০৩:১৭ পি.এম
ঢাকাই সিনেমার দর্শকপ্রিয় অভিনেত্রী নাজিফা তুষি আন্তর্জাতিক চলচ্চিত্রের মঞ্চে আবারও সাফল্য অর্জন করেছেন। মেজবাউর রহমান সুমন পরিচালিত আলোচিত সিনেমা ‘রইদ’-এ তার অনবদ্য অভিনয়ের জন্য তিনি যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে অনুষ্ঠিত এশিয়ান ওয়ার্ল্ড চলচ্চিত্র উৎসবের ১২তম আসরে সেরা অভিনেত্রীর ‘স্নো লেপার্ড’ পুরস্কার লাভ করেন।
এই উৎসবের উদ্দেশ্য হলো এশিয়ার বৈচিত্র্যময় চলচ্চিত্রকে বিশ্বব্যাপী দর্শকদের সামনে এবং হলিউডের আঙিনায় পরিচিত করা। ‘স্নো লেপার্ড’ এই উৎসবের অন্যতম মর্যাদাপূর্ণ সম্মাননা।
অতীতে ভুটানের ট্যান্ডিন বিদ্যা, লেবাননের ডায়মন্ড বু আবুদ এবং সিঙ্গাপুরের হুই ফাং হংয়ের মতো গুণী অভিনেত্রীরা এই সম্মাননা অর্জন করেছেন। এবার সেই অভিজাত তালিকায় যুক্ত হলো বাংলাদেশের নাজিফা তুষির নাম।
আরও পড়ুন: রুনা লায়লার সংগীতজীবনের উদ্যাপনে মঞ্চ মাতালেন তারিক আনাম খান
‘রইদ’ সিনেমার জন্য এটি নাজিফা তুষির দ্বিতীয় আন্তর্জাতিক সেরা অভিনেত্রীর পুরস্কার। এর আগে তিনি কানাডার ‘মোজাইক আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব’-এর ১২তম আসরে সিনেমাটিতে অভিনয়ের জন্য সেরা অভিনেত্রীর পুরস্কার পেয়েছিলেন।
তুষি তার এই সাফল্য নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন, তবে কাজের প্রতি নিষ্ঠাকেই তিনি অগ্রাধিকার দিয়েছেন। তার ভাষায়, “আমার জন্য এটা অনেক আনন্দের সংবাদ। যদিও কখনো পুরস্কারের আশায় কাজ করি না। পুরস্কার নয়, কাজটিই আমার কাছে গুরুত্বপূর্ণ। সব সময় ঠিকমতো নিজের চরিত্রটিকে তুলে ধরতে চাই। সেই চরিত্র যদি স্বীকৃতি এনে দেয়, সেটা অবশ্যই ভালো লাগার। অভিনেত্রী হিসেবে এই পুরস্কার অর্জন আমার দায়বদ্ধতাকে আরও বাড়িয়ে দিয়েছে। আমার এই সুন্দর সময় যেন চলতেই থাকে।”
নির্মাতা মেজবাউর রহমান সুমনের ‘রইদ’ শুধু অভিনয়ের স্বীকৃতিই নয়, আন্তর্জাতিক অঙ্গনে একটি শক্তিশালী অবস্থানে রয়েছে। এটি প্রথম পূর্ণদৈর্ঘ্য বাংলাদেশি চলচ্চিত্র হিসেবে ৫৫তম রটারডাম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের মূল প্রতিযোগিতা বিভাগ ‘টাইগার প্রতিযোগিতা’য় স্থান করে নিয়ে ইতিহাস সৃষ্টি করেছে।
এছাড়া, সিনেমাটি সিয়াটল আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হয়েছে এবং ডানাং এশীয় চলচ্চিত্র উৎসব ও অস্ট্রিয়ার ইনসব্রুক আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে নির্বাচিত হয়েছে। ‘রইদ’-এর প্রধান দুই চরিত্রে নাজিফা তুষির সঙ্গে পর্দা ভাগ করেছেন মোস্তাফিজুর নূর ইমরান। গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন গাজী রাকায়েত ও আহসাবুল ইয়ামিন রিয়াদ।
আরও পড়ুন: শাহরুখের সঙ্গে লড়াইয়ে রাজি নন সালমান, জানালেন কারণ
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন