০১:৪৩ পি.এম
বাংলাদেশ পুলিশের ১৮০ সদস্যের একটি ফর্মড পুলিশ ইউনিট (এফপিইউ) মঙ্গলবার (২৬ আগস্ট) ঢাকা থেকে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে যোগ দিতে ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গোর উদ্দেশ্যে রওনা দিয়েছে। দুপুর পৌনে ১টার দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তারা কিনশাসার জন্য যাত্রা শুরু করে।
কন্টিনজেন্টটির নেতৃত্ব দিচ্ছেন পুলিশ সুপার জান্নাত আফরোজ, যার মধ্যে ৭০ জন নারী পুলিশ সদস্য রয়েছেন। বিদায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত আইজি (ক্রাইম অ্যান্ড অপারেশনস) খোন্দকার রফিকুল ইসলাম, ডিআইজি (অপারেশনস) মো. রেজাউল করিম এবং পুলিশ হেডকোয়ার্টার্সের ইউএন অপারেশনস উইংয়ের কর্মকর্তাগণ।
বাংলাদেশ পুলিশের এফপিইউ ২০০৫ সাল থেকে কঙ্গোতে তাদের দায়িত্ব পালন করে আসছে। ২০১১ সালে নারী কন্টিনজেন্ট যুক্ত হয়। জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশের অংশগ্রহণ ১৯৮৯ সালে নামিবিয়া মিশনের মাধ্যমে শুরু হয়। বর্তমানে জাতিসংঘের বিভিন্ন মিশনে বাংলাদেশ পুলিশের ২১৫ জন সদস্য কর্মরত আছেন, এর মধ্যে ১৭৮ জন এফপিইউ এবং ৩৭ জন ইন্ডিভিজুয়াল পুলিশ অফিসার (আইপিও) হিসেবে কাজ করছেন।
আরও পড়ুন: ক্যানসার সচেতনতা প্রচারক রুবিয়া নিজেই ক্যানসারে আক্রান্ত
এখন পর্যন্ত ৭৫ জন নারী পুলিশ সদস্য শান্তিরক্ষা মিশনে নিয়োজিত আছেন। তাদের মধ্যে ৬৮ জন এফপিইউ এবং সাতজন আইপিও পদে দায়িত্ব পালন করছেন। এছাড়া, ২১ হাজার ৮১৬ জন বাংলাদেশি পুলিশ সদস্য বিভিন্ন সময়ে শান্তিরক্ষা মিশন শেষ করে দেশে ফিরেছেন। এ পর্যন্ত শান্তিরক্ষা অভিযানে জীবন উৎসর্গ করেছেন ২৪ জন পুলিশ সদস্য।
জাতিসংঘের ম্যান্ডেট বাস্তবায়নের মাধ্যমে আন্তর্জাতিক শান্তি ও স্থিতিশীলতায় বাংলাদেশ পুলিশের অবদান দেশের বৈশ্বিক পরিমণ্ডলে ভাবমূর্তি উজ্জ্বল করেছে।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন