সোমবার, ২৩শে নভেম্বর, ২০২৬ ইং
০৪:২১ পি.এম
ভারত, অর্থনৈতিক সম্ভাবনা, কূটনৈতিক প্রভাব এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কার্যকর নেতৃত্বের কারণে, এশিয়ার তৃতীয় শক্তিশালী দেশ হিসেবে নিজেদের অবস্থানকে আরও সুসংহত করেছে। একই সঙ্গে, ২০১৮ সালের পর চীনের সঙ্গে ভারতের সামগ্রিক ক্ষমতার ব্যবধানও সবচেয়ে কমে এসেছে।
এই তথ্যগুলো উঠে এসেছে অস্ট্রেলিয়াভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান লোয়ি ইনস্টিটিউটের ‘এশিয়া পাওয়ার ইনডেক্স ২০২৬’-এ।
প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে যে, এশিয়ার আঞ্চলিক নেতাদের মধ্যে কার্যকারিতার বিচারে নরেন্দ্র মোদি দ্বিতীয় অবস্থানে রয়েছেন। তার ওপরে কেবল চীনের প্রেসিডেন্ট শি জিনপিং আছেন।
লোয়ি ইনস্টিটিউটের সূচকে ‘পাওয়ার ইয়েল্ড’ বলতে বোঝানো হয়েছে, কোনো দেশের সম্পদ ও সামর্থ্যের ভিত্তিতে প্রত্যাশিত ক্ষমতা এবং বাস্তবে অর্জিত সামগ্রিক ক্ষমতার মধ্যকার ব্যবধান।
প্রতিবেদনে বলা হয়েছে, ভারত শুধু এশিয়ার তৃতীয় শক্তিশালী দেশ হিসেবে নিজেদের অবস্থান ধরে রাখেনি, বরং ২০১৮ সালে এশিয়া পাওয়ার ইনডেক্স চালুর পর চীনের সঙ্গে ক্ষমতার ব্যবধানও সর্বনিম্ন পর্যায়ে নামিয়ে এনেছে। তবে সামগ্রিক ক্ষমতার বিচারে চীন এখনও ভারতের চেয়ে ৮০ শতাংশ এগিয়ে রয়েছে।
লোয়ি ইনস্টিটিউটের মূল্যায়নে ক্ষমতার আটটি সূচকের মধ্যে পাঁচটিতে ভারতের অগ্রগতি হয়েছে। বাকি তিনটিতে সামান্য অবনতি দেখা গেছে।
প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, কিছুটা কমলেও কূটনৈতিক প্রভাব এখনও ভারতের সবচেয়ে শক্তিশালী ও স্থিতিশীল ক্ষেত্র। যেখানে অধিকাংশ দেশের কূটনৈতিক প্রভাব কমেছে, সেখানে ভারত নিজের অবস্থান ধরে রাখতে পেরেছে।
ভারতের প্রতিরক্ষা সহযোগিতা এবং সাংস্কৃতিক প্রভাবও এশিয়ায় দেশটির অবস্থানকে শক্তিশালী করেছে। দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোর সঙ্গে প্রতিরক্ষা সহযোগিতা বৃদ্ধি এবং ব্রহ্মোস ক্ষেপণাস্ত্র বিক্রির কারণে প্রতিরক্ষা নেটওয়ার্ক সূচকে ভারত নবম অবস্থানে উঠে এসেছে।
প্রতিবেদনে আরও বলা হয়েছে, ভারতের সাংস্কৃতিক প্রভাব বেড়ে ৪৩ দশমিক ৮ পয়েন্টে দাঁড়িয়েছে। সাংস্কৃতিক উপস্থিতি, তথ্যপ্রবাহ এবং জনগণের মধ্যে যোগাযোগ—এই তিন ক্ষেত্রেই উন্নতির কারণে এ অগ্রগতি হয়েছে।
লোয়ি ইনস্টিটিউটের দক্ষিণ-পূর্ব এশিয়া কর্মসূচির পরিচালক এবং এশিয়া পাওয়ার ইনডেক্স প্রকল্পের প্রধান ড. হান্টার মার্সটনও ভারতের অগ্রগতির বিষয়টি তুলে ধরেছেন।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি বলেন, ‘ভারতের প্রভাব বাড়ছে। দেশটির স্কোর বেড়ে ৪০ দশমিক ৫ হয়েছে। এর মধ্য দিয়ে একটি প্রধান শক্তি হিসেবে নিজেদের অবস্থান আরও সুসংহত করেছে ভারত। ২০১৮ সালের পর চীনের সঙ্গে ক্ষমতার ব্যবধান এখন সবচেয়ে কম। অর্থনৈতিক সক্ষমতায় কিছুটা অবনতি সত্ত্বেও মোদিকে শি জিনপিংয়ের পর এশিয়ার দ্বিতীয় কার্যকর আঞ্চলিক নেতা হিসেবে মূল্যায়ন করা হয়েছে।’
তবে ভারতের জন্য কিছু নেতিবাচক দিকও তুলে ধরেছে গবেষণা প্রতিষ্ঠানটি। এর মধ্যে রয়েছে রুপির দরপতন, আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) অর্থনীতি পরিমাপের পদ্ধতিতে পরিবর্তন এবং বিদেশে ভারতীয় বিনিয়োগ প্রায় ২০ বিলিয়ন ডলার কমে যাওয়া।
মোদির নেতৃত্ব ও কৌশলগত উচ্চাকাঙ্ক্ষা সম্পর্কেও আগের তুলনায় ইতিবাচক মূল্যায়ন কিছুটা কমেছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। উপসাগরীয় অঞ্চলের সংঘাতের সময় ভারতের কূটনৈতিক তৎপরতা তুলনামূলকভাবে কম থাকাকে এর একটি কারণ হিসেবে দেখানো হয়েছে।
তবে এসব সীমাবদ্ধতা সত্ত্বেও, এশিয়ার অন্যান্য দেশের তুলনায় ভারতের সামনে সম্ভাবনার ক্ষেত্র অনেক বিস্তৃত বলে মনে করছে লোয়ি ইনস্টিটিউট।
তথ্যসূত্র: এনডিটিভি
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
ঢাকা, ২৩ নভেম্বর, ২০২৬ : যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদে (হাউস অব রিপ্রেজেন্টেটিভস) গত তিন দশকেরও বেশি সময়ের মধ্যে ডেমোক্র্যাটরা সবচেয়ে বড় সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে।
রোববার মার্কিন সংবাদমাধ্যমগুলো জানায়, উত্তর ক্যারোলাইনা অঙ্গরাজ্যে রিপাবলিকান প্রতিনিধি ভার্জিনিয়া ফক্সকে পরাজিত করে ডেমোক্র্যাট প্রার্থী চাক হাবার্ডের জয় দলের এই সাফল্যের পেছনে রয়েছে।
খবর বার্তা সংস্থা এএফপি’র।
মধ্যবর্তী নির্বাচনে ব্যাপক জয়ের মাধ্যমে কংগ্রেসের উভয় কক্ষ—প্রতিনিধি পরিষদ ও সিনেটের নিয়ন্ত্রণ ডেমোক্র্যাটদের হাতে এসেছে। রিপাবলিকান প্রার্থীরা নির্বাচনে একের পর এক অপ্রত্যাশিত পরাজয়ের সম্মুখীন হয়েছেন। এই ফলাফল প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং তার দলের প্রতি মার্কিন ভোটারদের তীব্র অসন্তোষের প্রতিফলন বলে মনে করা হচ্ছে।
সিবিএস নিউজ ও এনবিসি নিউজ রোববার চাক হাবার্ডের বিজয়ের পূর্বাভাস দিয়েছিল। হাবার্ডের জয় নিশ্চিত হওয়ার ফলে ৪৩৫ আসনের প্রতিনিধি পরিষদে ডেমোক্র্যাটদের আসন সংখ্যা বেড়ে ২৫৮-এ দাঁড়িয়েছে।
১৯৯২ সালে বিল ক্লিনটন প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর ডেমোক্র্যাটরা ২৫৮টি আসন পেয়েছিল। এরপর এই প্রথম কোনো দল মার্কিন প্রতিনিধি পরিষদে এত বড় সংখ্যাগরিষ্ঠতা অর্জন করল।
ডেমোক্র্যাটদের এই বিজয়কে ঐতিহাসিক উল্লেখ করে প্রতিনিধি পরিষদে দলের নেতা হাকিম জেফরিস সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে একটি পোস্টে বলেন, ‘এই শতাব্দীতে কংগ্রেসে কোনো দলের অর্জন করা সবচেয়ে বড় সংখ্যাগরিষ্ঠতা নিশ্চিত করেছেন ডেমোক্র্যাটরা। দারুণ!’
এর আগে নির্বাচনের ফলাফল পুনর্গণনার জন্য আবেদন করেছিলেন ভার্জিনিয়া ফক্স। পুনর্গণনার প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর রোববারের ফলাফলে হাবার্ডের জয় নিশ্চিত হয়।
হাবার্ড জানান, তিনি ফক্সের সঙ্গে কথা বলেছেন। পুনর্গণনার ফলাফল পাওয়ার পর ফক্স উদারভাবে পরাজয় মেনে নিয়েছেন। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে হাবার্ড বলেন, ‘কংগ্রেসে কয়েক দশকের সেবা এবং অসংখ্য ত্যাগের জন্য কংগ্রেসওম্যান ফক্সকে প্রথমেই ধন্যবাদ জানাতে চাই।’
ডেমোক্র্যাটদের এই বিজয়ের ফলে ট্রাম্প প্রশাসনের নীতিগত সিদ্ধান্ত ও কর্মসূচি বাস্তবায়নে বাধা দেওয়ার পাশাপাশি তার প্রশাসনের বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ তদন্ত করার সুযোগ পাবে দলটি।
ট্রাম্পের প্রেসিডেন্ট মেয়াদের শেষ দুই বছরে প্রতিনিধি পরিষদ ও সিনেট—উভয় কক্ষেই ডেমোক্র্যাটদের নিয়ন্ত্রণ সরকারের ওপর তাদের রাজনৈতিক প্রভাব বাড়াবে।
মধ্যবর্তী নির্বাচনের ফলাফলে মার্কিন জনগণের মধ্যে জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি, ট্রাম্প প্রশাসনের শুল্কনীতি এবং ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের যুদ্ধ নিয়ে গভীর অসন্তোষের বিষয়টি উঠে এসেছে।
ইরানের সঙ্গে যুদ্ধের কারণে জ্বালানি তেলের দাম বেড়ে যাওয়ায় সাধারণ মানুষের ওপর অর্থনৈতিক চাপ আরও বেড়েছে। এমনিতেই ব্যাপক অজনপ্রিয় প্রেসিডেন্ট ট্রাম্পের প্রতি অসন্তোষ এতে আরও তীব্র হয়েছে বলে মনে করা হচ্ছে।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি থেকে বহিষ্কৃত বিজয়ী নেতাদের দলে ফেরানোর বিষয়ে আলোচনা চলছে। নির্বাচনে বিএনপির মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচিত হন ব্যারিস্টার রুমিন ফারহানা। এই নেত্রীকে দলে ফেরানোর আলোচনার মধ্যে রাখা হয়েছে। এ পরিস্থিতিতে তিনি নিজের অবস্থান পরিষ্কার করেছেন।
রুমিন ফারহানা জানিয়েছেন, তিনি বিএনপিতে ফেরার জন্য কোনো আবেদন করেননি। সোমবার (২৩ নভেম্বর) দুপুরে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া পোস্টে তিনি বিষয়টি নিশ্চিত করেন।
তিনি বলেন, "আমার কোনো কথা বা আচরণে আবার বিএনপিতে ফিরব এমন মনে করার কোনো কারণ আছে বলেও মনে করি না। আল্লাহ আমাকে এখন যে অবস্থায় রেখেছেন তার জন্য আমার শুকরিয়ার শেষ নেই।"
প্রসঙ্গত, ২০২৫ সালের ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে যাওয়া ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দলীয় মনোনয়ন না পেয়ে বিএনপির ৮০-৮৫ জন নেতা ধানের শীষের বিরুদ্ধে স্বতন্ত্র প্রার্থী হন। তাদের নির্বাচনে অংশ নেওয়ার কারণে বহিষ্কার করা হয়। এই সাতজনের মধ্যে রুমিন ফারহানা অন্যতম, যিনি বিএনপি থেকে বহিষ্কার হওয়ার আগ পর্যন্ত দলটির সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ছিলেন।
বিদ্রোহী প্রার্থীদের সমর্থন করায় তৃণমূলের আরও পাঁচ শতাধিক নেতাকে বহিষ্কার করে দলটি। পরে তাদের অধিকাংশই দলে ফেরার আবেদন করেন।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) বাজারে স্বর্ণের দাম গত দুই সপ্তাহ ধরে অব্যাহতভাবে কমছে। এ কারণে দেশটির স্বর্ণবাজারে ক্রেতাদের ভিড় ব্যাপকভাবে বেড়ে গেছে। বিয়ের পাশাপাশি বিভিন্ন পারিবারিক অনুষ্ঠানের জন্য গয়না কেনার উদ্দেশ্যে এবং সঞ্চয়ের জন্য অনেকে স্বর্ণের বার কিনছেন।
রোববার (২৩ নভেম্বর) প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানায় আমিরাতভিত্তিক সংবাদমাধ্যম এমিরেটস২৪/৭।
প্রতিবেদন অনুযায়ী, ২০২৬ সালের শুরু থেকে বর্তমান সময় পর্যন্ত স্বর্ণের দাম সর্বনিম্ন পর্যায়ে নেমে এসেছে। গত দুই সপ্তাহে প্রতি গ্রাম সোনার দাম সর্বোচ্চ ৬৪ দিরহাম কমেছে। বাংলাদেশি মুদ্রায় প্রতি ভরায় (১১ দশমিক ৬৬৪ গ্রাম) দাম প্রায় ৭ হাজার টাকা কমেছে।
দাম কমার খবর ছড়িয়ে পড়ার পর গত শুক্রবার থেকে স্বর্ণের দোকানগুলোতে ক্রেতাদের উপস্থিতি বৃদ্ধি পেতে থাকে। সপ্তাহান্তে সেই ভিড় আরও তীব্র হয়ে ওঠে। দোকানের আশপাশের পার্কিং এলাকাতেও যানবাহনের দীর্ঘ সারি দেখা যায়। অনেক ক্রেতাকে দূরে গাড়ি রেখে হেঁটে দোকানে যেতে দেখা যায়। স্বর্ণ কেনার জন্য নগদ টাকা তুলতে এটিএম বুথের সামনে মানুষের ভিড়ও ছিল।
স্বর্ণ ব্যবসায়ীরা জানিয়েছেন, চলতি বছরের শুরু থেকে গত দুই দিনের মতো এত বেশি ক্রেতার সমাগম আর দেখা যায়নি। দাম কমানোর ফলে গত দুই দিনে বিক্রি ২৫ শতাংশের বেশি বেড়ে গেছে। ক্রেতারা বিয়ে ও বিভিন্ন সামাজিক অনুষ্ঠানের জন্য গয়না কেনার পাশাপাশি বিনিয়োগ ও সঞ্চয়ের উদ্দেশ্যে স্বর্ণের বার কিনছেন।
ক্রেতা আকর্ষণে দোকানগুলোর মধ্যে প্রতিযোগিতাও বেড়ে গেছে। কোথাও গয়নার মজুরি সম্পূর্ণ মওকুফ করা হচ্ছে, আবার কোথাও বিশেষ ছাড় দেওয়া হচ্ছে।
স্বর্ণ ব্যবসায়ী খালেদ আল-জাশানি বলেন, "স্বর্ণের দামে উল্লেখযোগ্য পতনের কারণে বাজারে ক্রেতাদের আগ্রহ বেড়েছে। অনেকে সোনার বার কেনার পাশাপাশি বিয়ে ও বিভিন্ন অনুষ্ঠানের জন্য গয়না কিনছেন। সপ্তাহান্তে দাম কমায় কেনাকাটার প্রবণতা আরও বেড়েছে। পাশাপাশি বিভিন্ন দোকান মজুরি ছাড়ের মতো বিশেষ অফার দিচ্ছে।"
সালেম আল-শুয়াইবি জুয়েলারির ব্যবস্থাপক আলা আল-শাম্মারি জানান, "গত দুই দিনে ক্রেতাদের রেকর্ড উপস্থিতির মূল কারণ স্বর্ণের কম দাম। সামনে বিয়ে ও বিভিন্ন অনুষ্ঠান থাকায় অনেকে এই সুযোগ কাজে লাগিয়ে কেনাকাটা করছেন। আগের কয়েক সপ্তাহে দাম বেশি থাকায় যারা কেনার সিদ্ধান্ত পিছিয়ে দিয়েছিলেন, তারাও এখন বাজারে আসছেন।"
তিনি আরও জানান, শুক্রবার সন্ধ্যা থেকে কেনাকাটা বৃদ্ধি পেতে শুরু করে। এরপর সপ্তাহান্তে দোকানগুলোতে ক্রেতাদের ভিড় সর্বোচ্চ পর্যায়ে পৌঁছায়।
আরেক স্বর্ণ ব্যবসায়ী জর্জ আদেল বলেন, "দাম কমায় পারিবারিক অনুষ্ঠান উপলক্ষে গয়না কেনার প্রবণতা বেড়েছে। একই সঙ্গে ক্রেতা আকর্ষণে দোকানগুলোর মধ্যে প্রতিযোগিতা তীব্র হয়েছে। অনেক প্রতিষ্ঠান গয়নার মজুরি ছাড় দিয়ে বিক্রি করছে।"
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্টে মোহাম্মদ সিরাজকে একাদশের বাইরে রাখার সিদ্ধান্ত নেওয়া সহজ ছিল না, এমনটি স্বীকার করেছেন ভারতের অধিনায়ক শুভমান গিল। তবে তিনি দাবি করেছেন যে, বর্তমান ফর্মের ভিত্তিতে সেরা বোলিং আক্রমণ নির্বাচন করা হয়েছে। একই সঙ্গে বলের মান এবং বল চকচকে করতে লালা ব্যবহারের ওপর নিষেধাজ্ঞা নিয়ে প্রশ্ন তুলেছেন গিল।
ওয়েলিংটনে নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্ট ড্র হওয়ার পর সংবাদ সম্মেলনে গিল বলেন, সিরাজ তাঁর খুব ভালো বন্ধু। ভারতের হয়ে অভিষেকের আগে থেকেই তাঁদের মধ্যে বন্ধুত্ব রয়েছে। তাই সিরাজকে একাদশের বাইরে রাখা ব্যক্তিগতভাবেও কঠিন ছিল। তবে সিদ্ধান্ত নেওয়ার আগে তিনি সিরাজের সঙ্গে কথা বলেছিলেন।
গিলের ভাষায়, ‘সিরাজ খুব ভালো খেলোয়াড় ও দারুণ বোলার। তাঁকে বাদ দেওয়া আমার জন্যও কঠিন সিদ্ধান্ত ছিল। তবে কখন কোন বোলার ভালো ছন্দে আছে, সেটিও দেখতে হয়। ম্যাচের আগে আমি তাঁর সঙ্গে কথা বলেছি। কেন তাঁকে খেলানো হচ্ছে না, সেটি বুঝিয়ে বলেছিলাম। সে বিষয়টি বুঝেছে।’
সিরাজের সাম্প্রতিক ফর্ম নিয়েও গিল আলোচনা করেছেন। তাঁর মতে, একজন খেলোয়াড়ের ক্যারিয়ারে এমন সময় আসতেই পারে, যখন তিনি নিজের সেরা অবস্থায় থাকেন না। তবে পরিশ্রম করে ঘুরে দাঁড়ানোর মানসিকতা সবচেয়ে গুরুত্বপূর্ণ।
সিরাজের পরিবর্তে ওয়েলিংটন টেস্টে ভারতের একাদশে জায়গা পান জাসপ্রিত বুমরা, আকাশ দীপ, প্রসিদ্ধ কৃষ্ণা ও আনশুল কাম্বোজ। বিশেষজ্ঞ স্পিনার হিসেবে খেলেন ওয়াশিংটন সুন্দর। রবীন্দ্র জাদেজাকেও একাদশের বাইরে রাখা হয়।
শুধু সিরাজকে বাদ দেওয়ার সিদ্ধান্ত নয়, ম্যাচে বলের মান নিয়েও অসন্তোষ প্রকাশ করেছেন গিল। তাঁর দাবি, ২৫ থেকে ৩০ ওভার খেলার পরেই বল অনেকটা নরম হয়ে যাচ্ছিল। এতে পেসারদের জন্য উইকেট নেওয়া কঠিন হয়ে পড়ে। বলের মান আরও ভালো হওয়া প্রয়োজন বলেও তিনি মনে করেন।
এছাড়া, বল চকচকে করতে লালা ব্যবহারের ওপর নিষেধাজ্ঞা তুলে দেওয়ার পক্ষে মত দিয়েছেন ভারতীয় অধিনায়ক। কোভিড-১৯ মহামারির সময় সংক্রমণের ঝুঁকি কমাতে ২০২০ সালে সাময়িকভাবে এই নিষেধাজ্ঞা চালু করেছিল আইসিসি। ২০২২ সালে সেটি স্থায়ী করা হয়। বর্তমানে বলের এক পাশ চকচকে করতে ঘাম ব্যবহার করতে পারেন ক্রিকেটাররা, তবে লালা ব্যবহারের অনুমতি নেই।
গিলের প্রশ্ন, ‘কোভিডের সময় তো অনেক আগেই পেরিয়ে এসেছি। এখনো কেন লালা ব্যবহার করে বল চকচকে করার অনুমতি নেই, বুঝতে পারি না। আমার মনে হয়, এটিও বড় একটি বিষয়।’
ওয়েলিংটন টেস্টে প্রথম ইনিংসে ৭০২ রান তুলে ইনিংস ঘোষণা করেছিল ভারত। নিউজিল্যান্ড প্রথম ইনিংসে করেছিল ৩৬৮ রান। দ্বিতীয় ইনিংসে স্বাগতিকদের দ্রুত অলআউট করতে না পারায় জয় পাওয়া হয়নি ভারতের।
শেষ দিনে ১১৯ রানে ২ উইকেট নিয়ে খেলা শুরু করে নিউজিল্যান্ড। দিন শেষে তাদের সংগ্রহ দাঁড়ায় ২৩৯ রান, ৫ উইকেটে। ড্যারিল মিচেল ৪৯ রানে অপরাজিত থাকেন, গ্লেন ফিলিপস করেন অপরাজিত ২৬ রান। দুজনের প্রতিরোধেই ড্র নিশ্চিত করে নিউজিল্যান্ড।
টানা দ্বিতীয় টেস্ট ড্র হওয়ায় হতাশা লুকাননি গিল। তাঁর মতে, সাম্প্রতিক সময়ে টেস্টে ড্রয়ের ঘটনা তুলনামূলক কম হওয়ায় এমন ফলের সঙ্গে অভ্যস্ত নয় ভারত।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ