প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যে ভারতীয় জনতা পার্টি (বিজেপি) ক্ষমতায় আসার পর খ্রিষ্টান সম্প্রদায়ের ওপর হামলা ও হয়রানির ঘটনা উল্লেখযোগ্যভাবে বেড়ে যাওয়ার অভিযোগ করেছেন দেশের খ্রিষ্টান ধর্মীয় নেতা গন। তাঁদের বক্তব্য, রাজ্যটিতে গির্জা ভাঙচুর, প্রার্থনাসভায় বাধা প্রদান এবং যাজকদের শারীরিক নির্যাতনের ঘটনা ঘটছে।
শনিবার (২১ নভেম্বর) কলকাতায় ভারতের বিভিন্ন অঞ্চলের ৩৫ জন খ্রিষ্টান ধর্মীয় নেতা একত্রিত হয়ে এসব অভিযোগ নিয়ে আলোচনা করেছেন। তাঁদের দাবি, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বাধীন হিন্দু জাতীয়তাবাদী দল বিজেপি পশ্চিমবঙ্গের নির্বাচনে জয়ী হয়ে সরকার গঠনের পর থেকে এই ধরনের ঘটনার সংখ্যা বৃদ্ধি পেয়েছে।
বঙ্গীয় খ্রিষ্টীয় পরিষেবার প্রতিষ্ঠাতা-সম্পাদক হেরড মল্লিক জানান, গত ৪ মে বিজেপি পশ্চিমবঙ্গে ক্ষমতায় আসার পর তাঁদের সংগঠন ৬০টি ঘটনার তথ্য সংগ্রহ করেছে।
এএফপিকে তিনি বলেন, এসব ঘটনার মধ্যে ব্যক্তিগত প্রার্থনাসভা ও বাড়িভিত্তিক গির্জায় ৫২টি তল্লাশি এবং আটটি সংঘবদ্ধ হামলা ও শারীরিক নির্যাতনের ঘটনা অন্তর্ভুক্ত রয়েছে। তবে এএফপি এসব পরিসংখ্যান স্বাধীনভাবে যাচাই করতে পারেনি।
মল্লিক অভিযোগ করেন, ভুক্তভোগী ও ঘটনাগুলোর অনুসন্ধানে যাওয়া প্রতিনিধিদল বারবার উগ্র ডানপন্থী সংগঠনগুলোর সংশ্লিষ্টতার কথা তুলে ধরেছে। তিনি আরও বলেন, বিভিন্ন গোষ্ঠী রোববারের প্রার্থনাসভায় বাধা প্রদান করেছে, উপাসনাকারীদের পরিচয়পত্র দেখতে চেয়েছে এবং তাঁদের বিরুদ্ধে হিন্দুদের জোরপূর্বক ধর্মান্তরের অভিযোগ তুলেছে।
পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন, তিনি অভিযোগগুলো খতিয়ে দেখবেন। যদি অভিযোগের সত্যতা পাওয়া যায়, তবে ব্যবস্থা নেওয়া হবে। শনিবারের বৈঠকের আগে বিজেপি অভিযোগ করেছিল, রাজ্যের কিছু প্রতিষ্ঠান জোরপূর্বক ধর্মান্তরের ঘটনায় সহায়তা করছে।
বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য সম্প্রতি অভিযোগ করেছেন, কলকাতা থেকে প্রায় ২২৫ কিলোমিটার উত্তর-পশ্চিমে শিল্পনগরী আসানসোলে জোরপূর্বক ধর্মান্তরের ঘটনা ঘটছে। তিনি কলকাতার একটি পরিচিত খ্রিষ্টান মিশনারি স্কুলের বিরুদ্ধেও ধর্মীয় বৈষম্যের অভিযোগ তুলেছেন।
কলকাতার বৈঠকে অংশগ্রহণকারী খ্রিষ্টান নেতারা জানান, তাঁরা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর কাছে একটি স্মারকলিপি দেওয়ার পরিকল্পনা করছেন। এই স্মারকলিপিতে স্বাধীন বিচার বিভাগীয় তদন্ত, খ্রিষ্টানদের নিরাপত্তা নিশ্চিত করা এবং যাজক ও ধর্মপ্রচারকদের বিরুদ্ধে তাঁদের ভাষায় ‘ইচ্ছামতো গ্রেপ্তার’ ঠেকাতে সুরক্ষাব্যবস্থার দাবি জানানো হবে।
ভারতের সর্বশেষ জাতীয় আদমশুমারি অনুযায়ী, পশ্চিমবঙ্গের মোট জনসংখ্যার এক শতাংশেরও কম খ্রিষ্টান। অন্যদিকে, প্রায় ১৪০ কোটি মানুষের দেশ ভারতে খ্রিষ্টান জনগোষ্ঠীর হার দুই শতাংশের বেশি। খ্রিষ্টান সম্প্রদায়ের নেতাদের মতে, প্রায় দুই হাজার বছর ধরে ভারতে তাঁদের ধর্মের উপস্থিতি রয়েছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন