প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
ব্রাহ্মণবাড়িয়ায় সকালবেলা ঘুম থেকে উঠে সংঘর্ষে জড়িয়ে পড়েন দুই পক্ষের লোকজন। দেশীয় অস্ত্র ও ইটপাটকেল নিয়ে চলে ধাওয়া-পাল্টাধাওয়া, হামলা করা হয় কয়েকটি বাড়িতে। এই সংঘর্ষের ফলে অন্তত ২৫ জন আহত হয়েছেন। বুধবার সকাল ৭টা থেকে ৯টা পর্যন্ত ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার ইছাপুরা গ্রামে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটে।
স্থানীয় সূত্র জানাচ্ছে, গ্রামের আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সাবেক দুই ইউপি চেয়ারম্যানের সমর্থকদের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এক পক্ষের নেতৃত্বে রয়েছেন সাবেক চেয়ারম্যান আখতার হোসেন এবং অপর পক্ষের নেতৃত্বে রয়েছেন সাবেক চেয়ারম্যান বকুল। এ দুই পক্ষের মধ্যে অতীতেও একাধিকবার সংঘর্ষের ঘটনা ঘটে।
সূত্র আরো জানায়, সর্বশেষ মঙ্গলবার সন্ধ্যায় আখতার হোসেনের পক্ষের ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক এনাম খানকে মারধর করে রক্তাক্ত করার অভিযোগ ওঠে বকুল চেয়ারম্যানের সমর্থকদের বিরুদ্ধে। আহত এনাম খান বর্তমানে ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এ ঘটনার জের ধরেই বুধবার সকালে দুই পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন বলে জানা গেছে।
এ সময় উভয় পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। কয়েকটি বাড়িতেও হামলা চালানো হয়। এতে অন্তত ২৫ জন আহত হন। পরে খবর পেয়ে বিজয়নগর থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করে। প্রায় দুই ঘণ্টা পর সংঘর্ষ থামে। আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে।
বিজয়নগর থানার ওসি মোহাম্মদ আহসান উল্লাহ জানান, পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন