ঢাকা সোমবার, ২৩শে নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৮ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ১২ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
সোমবার, ২৩শে নভেম্বর, ২০২৬ইং ০৮ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

সহিংসতা বন্ধে পুরস্কার ও শাস্তির প্রয়োজন: সান্তোস


সহিংসতা বন্ধে পুরস্কার ও শাস্তির প্রয়োজন: সান্তোস

ঢাকা, ২২ নভেম্বর, ২০২৬ : কলম্বিয়ার সাবেক প্রেসিডেন্ট এবং নোবেল শান্তি পুরস্কারজয়ী হুয়ান ম্যানুয়েল সান্তোস মন্তব্য করেছেন যে, দেশটির সশস্ত্র গোষ্ঠীগুলোকে পরাজিত করার জন্য বর্তমান প্রেসিডেন্টের সামরিক শক্তি প্রয়োগের কৌশল শেষ পর্যন্ত ব্যর্থ হবে। তিনি উল্লেখ করেন যে, সহিংসতা বন্ধ করার জন্য পুরস্কার ও শাস্তি—দুই ধরনের পদক্ষেপ গ্রহণ করা প্রয়োজন।

এএফপি সংবাদ সংস্থার খবর অনুযায়ী, ফার্ক গেরিলাদের সঙ্গে ঐতিহাসিক শান্তিচুক্তি স্বাক্ষরের মাধ্যমে দীর্ঘস্থায়ী সংঘাতের সমাপ্তি ঘটানোর জন্য ৭৫ বছর বয়সী সান্তোস নোবেল শান্তি পুরস্কার অর্জন করেছিলেন। ২০১৬ সালের ২৪ নভেম্বর এই চুক্তিটি স্বাক্ষরিত হয়। ফার্কের সঙ্গে কলম্বিয়া সরকারের পাঁচ দশকেরও বেশি সময় ধরে চলা যুদ্ধের অবসান ঘটায় এই চুক্তি।

বর্তমানে, এক দশক পর দেশে আবারও সহিংসতা বৃদ্ধি পাচ্ছে। নতুন প্রেসিডেন্ট আবেলার্দো দে লা এসপ্রিয়েলার নীতির কারণে সান্তোসের শান্তি প্রতিষ্ঠার উদ্যোগ ও অর্জন হুমকির মুখে পড়েছে বলে মনে হচ্ছে।

আরও পড়ুন: কার্বন নিঃসরণ কমিয়ে আন্তর্জাতিক মানের গ্রিন পোর্টের পথে চট্টগ্রাম বন্দর

বোগোতায় নিজের শান্তি প্রতিষ্ঠাবিষয়ক ফাউন্ডেশনে এএফপিকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, ‘যে বিষয়টি আমাকে রাতে ঘুমাতে দেয় না? সেটি হলো, বর্তমান সরকার বুঝতে পারছে না যে আজ আমাদের যেসব সমস্যা রয়েছে, তার অনেকগুলোর সমাধানের সবচেয়ে ভালো উপায় হলো ২০১৬ সালের শান্তিচুক্তি বাস্তবায়ন করা।’

যুক্তরাষ্ট্রের সমর্থনপুষ্ট প্রেসিডেন্ট দে লা এসপ্রিয়েলার দাবি, শান্তিচুক্তির আওতায় ফার্ক যোদ্ধারা নিজেদের অপরাধ স্বীকার করার বিনিময়ে কারাদণ্ড থেকে রেহাই পেয়েছেন। তার মতে, এতে অপরাধ করেও শাস্তি এড়ানোর সংস্কৃতি তৈরি হয়েছে।

প্রেসিডেন্ট অঙ্গীকার করেছেন, অবশিষ্ট সব সশস্ত্র গোষ্ঠী, এমনকি ফার্কের বিচ্ছিন্ন হয়ে যাওয়া অংশগুলোকেও ‘কবরস্থানে অথবা কারাগারে’ পাঠানো হবে। এ লক্ষ্যে তিনি এসব গোষ্ঠীর অবস্থান লক্ষ্য করে বিমান হামলাও জোরদার করেছেন।

শান্তি নিয়ে রাজনীতি

আরও পড়ুন: লিবিয়া উপকূলে রুশ যুদ্ধজাহাজে ইউক্রেনের নৌ-ড্রোন হামলার স্বীকারোক্তি জেলেনস্কির

ফার্কের বিরুদ্ধে লড়াইয়ে সান্তোস দ্বিমুখী কৌশল গ্রহণ করেছিলেন। কিউবায় চার বছর ধরে শান্তি আলোচনা চলার সময়ও তিনি গেরিলাদের ওপর সামরিক চাপ অব্যাহত রেখেছিলেন। একই সঙ্গে অস্ত্র ত্যাগ করলে তাদের রাজনীতিতে অংশগ্রহণ, সমাজে পুনর্বাসন এবং কারাদণ্ড এড়িয়ে স্বাভাবিক জীবনে ফেরার সুযোগ দিয়েছিলেন।

ওই শান্তিচুক্তির ফলে ফার্কের বোমা হামলা, হত্যাকাণ্ড ও জিম্মি করার মতো সহিংস কর্মকাণ্ডের অবসান ঘটে। তবে গত দুই বছরে দেশে আবারও সহিংসতা বেড়েছে। অবশিষ্ট গেরিলা গোষ্ঠী ও মাদকচক্রগুলোর মধ্যে কোকেনের ব্যবসা, অবৈধ স্বর্ণখনি এবং চাঁদাবাজির নিয়ন্ত্রণ নিয়ে সংঘাত চলছে।

২০১০ থেকে ২০১৮ সাল পর্যন্ত দুই মেয়াদে প্রেসিডেন্টের দায়িত্ব পালন করা সান্তোসের কার্যালয়ের একটি বিশেষ স্থানে ফিতা দিয়ে বাঁধা শান্তিচুক্তির মূল কপিটি সংরক্ষিত রয়েছে। চুক্তির কিছু গুরুত্বপূর্ণ অংশ বাস্তবায়নে অগ্রগতি না হওয়ার জন্য রাজনীতিবিদদের দায়ী করেন তিনি। তার মতে, ‘কয়েকটি ভোটের আশায়’ রাজনীতিবিদরা এ নিয়ে বিরোধে জড়িয়ে পড়েছেন।

কলম্বিয়ার অনেক এলাকায় শান্তির সুফল পাওয়া গেলেও মাদক পাচারের সঙ্গে জড়িত বিদ্রোহী গোষ্ঠীগুলো আবারও গাড়িবোমা হামলা ও ড্রোন হামলা জোরদার করেছে। গত বছর তারা একজন প্রেসিডেন্ট প্রার্থীকে হত্যা করে।

আরও পড়ুন: দুবাইয়ের স্বর্ণের দোকানে ক্রেতাদের ভিড়, দাম কমার প্রভাব

সান্তোস বলেন, ‘এই নতুন সহিংসতা অবশ্যই দমন করতে হবে। আমি সব সময়ই বলে আসছি, এর জন্য পুরস্কার ও শাস্তি—দুই পদ্ধতিই প্রয়োগ করতে হবে। অন্যথায় এ প্রচেষ্টা ব্যর্থ হবে।’

এ সময় তিনি অবশিষ্ট গেরিলা গোষ্ঠীগুলোর সঙ্গে শান্তি আলোচনায় বসতে বর্তমান প্রেসিডেন্টের অনীহার প্রসঙ্গ উল্লেখ করেন। শান্তিচুক্তির মাধ্যমে কলম্বিয়াকে আন্তর্জাতিক অঙ্গনে নতুনভাবে তুলে ধরা সম্ভব হয়েছে বলে গর্ববোধ করেন সান্তোস। এর ফলে দেশটিতে পর্যটক ও বিদেশি বিনিয়োগকারীদের আগ্রহ বেড়েছে। তবে চুক্তির কিছু সীমাবদ্ধতা রয়েছে বলেও স্বীকার করেন তিনি।

শান্তিচুক্তির আওতায় গঠিত বিশেষ শান্তি আদালত (জেইপি) মানবতাবিরোধী অপরাধে জড়িত থাকার কথা স্বীকার করা সাবেক ফার্ক নেতাদের এবং সামরিক বাহিনীর শীর্ষ কর্মকর্তাদের বিরুদ্ধে প্রথম কারাদণ্ডবিহীন সাজা ঘোষণা করতে সাত বছর সময় নেয়। বর্তমান প্রেসিডেন্ট দে লা এসপ্রিয়েলা আদালতটির বাজেট কমানোর হুমকি দিয়েছেন। সান্তোস স্বীকার করেন, আদালতটির কিছু সীমাবদ্ধতা রয়েছে। তবে পুনর্মিলন ও সমঝোতা প্রতিষ্ঠায় এটি ‘অত্যন্ত গুরুত্বপূর্ণ কাজ করেছে’ বলে তিনি মনে করেন।

প্রেসিডেন্ট হওয়ার আগে সান্তোস ছিলেন কঠোর অবস্থানের প্রতিরক্ষামন্ত্রী। সে সময় ফার্কের বিরুদ্ধে সামরিক অভিযানে বেশ কিছু সাফল্য আসে। এর মধ্যে ২০০৮ সালে সাবেক প্রেসিডেন্ট প্রার্থী ইনগ্রিড বেতানকুরকে মুক্ত করার ঘটনাও উল্লেখযোগ্য। ফার্ক গেরিলারা তাকে ছয় বছর ধরে জিম্মি করে রেখেছিল।

আরও পড়ুন: যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদে ১৯৯২ সালের পর ডেমোক্র্যাটদের সর্বোচ্চ সংখ্যাগরিষ্ঠতা

২০১১ সালে শান্তি আলোচনায় বসার আগে তিনি ফার্কের শীর্ষ নেতা আলফোনসো কানোকেও হত্যার নির্দেশ দিয়েছিলেন। ফার্কের সঙ্গে শান্তি আলোচনা শুরু করায় দেশটির কট্টর ডানপন্থীরা তাকে বিশ্বাসঘাতক বলে আখ্যা দিয়েছিল।

- অতীতের সহিংসতায় ফিরে যাওয়ার আশঙ্কা -

বর্তমান প্রেসিডেন্ট দে লা এসপ্রিয়েলার কঠোর ও যুদ্ধংদেহী বক্তব্যের কারণে কলম্বিয়ায় আবারও সংঘাতমুখর রাজনৈতিক পরিবেশ তৈরি হচ্ছে। কোটি কোটি ডলারের সম্পদের মালিক এই আইনজীবী প্রেসিডেন্ট কোমরে পিস্তল ঝুলিয়ে সামরিক অভিযান তদারক করছেন। এমনকি লাশের ব্যাগে মোড়ানো নিহত যোদ্ধাদের সামনে দাঁড়িয়েও তাকে ছবি তুলতে দেখা গেছে।

সান্তোস আশঙ্কা করছেন, এ ধরনের কঠোর সামরিক নীতি আবারও ‘ফলস পজিটিভস’ ঘটনার জন্ম দিতে পারে। এ ধরনের ঘটনায় সামরিক বাহিনীর সদস্যরা নিরীহ বেসামরিক মানুষকে হত্যা করে তাদের বিদ্রোহী হিসেবে পরিচয় দিতেন। সাবেক প্রেসিডেন্ট আলভারো উরিবের শাসনামলে সংঘটিত এসব হত্যাকাণ্ড দেশটির ইতিহাসে একটি কলঙ্কজনক অধ্যায় হয়ে রয়েছে।

আরও পড়ুন: এশিয়ার তৃতীয় শক্তিধর দেশ হিসেবে ভারতের অবস্থান, মোদি দ্বিতীয় প্রভাবশালী নেতা

সান্তোস বলেন, ‘আমি আশা করি, আমরা অতীতের সেই অন্ধকার সময়ে ফিরে যাব না।’ এ প্রসঙ্গে তিনি ভিয়েতনাম যুদ্ধের সময়কার মতো নির্বিচারে হত্যার লক্ষ্য নির্ধারণের আশঙ্কার কথাও উল্লেখ করেন।

গত পাঁচ দশক ধরে লাতিন আমেরিকায় যুক্তরাষ্ট্রের সমর্থনে পরিচালিত মাদকবিরোধী যুদ্ধকেও ব্যর্থ বলে অভিহিত করেন তিনি। সান্তোস প্রশ্ন তোলেন, ‘এর প্রকৃত ফলাফল কী হয়েছে?’ তিনি কোকেনসহ বিভিন্ন মাদকদ্রব্য বৈধ করার বিষয়ে প্রকাশ্য আলোচনা শুরুর আহ্বান বারবার জানিয়ে আসছেন।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

টেকনাফে যৌথবাহিনীর অভিযানে ৮ রোহিঙ্গা জিম্মি উদ্ধার

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

রবিবার, ২২শে নভেম্বর, ২০২৬ ইং

০৩:১৬ পি.এম


টেকনাফে যৌথবাহিনীর অভিযানে ৮ রোহিঙ্গা জিম্মি উদ্ধার

টেকনাফে মানবপাচারকারী চক্রের বিরুদ্ধে একটি বিশেষ অভিযান পরিচালনা করে যৌথ বাহিনী নারী ও শিশুসহ আটজন রোহিঙ্গাকে উদ্ধার করেছে।

রোববার (২২ নভেম্বর) এই তথ্যটি প্রকাশ করেছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)।

আইএসপিআর জানায়, টেকনাফে মানবপাচারকারী চক্রের বিরুদ্ধে যৌথ বাহিনীর বিশেষ অভিযানটি সফলভাবে সম্পন্ন হয়েছে। অভিযানের ফলে জিম্মি অবস্থায় থাকা আটজন রোহিঙ্গা নারী ও শিশুকে উদ্ধার করা সম্ভব হয়েছে।

এই ঘটনার পর মানবপাচারকারী চক্রের সদস্যদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্বারা চলছে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

পশ্চিমবঙ্গে খ্রিষ্টানদের ওপর হামলা ও হয়রানি বেড়েছে: ধর্মীয় নেতাদের অভিযোগ

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

রবিবার, ২২শে নভেম্বর, ২০২৬ ইং

০৩:১৬ পি.এম


পশ্চিমবঙ্গে খ্রিষ্টানদের ওপর হামলা ও হয়রানি বেড়েছে: ধর্মীয় নেতাদের অভিযোগ

ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যে ভারতীয় জনতা পার্টি (বিজেপি) ক্ষমতায় আসার পর খ্রিষ্টান সম্প্রদায়ের ওপর হামলা ও হয়রানির ঘটনা উল্লেখযোগ্যভাবে বেড়ে যাওয়ার অভিযোগ করেছেন দেশের খ্রিষ্টান ধর্মীয় নেতা গন। তাঁদের বক্তব্য, রাজ্যটিতে গির্জা ভাঙচুর, প্রার্থনাসভায় বাধা প্রদান এবং যাজকদের শারীরিক নির্যাতনের ঘটনা ঘটছে।

শনিবার (২১ নভেম্বর) কলকাতায় ভারতের বিভিন্ন অঞ্চলের ৩৫ জন খ্রিষ্টান ধর্মীয় নেতা একত্রিত হয়ে এসব অভিযোগ নিয়ে আলোচনা করেছেন। তাঁদের দাবি, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বাধীন হিন্দু জাতীয়তাবাদী দল বিজেপি পশ্চিমবঙ্গের নির্বাচনে জয়ী হয়ে সরকার গঠনের পর থেকে এই ধরনের ঘটনার সংখ্যা বৃদ্ধি পেয়েছে।

বঙ্গীয় খ্রিষ্টীয় পরিষেবার প্রতিষ্ঠাতা-সম্পাদক হেরড মল্লিক জানান, গত ৪ মে বিজেপি পশ্চিমবঙ্গে ক্ষমতায় আসার পর তাঁদের সংগঠন ৬০টি ঘটনার তথ্য সংগ্রহ করেছে।

এএফপিকে তিনি বলেন, এসব ঘটনার মধ্যে ব্যক্তিগত প্রার্থনাসভা ও বাড়িভিত্তিক গির্জায় ৫২টি তল্লাশি এবং আটটি সংঘবদ্ধ হামলা ও শারীরিক নির্যাতনের ঘটনা অন্তর্ভুক্ত রয়েছে। তবে এএফপি এসব পরিসংখ্যান স্বাধীনভাবে যাচাই করতে পারেনি।

মল্লিক অভিযোগ করেন, ভুক্তভোগী ও ঘটনাগুলোর অনুসন্ধানে যাওয়া প্রতিনিধিদল বারবার উগ্র ডানপন্থী সংগঠনগুলোর সংশ্লিষ্টতার কথা তুলে ধরেছে। তিনি আরও বলেন, বিভিন্ন গোষ্ঠী রোববারের প্রার্থনাসভায় বাধা প্রদান করেছে, উপাসনাকারীদের পরিচয়পত্র দেখতে চেয়েছে এবং তাঁদের বিরুদ্ধে হিন্দুদের জোরপূর্বক ধর্মান্তরের অভিযোগ তুলেছে।

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন, তিনি অভিযোগগুলো খতিয়ে দেখবেন। যদি অভিযোগের সত্যতা পাওয়া যায়, তবে ব্যবস্থা নেওয়া হবে। শনিবারের বৈঠকের আগে বিজেপি অভিযোগ করেছিল, রাজ্যের কিছু প্রতিষ্ঠান জোরপূর্বক ধর্মান্তরের ঘটনায় সহায়তা করছে।

বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য সম্প্রতি অভিযোগ করেছেন, কলকাতা থেকে প্রায় ২২৫ কিলোমিটার উত্তর-পশ্চিমে শিল্পনগরী আসানসোলে জোরপূর্বক ধর্মান্তরের ঘটনা ঘটছে। তিনি কলকাতার একটি পরিচিত খ্রিষ্টান মিশনারি স্কুলের বিরুদ্ধেও ধর্মীয় বৈষম্যের অভিযোগ তুলেছেন।

কলকাতার বৈঠকে অংশগ্রহণকারী খ্রিষ্টান নেতারা জানান, তাঁরা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর কাছে একটি স্মারকলিপি দেওয়ার পরিকল্পনা করছেন। এই স্মারকলিপিতে স্বাধীন বিচার বিভাগীয় তদন্ত, খ্রিষ্টানদের নিরাপত্তা নিশ্চিত করা এবং যাজক ও ধর্মপ্রচারকদের বিরুদ্ধে তাঁদের ভাষায় ‘ইচ্ছামতো গ্রেপ্তার’ ঠেকাতে সুরক্ষাব্যবস্থার দাবি জানানো হবে।

ভারতের সর্বশেষ জাতীয় আদমশুমারি অনুযায়ী, পশ্চিমবঙ্গের মোট জনসংখ্যার এক শতাংশেরও কম খ্রিষ্টান। অন্যদিকে, প্রায় ১৪০ কোটি মানুষের দেশ ভারতে খ্রিষ্টান জনগোষ্ঠীর হার দুই শতাংশের বেশি। খ্রিষ্টান সম্প্রদায়ের নেতাদের মতে, প্রায় দুই হাজার বছর ধরে ভারতে তাঁদের ধর্মের উপস্থিতি রয়েছে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নোয়াখালীতে কৃষকের ২০ শতক টমেটো গাছ কেটে দিল দুর্বৃত্তরা

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

রবিবার, ২২শে নভেম্বর, ২০২৬ ইং

০৩:১৭ পি.এম


নোয়াখালীতে কৃষকের ২০ শতক টমেটো গাছ কেটে দিল দুর্বৃত্তরা

নোয়াখালী সদর উপজেলার দরিদ্র এক কৃষকের ২০ শতক জমির ফলন্ত টমেটো গাছের গোড়া কেটে দিয়েছে দুর্বৃত্তরা। এ ঘটনায় ওই কৃষকের মৌসুমের ফসল উৎপাদন ও আয়ের স্বপ্ন ভেঙে গেছে। ক্ষতিগ্রস্ত কৃষক মো. মনির দোষীদের শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

ঘটনাটি ঘটেছে শনিবার (২১ নভেম্বর) বিকেলে উপজেলার কালাদারাপ ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের পশ্চিম চর শুল্লুকিয়া গ্রামে।

স্থানীয় সূত্রে জানা যায়, কৃষক মনির উন্নত জাতের হাইব্রিড টমেটোর বীজ সংগ্রহ করে আগাম চাষ শুরু করেন। তিনি দীর্ঘদিন ধরে শ্রম ও অর্থ ব্যয় করে গাছগুলোর পরিচর্যা করেছেন। ইতোমধ্যে গাছগুলোতে ফুল আসার পাশাপাশি টমেটো ধরতেও শুরু করেছিল। তার পরিকল্পনা ছিল, আর কয়েকদিনের মধ্যেই ফল সংগ্রহ করে বাজারে বিক্রি করবেন। কিন্তু শনিবার বিকেলে জমিতে গিয়ে তিনি দেখতে পান, সব গাছের গোড়া কাটা অবস্থায় রয়েছে। এতে কান্নায় ভেঙে পড়েন তিনি।

কৃষক মনির পশ্চিম চর শুল্লুকিয়া গ্রামের আনন্দ বাজার সয়াবিন উৎপাদনকারী কৃষক সমবায় সমিতি লিমিটেডের সদস্য। ঘটনার পর তিনি বিষয়টি সমিতির নেতৃবৃন্দকে জানান। পরে সমিতির সভাপতি মো. বাবুলসহ অন্য সদস্যরা ঘটনাস্থলে গিয়ে ক্ষতিগ্রস্ত জমি পরিদর্শন করেন।

সমিতির সভাপতি বাবুল বলেন, "এটি অত্যন্ত ন্যক্কারজনক ঘটনা। মানুষের সঙ্গে মানুষের ব্যক্তিগত শত্রুতা থাকতে পারে, কিন্তু গাছ বা ফসলের সঙ্গে কারও শত্রুতা থাকতে পারে না। যারা এ কাজ করেছে, তাদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাই।"

নোয়াখালী জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক (ডিডি) আশীষ কুমার কর বলেন, "এ ধরনের ঘটনা অত্যন্ত নিন্দনীয়। একজন কৃষক অনেক কষ্ট করে ফসল উৎপাদন করেন। তার উৎপাদিত ফসল এভাবে নষ্ট করা হলে কষ্টটা অনেক বেশি হয়।"

এদিকে, সদর উপজেলা কৃষি কার্যালয় ও জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরকে ঘটনাটি জানানো হলে কৃষি কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন।

স্থানীয় বাসিন্দারা এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন। তারা বলেন, "কৃষিকাজের আয় দিয়েই কৃষক মনিরের সংসার চলে। তাই ক্ষতিগ্রস্ত কৃষকের ক্ষতিপূরণ নিশ্চিত করার পাশাপাশি এ ঘটনার সঙ্গে জড়িতদের খুঁজে বের করে আইনের আওতায় আনার দাবিও জানিয়েছেন তারা।"

সুধারাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নজরুল ইসলাম বলেন, "তিনি বিষয়টি শুনেছেন। সোনাপুর পুলিশ ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত একজন কর্মকর্তাকে ঘটনাস্থলে গিয়ে পরিদর্শন করতে বলেছেন। পাশাপাশি কৃষককে লিখিত অভিযোগ দেয়ার পরামর্শ দেয়া হয়েছে। অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।"

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে সেরা অভিনেত্রীর পুরস্কার পেলেন নাজিফা তুষি

আন্তর্জাতিক ডেস্ক

বিনোদন ডেস্ক

রবিবার, ২২শে নভেম্বর, ২০২৬ ইং

০৩:১৭ পি.এম


আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে সেরা অভিনেত্রীর পুরস্কার পেলেন নাজিফা তুষি

ঢাকাই সিনেমার দর্শকপ্রিয় অভিনেত্রী নাজিফা তুষি আন্তর্জাতিক চলচ্চিত্রের মঞ্চে আবারও সাফল্য অর্জন করেছেন। মেজবাউর রহমান সুমন পরিচালিত আলোচিত সিনেমা ‘রইদ’-এ তার অনবদ্য অভিনয়ের জন্য তিনি যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে অনুষ্ঠিত এশিয়ান ওয়ার্ল্ড চলচ্চিত্র উৎসবের ১২তম আসরে সেরা অভিনেত্রীর ‘স্নো লেপার্ড’ পুরস্কার লাভ করেন।

এই উৎসবের উদ্দেশ্য হলো এশিয়ার বৈচিত্র্যময় চলচ্চিত্রকে বিশ্বব্যাপী দর্শকদের সামনে এবং হলিউডের আঙিনায় পরিচিত করা। ‘স্নো লেপার্ড’ এই উৎসবের অন্যতম মর্যাদাপূর্ণ সম্মাননা।

অতীতে ভুটানের ট্যান্ডিন বিদ্যা, লেবাননের ডায়মন্ড বু আবুদ এবং সিঙ্গাপুরের হুই ফাং হংয়ের মতো গুণী অভিনেত্রীরা এই সম্মাননা অর্জন করেছেন। এবার সেই অভিজাত তালিকায় যুক্ত হলো বাংলাদেশের নাজিফা তুষির নাম।

‘রইদ’ সিনেমার জন্য এটি নাজিফা তুষির দ্বিতীয় আন্তর্জাতিক সেরা অভিনেত্রীর পুরস্কার। এর আগে তিনি কানাডার ‘মোজাইক আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব’-এর ১২তম আসরে সিনেমাটিতে অভিনয়ের জন্য সেরা অভিনেত্রীর পুরস্কার পেয়েছিলেন।

তুষি তার এই সাফল্য নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন, তবে কাজের প্রতি নিষ্ঠাকেই তিনি অগ্রাধিকার দিয়েছেন। তার ভাষায়, “আমার জন্য এটা অনেক আনন্দের সংবাদ। যদিও কখনো পুরস্কারের আশায় কাজ করি না। পুরস্কার নয়, কাজটিই আমার কাছে গুরুত্বপূর্ণ। সব সময় ঠিকমতো নিজের চরিত্রটিকে তুলে ধরতে চাই। সেই চরিত্র যদি স্বীকৃতি এনে দেয়, সেটা অবশ্যই ভালো লাগার। অভিনেত্রী হিসেবে এই পুরস্কার অর্জন আমার দায়বদ্ধতাকে আরও বাড়িয়ে দিয়েছে। আমার এই সুন্দর সময় যেন চলতেই থাকে।”

নির্মাতা মেজবাউর রহমান সুমনের ‘রইদ’ শুধু অভিনয়ের স্বীকৃতিই নয়, আন্তর্জাতিক অঙ্গনে একটি শক্তিশালী অবস্থানে রয়েছে। এটি প্রথম পূর্ণদৈর্ঘ্য বাংলাদেশি চলচ্চিত্র হিসেবে ৫৫তম রটারডাম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের মূল প্রতিযোগিতা বিভাগ ‘টাইগার প্রতিযোগিতা’য় স্থান করে নিয়ে ইতিহাস সৃষ্টি করেছে।

এছাড়া, সিনেমাটি সিয়াটল আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হয়েছে এবং ডানাং এশীয় চলচ্চিত্র উৎসব ও অস্ট্রিয়ার ইনসব্রুক আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে নির্বাচিত হয়েছে। ‘রইদ’-এর প্রধান দুই চরিত্রে নাজিফা তুষির সঙ্গে পর্দা ভাগ করেছেন মোস্তাফিজুর নূর ইমরান। গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন গাজী রাকায়েত ও আহসাবুল ইয়ামিন রিয়াদ।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১২ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫৯
জোহর ১১:৪৬
আসর ০৩:৩৫
মাগরিব ০৫:১১
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:১৮ সূর্যাস্ত : ০৫:১১
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%