ঢাকা বৃহস্পতিবার, ২৯শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১৩ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বৃহস্পতিবার, ২৯শে অক্টোবর, ২০২৬ইং ১৩ই কার্তিক, ১৪৩৩বাং

আর্জেন্টিনার কোচ স্ক্যালোনির মা ইউলালিয়া মারজেত্তি আর নেই


আর্জেন্টিনার কোচ স্ক্যালোনির মা ইউলালিয়া মারজেত্তি আর নেই

আর্জেন্টিনা জাতীয় ফুটবল দলের প্রধান কোচ লিওনেল স্কালোনির মা ইউলালিয়া মারজেত্তি মারা গেছেন। তিনি মঙ্গলবার (২৭ অক্টোবর) সান্টা ফে প্রদেশের পুজাতো শহরে ৭৪ বছর বয়সে শেষনিশ্বাস ত্যাগ করেন। দীর্ঘদিন ধরে শারীরিক অসুস্থতায় ভুগছিলেন তিনি।

বুধবার (২৮ অক্টোবর) আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ) তার মৃত্যুর খবর নিশ্চিত করেছে। একই সঙ্গে সংস্থাটি বিশ্বকাপজয়ী কোচ স্কালোনি ও তার পরিবারের প্রতি গভীর সমবেদনা জানায়। আর্জেন্টিনার ফুটবল অঙ্গনের পক্ষ থেকেও তাদের প্রতি সহমর্মিতা প্রকাশ করা হয়।

ইউলালিয়া মারজেত্তি তার স্বামী অ্যাঞ্জেল ‘চিচে’ স্কালোনির সঙ্গে পুজাতো শহরে বসবাস করতেন। তিনি স্থানীয় সমাজে একটি পরিচিত মুখ ছিলেন। এর আগে তিনি স্থানীয় বিচারক হিসেবেও দায়িত্ব পালন করেছেন। এই দম্পতির তিন সন্তান লিওনেল, মাউরো ও কোরিনা। আর্জেন্টিনার সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, পরিবারের পক্ষ থেকে ব্যক্তিগত পরিসরে শেষকৃত্যের আয়োজন করা হবে।

আরও পড়ুন: ২০০৮ সালের ব্যালন ডি’অর সেরা রোনালদো, মেসি দ্বিতীয়

স্কালোনির মা প্রায় পাঁচ বছর ধরে শারীরিক নানা সমস্যায় ভুগছিলেন। ২০২১ সালের অক্টোবরে কাতার বিশ্বকাপের বাছাইপর্ব চলাকালে মায়ের শারীরিক অবস্থা নিয়ে আর্জেন্টিনার এই কোচ প্রকাশ্যে উদ্বেগ প্রকাশ করেছিলেন।

পেরুর বিপক্ষে ম্যাচের পর স্কালোনি বলেছিলেন, ‘আমি এখন বিশ্বকাপ নিয়ে ভাবার মতো অবস্থায় নেই।’ তার এই বক্তব্য থেকে বোঝা যায়, আর্জেন্টিনাকে বিশ্বকাপের পথে এগিয়ে নেওয়ার সময়ও তাকে ব্যক্তিগত জীবনের কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে যেতে হচ্ছিল।

এর কয়েক মাস আগে, ঐতিহাসিক মারাকানা স্টেডিয়ামে ব্রাজিলকে হারিয়ে ২০২১ সালের কোপা আমেরিকা জয়ের পর ঐতিহাসিক শিরোপাটি মাকে উৎসর্গ করেছিলেন স্কালোনি। তখন তার মা গুরুতর অসুস্থ ছিলেন।

শিরোপা জয়ের পর স্কালোনি বলেছিলেন, ‘আমি এই জয় আমার মাকে উৎসর্গ করতে চাই। কয়েক দিন আগে তিনি বেশ গুরুতর স্বাস্থ্য সমস্যায় পড়েছিলেন এবং এখনো লড়াই করে যাচ্ছেন।’

আরও পড়ুন: টাইব্রেকারে চেলসিকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে লিভারপুল, বেঁচে গেল ম্যানচেস্টার সিটিও

আর্জেন্টিনার কোচ হিসেবে এটিই ছিল স্কালোনির প্রথম বড় শিরোপা। এরপর তার অধীনে দলটি ২০২২ সালের ফিনালিসিমা ও ফিফা বিশ্বকাপ এবং ২০২৪ সালের কোপা আমেরিকা জয় করে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

আজ (২৯ অক্টোবর ২০২৬) দেশে স্বর্ণের দাম বেড়ে ২ লাখ ২৩ হাজার ৭৪ টাকা

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ২৯শে অক্টোবর, ২০২৬ ইং

১১:৩৭ এম


আজ (২৯ অক্টোবর ২০২৬) দেশে স্বর্ণের দাম বেড়ে ২ লাখ ২৩ হাজার ৭৪ টাকা

দেশের বাজারে স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছে সর্বশেষ। সিদ্ধান্ত অনুযায়ী, আজ (বৃহস্পতিবার, ২৯ অক্টোবর) মূল্যবান এই ধাতু বিক্রি হচ্ছে সর্বশেষ নির্ধারিত দামে।

দেশের বাজারে স্বর্ণের দাম বুধবার (২৮ অক্টোবর) সকালে বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। ওই দিন ২২ ক্যারেটের প্রতি ভরিতে ২ হাজার ২১৬ টাকা বৃদ্ধি পেয়েছে সংগঠনটি।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) মূল্য বৃদ্ধি পেয়েছে। এই কারণে সার্বিক পরিস্থিতি বিবেচনায় স্বর্ণের নতুন দাম নির্ধারণ করা হয়েছে। বুধবার সকাল ১০টা থেকে নতুন দাম কার্যকর হয়েছে।

নতুন সিদ্ধান্ত অনুযায়ী, দেশের বাজারে ভ্যাটসহ প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) ২২ ক্যারেটের স্বর্ণের দাম দাঁড়িয়েছে ২ লাখ ২৩ হাজার ৭৪ টাকা। ২১ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ১৩ হাজার ৪৩ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৮২ হাজার ৯৫০ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণ ১ লাখ ৪৯ হাজার ৪৭৪ টাকায় বিক্রি হচ্ছে।

বাজুস জানিয়েছে, অলঙ্কারের ডিজাইন অনুযায়ী মজুরি প্রযোজ্য হবে। স্বর্ণালঙ্কার ও রৌপলঙ্কারের বিক্রয়মূল্যের সঙ্গে ভ্যাট যুক্ত থাকায় গ্রাহকদের কাছ থেকে আলাদাভাবে ভ্যাট আদায় করা যাবে না। অলঙ্কার এক্সচেঞ্জের ক্ষেত্রে ১২ শতাংশ এবং পারচেজের ক্ষেত্রে ১৮ শতাংশ বাদ দিতে হবে। এক্সচেঞ্জ ও পারচেজের ক্ষেত্রে আলাদাভাবে ভ্যাট বাদ দেওয়া যাবে না। পরবর্তী সিদ্ধান্ত না হওয়া পর্যন্ত সব জুয়েলারি প্রতিষ্ঠানে এই বিক্রয়মূল্য কার্যকর থাকবে।

এর আগে, ২৫ অক্টোবর সকালে স্বর্ণের দাম সমন্বয় করেছিল বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন। ওই দিন ভরিতে ৩ হাজার ৩২৪ টাকা কমিয়ে ভ্যাটসহ ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ২ লাখ ২০ হাজার ৮৫৮ টাকা নির্ধারণ করা হয়েছিল।

এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ১০ হাজার ৯৪৩ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৮১ হাজার ২০০ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম ১ লাখ ৪৮ হাজার ১৬ টাকা নির্ধারণ করা হয়েছিল। যা কার্যকর হয়েছিল ওই দিন সকাল ১০টা থেকে।

এ বছর এখন পর্যন্ত দেশের বাজারে ১২৭ বার স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছে। এর মধ্যে ৬১ দফা বাড়ানো হয়েছে, ৬৫ দফা কমানো হয়েছে এবং ১ দফা ভ্যাট সমন্বয় করা হয়েছে। গত ২০২৫ সালে দেশের বাজারে মোট ৯৩ বার স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছিল; যেখানে ৬৪ বার দাম বাড়ানো হয়েছিল এবং ২৯ বার কমানো হয়েছিল।

স্বর্ণের দাম বাড়ানোর পরও দেশের বাজারে রুপার দাম অপরিবর্তিত রয়েছে। বর্তমানে ভ্যাটসহ প্রতি ভরি ২২ ক্যারেটের রুপা বিক্রি হচ্ছে ৩ হাজার ৮৪৯ টাকায়। ২১ ক্যারেটের প্রতি ভরি ৩ হাজার ৬৭৪ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ৩ হাজার ১৪৯ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি রুপা ২ হাজার ৩৯১ টাকায় বিক্রি হচ্ছে।

এ বছর এখন পর্যন্ত দেশের বাজারে ৭৬ দফা রুপার দাম সমন্বয় করা হয়েছে। এর মধ্যে দাম ৩৬ দফা বাড়ানো হয়েছে এবং বাকি ৪০ দফা কমানো হয়েছে। ২০২৫ সালে দেশের বাজারে মোট ১৩ বার রুপার দাম সমন্বয় করা হয়েছিল; যার মধ্যে বেড়েছিল ১০ বার এবং কমেছিল মাত্র ৩ বার।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

টয়োটার মোতোমাচি কারখানা পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

বৃহস্পতিবার, ২৯শে অক্টোবর, ২০২৬ ইং

১১:৩৭ এম


টয়োটার মোতোমাচি কারখানা পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

প্রধানমন্ত্রী তারেক রহমান জাপান সফরের অংশ হিসেবে নাগোয়ায় অবস্থিত টয়োটার মোতোমাচি কারখানা পরিদর্শন করেছেন। এ সময় তিনি কারখানার গাড়ি সংযোজন প্রক্রিয়া পরিদর্শন করেন।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) স্থানীয় সময় ভোর সাড়ে ৫টায় টোকিও থেকে বুলেট ট্রেনে নাগোয়া পৌঁছান প্রধানমন্ত্রী।

সফরের শেষ দিনে, তিনি জাপানের আধুনিক প্রযুক্তি, গাড়ি উৎপাদনব্যবস্থা ও শিল্পকারখানার কার্যক্রম সম্পর্কে তথ্য সংগ্রহ করছেন। এই পরিদর্শন বাংলাদেশের শিল্পায়ন ও উৎপাদন খাতের উন্নয়নে জাপানের অভিজ্ঞতা কাজে লাগানোর সুযোগ তৈরি করতে পারে।

পরিদর্শনের সময় টয়োটা মোটর করপোরেশনের দক্ষিণ এশিয়া অঞ্চলের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মাসাহিকো মোয়েদা, টয়োটা সুশো করপোরেশনের মোবিলিটি বিভাগের সিইও শিগেরু হারাদা এবং প্রতিষ্ঠানটির চিফ অপারেটিং অফিসার (সিওও) শিনিচিরো ওতসুকাসহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হিসেবে এ সময় উপস্থিত ছিলেন তার সহধর্মিণী ডা. জুবাইদা রহমান, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত, ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি এবং বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক উপদেষ্টা রেহান আসিফ আসাদ, এশিয়া-প্যাসিফিক অঞ্চলে বৈদেশিক কর্মসংস্থানবিষয়ক প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ড. মো. শাকিরুল ইসলাম খান, প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন, গবেষণা কর্মকর্তা আবদুস সাত্তার পাটোয়ারীসহ অন্যান্যরা।

এর আগে, জাপানের শীর্ষ ব্যবসায়ী প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী বাংলাদেশকে বৈশ্বিক উৎপাদনকেন্দ্র হিসেবে গড়ে তুলতে বিনিয়োগের আহ্বান জানান। চার দিনের সরকারি সফর শেষে, আজই তিনি দেশে ফেরার পরিকল্পনা করছেন।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মিরপুর টেস্টে সেঞ্চুরি হাঁকিয়ে বিদায় নিলেন সাদমান ইসলাম

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

বৃহস্পতিবার, ২৯শে অক্টোবর, ২০২৬ ইং

১১:৩৮ এম


মিরপুর টেস্টে সেঞ্চুরি হাঁকিয়ে বিদায় নিলেন সাদমান ইসলাম

একটি রানের জন্য পুরো রাত অপেক্ষা করেছেন সাদমান ইসলাম। তবে মিরপুর টেস্টের দ্বিতীয় দিনে আর অপেক্ষা করতে হয়নি এই ওপেনারকে। দিনের দ্বিতীয় বলেই দৌড়ে ২ রান নিয়ে পৌঁছে গেলেন ম্যাজিক ফিগারে। এই বাঁহাতি ক্রিকেটার টেস্ট ক্যারিয়ারে তৃতীয়বারের মতো তিন অঙ্কের রানের দেখা পেলেন।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) মিরপুর টেস্টের দ্বিতীয় দিনে বাংলাদেশ ব্যাটিং করছে। সকালের সেশনের দ্বিতীয় বলেই সেঞ্চুরি পূর্ণ করেন সাদমান ইসলাম। বিশপের বলে ডাবলস নিয়ে আকাঙ্ক্ষিত সেঞ্চুরি তুলে নেন তিনি।

গতকাল আলোকস্বল্পতার কারণে নির্ধারিত ওভারের চেয়ে কম খেলা মাঠে গড়ায়। দ্বিতীয় দফায় খেলা বন্ধ হলে দিনের খেলার ইতি ঘোষণা করা হয়। তখন সাদমান ৯৯ রানে ব্যাট করছিলেন।

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সেঞ্চুরিটি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে (ডব্লিউটিসি) সাদমানের প্রথম সেঞ্চুরি। তার আগের দুই সেঞ্চুরির প্রতিপক্ষ ছিল জিম্বাবুয়ে, যেই ম্যাচগুলো ডব্লিউটিসির অংশ ছিল না।

সেঞ্চুরির আগে সময়টা ভালো কাটছিল না সাদমানের। ১৭ ইনিংস পর পেলেন সেঞ্চুরির দেখা। এর আগে ২০২৫ সালের এপ্রিলে জিম্বাবুয়ের বিপক্ষে সর্বশেষ সেঞ্চুরি হাঁকিয়েছিলেন তিনি।

সেঞ্চুরির পর সাদমান বেশিক্ষণ আর উইকেটে টেকেননি। বিশপের ফিরতি ওভারে এলবিডব্লিউয়ের ফাঁদে পড়ে বিদায় নেন। আউট হওয়ার আগে ২৩৪ বলে ১১ চারে ১০৫ রান করেন এই বাঁহাতি।

এই প্রতিবেদন লেখার সময় বাংলাদেশের সংগ্রহ ৭৭ ওভারে ৪ উইকেটে ২২১। লিটন দাস ১২ রানে ব্যাট করছেন। তার সঙ্গে যোগ দিয়েছেন আগের দিন চোট পেয়ে মাঠ ছাড়া তাওহীদ হৃদয়। তিনি অপরাজিত ৪২ রানে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

টাইব্রেকারে চেলসিকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে লিভারপুল, বেঁচে গেল ম্যানচেস্টার সিটিও

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

বৃহস্পতিবার, ২৯শে অক্টোবর, ২০২৬ ইং

১১:৩৯ এম


টাইব্রেকারে চেলসিকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে লিভারপুল, বেঁচে গেল ম্যানচেস্টার সিটিও

বুধবার (২৮ অক্টোবর) নাটকীয় টাইব্রেকারে চেলসিকে পরাজিত করে লিগ কাপের কোয়ার্টার ফাইনালে প্রবেশ করেছে লিভারপুল। অপরদিকে, ব্রাইটনের বিরুদ্ধে ম্যানচেস্টার সিটিকেও পেনাল্টি শুটআউটের কঠিন পরীক্ষার সম্মুখীন হতে হয়েছে।

লিভারপুলের কোচ আন্দোনি ইরাওলা, শৈশবের বন্ধু জাবি আলোনসোর বিরুদ্ধে শেষ ষোলোতে জয়লাভ করেছেন। নির্ধারিত সময়ে অ্যানফিল্ডে ম্যাচটি ১-১ গোলে ড্র হওয়ার পর, পেনাল্টি শুটআউটে চেলসিকে পরাজিত করে স্বাগতিকরা।

ম্যাচের প্রথমে পেনাল্টি থেকে গোল করে চেলসিকে এগিয়ে দেন মরগান রজার্স। বিরতির ঠিক আগে, পেনাল্টি থেকে সমতা ফেরান কোডি গাকপো।

শুটআউটে চেলসির ভ্যালেন্তিন বারকোর শট পোস্টে লাগে। এরপর লিভারপুলের কোস্তাস সিমিকাস একটি সুযোগ মিস করেন, বল ক্রসবারের ওপর দিয়ে বাইরে মারেন।

চেলসি গোলরক্ষক মাইক পেন্ডার্সের হাতে আটকে যায় রায়ান গ্রাভেনবার্খের শট। তবে লিভারপুলের গোলরক্ষক জর্জি মামারদাশভিলি, এমানুয়েল এমেগার শট ঠেকিয়ে দলের লড়াইকে অব্যাহত রাখেন।

লিভারপুলের জো গোমেজ গোল করার পর, চেলসির ডিফেন্ডার ওয়েসলি ফোফানা শট নিতে গিয়ে বল লক্ষ্যের বাইরে পাঠান। এই ঘটনাই লিভারপুলের জন্য শেষ আটে ওঠার নিশ্চিতকরণ করে।

অ্যানফিল্ডে কোচ হিসেবে এটি আলোনসোর টানা তৃতীয় হার। এর আগে ২০২৪ সালে বায়ার লেভারকুসেন এবং ২০২৫ সালে রিয়াল মাদ্রিদের কোচ থাকাকালে এই মাঠে হেরেছিলেন তিনি।

লিভারপুলে নিজের প্রথম মৌসুমে লিগ কাপের ফাইনালে উঠেছিলেন ইয়ুর্গেন ক্লপ ও আর্নে স্লট। এবার সেই পথে এগোচ্ছেন ইরাওলাও, যিনি ১০ বারের চ্যাম্পিয়ন লিভারপুলকে নিয়ে প্রতিযোগিতায় অংশগ্রহণ করছেন।

জয়ের পর ইরাওলা মন্তব্য করেন, 'আমরা খুবই খুশি। ঘরের মাঠে টানা তিনটি জয় পাওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। লিগে নিজেদের মাঠে আমরা কিছুটা সমস্যায় ছিলাম। তবে এখন রোববার (১ নভেম্বর) আর্সেনালের বিপক্ষে ম্যাচের দিকে মনোযোগ দিতে পারব।'

কোয়ার্টার ফাইনালে ইরাওলা মুখোমুখি হবেন নিজের সাবেক ক্লাব বোর্নমাউথের।

অন্যদিকে, আলোনসো বলেন, 'পেনাল্টি শুটআউট পর্যন্ত ম্যাচ গড়ালে প্রতিযোগিতা থেকে বিদায় নেওয়াকে কারও কাছে নিষ্ঠুর মনে হতেই পারে। আমরা ভালো মানের ফুটবল খেলেছি। এই ধরনের স্টেডিয়ামে খেলতে এটাই প্রয়োজন। তবে প্রিমিয়ার লিগই আমাদের প্রধান লক্ষ্য।'

গত শনিবার (২৪ অক্টোবর) টটেনহ্যামের কাছে ২-০ গোলে পরাজিত চেলসি দল থেকে মাত্র চারটি পরিবর্তন এনেছিলেন আলোনসো। অপরদিকে, রোববার ব্রাইটনের বিপক্ষে ২-০ গোলের জয়ী ম্যাচ থেকে লিভারপুলের একাদশে সাতটি পরিবর্তন আনেন ইরাওলা।

৪০ মিনিটে ময়েসেস কাইসেদোকে ফাউল করেন গ্রাভেনবার্খ। ফলে চেলসি পেনাল্টি পায় এবং স্পটকিক থেকে গোল করেন রজার্স।

তবে তিন মিনিট পরই সমতা ফেরায় লিভারপুল। ফোফানার হ্যান্ডবলের কারণে পাওয়া পেনাল্টি থেকে গোল করেন গাকপো।

রুলির নৈপুণ্যে ব্রাইটনকে পরাজিত করে কোয়ার্টার ফাইনালে সিটি:

ইতিহাদ স্টেডিয়ামে ব্রাইটনের বিরুদ্ধে ২-২ গোলে ড্র করার পর, পেনাল্টি শুটআউটে জয়লাভ করে কোয়ার্টার ফাইনালে প্রবেশ করেছে ম্যানচেস্টার সিটি।

গত শনিবার অ্যাস্টন ভিলার কাছে পরাজিত হওয়ার পর, সিটির কোচ এনজো মারেস্কা দলে নয়টি পরিবর্তন আনেন। বিশ্রামে ছিলেন আর্লিং হালান্ড, রুবেন দিয়াস, এলিয়ট অ্যান্ডারসন ও জিয়ানলুইজি দোন্নারুমার মতো তারকারা।

৩০ মিনিটে জর্জিনিও রুটারের শট থেকে পাওয়া বল পাঁচ গজ দূর থেকে জালে পাঠিয়ে ব্রাইটনকে এগিয়ে দেন মালিক ইয়ালকুয়ে। বিরতির ২০ মিনিট পর, ২৫ গজ দূর থেকে দুর্দান্ত শটে সমতা ফেরান মাতেও কোভাচিচ। তার বাঁকানো শটটি ম্যাচে নতুন প্রাণ ফিরিয়ে আনে।

দ্বিতীয়ার্ধ শুরুর মাত্র দুই মিনিট পর, জাউয়েন হাজদামের কাটব্যাক থেকে গোল করে ব্রাইটনকে আবারও এগিয়ে দেন রুটার। ৭২ মিনিটে রায়ান শেরকির ফ্রি-কিক ভিটর রেইসের গায়ে লেগে দিক পরিবর্তন করে জালে ঢুকে যায়। এতে ২-২ সমতায় ফেরে সিটি।

পেনাল্টি শুটআউটে কোভাচিচের শট ঠেকিয়ে দেন ব্রাইটন গোলরক্ষক জেসন স্টিল। তবে সিটির গোলরক্ষক রুলি, ব্রাইটনের ইয়াসিন আইয়ারি ও লুইস ডাঙ্কের শট আটকে দিয়ে দলকে শেষ আটে তুলে দেন।

সেমিফাইনালে ওঠার লড়াইয়ে সিটির প্রতিপক্ষ হবে ইংলিশ ফুটবলের তৃতীয় স্তরের দল ব্র্যাডফোর্ড। এর আগে আগামী শনিবার (৩১ অক্টোবর) প্রিমিয়ার লিগে ইতিহাদেই আবার মুখোমুখি হবে সিটি ও ব্রাইটন।

দুর্দান্ত ছন্দে বোর্নমাউথ, জিতেছে ক্রিস্টাল প্যালেসও:

ভাইটালিটি স্টেডিয়ামে অ্যাস্টন ভিলাকে ৩-০ গোলে পরাজিত করেছে বোর্নমাউথ। গত সপ্তাহে ইউরোপা লিগে এসি মিলানকে ৩-০ গোলে পরাজিত করার পর, প্রিমিয়ার লিগে ম্যানচেস্টার ইউনাইটেডের মাঠেও একই ব্যবধানে জয় পেয়েছিল দলটি।

অন্যদিকে, ফুলহ্যামের মাঠে ১-০ গোলে জয়লাভ করে চাপে থাকা কোচ পিয়ের সেজের জন্য কিছুটা স্বস্তি এনে দিয়েছে ক্রিস্টাল প্যালেস।

কোয়ার্টার ফাইনালে নিজেদের মাঠে সান্ডারল্যান্ডকে আতিথ্য দেবে প্যালেস। প্রিমিয়ার লিগে সাম্প্রতিক দুরবস্থার মধ্যে কিছুটা স্বস্তি পেয়েছে সান্ডারল্যান্ডও। স্টেডিয়াম অব লাইটে ব্রেন্টফোর্ডকে ৩-২ গোলে পরাজিত করে শেষ আটে উঠেছে তারা।

গত মঙ্গলবার (২৭ অক্টোবর) প্রিমিয়ার লিগের বর্তমান চ্যাম্পিয়ন আর্সেনালকে পেনাল্টি শুটআউটে পরাজিত করে চমক দেখিয়েছে চতুর্থ বিভাগের দল ফ্লিটউড টাউন। কোয়ার্টার ফাইনালে তাদের প্রতিপক্ষ হবে এভারটন ও নিউক্যাসলের মধ্যকার ম্যাচের বিজয়ী দল।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৫
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%