শুক্রবার, ২০ই নভেম্বর, ২০২৬ ইং
১২:৩৬ পি.এম
দাম্পত্য সম্পর্ক হলো বিশ্বাস, সহমর্মিতা ও পারস্পরিক আস্থার এক পবিত্র বন্ধন। তবে কখনো কখনো একটি অসম্পূর্ণ কথা, একটি ভুল সুর বা একটি অসতর্ক মুহূর্ত সেই বন্ধনে ফাটল ধরিয়ে দেয়। কেউ একটি কথা শোনে এবং পরে নিজের আবেগ, অভিজ্ঞতা বা দুশ্চিন্তা মিশিয়ে তার একটি নিজস্ব অর্থ দাঁড় করায়। ধীরে ধীরে সেই ধারণাই তার কাছে ধ্রুব সত্য হয়ে ওঠে—যদিও বাস্তবতার সঙ্গে তার হয়তো কোনো মিলই থাকে না।
ইসলামের শিক্ষা আমাদের এই মানসিক ফাঁদ থেকে সতর্ক করে। কুরআন ও হাদিসে ধারণানির্ভর সিদ্ধান্ত ও কুধারণার বিরুদ্ধে স্পষ্ট দিকনির্দেশনা দেওয়া হয়েছে, যা দাম্পত্য জীবনে শান্তি ও স্থিতি রক্ষায় অনন্য ভূমিকা পালন করে। আল্লাহ তাআলা বলেন—
يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا اجْتَنِبُوا كَثِيرًا مِنَ الظَّنِّ إِنَّ بَعْضَ الظَّنِّ إِثْمٌ
‘হে ঈমানদারগণ! তোমরা অধিক অনুমান থেকে দূরে থাকো; নিশ্চয় কোনো কোনো অনুমান পাপ।’ (সুরা আল-হুজুরাত: আয়াত ১২)
রাসুলুল্লাহ (সা.) বলেছেন—
إِيَّاكُمْ وَالظَّنَّ، فَإِنَّ الظَّنَّ أَكْذَبُ الْحَدِيثِ
‘তোমরা ধারণা থেকে বেঁচে থাকো; কেননা ধারণা হলো সবচেয়ে বড় মিথ্যা কথা।’ (বুখারি ৬০৬৬)
ভুল বোঝাবুঝি থেকে বাঁচার কার্যকর ৪ উপায়
১. শোনা কথাকে চূড়ান্ত সত্য ধরে নেবেন না
কোনো ঘটনা সম্পর্কে শোনা আর প্রকৃত বাস্তবতা জানা এক কথা নয়। তৃতীয় কোনো ব্যক্তি যখন কোনো ঘটনা বর্ণনা করেন, তখন তাতে তার নিজস্ব দৃষ্টিভঙ্গি, আবেগ, স্মৃতি বা পছন্দ-অপছন্দের ছাপ পড়ে। ফলে বর্ণনায় বাস্তবের চেয়ে ব্যক্তিগত ব্যাখ্যাই অনেক সময় প্রাধান্য পায়।
২. ভুল প্রমাণিত হলে নিজের ধারণা সংশোধন করুন
মানুষ মাত্রই ভুল বুঝতে পারে। কিন্তু ভুল বোঝার বিষয়টি স্পষ্ট হয়ে যাওয়ার পরও সেই ধারণা আঁকড়ে ধরে রাখা সম্পর্কের জন্য আরও ক্ষতিকর। সঙ্গী সম্পর্কে কোনো ভুল ধারণা তৈরি হয়ে থাকলে এবং পরে তা ভুল প্রমাণিত হলে মন থেকে তা মুছে ফেলুন।
৩. সিদ্ধান্ত নেওয়ার আগে পূর্ণাঙ্গ অনুসন্ধান করুন
অনেক দাম্পত্য কলহের সূচনা হয় খণ্ডিত বা অস্পষ্ট তথ্য থেকে। কারও কোনো কথা মূল প্রেক্ষাপট থেকে বিচ্ছিন্ন হয়ে সামনে এলে, কিংবা কারও এক মুহূর্তের আচরণ দেখে তার মনের অবস্থা সম্পর্কে অনুমান করলে ভুল বোঝাবুঝি তৈরি হয়। একজনের কথা একাধিক মুখ ঘুরে মূল ঘটনার রূপই বদলে দিতে পারে।
৪. ভিত্তিহীন অভিযোগের নৈতিক দায় সম্পর্কে সচেতন থাকুন
ভুল বোঝাবুঝির সবচেয়ে ঝুঁকিপূর্ণ দিক হলো, ভিত্তিহীন অভিযোগের নৈতিক দায় অনেক সময় অভিযোগকারীর ওপরই ফিরে আসে। সঙ্গীর মধ্যে এমন কোনো দোষ বা অপরাধ কল্পনা করা, যা বাস্তবে তার মধ্যে নেই, তা সম্পর্কের মর্যাদা ও নৈতিকতা—উভয়কেই ক্ষতিগ্রস্ত করে। হাদিসে পাকে এসেছে—
أَيُّمَا امْرِئٍ قَالَ لِأَخِيهِ يَا كَافِرُ فَقَدْ بَاءَ بِهَا أَحَدُهُمَا إِنْ كَانَ كَمَا قَالَ وَإِلَّا رَجَعَتْ عَلَيْهِ
‘যে ব্যক্তি তার ভাইকে ‘কাফির’ বলে, তবে তাদের দুজনের একজন সে কথার পরিণতি বহন করবে; সে যদি প্রকৃতই তেমন হয় (তবে অভিযুক্তের ওপর), আর না হলে তা অভিযোগকারীর নিজের দিকেই ফিরে আসবে।’ (বুখারি ৬১০৪)
এই হাদিস আমাদের স্মরণ করিয়ে দেয় যে প্রমাণ ও বাস্তবতা ছাড়া কাউকে গুরুতর দোষে অভিযুক্ত করা কতটা বিপজ্জনক। বিশেষ করে বিশ্বাস, চরিত্র বা নৈতিকতা নিয়ে কোনো অভিযোগ তোলার আগে শতভাগ নিশ্চিত হওয়া জরুরি।
প্রজ্ঞা, সংযম ও ভালোবাসায় অটুট থাকুক ঘর
মানুষের পক্ষে সবকিছু জানা সম্ভব নয়, কিন্তু না জেনে কিংবা না বুঝে সিদ্ধান্ত নেওয়া থেকে বিরত থাকা অবশ্যই সম্ভব। তাই শোনার পর যাচাই করুন, ভুল হলে সংশোধন করুন এবং অভিযোগ করার আগে প্রমাণের ভিত্তি যাচাই করুন। অনেক সময় চুপ থাকা কিংবা সিদ্ধান্ত নিতে কিছুটা সময় নেওয়াই প্রকৃত প্রজ্ঞার পরিচয়।
একটি ভিত্তিহীন ধারণা যেমন সঙ্গীকে অন্যায়ভাবে অভিযুক্ত করতে পারে, তেমনি নিজের জন্যও নৈতিক ও আত্মিক ক্ষতির কারণ হতে পারে। আসুন, সন্দেহ ও অনুমানের বদলে সংলাপ, ধৈর্য ও সুধারণার মাধ্যমে নিজেদের ঘরকে করে তুলি প্রশান্তির নীড়।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
বিএনপিসহ সচেতন জনগণকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসতে হবে পলাতক ও নিষিদ্ধ আওয়ামীলীগসহ যে কোন সংগঠনের সকল অপকর্ম, নৈরাজ্য, অপতৎপরতা মোকাবেলায়। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) রাতে লাকসাম পৌরসভা অডিটোরিয়ামে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কুমিল্লা-০৯ (লাকসাম–মনোহরগঞ্জ) আসনের সংসদ সদস্য, শিল্প মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির শিল্প বিষয়ক সম্পাদক মোঃ আবুল কালাম। এই আলোচনা সভাটি লাকসাম উপজেলা ও পৌরসভা এবং মনোহরগঞ্জ উপজেলা বিএনপির উদ্যোগে আয়োজিত হয়েছিল, যা নিষিদ্ধ সংগঠন কর্তৃক দেশব্যাপী পরিকল্পিত বিশৃঙ্খলা প্রতিরোধের লক্ষ্যে অনুষ্ঠিত হয়।
সভায় সকল নেতাকর্মীকে আহ্বান জানানো হয় যে, দেশ ও গণতন্ত্রের স্বার্থে তারা ঐক্যবদ্ধ থেকে যেকোনো ধরনের নৈরাজ্য, বিশৃঙ্খলা ও অপতৎপরতা প্রতিরোধে সচেতন ও দায়িত্বশীল ভূমিকা পালন করবেন। লাকসাম পৌরসভা বিএনপির সভাপতি আলহাজ্ মোঃ মজির আহমদের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন লাকসাম উপজেলা বিএনপির সহসভাপতি ডাঃ মোঃ নুর উল্লাহ রায়হান, সাধারণ সম্পাদক আবদুর রহমান বাদল, সাংগঠনিক সম্পাদক মোশাররফ হোসেন মুশু, যুগ্ম সাধারণ সম্পাদক আবুল হোসেন মিলন, আলহাজ্ জসীম উদ্দিন, পৌরসভা বিএনপির সাধারণ সম্পাদক গোলাম ফারুক, বেলাল রহমান মজুমদার, সুভাষ সাহা, মনোহরগজ্ঞ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক অধ্যাপক সরওয়ার জাহান দোলন, এবং বিএনপি নেতা শাহ সুলতান খোকন প্রমুখ।
এছাড়াও সভায় উপস্থিত ছিলেন লাকসাম পৌরসভা বিএনপির সহসভাপতি আবুল হোসেন মানু, কমান্ডার আবুল বাশারসহ লাকসাম ও মনোহরগজ্ঞ উপজেলার সকল ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
দীর্ঘকাল ধরে বক্স অফিসের নিয়ন্ত্রণ পুরুষ তারকাদের হাতে ছিল। এই ধারণা পরিবর্তন করে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন দক্ষিণী সিনেমা ইন্ডাস্ট্রির জনপ্রিয় অভিনেত্রী নয়নতারা। একের পর এক নারীপ্রধান সিনেমার সাফল্য, পারিশ্রমিক এবং ব্যবসায়িক উদ্যোগ— সবকিছু মিলিয়ে ভারতীয় সিনেমা জগতে তিনি ‘লেডি সুপারস্টার’ হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন।
তবে ‘লেডি সুপারস্টার’ হিসেবে পরিচিত অভিনেত্রী খুব একটা স্বস্তিতে নেই। এই ‘লেডি’ উপাধি পাওয়ার কারণে তাকে অনেক সমালোচনার মুখোমুখি হতে হয়। গত পাঁচ-ছয় বছর ধরে তিনি প্রযোজক ও পরিচালকদের কাছে সিনেমায় তার নামের আগে এই উপাধি ব্যবহার না করার জন্য অনুরোধ জানিয়ে আসছেন।
নয়নতারা বলেন, “আমার ক্যারিয়ার কোনো উপাধি বা পরিচয়ে সংজ্ঞায়িত হয় না। কারো কাছ থেকে কোনো উপাধি কেড়ে নেওয়ার চেষ্টাও আমি করছি না। বিষয়টি আমার কাছে আসলে গুরুত্বপূর্ণ নয়।”
অভিনয়ের পাশাপাশি, বিভিন্ন ব্র্যান্ডের বিজ্ঞাপনে কাজ করে তিনি বড় অঙ্কের আয় করেন। প্রতিটি বিজ্ঞাপনের জন্য প্রায় পাঁচ কোটি রুপি পারিশ্রমিক নেন তিনি। টাটা স্কাইয়ের ৫০ সেকেন্ডের একটি বিজ্ঞাপনে চার ভাষায় কাজ করে পাঁচ কোটি রুপি পেয়েছিলেন নয়নতারা।
অন্যদিকে, অভিনয়ের পাশাপাশি স্বামী পরিচালক ভিগনেশ শিবানের সঙ্গে বেশ কয়েকটি ব্যবসায় যুক্ত রয়েছেন নয়নতারা। ভিগনেশ শিবানের সঙ্গে ‘রাউডি পিকচার্স’ নামে একটি প্রযোজনা প্রতিষ্ঠান রয়েছে এই তারকা দম্পতির। প্রতিষ্ঠানটির মূল্য প্রায় ৫০ কোটি রুপি বলে দাবি করা হয়েছে। এর আগে বিভিন্ন সাক্ষাৎকারে ভিগনেশ জানিয়েছিলেন— ৪০০ কোটি রুপি আয় করতে পারলে তারা সিনেমা থেকে অবসর নেওয়ার কথা ভাবতে পারেন।
২০২৩ সালে সিঙ্গাপুরের উদ্যোক্তা ডেইজি মরগ্যানের সঙ্গে যৌথভাবে ত্বকের যত্নের প্রসাধনী ব্র্যান্ড ‘নাইনস্কিন’ চালু করেন অভিনেত্রী। তার আগে ২০২১ সালে চর্মরোগ বিশেষজ্ঞ রেনিতা রাজনের সঙ্গে যৌথভাবে লিপ বাম ব্র্যান্ডের ব্যবসায় যুক্ত হন নয়নতারা।
২০০৩ সালে মাত্র ১৮ বছর বয়সে মালায়ালাম সিনেমা ‘মনসিনাক্কারে’ দিয়ে অভিনয়ে অভিষেক হয় নয়নতারার। ২০০৫ সালে রজনীকান্তের ‘চন্দ্রমুখী’ ও এআর মুরুগাদস পরিচালিত ‘গজিনি’ দিয়ে তামিল সিনেমায় পরিচিতি পান তিনি। ২০০৭ সালে ‘বিল্লা’ সিনেমায় ভিন্ন লুকে হাজির হয়ে নিজের চেনা ইমেজও ভেঙে দেন নয়নতারা। তামিল, তেলেগু, মালায়ালাম, কন্নড় ও হিন্দি— পাঁচ ভাষার ৭৫টির বেশি সিনেমায় অভিনয় করেছেন।
ব্যক্তিগত কারণে দুই বছরের বিরতির পর ২০১৩ সালে আবার ‘রাজা রানি’ দিয়ে অভিনয়ে ফেরেন অভিনেত্রী। এরপর ‘মায়া’ (২০১৫), ‘আরাম’ (২০১৭) ও ‘কোলামাভু কোকিলা’ (২০১৮)-এর মতো সিনেমায় এককভাবে নেতৃত্ব দিয়ে বক্স অফিসে সাফল্য পান। এসব সিনেমা তাকে নারীপ্রধান চলচ্চিত্রের অন্যতম নির্ভরযোগ্য তারকায় পরিণত করে।
এদিকে, অভিনয়ের সাফল্যের সঙ্গে বেড়েছে তার পারিশ্রমিকও। শাহরুখ খানের বিপরীতে ‘জওয়ান’ দিয়ে হিন্দি সিনেমায় অভিষেকের সময় প্রায় ১০ কোটি রুপি পারিশ্রমিক নিয়েছিলেন বলে খবর প্রকাশিত হয়েছিল। টাইমস অব ইন্ডিয়ার তথ্যানুযায়ী, সম্প্রতি ‘টক্সিক’ সিনেমার জন্য ১৮ কোটি রুপি পারিশ্রমিক দাবি করেন তিনি। যদিও যশ অভিনীত সিনেমাটি বক্স অফিসে প্রত্যাশিত সাফল্য পায়নি।
ভারতের বিভিন্ন শহরে তার একাধিক সম্পত্তিও রয়েছে। ২০২১ সালে চেন্নাইয়ে চার শয়নকক্ষের একটি ফ্ল্যাট কেনেন ভিগনেশের সঙ্গে। এছাড়া হায়দরাবাদের বানজারা হিলসে দুটি বাড়ি রয়েছে তার, যার মূল্য ৩০ কোটি রুপি থেকে বেশি বলে জানা গেছে। মুম্বাইয়ে বিলাসবহুল চার শয়নকক্ষের ফ্ল্যাট এবং কেরালায় পৈতৃক বাড়িও রয়েছে অভিনেত্রীর। তার ব্যক্তিগত বিমানের আনুমানিক মূল্য ৫০ কোটি রুপি। গাড়ির সংগ্রহে রয়েছে বিএমডব্লিউ ৫ সিরিজ, মার্সিডিজ জিএলএস ৩৫০ডি ও বিএমডব্লিউ ৭ সিরিজ।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
ঢাকা ছেড়ে অস্ট্রেলিয়া ও মালয়েশিয়া সফরের উদ্দেশ্যে গেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির এবং জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান।
বৃহস্পতিবার দিবাগত রাত ১২টা ৫০ মিনিটে, শুক্রবারের প্রথম প্রহরে, তিনি ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে অস্ট্রেলিয়ার জন্য রওনা হন। ২০ থেকে ২৬ নভেম্বর পর্যন্ত তিনি অস্ট্রেলিয়া ও মালয়েশিয়ায় অবস্থান করবেন।
এই সফরের সময় অস্ট্রেলিয়া সরকারের উচ্চপর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে তাঁর বৈঠক অনুষ্ঠিত হবে। এছাড়া, তিনি দুই দেশে বসবাসকারী প্রবাসী বাংলাদেশিদের বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহণ করবেন।
ডা. শফিকুর রহমানের সফরসঙ্গী হিসেবে রয়েছেন জাতীয় সংসদ সদস্য ডা. মোসলেহ উদ্দিন ফরিদ, ব্যারিস্টার মীর আহমদ বিন কাশেম আরমান এবং তাঁর সহকারী একান্ত সচিব (এপিএস) মুহাম্মদ নজরুল ইসলাম।
ঢাকা ত্যাগের সময় বিমানবন্দরে তাঁকে বিদায় জানান জামায়াতে ইসলামীর নায়েবে আমির ও সংসদ সদস্য মিয়া গোলাম পরওয়ার, সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান, অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের, মোবারক হোসাইন, নূরুল ইসলাম বুলবুল, মোহাম্মদ সেলিম উদ্দিনসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
উত্তরের জেলা পঞ্চগড়ে শীতের প্রভাব দৃঢ়ভাবে অনুভূত হচ্ছে। যদিও দিনের বেলায় গরম আবহাওয়া বিরাজমান, রাত এবং সকালে পাহাড়ি হিম বাতাসের কারণে ঠান্ডা অনুভূত হচ্ছে।
শুক্রবার (২০ নভেম্বর) সকালে কুয়াশার পরিমাণ কমতে শুরু করলেও সকাল ৯টায় জেলার সর্বনিম্ন তাপমাত্রা ১৩ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। একই সময় জলীয় বাষ্পের পরিমাণ ছিল ৯৮ শতাংশ।
তবে গতকাল বিকেল থেকে সমুদ্রের চলমান নিম্নচাপের প্রভাবে আকাশে মেঘমালার উপস্থিতি ছিল অনেক বেশি। শুক্রবার সকাল থেকে সূর্যের দেখা মিললেও মেঘের কারণে সূর্য বারবার আড়ালে চলে যাচ্ছে। এর ফলে ভূপৃষ্ঠে সূর্যের কাঙ্ক্ষিত তাপ ছড়াতে না পারায় শীত অনুভূত হচ্ছে। হিমেল বাতাস শীতের তীব্রতা বৃদ্ধি করছে।
রাত থেকে পরদিন সকাল পর্যন্ত উত্তরের এই অঞ্চলে শীত অনুভূত হচ্ছে। এই সময়টিতে মানুষের স্বাভাবিক চলাচলে প্রভাব পড়ছে। ঘরের বাইরে বের হতে হচ্ছে গরম কাপড় পরে। বিশেষ করে ভোরে কাজে বের হওয়া শ্রমজীবী মানুষ, কৃষক, দিনমজুর ও নিম্নআয়ের মানুষ কিছুটা ভোগান্তিতে পড়ছেন।
সদর উপজেলার ধাক্কামারা ইউনিয়নের বেগুন চাষি আলিম উদ্দিন জানান, আজ সকালে কুয়াশার পরিমাণ কম ছিল। তবে আকাশে মেঘ থাকার কারণে সূর্যের আলো তেমন গরম ছড়াতে পারেনি। সকাল থেকে বাতাসের কারণে শীত অনুভূত হচ্ছে এবং খেতে কৃষিকাজ করতে খুব কষ্ট হচ্ছিল।
তেঁতুলিয়া উপজেলার পথচারী আজিমুল ইসলাম বলেন, তিনি প্রতিদিন সকালে হাঁটতে বের হন। গত কয়েক দিন ধরে কুয়াশার পরিমাণ বেশি থাকলেও আজ কিছুটা কম ছিল। কিন্তু ঠান্ডা বাতাসের কারণে গরম কাপড় জড়িয়ে বের হতে হয়েছে, তবুও ঠান্ডা লাগছে। মনে হচ্ছে যেন বরফের আশপাশে আছেন।
তেঁতুলিয়া আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্রনাথ রায় জানান, হিমালয় থেকে আসা হিমেল বাতাস জেলায় শীতের তীব্রতা বাড়িয়ে দিচ্ছে। মেঘমালা সূর্যকে আড়াল করে রাখছে, যার ফলে সূর্যের তাপ ভূপৃষ্ঠে ছড়াতে পারছে না এবং শীত বেশি অনুভূত হচ্ছে। চলতি মাসের শেষের দিকে শীতের তীব্রতা আরো বাড়ার সম্ভাবনা রয়েছে।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ