ষের সম্পর্কের নতুন অধ্যায় শুরু করা। ভবিষ্যতে সম্পর্ক কোন দিকে এগোবে, সে বিষয়ে বড় সিদ্ধান্ত আপাতত পরে নেওয়ার পরিকল্পনা রয়েছে বার্নহামের।
চলতি সপ্তাহে বার্নহাম বলেন, ‘এটি আমাদের নতুন দৃষ্টিভঙ্গির প্রতিফলন। আমরা আর সংঘাত চাই না, সম্পর্কের সেতু ভেঙে ফেলতে চাই না। বরং গঠনমূলক ও ইতিবাচকভাবে কাজ করে যুক্তরাজ্য এবং ইইউ—উভয়ের জন্য লাভজনক ফল অর্জন করতে চাই।’
তিনি আরও বলেন, ‘এই সম্মেলনের পর দীর্ঘমেয়াদে ইইউর সঙ্গে সম্পর্ক কেমন হবে, তা নিয়ে অংশীদারদের সঙ্গে আলোচনা শুরু করব।’
ব্রাসেলসের সম্মেলনে মূলত তিনটি চুক্তির বিষয়ে আলোচনা হচ্ছে। প্রথমটি খাদ্যপণ্য রপ্তানির ক্ষেত্রে প্রশাসনিক জটিলতা এবং অপ্রয়োজনীয় নিয়মকানুন কমানো নিয়ে। দ্বিতীয়টি দুই পক্ষের কার্বন নিঃসরণ বাণিজ্যব্যবস্থাকে পরস্পরের সঙ্গে যুক্ত করা। আর তৃতীয়টি হলো তরুণদের জন্য বিশেষ অভিজ্ঞতা বিনিময় কর্মসূচি চালু করা।
বার্নহামের মতে, এসব উদ্যোগের মাধ্যমে ব্রেক্সিটের কারণে সৃষ্ট কিছু ক্ষতি কাটিয়ে ওঠা সম্ভব হবে। যদিও এসব পরিকল্পনা তার প্রধানমন্ত্রিত্ব শুরুর অনেক আগেই আলোচনার পর্যায়ে ছিল।
নতুন সমঝোতা কার্যকর হলে ব্রিটিশ ব্যবসাপ্রতিষ্ঠানগুলোর জন্য ইউরোপে পণ্য রপ্তানি সহজ হবে। পাশাপাশি ৩০ বছরের কম বয়সী হাজার হাজার তরুণ কাজ, পড়াশোনা বা ভ্রমণের উদ্দেশ্যে একে অপরের দেশে সর্বোচ্চ তিন বছর পর্যন্ত বসবাসের সুযোগ পাবেন।
ইইউর শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠকে পরিবেশ আগের তুলনায় অনেক ইতিবাচক হলেও পুরোনো মতবিরোধ পুরোপুরি কাটেনি।
চুক্তির বিস্তারিত বিষয় নিয়ে শেষ মুহূর্ত পর্যন্ত ব্রাসেলস এবং লন্ডনের মধ্যে তীব্র আলোচনা হয়েছে। একাধিক কূটনীতিকের বরাতে জানা গেছে, বৃহস্পতিবার গভীর রাতে ইইউভুক্ত দেশগুলো চুক্তির প্রস্তাবিত প্যাকেজে সম্মতি দিয়েছে। তবে যুক্তরাজ্যের পক্ষ থেকে চূড়ান্ত অনুমোদন তখনো বাকি ছিল।
বিরোধের অন্যতম প্রধান বিষয় ছিল যুক্তরাজ্যের বিশ্ববিদ্যালয়গুলোতে ইইউভুক্ত দেশগুলোর শিক্ষার্থীদের টিউশন ফি কমিয়ে ব্রিটিশ শিক্ষার্থীদের সমপর্যায়ে আনার বিষয়ে ভবিষ্যৎ চুক্তিতে লন্ডনকে সম্মত করানো।
যুক্তরাজ্যবিষয়ক আলোচনায় ইইউর অভিজ্ঞ প্রতিনিধি মারোস সেফকোভিচ বলেন, আলোচনা অত্যন্ত বিস্তারিত এবং কখনো কখনো কঠিন হলেও সামগ্রিক পরিবেশ ‘খুবই ইতিবাচক’ রয়েছে।
সতর্কভাবে এগোতে চান বার্নহাম
প্রধানমন্ত্রী হওয়ার আগে বার্নহাম প্রতিশ্রুতি দিয়েছিলেন, তিনি ব্রেক্সিট নিয়ে পুরোনো বিতর্ক নতুন করে শুরু করবেন না। কিন্তু গত জুলাইয়ে কিয়ার স্টারমারের স্থলাভিষিক্ত হওয়ার পর তার বিভিন্ন বক্তব্য এবং উদ্যোগে সেই বিতর্ক আবারও সামনে এসেছে।
এর আগে বার্নহাম বলেছিলেন, জীবদ্দশায় তিনি যুক্তরাজ্যকে আবারও ইইউর সদস্য হিসেবে দেখতে চান। এখন তিনি সম্পর্কের ভবিষ্যৎ নিয়ে কয়েকটি বিকল্প তুলে ধরার প্রতিশ্রুতি দিয়েছেন। এর মধ্যে বর্তমান অবস্থা বজায় রাখা, ইইউর কাস্টমস ইউনিয়নে যুক্ত হওয়া কিংবা পুনরায় পূর্ণ সদস্য হওয়ার বিষয়ও রয়েছে।
এই উদ্যোগের পেছনে একটি বড় কারণ হলো, বিভিন্ন জনমত জরিপে নিয়মিত দেখা যাচ্ছে, ব্রিটিশদের অধিকাংশই এখন ব্রেক্সিটের সিদ্ধান্ত নিয়ে অনুতপ্ত। আগামীকাল গণভোট হলে তাদের অধিকাংশই আবার ইইউতে যোগ দেওয়ার পক্ষে ভোট দেবেন বলে জরিপে ইঙ্গিত পাওয়া যাচ্ছে।
এ ছাড়া ব্রেক্সিটের প্রভাবে যুক্তরাজ্যের অর্থনীতি দুর্বল হয়েছে বলে মনে করা হচ্ছে। ২০১৬ সালের পর বিশ্ব পরিস্থিতিতেও বড় পরিবর্তন এসেছে। বিশেষ করে রাশিয়ার আগ্রাসনের বিরুদ্ধে ইউক্রেনের প্রতি ইউরোপের দৃঢ় সমর্থন আন্তর্জাতিক রাজনীতিতে নতুন বাস্তবতা তৈরি করেছে।
বার্নহাম আশা করছেন, ইইউর সঙ্গে সম্পর্কের উন্নতি আগামী সাধারণ নির্বাচনে মধ্য-বামপন্থী রাজনৈতিক দলগুলোর একটি বৃহত্তর জোট গঠনে সহায়তা করবে। ২০২৯ সালের আগে যুক্তরাজ্যে পরবর্তী সাধারণ নির্বাচন হওয়ার সম্ভাবনা নেই।
তবে তার এই কৌশলে বড় ধরনের রাজনৈতিক ঝুঁকিও রয়েছে। কারণ, তার নিজের দলসহ পুরো ব্রিটিশ রাজনীতিতেই ইউরোপের সঙ্গে সম্পর্কের ভবিষ্যৎ নিয়ে মতভেদ রয়েছে।
আপাতত প্রধানমন্ত্রী আগের তুলনায় কিছুটা সতর্ক অবস্থান নিয়েছেন।
লেবার পার্টির একজন সংসদ সদস্য নাম প্রকাশ না করার শর্তে এএফপিকে বলেন, ‘আমি ঘনিষ্ঠ সম্পর্কের পক্ষে। তবে তাকে সতর্কভাবে এগোতে হবে।’
বার্নহামের এই উদ্যোগের কারণে বিরোধী কনজারভেটিভ পার্টি এবং নাইজেল ফারাজের কট্টর ডানপন্থী দল রিফর্ম ইউকে তার বিরুদ্ধে ব্রেক্সিটের সঙ্গে বিশ্বাসঘাতকতার অভিযোগ তোলার সুযোগ পাচ্ছে। শুক্রবার ব্রাসেলসে নিজস্ব সংবাদ সম্মেলন করার কথা রয়েছে ফারাজেরও।
তবে এই মেয়াদে ইউরোপের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে সাবেক প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের নির্ধারিত কিছু মৌলিক অবস্থান বা ‘রেড লাইন’ বজায় রাখার প্রতিশ্রুতি দিয়েছেন বার্নহাম। এর অর্থ, যুক্তরাজ্য আপাতত ইইউর একক বাজার, কাস্টমস ইউনিয়ন কিংবা অবাধ চলাচল ব্যবস্থায় ফিরছে না।
তবে এসব সীমারেখা আরও শিথিল করার দাবি ক্রমেই জোরালো হচ্ছে। লেবার পার্টির সাবেক উপপ্রধানমন্ত্রী ডেভিড ল্যামি সম্প্রতি দলটির পরবর্তী নির্বাচনী ইশতেহারে আবারও ইইউতে যোগ দেওয়ার বিষয়টি অন্তর্ভুক্ত করার আহ্বান জানিয়েছেন। এ বিষয়ে প্রকাশ্যে অবস্থান নেওয়া লেবার পার্টির সবচেয়ে প্রভাবশালী ব্যক্তিদের মধ্যে তিনি অন্যতম।
অন্যদিকে, ব্রাসেলসে যুক্তরাজ্যের শিগগিরই আবার ইইউতে ফিরে আসার বিষয়ে তেমন প্রত্যাশা নেই।
ইইউর এক জ্যেষ্ঠ কূটনীতিক বলেন, ‘আমার সন্দেহ, এমন কোনো বড় পদক্ষেপ নেওয়ার ঝুঁকি তিনি নেবেন, যা যুক্তরাজ্যের রাজনীতিতে তীব্র বিতর্ক সৃষ্টি করতে পারে।’
তিনি আরও বলেন, ‘সম্ভবত তিনি ছোট ছোট পদক্ষেপের মাধ্যমে সম্পর্ক উন্নয়নের চেষ্টা চালিয়ে যাবেন। যতটা ঘনিষ্ঠ সম্পর্ক সম্ভব, তা গড়ে তুলতে আমরা প্রস্তুত।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
দাম্পত্য সম্পর্ক হলো বিশ্বাস, সহমর্মিতা ও পারস্পরিক আস্থার এক পবিত্র বন্ধন। তবে কখনো কখনো একটি অসম্পূর্ণ কথা, একটি ভুল সুর বা একটি অসতর্ক মুহূর্ত সেই বন্ধনে ফাটল ধরিয়ে দেয়। কেউ একটি কথা শোনে এবং পরে নিজের আবেগ, অভিজ্ঞতা বা দুশ্চিন্তা মিশিয়ে তার একটি নিজস্ব অর্থ দাঁড় করায়। ধীরে ধীরে সেই ধারণাই তার কাছে ধ্রুব সত্য হয়ে ওঠে—যদিও বাস্তবতার সঙ্গে তার হয়তো কোনো মিলই থাকে না।
ইসলামের শিক্ষা আমাদের এই মানসিক ফাঁদ থেকে সতর্ক করে। কুরআন ও হাদিসে ধারণানির্ভর সিদ্ধান্ত ও কুধারণার বিরুদ্ধে স্পষ্ট দিকনির্দেশনা দেওয়া হয়েছে, যা দাম্পত্য জীবনে শান্তি ও স্থিতি রক্ষায় অনন্য ভূমিকা পালন করে। আল্লাহ তাআলা বলেন—
يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا اجْتَنِبُوا كَثِيرًا مِنَ الظَّنِّ إِنَّ بَعْضَ الظَّنِّ إِثْمٌ
‘হে ঈমানদারগণ! তোমরা অধিক অনুমান থেকে দূরে থাকো; নিশ্চয় কোনো কোনো অনুমান পাপ।’ (সুরা আল-হুজুরাত: আয়াত ১২)
রাসুলুল্লাহ (সা.) বলেছেন—
إِيَّاكُمْ وَالظَّنَّ، فَإِنَّ الظَّنَّ أَكْذَبُ الْحَدِيثِ
‘তোমরা ধারণা থেকে বেঁচে থাকো; কেননা ধারণা হলো সবচেয়ে বড় মিথ্যা কথা।’ (বুখারি ৬০৬৬)
ভুল বোঝাবুঝি থেকে বাঁচার কার্যকর ৪ উপায়
১. শোনা কথাকে চূড়ান্ত সত্য ধরে নেবেন না
কোনো ঘটনা সম্পর্কে শোনা আর প্রকৃত বাস্তবতা জানা এক কথা নয়। তৃতীয় কোনো ব্যক্তি যখন কোনো ঘটনা বর্ণনা করেন, তখন তাতে তার নিজস্ব দৃষ্টিভঙ্গি, আবেগ, স্মৃতি বা পছন্দ-অপছন্দের ছাপ পড়ে। ফলে বর্ণনায় বাস্তবের চেয়ে ব্যক্তিগত ব্যাখ্যাই অনেক সময় প্রাধান্য পায়।
২. ভুল প্রমাণিত হলে নিজের ধারণা সংশোধন করুন
মানুষ মাত্রই ভুল বুঝতে পারে। কিন্তু ভুল বোঝার বিষয়টি স্পষ্ট হয়ে যাওয়ার পরও সেই ধারণা আঁকড়ে ধরে রাখা সম্পর্কের জন্য আরও ক্ষতিকর। সঙ্গী সম্পর্কে কোনো ভুল ধারণা তৈরি হয়ে থাকলে এবং পরে তা ভুল প্রমাণিত হলে মন থেকে তা মুছে ফেলুন।
৩. সিদ্ধান্ত নেওয়ার আগে পূর্ণাঙ্গ অনুসন্ধান করুন
অনেক দাম্পত্য কলহের সূচনা হয় খণ্ডিত বা অস্পষ্ট তথ্য থেকে। কারও কোনো কথা মূল প্রেক্ষাপট থেকে বিচ্ছিন্ন হয়ে সামনে এলে, কিংবা কারও এক মুহূর্তের আচরণ দেখে তার মনের অবস্থা সম্পর্কে অনুমান করলে ভুল বোঝাবুঝি তৈরি হয়। একজনের কথা একাধিক মুখ ঘুরে মূল ঘটনার রূপই বদলে দিতে পারে।
৪. ভিত্তিহীন অভিযোগের নৈতিক দায় সম্পর্কে সচেতন থাকুন
ভুল বোঝাবুঝির সবচেয়ে ঝুঁকিপূর্ণ দিক হলো, ভিত্তিহীন অভিযোগের নৈতিক দায় অনেক সময় অভিযোগকারীর ওপরই ফিরে আসে। সঙ্গীর মধ্যে এমন কোনো দোষ বা অপরাধ কল্পনা করা, যা বাস্তবে তার মধ্যে নেই, তা সম্পর্কের মর্যাদা ও নৈতিকতা—উভয়কেই ক্ষতিগ্রস্ত করে। হাদিসে পাকে এসেছে—
أَيُّمَا امْرِئٍ قَالَ لِأَخِيهِ يَا كَافِرُ فَقَدْ بَاءَ بِهَا أَحَدُهُمَا إِنْ كَانَ كَمَا قَالَ وَإِلَّا رَجَعَتْ عَلَيْهِ
‘যে ব্যক্তি তার ভাইকে ‘কাফির’ বলে, তবে তাদের দুজনের একজন সে কথার পরিণতি বহন করবে; সে যদি প্রকৃতই তেমন হয় (তবে অভিযুক্তের ওপর), আর না হলে তা অভিযোগকারীর নিজের দিকেই ফিরে আসবে।’ (বুখারি ৬১০৪)
এই হাদিস আমাদের স্মরণ করিয়ে দেয় যে প্রমাণ ও বাস্তবতা ছাড়া কাউকে গুরুতর দোষে অভিযুক্ত করা কতটা বিপজ্জনক। বিশেষ করে বিশ্বাস, চরিত্র বা নৈতিকতা নিয়ে কোনো অভিযোগ তোলার আগে শতভাগ নিশ্চিত হওয়া জরুরি।
প্রজ্ঞা, সংযম ও ভালোবাসায় অটুট থাকুক ঘর
মানুষের পক্ষে সবকিছু জানা সম্ভব নয়, কিন্তু না জেনে কিংবা না বুঝে সিদ্ধান্ত নেওয়া থেকে বিরত থাকা অবশ্যই সম্ভব। তাই শোনার পর যাচাই করুন, ভুল হলে সংশোধন করুন এবং অভিযোগ করার আগে প্রমাণের ভিত্তি যাচাই করুন। অনেক সময় চুপ থাকা কিংবা সিদ্ধান্ত নিতে কিছুটা সময় নেওয়াই প্রকৃত প্রজ্ঞার পরিচয়।
একটি ভিত্তিহীন ধারণা যেমন সঙ্গীকে অন্যায়ভাবে অভিযুক্ত করতে পারে, তেমনি নিজের জন্যও নৈতিক ও আত্মিক ক্ষতির কারণ হতে পারে। আসুন, সন্দেহ ও অনুমানের বদলে সংলাপ, ধৈর্য ও সুধারণার মাধ্যমে নিজেদের ঘরকে করে তুলি প্রশান্তির নীড়।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
বিএনপিসহ সচেতন জনগণকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসতে হবে পলাতক ও নিষিদ্ধ আওয়ামীলীগসহ যে কোন সংগঠনের সকল অপকর্ম, নৈরাজ্য, অপতৎপরতা মোকাবেলায়। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) রাতে লাকসাম পৌরসভা অডিটোরিয়ামে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কুমিল্লা-০৯ (লাকসাম–মনোহরগঞ্জ) আসনের সংসদ সদস্য, শিল্প মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির শিল্প বিষয়ক সম্পাদক মোঃ আবুল কালাম। এই আলোচনা সভাটি লাকসাম উপজেলা ও পৌরসভা এবং মনোহরগঞ্জ উপজেলা বিএনপির উদ্যোগে আয়োজিত হয়েছিল, যা নিষিদ্ধ সংগঠন কর্তৃক দেশব্যাপী পরিকল্পিত বিশৃঙ্খলা প্রতিরোধের লক্ষ্যে অনুষ্ঠিত হয়।
সভায় সকল নেতাকর্মীকে আহ্বান জানানো হয় যে, দেশ ও গণতন্ত্রের স্বার্থে তারা ঐক্যবদ্ধ থেকে যেকোনো ধরনের নৈরাজ্য, বিশৃঙ্খলা ও অপতৎপরতা প্রতিরোধে সচেতন ও দায়িত্বশীল ভূমিকা পালন করবেন। লাকসাম পৌরসভা বিএনপির সভাপতি আলহাজ্ মোঃ মজির আহমদের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন লাকসাম উপজেলা বিএনপির সহসভাপতি ডাঃ মোঃ নুর উল্লাহ রায়হান, সাধারণ সম্পাদক আবদুর রহমান বাদল, সাংগঠনিক সম্পাদক মোশাররফ হোসেন মুশু, যুগ্ম সাধারণ সম্পাদক আবুল হোসেন মিলন, আলহাজ্ জসীম উদ্দিন, পৌরসভা বিএনপির সাধারণ সম্পাদক গোলাম ফারুক, বেলাল রহমান মজুমদার, সুভাষ সাহা, মনোহরগজ্ঞ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক অধ্যাপক সরওয়ার জাহান দোলন, এবং বিএনপি নেতা শাহ সুলতান খোকন প্রমুখ।
এছাড়াও সভায় উপস্থিত ছিলেন লাকসাম পৌরসভা বিএনপির সহসভাপতি আবুল হোসেন মানু, কমান্ডার আবুল বাশারসহ লাকসাম ও মনোহরগজ্ঞ উপজেলার সকল ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
দীর্ঘকাল ধরে বক্স অফিসের নিয়ন্ত্রণ পুরুষ তারকাদের হাতে ছিল। এই ধারণা পরিবর্তন করে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন দক্ষিণী সিনেমা ইন্ডাস্ট্রির জনপ্রিয় অভিনেত্রী নয়নতারা। একের পর এক নারীপ্রধান সিনেমার সাফল্য, পারিশ্রমিক এবং ব্যবসায়িক উদ্যোগ— সবকিছু মিলিয়ে ভারতীয় সিনেমা জগতে তিনি ‘লেডি সুপারস্টার’ হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন।
তবে ‘লেডি সুপারস্টার’ হিসেবে পরিচিত অভিনেত্রী খুব একটা স্বস্তিতে নেই। এই ‘লেডি’ উপাধি পাওয়ার কারণে তাকে অনেক সমালোচনার মুখোমুখি হতে হয়। গত পাঁচ-ছয় বছর ধরে তিনি প্রযোজক ও পরিচালকদের কাছে সিনেমায় তার নামের আগে এই উপাধি ব্যবহার না করার জন্য অনুরোধ জানিয়ে আসছেন।
নয়নতারা বলেন, “আমার ক্যারিয়ার কোনো উপাধি বা পরিচয়ে সংজ্ঞায়িত হয় না। কারো কাছ থেকে কোনো উপাধি কেড়ে নেওয়ার চেষ্টাও আমি করছি না। বিষয়টি আমার কাছে আসলে গুরুত্বপূর্ণ নয়।”
অভিনয়ের পাশাপাশি, বিভিন্ন ব্র্যান্ডের বিজ্ঞাপনে কাজ করে তিনি বড় অঙ্কের আয় করেন। প্রতিটি বিজ্ঞাপনের জন্য প্রায় পাঁচ কোটি রুপি পারিশ্রমিক নেন তিনি। টাটা স্কাইয়ের ৫০ সেকেন্ডের একটি বিজ্ঞাপনে চার ভাষায় কাজ করে পাঁচ কোটি রুপি পেয়েছিলেন নয়নতারা।
অন্যদিকে, অভিনয়ের পাশাপাশি স্বামী পরিচালক ভিগনেশ শিবানের সঙ্গে বেশ কয়েকটি ব্যবসায় যুক্ত রয়েছেন নয়নতারা। ভিগনেশ শিবানের সঙ্গে ‘রাউডি পিকচার্স’ নামে একটি প্রযোজনা প্রতিষ্ঠান রয়েছে এই তারকা দম্পতির। প্রতিষ্ঠানটির মূল্য প্রায় ৫০ কোটি রুপি বলে দাবি করা হয়েছে। এর আগে বিভিন্ন সাক্ষাৎকারে ভিগনেশ জানিয়েছিলেন— ৪০০ কোটি রুপি আয় করতে পারলে তারা সিনেমা থেকে অবসর নেওয়ার কথা ভাবতে পারেন।
২০২৩ সালে সিঙ্গাপুরের উদ্যোক্তা ডেইজি মরগ্যানের সঙ্গে যৌথভাবে ত্বকের যত্নের প্রসাধনী ব্র্যান্ড ‘নাইনস্কিন’ চালু করেন অভিনেত্রী। তার আগে ২০২১ সালে চর্মরোগ বিশেষজ্ঞ রেনিতা রাজনের সঙ্গে যৌথভাবে লিপ বাম ব্র্যান্ডের ব্যবসায় যুক্ত হন নয়নতারা।
২০০৩ সালে মাত্র ১৮ বছর বয়সে মালায়ালাম সিনেমা ‘মনসিনাক্কারে’ দিয়ে অভিনয়ে অভিষেক হয় নয়নতারার। ২০০৫ সালে রজনীকান্তের ‘চন্দ্রমুখী’ ও এআর মুরুগাদস পরিচালিত ‘গজিনি’ দিয়ে তামিল সিনেমায় পরিচিতি পান তিনি। ২০০৭ সালে ‘বিল্লা’ সিনেমায় ভিন্ন লুকে হাজির হয়ে নিজের চেনা ইমেজও ভেঙে দেন নয়নতারা। তামিল, তেলেগু, মালায়ালাম, কন্নড় ও হিন্দি— পাঁচ ভাষার ৭৫টির বেশি সিনেমায় অভিনয় করেছেন।
ব্যক্তিগত কারণে দুই বছরের বিরতির পর ২০১৩ সালে আবার ‘রাজা রানি’ দিয়ে অভিনয়ে ফেরেন অভিনেত্রী। এরপর ‘মায়া’ (২০১৫), ‘আরাম’ (২০১৭) ও ‘কোলামাভু কোকিলা’ (২০১৮)-এর মতো সিনেমায় এককভাবে নেতৃত্ব দিয়ে বক্স অফিসে সাফল্য পান। এসব সিনেমা তাকে নারীপ্রধান চলচ্চিত্রের অন্যতম নির্ভরযোগ্য তারকায় পরিণত করে।
এদিকে, অভিনয়ের সাফল্যের সঙ্গে বেড়েছে তার পারিশ্রমিকও। শাহরুখ খানের বিপরীতে ‘জওয়ান’ দিয়ে হিন্দি সিনেমায় অভিষেকের সময় প্রায় ১০ কোটি রুপি পারিশ্রমিক নিয়েছিলেন বলে খবর প্রকাশিত হয়েছিল। টাইমস অব ইন্ডিয়ার তথ্যানুযায়ী, সম্প্রতি ‘টক্সিক’ সিনেমার জন্য ১৮ কোটি রুপি পারিশ্রমিক দাবি করেন তিনি। যদিও যশ অভিনীত সিনেমাটি বক্স অফিসে প্রত্যাশিত সাফল্য পায়নি।
ভারতের বিভিন্ন শহরে তার একাধিক সম্পত্তিও রয়েছে। ২০২১ সালে চেন্নাইয়ে চার শয়নকক্ষের একটি ফ্ল্যাট কেনেন ভিগনেশের সঙ্গে। এছাড়া হায়দরাবাদের বানজারা হিলসে দুটি বাড়ি রয়েছে তার, যার মূল্য ৩০ কোটি রুপি থেকে বেশি বলে জানা গেছে। মুম্বাইয়ে বিলাসবহুল চার শয়নকক্ষের ফ্ল্যাট এবং কেরালায় পৈতৃক বাড়িও রয়েছে অভিনেত্রীর। তার ব্যক্তিগত বিমানের আনুমানিক মূল্য ৫০ কোটি রুপি। গাড়ির সংগ্রহে রয়েছে বিএমডব্লিউ ৫ সিরিজ, মার্সিডিজ জিএলএস ৩৫০ডি ও বিএমডব্লিউ ৭ সিরিজ।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
ঢাকা ছেড়ে অস্ট্রেলিয়া ও মালয়েশিয়া সফরের উদ্দেশ্যে গেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির এবং জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান।
বৃহস্পতিবার দিবাগত রাত ১২টা ৫০ মিনিটে, শুক্রবারের প্রথম প্রহরে, তিনি ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে অস্ট্রেলিয়ার জন্য রওনা হন। ২০ থেকে ২৬ নভেম্বর পর্যন্ত তিনি অস্ট্রেলিয়া ও মালয়েশিয়ায় অবস্থান করবেন।
এই সফরের সময় অস্ট্রেলিয়া সরকারের উচ্চপর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে তাঁর বৈঠক অনুষ্ঠিত হবে। এছাড়া, তিনি দুই দেশে বসবাসকারী প্রবাসী বাংলাদেশিদের বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহণ করবেন।
ডা. শফিকুর রহমানের সফরসঙ্গী হিসেবে রয়েছেন জাতীয় সংসদ সদস্য ডা. মোসলেহ উদ্দিন ফরিদ, ব্যারিস্টার মীর আহমদ বিন কাশেম আরমান এবং তাঁর সহকারী একান্ত সচিব (এপিএস) মুহাম্মদ নজরুল ইসলাম।
ঢাকা ত্যাগের সময় বিমানবন্দরে তাঁকে বিদায় জানান জামায়াতে ইসলামীর নায়েবে আমির ও সংসদ সদস্য মিয়া গোলাম পরওয়ার, সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান, অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের, মোবারক হোসাইন, নূরুল ইসলাম বুলবুল, মোহাম্মদ সেলিম উদ্দিনসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ