ঢাকা রবিবার, ০১ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ১৬ই কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ২০ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
রবিবার, ০১ই নভেম্বর, ২০২৬ইং ১৬ই কার্তিক, ১৪৩২বাং

হাসিনা ফিরলে আওয়ামী লীগের পুরোপুরি কবর হবে: সারজিস


হাসিনা ফিরলে আওয়ামী লীগের পুরোপুরি কবর হবে: সারজিস

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম সদস্য সচিব সারজিস আলম মন্তব্য করেছেন যে, শেখ হাসিনা দেশে ফিরলে আওয়ামী লীগের রাজনীতির অবশিষ্টাংশও থাকবে না। তিনি বলেন, "সেদিন পুরোপুরি কবর রচিত হবে।"

শনিবার (৩১ অক্টোবর) দুপুরে পঞ্চগড় সদর উপজেলা পরিষদ চত্বরে সংবাদমাধ্যমের সামনে এ বিষয়ে তিনি কথা বলেন।

সারজিস উল্লেখ করেন, গণঅভ্যুত্থানের মাধ্যমে পতিত স্বৈরাচার শেখ হাসিনার ডিসেম্বরে দেশে ফেরার গুজবকে তারা গুরুত্ব দিচ্ছেন না।

আরও পড়ুন: শৃঙ্খলা ফিরিয়ে আনতে সাংবাদিক, পুলিশ ও শ্রমিকদের সহযোগিতা প্রয়োজন: শিমুল বিশ্বাস

এ সময় তিনি জাতীয় পার্টি সম্পর্কে বলেন, গণঅভ্যুত্থানের পর তাদের পতনের কিছুদিন শব্দ শোনা গেলেও, এই নির্বাচনে এসে চূড়ান্ত কবর রচিত হয়েছে।

জনগণের তীব্র ক্ষোভের প্রসঙ্গ তুলে ধরে তিনি বলেন, যারা হাত-পা কিংবা স্বজন হারিয়েছেন, তাদের ক্ষোভের গভীরতা সরাসরি কথা না বললে অনুধাবন করা সম্ভব নয়। বাংলাদেশের যেকোনো প্রান্তে যদি স্বৈরাচার বা গণহত্যাকারীর পা পড়ে, তবে ক্ষুব্ধ জনতা তাদের ছিঁড়ে ফেলবে। তাদের কোনো অস্তিত্ব খুঁজে পাওয়া যাবে না।

৫ আগস্ট গণভবনের যে পরিস্থিতি হয়েছিল, ডিসেম্বরে বাংলাদেশের মানচিত্রেও যদি তাদের অস্তিত্ব কোথাও পাওয়া যায়, তবে একই অবস্থার মুখোমুখি হতে হবে, যোগ করেন সারজিস।

অন্যদিকে, জামায়াত জোটে এনসিপির অবস্থান নিয়ে যুগ্ম সদস্য সচিব সারজিস আলম বলেন, জামায়াতের সঙ্গে নির্বাচনী জোট হয়েছিল। বর্তমানে বিরোধীদলীয় জোট হিসেবে সংসদে একসঙ্গে কাজ চলছে। তবে স্থানীয় নির্বাচনে প্রতিটি দল এককভাবে প্রতিদ্বন্দ্বিতা করার দলীয় সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

আরও পড়ুন: পিএসসির নতুন সদস্য হিসেবে শপথ নিলেন অধ্যাপক শামীমা সুলতানা

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রোস্টার বিরোধে হাসপাতালের ভেতর দুই নার্সের তুমুল মারামারি

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

শনিবার, ৩১শে অক্টোবর, ২০২৬ ইং

০৭:০৮ পি.এম


রোস্টার বিরোধে হাসপাতালের ভেতর দুই নার্সের তুমুল মারামারি

নওগাঁর বদলগাছী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নাইট ডিউটির রোস্টার নিয়ে বিরোধের ফলস্বরূপ এক সিনিয়র স্টাফ নার্সকে মারধর করার অভিযোগ উঠেছে, যার ফলে তিনি রক্তাক্ত হয়েছেন এবং রোগীর সেবা থেকে বিরত থাকতে হয়েছে। যদিও অপর দুই নার্সের বিরুদ্ধে অভিযোগ রয়েছে, তবুও প্রশাসনিক কোনো ব্যবস্থা এখনও গ্রহণ করা হয়নি। তবে হাসপাতাল কর্তৃপক্ষ একটি তদন্ত কমিটি গঠন করেছে।

গত বুধবার (২৮ অক্টোবর) বেলা সাড়ে সাড়ে ১১টার দিকে হাসপাতালের জরুরি বিভাগের পাশে এই ঘটনাটি ঘটে।

হাসপাতাল সূত্রে জানা যায়, মাসের শুরুতে নাইট ডিউটির রোস্টার নির্ধারণ নিয়ে সিনিয়র স্টাফ নার্স শাহানাজ পারভিন এবং নার্স শিল্পী আক্তারের মধ্যে কথাকাটাকাটি হয়। এর পর শিল্পীর বোন, যিনি একই হাসপাতালের নার্স লিপি আক্তার, বাসা থেকে এসে জরুরি বিভাগের পাশে দায়িত্ব পালনরত শাহানাজ পারভিনের ওপর হামলা চালান। শাহানাজের চিৎকার শুনে আশপাশের লোকজন এগিয়ে এলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। গুরুতর আহত অবস্থায় শাহানাজকে হাসপাতালে ভর্তি করা হয়; ঘটনার তিন দিন পরও তিনি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

ভুক্তভোগী নার্স শাহানাজ পারভিন বলেন, "ডিউটি নিয়ে সামান্য কথা-কাটাকাটি হতেই পারে, কিন্তু লিপি বাসা থেকে এসে বোনের পক্ষ নিয়ে আমার ওপর হামলা চালাবে তা ভাবতেও পারিনি। আমার চোখ-মুখসহ শরীরে আঘাত করা হয়েছে। আমি এর সুষ্ঠু বিচার চাই।"

অন্যদিকে, অভিযুক্ত শিল্পী ও লিপি আক্তার অভিযোগ অস্বীকার করে বলেন, শাহানাজ প্রায়ই তাদের কটূক্তি ও গালিগালাজ করতেন। ঘটনার দিনও ডিউটি নিয়ে কটাক্ষ করায় তারা কারণ জানতে যান, কিন্তু উল্টো শাহানাজই তাদের ওপর আক্রমণ করেন। তারা জানান, এ সময় তাদের দেড় ভরি ওজনের সোনার গহনা ছিনিয়ে নেওয়ার অভিযোগ তুলে থানায় পাল্টা অভিযোগ করেছেন।

ঘটনার সময় দায়িত্বে থাকা নার্স শিরিন আক্তার জানান, মারামারির সময় তিনি উপস্থিত না থাকলেও পরে বিষয়টি শুনেছেন। এমন অনাকাঙ্ক্ষিত ঘটনায় হাসপাতালের সবাই বিব্রত ও লজ্জিত।

বদলগাছী থানার পরিদর্শক (ওসি) হাবিবুর রহমান জানিয়েছেন, এ ঘটনায় দুই পক্ষই থানায় লিখিত অভিযোগ দিয়েছে এবং বিষয়টি তদন্তাধীন রয়েছে।

তদন্ত কমিটির প্রধান ও আবাসিক মেডিকেল কর্মকর্তা ডা. আসাদুজ্জামান নাহিদ বলেন, "আমাকে প্রধান করে পাঁচ সদস্যবিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্ত কার্যক্রম চলছে। আগামী সপ্তাহের মধ্যে প্রতিবেদন তৈরি করে দোষীদের বিরুদ্ধে সুপারিশ পেশ করা হবে।"

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. কানিস ফারহানা জানান, বিষয়টি জানার পরপরই হাসপাতালের সুনাম রক্ষার্থে তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটির রিপোর্টের ভিত্তিতে পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

হাসপাতালের ভেতরে এমন মারধরের ঘটনায় সাধারণ মানুষ ও সচেতন মহলে তীব্র সমালোচনা ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। স্থানীয়রা দ্রুত সুষ্ঠু তদন্ত সাপেক্ষে দোষীদের বিরুদ্ধে দৃশ্যমান প্রশাসনিক ব্যবস্থার দাবি জানিয়েছেন।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

শত্রুর হুমকি দেখলেই তাৎক্ষণিক হামলার নির্দেশ খামেনির

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শনিবার, ৩১শে অক্টোবর, ২০২৬ ইং

০৭:০৮ পি.এম


শত্রুর হুমকি দেখলেই তাৎক্ষণিক হামলার নির্দেশ খামেনির

ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি শত্রুর যেকোনো হুমকির প্রতিক্রিয়ায় তাৎক্ষণিক, কার্যকর এবং ‘ভৌগোলিক সীমাবদ্ধতা ছাড়াই’ পাল্টা পদক্ষেপ নেওয়ার নির্দেশনা দিয়েছেন। আজ শনিবার (৩১ অক্টোবর) কাতারের মধ্যস্থতাকারীদের নতুন তেহরান সফরের প্রেক্ষাপটে শীর্ষ সামরিক কমান্ডারদের উদ্দেশে তিনি এই নির্দেশনা প্রদান করেন।

এছাড়া, ইরানের সামরিক বাহিনীর লক্ষ্যবস্তুর তালিকা হালনাগাদ করার জন্যও আদেশ জারি করেছেন তিনি। এই তালিকায় যুক্তরাষ্ট্র ও ইসরাইলের সামরিক এবং বেসামরিক অবকাঠামোসহ বিভিন্ন ‘প্রত্যক্ষ ও পরোক্ষ’ সম্পদকে হামলার আওতায় আনার নির্দেশ রয়েছে।

যুক্তরাষ্ট্র যে কোনো সময় ইরানে হামলা চালাতে পারে, এমন আশঙ্কা রয়েছে। দেশটির মধ্যবর্তী নির্বাচনের পরদিন অর্থাৎ আগামী ৪ নভেম্বর থেকেই হামলা শুরু হতে পারে বলে সতর্কবার্তা দিয়েছে যুক্তরাষ্ট্র উপসাগরীয় মিত্র দেশগুলোকে।

খামেনি তার বিবৃতিতে উল্লেখ করেন, শত্রুরা যদি নতুন করে সামরিক বা সন্ত্রাসী হামলা শুরু করে, তাহলে সংঘাত কখন শেষ হবে, তা ইরানই নির্ধারণ করবে। তেহরানের হাতে যুদ্ধের সময় ও শর্ত নির্ধারণের অধিকার থাকবে বলেও তিনি জানান।

তিনি সামরিক বাহিনীকে নজরদারি, সহায়তা এবং যুদ্ধ পরিচালনার কাজে ব্যবহৃত গোলাবারুদ ও অস্ত্রের উৎপাদন বাড়ানোর নির্দেশ দিয়েছেন।

গত জুনে দুই দেশের মধ্যে একটি অন্তর্বর্তী সমঝোতা হয়েছিল। তবে সেটি স্থায়ী যুদ্ধবিরতি নিশ্চিত করতে পারেনি। একই সঙ্গে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালিতে স্বাভাবিক নৌ চলাচল ফিরিয়ে আনতেও ব্যর্থ হয় ওই সমঝোতা।

এরপর ইরান নতুন একটি প্রস্তাব দিয়েছে, যেখানে বলা হয়েছে, যুক্তরাষ্ট্র যদি ইরানের বন্দরগুলোর ওপর থেকে অবরোধ তুলে নেয়, তাহলে সাত দিনের মধ্যে হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচল স্বাভাবিক করবে তেহরান।

এই পরিস্থিতিতে কাতার নতুন করে কূটনৈতিক তৎপরতা শুরু করেছে। শুক্রবার (৩০ অক্টোবর) দেশটির মধ্যস্থতাকারীরা আলোচনার জন্য আবারও তেহরানে যান।

তবে আলোচনায় এখনো বড় ধরনের মতপার্থক্য বিদ্যমান। ওয়াশিংটন চায়, আলোচনার শুরুতেই ইরানের পারমাণবিক কর্মসূচির বিষয়টি অন্তর্ভুক্ত হোক। অন্যদিকে, তেহরানের দাবি, আগে ইরানের বন্দর অবরোধ প্রত্যাহার এবং তেল রফতানির ওপর নিষেধাজ্ঞা শিথিল করতে হবে।

এদিকে, আগামী ৩ নভেম্বর যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের আগে শুক্রবার এক সাক্ষাৎকারে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, ইরানের সঙ্গে যুদ্ধ শিগগিরই শেষ হবে বলে তিনি মনে করেন।

কানসাস সিটির রেডিও স্টেশন কেসিএমওকে দেওয়া সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, ‘এটা শিগগিরই শেষ হতে যাচ্ছে। তবে আমাদের এমন নিশ্চয়তা প্রয়োজন, যাতে কখনোই পারমাণবিক অস্ত্র তৈরি না হয়।’

এর আগে নির্বাচনের আগে ইরানে হামলা চালানো হবে না বলেও জানিয়েছিলেন ট্রাম্প। তবে যুদ্ধ কীভাবে শেষ হবে, সে বিষয়ে তিনি বিস্তারিত কিছু জানাননি।

তথ্যসূত্র: আল জাজিরা

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

আইফোন ডুওতে ফাটল, সুযোগ বুঝে খোঁচা মেরে বিজ্ঞাপন স্যামসাংয়ের

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

শনিবার, ৩১শে অক্টোবর, ২০২৬ ইং

০৭:০৮ পি.এম


আইফোন ডুওতে ফাটল, সুযোগ বুঝে খোঁচা মেরে বিজ্ঞাপন স্যামসাংয়ের

আইফোন ডুওর শুরুতে ভালো পরিস্থিতি তৈরি হয়নি। এই অবস্থার সুযোগ নিয়ে স্যামসাং কোনো রাখঢাক রাখছে না। দক্ষিণ কোরীয় প্রযুক্তি প্রতিষ্ঠানটি তাদের নতুন বিজ্ঞাপনে অ্যাপলের প্রথম ফোল্ডেবল ফোনের ডিসপ্লে ফেটে যাওয়ার ঘটনাকে বিদ্রূপের মাধ্যমে তুলে ধরেছে। একই সঙ্গে, গ্রাহকদের গ্যালাক্সি জেড ফোল্ড ৮ কেনার জন্য আহ্বান জানানো হয়েছে।

অ্যাপলের প্রথম ফোল্ডেবল ফোন বাজারে আসার পর থেকেই একটি উদ্বেগজনক প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে। প্রাথমিক পর্যায়ের বেশ কিছু ক্রেতা অভিযোগ করেছেন যে, তাদের ফোনের ডিসপ্লে ফেটে গেছে। মূলত, ডিসপ্লে প্যানেলের মাঝের অংশ অকেজো হয়ে যাচ্ছে। যেসব ফোনে এই সমস্যা দেখা দিয়েছে, সেগুলোর মধ্যে একই ধরনের ত্রুটি দেখা যাওয়ায় আশঙ্কা করা হচ্ছে যে, অ্যাপলের হিঞ্জ বা ভাঁজ করার প্রযুক্তির নকশায় কোনো ত্রুটি থাকতে পারে।

তবে, অ্যাপল সমস্যায় পড়া গ্রাহকদের ফোন পরিবর্তন করে দিচ্ছে। কিন্তু এই ঘটনা এটি স্পষ্ট করে তুলছে যে, হার্ডওয়্যার তৈরিতে এটি প্রতিষ্ঠানটির প্রথম প্রচেষ্টা।

এদিকে, এই সুযোগটি কাজে লাগাচ্ছে স্যামসাং। তারা গ্রাহকদের মনে করিয়ে দিতে পিছপা হচ্ছে না। ইনস্টাগ্রামে গ্যালাক্সি জেড ফোল্ড ৮-এর একটি বিজ্ঞাপনে স্যামসাং উল্লেখ করেছে, ‘ফোন ভাঁজ করার প্রযুক্তি আমাদের কাছে নতুন কিছু নয়’ এবং ‘এ বিষয়ে আমাদের অভিজ্ঞতা আট প্রজন্মের।’

এরপর সরাসরি গ্রাহকদের উদ্দেশে বলা হয়েছে, ‘গ্যালাক্সি জেড ফোল্ড ৮-এ চলে আসুন।’ বিজ্ঞাপনের ছবিতে আইফোন ডুওর ডিসপ্লেতে দেখা দেওয়া ফাটলের বিষয়টি তুলে ধরা হয়েছে। বিজ্ঞাপনটি স্যামসাং কানাডা প্রকাশ করেছে।

তবে স্যামসাং মালয়েশিয়া বিষয়টিকে আরও এক ধাপ এগিয়ে নিয়ে গেছে। তাদের বিজ্ঞাপনে বলা হয়েছে, ‘ফোনের স্থায়িত্ব নিয়ে এত আলোচনা দেখে কি আপনার একটু আফসোস হচ্ছে? ওহ, আমরা তো ব্যস্ত ছিলাম ফোন ভাঁজ করে নিজেদের দৈনন্দিন কাজ চালিয়ে যেতে।’

স্যামসাং অস্ট্রেলিয়াও অ্যাপলের ফোনের সমস্যা নিয়ে বিদ্রূপ করেছে। তাদের একটি পোস্টে বলা হয়েছে, ‘ফোন খোলার সময় ডিসপ্লে না ভাঙলে জীবনটা কেমন লাগে।’

এদিকে, স্যামসাং সৌদি আরবের আরেকটি পোস্টে গ্যালাক্সি জেড ফোল্ড ৮-এর ডিসপ্লেতে আইফোন ডুওর মতো ফাটল দেখানো হয়েছে। পরে প্রকাশ করা হয়, সেটি আসলে ফোনের একটি ওয়ালপেপার বা পর্দার ছবি।

সূত্র: 9to5Google

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মানবদেহে শনাক্ত গরুর শামন্ডা ভাইরাস, সতর্কতা জারি বাকৃবি অধ্যাপকের

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

শনিবার, ৩১শে অক্টোবর, ২০২৬ ইং

০৭:০৯ পি.এম


মানবদেহে শনাক্ত গরুর শামন্ডা ভাইরাস, সতর্কতা জারি বাকৃবি অধ্যাপকের

গবাদিপশুর রোগ হিসেবে পরিচিত শামন্ডা ভাইরাস (Shamonda virus) এবার মানুষের শরীরে প্রথমবারের মতো শনাক্ত হয়েছে। ফ্রান্সের স্বাস্থ্য কর্তৃপক্ষ একটি গুরুতর অসুস্থ ব্যক্তির শরীরে ভাইরাসটির সংক্রমণ নিশ্চিত করেছে, যার রোগপ্রতিরোধক্ষমতা ছিল অত্যন্ত দুর্বল। এই ঘটনাটি বিশ্বজুড়ে প্রাণিস্বাস্থ্য ও জনস্বাস্থ্য বিশেষজ্ঞদের মধ্যে নতুন আলোচনা শুরু করেছে।

এই পরিস্থিতিতে, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) মেডিসিন বিভাগের প্রাণী কল্যাণ ও আচরণ ল্যাবরেটরির অধ্যাপক ড. এম. আরিফুল ইসলাম গবাদিপশুর অস্বাভাবিক রোগ ও প্রজননজনিত সমস্যা পর্যবেক্ষণের পাশাপাশি পরীক্ষাগারভিত্তিক রোগ শনাক্তকরণ, সতর্কতা এবং ওয়ান হেলথ (One Health) পদ্ধতিতে নজরদারি জোরদারের পরামর্শ দিয়েছেন।

ড. আরিফুল ইসলাম বলেন, বাংলাদেশে শামন্ডা ভাইরাস শনাক্তের নির্ভরযোগ্য প্রতিবেদন এখন পর্যন্ত নেই, তবে পর্যাপ্ত নজরদারি ছাড়া ভাইরাসটির অনুপস্থিতি নিশ্চিত করা সম্ভব নয়। জানা যায়, গত ২২ অক্টোবর ফ্রান্সের স্বাস্থ্য কর্তৃপক্ষ প্রথমবারের মতো মানবদেহে শামন্ডা ভাইরাসের সংক্রমণের বিষয়টি প্রকাশ করে। আক্রান্ত ব্যক্তি লিওঁর হাসপাতালে গুরুতর রোগের চিকিৎসাধীন ছিলেন এবং তার রোগপ্রতিরোধক্ষমতা ছিল অত্যন্ত দুর্বল।

একাধিক জৈবিক নমুনা পরীক্ষায় ভাইরাসটির উপস্থিতি নিশ্চিত হয়। ৭ অক্টোবর দেশটির স্বাস্থ্য কর্তৃপক্ষ তার সংক্রমণের বিষয়ে অবহিত হয় এবং পরে রোগীটি মারা যান। বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO) ও ইউরোপীয় রোগ প্রতিরোধ ও নিয়ন্ত্রণ কেন্দ্র (ECDC) ঘটনাটি পর্যবেক্ষণ করছে।

বাকৃবির ভেটেরিনারি অনুষদের মেডিসিন বিভাগের অধ্যাপক ড. এম. আরিফুল ইসলাম জানান, প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে, পূর্ব ফ্রান্সে সংক্রমিত কিউলিকয়েডিস (Culicoides) নামের ক্ষুদ্র রক্তচোষা মিজের কামড়ে ওই ব্যক্তি আক্রান্ত হয়ে থাকতে পারেন। তবে সংক্রমণের প্রকৃত উৎস এখনো চূড়ান্তভাবে নিশ্চিত নয় এবং মানুষ থেকে মানুষে সংক্রমণের কোনো প্রমাণ পাওয়া যায়নি।

১৯৬৫ সালে নাইজেরিয়ায় গরু থেকে প্রথম ভাইরাসটি শনাক্ত হয়। পরবর্তী সময়ে আফ্রিকার বিভিন্ন অঞ্চল ও জাপানে প্রাণীর শরীরে এর উপস্থিতি শনাক্ত হয়েছে। ২০২৬ সালের গ্রীষ্মে ইউরোপে গবাদিপশুর মধ্যে প্রথমবারের মতো ভাইরাসটির সংক্রমণ শনাক্ত হয়। জুন থেকে প্রাণীর মধ্যে অসুস্থতার লক্ষণ দেখা দেওয়ার পর জুলাইয়ের শেষ দিকে ভাইরাসটি শনাক্ত করা হয়। এরপর অস্ট্রিয়া, বেলজিয়াম, ফ্রান্স, জার্মানি, সুইজারল্যান্ডসহ ইউরোপের বিভিন্ন দেশে প্রাণীর মধ্যে সংক্রমণের খবর পাওয়া যায়।

ড. আরিফ আরও বলেন, ভাইরাসটি প্রধানত গরুকে আক্রান্ত করে। আক্রান্ত গবাদিপশুর জ্বর, ডায়রিয়া, অবসন্নতা, ক্ষুধামন্দা ও দুধ উৎপাদন কমে যেতে পারে। এ ছাড়া গর্ভপাত, মৃত বাছুর জন্ম এবং ভ্রূণের জন্মগত বিকৃতির ঘটনাও ঘটতে পারে। গরুর পাশাপাশি ভেড়া, ছাগল, ঘোড়া ও অন্যান্য প্রাণীতেও ভাইরাসটির উপস্থিতি পাওয়া গেছে। তবে এসব লক্ষণ অন্য রোগের ক্ষেত্রেও দেখা যায়। তাই শুধুমাত্র উপসর্গ দেখে শামন্ডা ভাইরাস শনাক্ত করা সম্ভব নয়। পরীক্ষাগারভিত্তিক রোগ নির্ণয়ের প্রয়োজন রয়েছে।

মানুষের শরীরে প্রথম সংক্রমণ শনাক্ত হলেও বিশেষজ্ঞরা এখনই ব্যাপক জনস্বাস্থ্যঝুঁকি তৈরির আশঙ্কা দেখছেন না। অধ্যাপক আরিফুল ইসলাম বলেন, একটি মানব সংক্রমণ শনাক্ত হওয়া বৈজ্ঞানিকভাবে গুরুত্বপূর্ণ ঘটনা। তবে একটি বিচ্ছিন্ন সংক্রমণের ভিত্তিতে একে বড় ধরনের জনস্বাস্থ্য সংকট হিসেবে বিবেচনা করা ঠিক হবে না। মানুষের শরীরে ভাইরাসটি কী ধরনের রোগ সৃষ্টি করতে পারে, কতটা সংক্রমণক্ষম এবং কোন জনগোষ্ঠী বেশি ঝুঁকিতে থাকতে পারে এসব বিষয়ে এখনো পর্যাপ্ত তথ্য নেই।

তবে বাংলাদেশে রোগটি প্রতিরোধে নজরদারির প্রয়োজনীয়তা উল্লেখ করে ড. আরিফ বলেন, গাভীর গর্ভপাত, মৃত বা বিকৃত বাছুর জন্ম, জ্বর-ডায়রিয়া কিংবা হঠাৎ দুধ উৎপাদন কমে যাওয়ার ঘটনা দেখা দিলে প্রচলিত রোগের পাশাপাশি গবেষণার প্রয়োজনে Simbu serogroup-এর ভাইরাসের সম্ভাবনাও বিবেচনায় নেওয়া যেতে পারে। তবে শুধুমাত্র এসব লক্ষণের ভিত্তিতে শামন্ডা ভাইরাসে আক্রান্ত হওয়ার সিদ্ধান্ত নেওয়া যাবে না। খামারিদের গোয়ালঘর ও আশপাশের ভেজা, কাদাযুক্ত এবং জৈব পদার্থসমৃদ্ধ স্থান পরিষ্কার রাখতে হবে। পশুর ঘরে মিজের প্রবেশ ও সংস্পর্শ কমাতে উপযুক্ত জাল, পরিচ্ছন্ন আবাসন এবং পর্যাপ্ত বায়ু চলাচলের ব্যবস্থা করতে হবে।

গাভীর গর্ভপাত, মৃত বা বিকৃত বাছুর জন্ম, জ্বর, ডায়রিয়া কিংবা হঠাৎ দুধ উৎপাদন কমে যাওয়ার ঘটনা তারিখসহ নথিবদ্ধ করে দ্রুত প্রাণিচিকিৎসকের পরামর্শ নিতে হবে। খামারে কাজের সময় শরীর ঢাকা পোশাক ও উপযুক্ত রিপেলেন্ট (পোঁকা ও মাছি নিরোধক) ব্যবহার করে কামড়ানো মিজ থেকে সুরক্ষিত থাকতে হবে। একই সাথে অস্বাভাবিক রোগ বা প্রজননজনিত সমস্যার ক্ষেত্রে গুজবে কান না দিয়ে উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও প্রাণিচিকিৎসককে জানাতে হবে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২০ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৭
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৩
মাগরিব ০৫:২০
ইশা ০৬:৩২
সূর্যোদয় : ০৬:০৪ সূর্যাস্ত : ০৫:২০
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%