প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
দেশে চলতি অর্থবছরের (২০২৫-২৬) বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) বাস্তবায়ন কচ্ছপ গতিতে চলছে। গত অর্থবছরে সর্বনিম্ন এডিপি বাস্তবায়নের পর চলতি অর্থবছরের প্রথম মাস জুলাইয়ে বড় ধরনের ধীরগতিতে এডিপি বাস্তবায়ন অব্যাহত রয়েছে। বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগ চলতি অর্থবছরের প্রথম মাস জুলাইয়ে বরাদ্দের ১ শতাংশেরও কম অর্থ খরচ করেছে। এডিপি বাস্তবায়নের এ হার দেশের ইতিহাসে সর্বনিম্ন। অথচ চলতি অর্থবছরের এডিপিতে দুই লাখ ৩৮ হাজার ৬৯৫ কোটি ৬৪ লাখ টাকা বরাদ্দ রাখা হয়েছে। পরিকল্পনা মন্ত্রণালয়ের বাস্তবায়ন পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগ (আইএমইডি) সংশ্লিষ্ট সূত্রে এসব তথ্য জানা যায়।
সূত্র অনুযায়ী, গত জুলাই মাসে মাত্র এক হাজার ৬৪৪ কোটি ৬৬ লাখ টাকার এডিপি বাস্তবায়ন হয়েছে। যা বরাদ্দের মাত্র ০.৬৯ শতাংশ। গত অর্থবছরের একই সময়ে দুই হাজার ৯২২ কোটি ৩৬ লাখ টাকা বা ১.০৫ শতাংশ এডিপি বাস্তবায়ন হয়েছিল। অর্থাৎ চলতি অর্থবছরের প্রথম মাসের এডিপি বাস্তবায়ন একক মাস হিসেবে গত এক দশকের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে নেমে এসেছে। দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি ও সামগ্রিক অর্থনৈতিক পরিবেশ আগের তুলনায় ভালো হলেও এডিপি বাস্তবায়নের হার কম হওয়া উদ্বেগজনক।
সূত্র জানায়, সরকার এখন প্রকল্পগুলো যাচাই-বাছাই করে অর্থ ছাড় করছে। গত জুলাই মাসে চলমান এক হাজার ১৯৮টি প্রকল্পে মাত্র এক হাজার ৬৪৫ কোটি টাকা ব্যয় হয়েছে। এর মধ্যে সরকারি অর্থায়নে ৭২৮ কোটি টাকা খরচ হয়েছে। বৈদেশিক ঋণ ও অনুদান বাবদ ৮৩৮ কোটি টাকা এবং প্রকল্পগুলোর নিজস্ব অর্থায়ন ছিল ৭৮ কোটি টাকা। তাছাড়া বহু মন্ত্রণালয় ও বিভাগ পুরো মাসে এডিপি বাস্তবায়নে এক টাকাও ব্যয় করেনি। জুলাই মাসে ১২টি মন্ত্রণালয় ও বিভাগ শূন্য ব্যয়ে ছিল। সেগুলোর মধ্যে রয়েছে পানিসম্পদ মন্ত্রণালয়, স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগ, ধর্মবিষয়ক মন্ত্রণালয়, জননিরাপত্তা বিভাগ, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়, প্রতিরক্ষা মন্ত্রণালয়, পররাষ্ট্র মন্ত্রণালয়, আইএমইডি নিজেই, বাংলাদেশ সরকারি কর্মকমিশন (পিএসসি), দুর্নীতি দমন কমিশন (দুদক) এবং সংসদ সচিবালয়। এছাড়া আরো ১৩টি মন্ত্রণালয় ও বিভাগ নামমাত্র অর্থ খরচ করেছে এবং তাদের শূন্য দশমিক ১০ শতাংশেরও নিচে এডিপি বাস্তবায়ন হয়েছে।
এ প্রসঙ্গে পরিকল্পনা উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদ বলেন, গত অর্থবছরে এডিপি বাস্তবায়নের হার সবচেয়ে কম ছিল। চলতি বছরের শুরুতেও একই প্রবণতা দেখা যাচ্ছে। তবে ডিসেম্বর পর্যন্ত সময়ে এডিপি বাস্তবায়নে বিশেষ গুরুত্ব দেয়া হচ্ছে। কিন্তু আগামী ফেব্রুয়ারিতে জাতীয় সংসদ নির্বাচন হওয়ায় জানুয়ারি থেকে প্রকল্প বাস্তবায়নের গতি আবারো শ্লথ হয়ে যেতে পারে। পরিকল্পনা মন্ত্রণালয়ের পক্ষ থেকে ডিসেম্বরের মধ্যে এডিপি বাস্তবায়নের হার বাড়ানোর জন্য বিশেষ নজরদারি চলছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন