ঢাকা শনিবার, ০৭ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ২২শে কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ২৬শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
শনিবার, ০৭ই নভেম্বর, ২০২৬ইং ২২শে কার্তিক, ১৪৩২বাং

ইংল্যান্ডের স্কোয়াডে নেই কোল পালমার ও ফিল ফোডেন


ইংল্যান্ডের স্কোয়াডে নেই কোল পালমার ও ফিল ফোডেন

আসন্ন নভেম্বরের আন্তর্জাতিক বিরতিতে নেশনস লিগের গুরুত্বপূর্ণ ম্যাচ খেলতে যাচ্ছে ইংল্যান্ড। ক্রোয়েশিয়া ও স্পেনের বিরুদ্ধে লড়াইয়ের জন্য ঘোষিত স্কোয়াডে স্থান পেয়েছেন দুই তরুণ ফুটবলার জুব বেলিংহ্যাম ও জশ কিং। তবে চেলসির কোল পালমার এবং ম্যানচেস্টার সিটির ফিল ফোডেনের মতো তারকা ফুটবলাররা দলে জায়গা পাননি।

ইংল্যান্ডের কোচ থমাস টুখেল ঘোষিত দলে প্রথমবারের মতো ডাক পেয়েছেন জুব বেলিংহ্যাম। তিনি রিয়াল মাদ্রিদের তারকা জুড বেলিংহ্যামের ছোট ভাই। বরুসিয়া ডর্টমুন্ডের হয়ে সাম্প্রতিক সময়ে তার ভালো পারফরম্যান্স এবং ইংল্যান্ড অনূর্ধ্ব-২১ দলের অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করে কোচের নজর আকর্ষণ করেছেন এই মিডফিল্ডার।

এছাড়া, ১৯ বছর বয়সি জশ কিংও প্রথমবারের মতো সিনিয়র জাতীয় দলে সুযোগ পেয়েছেন। ফুলহ্যামের হয়ে চলতি মৌসুমে তিনি দারুণ ছন্দে রয়েছেন। প্রিমিয়ার লিগে এখন পর্যন্ত দুটি গোল করে ক্লাবটির সর্বোচ্চ গোলদাতার মর্যাদা অর্জন করেছেন এই তরুণ মিডফিল্ডার। যদিও বিশ্বকাপের প্রস্তুতি স্কোয়াডে থাকলেও মূল দলে তার স্থান হয়নি। তবে অনূর্ধ্ব-২১ দলের ধারাবাহিক পারফরম্যান্সের জন্য এবার তিনি পুরস্কৃত হয়েছেন।

আরও পড়ুন: হৃদয়কে সুযোগ দিয়ে বিপাকে পড়ার কথা স্বীকার করলেন জোমেল ওয়ারিকান

এদিকে, টুখেলের ঘোষিত দলে বেশ কয়েকজন পরিচিত তারকার অনুপস্থিতি নিয়ে আলোচনা সৃষ্টি হয়েছে। তাদের মধ্যে অন্যতম চেলসির ফরোয়ার্ড কোল পালমার। চলতি মৌসুমে তিনি ক্লাবের হয়ে ১১ ম্যাচে পাঁচ গোল এবং তিনটি অ্যাসিস্ট করেছেন। পুরোপুরি ফিট থাকা সত্ত্বেও কেন তাকে দলে রাখা হয়নি, তা নিয়ে প্রশ্ন উঠেছে। ব্রিটিশ সংবাদমাধ্যমের দাবি, আগের আন্তর্জাতিক বিরতিতে দল থেকে পালমারের নাম প্রত্যাহারের বিষয়টি কোচ টুখেল ভালোভাবে নেননি।

দলে নেই ম্যানচেস্টার সিটির ফরোয়ার্ড ফিল ফোডেনও। চলতি মৌসুমে ছয় ম্যাচে গোল ও অ্যাসিস্ট মিলিয়ে ছয়টি অবদান রাখলেও জাতীয় দলের স্কোয়াডে তার স্থান হয়নি। বিশ্বকাপের দল এবং পরবর্তী আন্তর্জাতিক বিরতিতেও তিনি উপেক্ষিত ছিলেন।

অন্যদিকে, ম্যানচেস্টার ইউনাইটেডের মিডফিল্ডার মাইনো চোটের কারণে দল থেকে নিজের নাম সরিয়ে নিয়েছেন। বিশ্বকাপের স্কোয়াডে থাকলেও সেবার মাঠে নামার সুযোগ পাননি তিনি। একইভাবে ইনজুরির কারণে এবারের দলে নেই ডিফেন্ডার ট্রেভোহ চালোবাহ ও টিনো লিভ্রামেন্তো।

তবে চোট কাটিয়ে জাতীয় দলে ফিরেছেন জেড স্পেন্স। বিশ্বকাপের পর এবারই প্রথম ইংল্যান্ডের স্কোয়াডে জায়গা পেয়েছেন ইন্টার মিলানের এই ফুলব্যাক। পাশাপাশি আর্সেনালের ডিফেন্ডার বেন হোয়াইটও কোচের ডাক পেয়েছেন। এদিকে, রিয়াল মাদ্রিদের রাইটব্যাক ট্রেন্ট আলেকজান্ডার-আর্নল্ড নিজের জায়গা ধরে রেখেছেন।

আরও পড়ুন: হৃদয়ের সবকিছুই ছিল অসাধারণ: সিমন্সের প্রশংসা

ইংল্যান্ড স্কোয়াড:

গোলরক্ষক: জর্ডান পিকফোর্ড, জেমস ট্রাফোর্ড, জেসন স্টিল

ডিফেন্ডার: এজরি কনসা, মার্ক গুয়েহি, জ্যারড ব্র্যানথওয়েট, ট্রেন্ট আলেকজান্ডার-আর্নল্ড, লুইস হল, জ্যারেল কোয়ানসা, জেড স্পেন্স, বেন হোয়াইট

মিডফিল্ডার: জুড বেলিংহ্যাম, জুব বেলিংহ্যাম, জশ কিং, জেমস গার্নার, এলিয়ট অ্যান্ডারসন, এবেরেচি এজে, মাইলস লুইস-স্কেলি, ডেকলান রাইস

আরও পড়ুন: রোনালদোর অবসরে নিজের দায় দেখছেন না পর্তুগাল কোচ

ফরোয়ার্ড: হ্যারি কেইন, মরগান গিবস-হোয়াইট, ডমিনিক ক্যালভার্ট-লেউইন, অ্যান্থনি গর্ডন, রিও এনগুমোহা, মরগান রজার্স

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নোয়াখালী-চট্টগ্রাম-সিলেট দখলের উসকানি বিজেপি এমপির

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শনিবার, ৭ই নভেম্বর, ২০২৬ ইং

০৩:১৪ এম


নোয়াখালী-চট্টগ্রাম-সিলেট দখলের উসকানি বিজেপি এমপির

ভারতের ক্ষমতাসীন দল বিজেপির লোকসভা সদস্য নিশিকান্ত দুবে পাকিস্তাননিয়ন্ত্রিত কাশ্মীরের পাশাপাশি বাংলাদেশের নোয়াখালী, সিলেট ও চট্টগ্রাম বন্দরকে নিজেদের দখলে নেওয়ার খোলাখুলি উসকানি দিয়েছেন। তিনি স্বাধীন-সার্বভৌম বাংলাদেশের এই অঞ্চলগুলোকে ভারতের অংশে পরিণত বা ‘পুনরুদ্ধার’ করার দাবি তুলে চরম বিতর্ক সৃষ্টি করেছেন।

শুক্রবার (৬ নভেম্বর) ভারতের বার্তা সংস্থা এএনআইকে দেওয়া এক সাক্ষাৎকারে ঝাড়খন্ড রাজ্যের গোড্ডা আসন থেকে নির্বাচিত এই এমপি বিতর্কিত উসকানি দেন। উল্লেখ্য, গোড্ডাতে আদানির তাপবিদ্যুৎ কেন্দ্রটি অবস্থিত, যেখান থেকে উৎপাদিত বিদ্যুৎ বাংলাদেশে সরবরাহ করা হয়।

দেশভাগের সময়কার ইতিহাসের ভুল ব্যাখ্যা করে ভারতের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুর তীব্র সমালোচনা করেন নিশিকান্ত। তিনি দাবি করেন, নোয়াখালী, সিলেট ও চট্টগ্রাম তৎকালীন ত্রিপুরা রাজ্যের অন্তর্গত ছিল। কিন্তু নেহরুর ভুল নীতির কারণে তা জোর করে পাকিস্তানের কাছে হস্তান্তর করা হয়।

নোয়াখালী দাঙ্গার প্রসঙ্গ টেনে নিশিকান্ত অভিযোগ করেন, নেহরু পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হয়েছিলেন। তিনি বলেন, চট্টগ্রাম বন্দর ভারতের হাতে না থাকায় উত্তর-পূর্ব ভারতের অনগ্রসরতার জন্য এটি দায়ী। তিনি উল্লেখ করেন, ‘আজ উত্তর-পূর্বাঞ্চল যে পিছিয়ে রয়েছে এবং সেখানকার খনিজ সম্পদ সদ্ব্যবহার করা যাচ্ছে না, তার একমাত্র কারণ চট্টগ্রাম বন্দর হাতে না থাকা। তাই সময় এসেছে নোয়াখালী, সিলেট ও চট্টগ্রাম পুনরুদ্ধারের।’

এছাড়া সিলেটে গণভোট পরিচালনাকারী বাহারুল ইসলামকে ‘মুসলিম লীগ রেড আর্মি’র সদস্য দাবি করে নিশিকান্ত বলেন, পরবর্তীতে কংগ্রেস তাকে হাইকোর্ট ও সুপ্রিম কোর্টের বিচারপতি বানিয়েছিল।

বিজেপি এমপির এই ভূখণ্ড দখলের দাবির সমর্থন জানিয়েছেন ত্রিপুরার রাজপরিবারের বংশধর ও ‘তিপ্রা মথা’ দলের প্রতিষ্ঠাতা প্রদ্যোৎ বিক্রম মাণিক্য দেববর্মা। সামাজিক যোগাযোগমাধ্যম ‘এক্স’-এ তিনি লেখেন, দেশভাগের সময় ত্রিপুরার একটি বিশাল অংশ হস্তান্তর করা ঐতিহাসিক ভুল ছিল। চট্টগ্রাম বন্দর থাকলে আজ ‘চিকেনস নেক’ (শিলিগুড়ি করিডোর) নিয়ে ভারতকে দুশ্চিন্তা করতে হতো না।

নানা উসকানিমূলক ও বিতর্কিত মন্তব্যের জন্য নিশিকান্ত দুবে আগেও সংবাদের শিরোনাম হয়েছেন। এর আগে তিনি পশ্চিমবঙ্গের মালদহ ও মুর্শিদাবাদ এবং বিহারের কাটিহার ও কিষানগঞ্জ নিয়ে পৃথক কেন্দ্রশাসিত অঞ্চল গঠনের দাবি তুলেছিলেন। এ ছাড়া তৃণমূলের সাবেক এমপি মহুয়া মৈত্রের বিরুদ্ধে অর্থ নিয়ে সংসদে প্রশ্ন করার অভিযোগকারীও ছিলেন এই বিজেপি নেতা। বাংলাদেশের অবিচ্ছেদ্য ভূখণ্ড নিয়ে তাঁর এই সাম্প্রতিক মন্তব্যে কূটনৈতিক ও রাজনৈতিক মহলে চরম প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বাণিজ্যিক ব্যাংকগুলোকে ৬০ হাজার কোটি টাকার বিশেষ অর্থায়নের নির্দেশনা

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

শনিবার, ৭ই নভেম্বর, ২০২৬ ইং

০৩:১৫ এম


বাণিজ্যিক ব্যাংকগুলোকে ৬০ হাজার কোটি টাকার বিশেষ অর্থায়নের নির্দেশনা

বাংলাদেশ ব্যাংক কর্তৃক ঘোষিত ৬০ হাজার কোটি টাকার বিশেষ অর্থায়নের পরিকল্পনা গ্রহণ করেছে সরকার, যা দেশে নতুন কর্মসংস্থান সৃষ্টি, বন্ধ কলকারখানা পুনরুজ্জীবিত করা এবং সামগ্রিক অর্থনৈতিক কর্মকাণ্ডে গতিশীলতা আনতে সহায়ক হবে। এই প্যাকেজের সুবিধা প্রকৃত উদ্যোক্তাদের দ্রুত পৌঁছানোর জন্য বাণিজ্যিক ব্যাংকগুলোকে নির্দেশনা প্রদান করেছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর মো. মোস্তাকুর রহমান।

শুক্রবার (৬ নভেম্বর) বিকেলে সিলেট অফিসের সম্মেলন কক্ষে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে তিনি এই নির্দেশনা দেন।

গভর্নরের উপস্থিতিতে সিলেটের স্থানীয় বাণিজ্যিক ব্যাংকসমূহের আঞ্চলিক প্রধান, আর্থিক প্রতিষ্ঠানের কর্মকর্তা, সিলেট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির নেতৃবৃন্দ, নারী উদ্যোক্তা এবং কুটির, ক্ষুদ্র ও মাঝারি শিল্পের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। গভর্নর এই অর্থায়ন প্যাকেজের মাঠপর্যায়ের চ্যালেঞ্জ ও সম্ভাবনা নিয়ে বিস্তারিত আলোচনা করেন।

গভর্নর মোস্তাকুর রহমান বলেন, "বর্তমানে ব্যাংক ঋণের ১২ থেকে ১৪ শতাংশ সাধারণ সুদের হার ব্যবসা পরিচালনার জন্য একটি বড় চাপ।" তিনি আরও বলেন, এই চাপ থেকে উদ্যোক্তাদের স্বস্তি দিতে এবং থমকে যাওয়া শিল্প খাতকে পুনরুজ্জীবিত করতে ৪ থেকে ৮ শতাংশের মতো বিশেষ কম সুদে এই প্রণোদনা প্যাকেজের আওতায় ঋণ সরবরাহ করা হচ্ছে।

তিনি উল্লেখ করেন, এই বৃহৎ প্যাকেজের ১৯ হাজার কোটি টাকা বাংলাদেশ ব্যাংকের নিজস্ব তহবিল থেকে এবং বাকি ৪১ হাজার কোটি টাকা বাণিজ্যিক ব্যাংকগুলোর উদ্বৃত্ত তারল্য থেকে দেওয়া হচ্ছে।

গভর্নর সিলেট অঞ্চলের বন্ধ থাকা উৎপাদনমুখী শিল্প ও সেবা খাতকে পুনরায় সচল করার ওপর জোর দিয়ে বলেন, এই প্যাকেজের সবচেয়ে বড় অংশ, ২০ হাজার কোটি টাকা বন্ধ শিল্প পুনর্গঠনে ব্যয় করা হবে। এ ছাড়া কৃষি ও পল্লী অর্থনীতি চাঙ্গা করতে ১০ হাজার কোটি টাকা এবং বেকার যুবকদের উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে এক হাজার কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে।

তরুণদের জন্য কেন্দ্রীয় ব্যাংকের নতুন উদ্যোগের কথা উল্লেখ করে গভর্নর বলেন, "বেকার যুবসমাজকে দেশের মূল অর্থনৈতিক ধারায় যুক্ত করতে চলতি নভেম্বর মাস থেকেই ‘উদ্যোগ’ নামের একটি প্রকল্প শুরু হয়েছে।" এর আওতায় দেশের প্রতিটি উপজেলা থেকে ১০ জন করে পাঁচ হাজার তরুণকে বাছাই করে নতুন উদ্যোক্তা হিসেবে গড়ে তোলা হবে। তিনি জানান, এই প্রক্রিয়ায় ব্যাংক বা আমলাতান্ত্রিক কোনো হস্তক্ষেপ থাকবে না।

প্রান্তিক ও ক্ষুদ্র খামারিদের ঋণ প্রাপ্তি সহজ করার বিষয়ে গভর্নর জানান, ১০ হাজার কোটি টাকার কৃষি পুনঃঅর্থায়ন স্কিমের আওতায় কৃষকরা এখন প্রথাগত জমির পরিবর্তে বিকল্প জামানত ব্যবহার করে সহজেই ঋণ সুবিধা পাবেন।

বাংলাদেশ ব্যাংক সিলেটের নির্বাহী পরিচালক খালেদ আহমদের সভাপতিত্বে সভার শুরুতে প্রেজেন্টেশন উপস্থাপন করেন বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ের ব্যাংকিং রেগুলেশন পলিসি ডিপার্টমেন্টের অতিরিক্ত পরিচালক সালাউদ্দিন তাপাদার। আলোচনায় অংশ নেন বাংলাদেশ ব্যাংকের পরিচালক নওশাদ মোস্তাফা ও আব্দুস সালাম মাহমুদসহ আরও অনেকে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

তানজিন তিশার সদস্যপদ অনির্দিষ্টকালের জন্য স্থগিত করেছে অভিনয়শিল্পী সংঘ বাংলাদেশ

আন্তর্জাতিক ডেস্ক

বিনোদন ডেস্ক

শনিবার, ৭ই নভেম্বর, ২০২৬ ইং

০৩:১৫ এম


তানজিন তিশার সদস্যপদ অনির্দিষ্টকালের জন্য স্থগিত করেছে অভিনয়শিল্পী সংঘ বাংলাদেশ

অভিনয়শিল্পী সংঘ বাংলাদেশ, অভিনেত্রী তানজিন তিশার সদস্যপদ অনির্দিষ্টকালের জন্য স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছে। এই সিদ্ধান্তের বিষয়টি আনুষ্ঠানিক চিঠির মাধ্যমে অভিনেত্রীকে জানানো হয়েছে সংগঠনের পক্ষ থেকে।

শুক্রবার (৬ নভেম্বর) রাতে সংগঠনটি তাদের ফেসবুক পেজে প্রকাশিত একটি চিঠির মাধ্যমে সদস্যপদ স্থগিতের বিষয়টি জানায়।

তবে, তিশাকে পাঠানো চিঠির তারিখ ছিল ৪ অক্টোবর। এই চিঠিতে স্বাক্ষর করেছেন অভিনয়শিল্পী সংঘ বাংলাদেশের সাধারণ সম্পাদক রাশেদ মামুন অপু এবং সাংগঠনিক সম্পাদক মাসুদ রানা মিঠু।

চিঠিতে উল্লেখ করা হয়েছে, গত ৭ জুলাই তানজিন তিশাকে সদস্যপদ স্থগিতের জন্য কারণ দর্শানোর নোটিশ পাঠানো হয়েছিল। কিন্তু, অভিনেত্রী নির্ধারিত সময়ের মধ্যে ওই নোটিশের কোনো লিখিত জবাব সংগঠনের কার্যালয়ে জমা দেননি।

সংগঠনের চিঠিতে আরও উল্লেখ করা হয়েছে, বিষয়টি নিয়ে সালিশ ও বিরোধ নিষ্পত্তি বৈঠকে আলোচনা করা হয়েছে। সেখানে নেওয়া সিদ্ধান্তের ভিত্তিতে, অভিনয়শিল্পী সংঘ বাংলাদেশের কার্যনির্বাহী পরিষদের নিয়মিত সভায় তিশার সদস্যপদ অনির্দিষ্টকালের জন্য স্থগিত করার সিদ্ধান্ত গৃহীত হয়। এর পর আনুষ্ঠানিকভাবে অভিনেত্রীকে বিষয়টি অবহিত করা হয়েছে সংগঠনটির পক্ষ থেকে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বরগুনার আমতলীতে বিএনপির মনোনয়নপ্রত্যাশীর পথসভায় ‘জয় বাংলা’ স্লোগান

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

শনিবার, ৭ই নভেম্বর, ২০২৬ ইং

০৩:১৬ এম


বরগুনার আমতলীতে বিএনপির মনোনয়নপ্রত্যাশীর পথসভায় ‘জয় বাংলা’ স্লোগান

বরগুনার আমতলীতে হলদিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিএনপির চেয়ারম্যান পদে মনোনয়নপ্রত্যাশী মো. জহিরুল ইসলাম লিমন হাওলাদারের পথসভায় বক্তব্য রাখতে গিয়ে ‘জয় বাংলা’ স্লোগান দেন এনামুল তালুকদার ও হাবিব হাওলাদার নামের দুই ব্যক্তি। তাঁদের স্লোগান দেওয়ার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার পর এলাকায় ব্যাপক আলোচনা ও সমালোচনার সৃষ্টি হয়েছে।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) রাতে হলদিয়া ইউনিয়নের চরচিলা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এই পথসভা অনুষ্ঠিত হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিএনপির দলীয় মনোনয়ন পাওয়ার প্রত্যাশায় প্রচারণার অংশ হিসেবে এই পথসভার আয়োজন করেন জহিরুল ইসলাম লিমন হাওলাদার। সভায় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। এসময় এনামুল তালুকদার ও হাবিব হাওলাদার বক্তব্য দিতে গিয়ে ‘জয় বাংলা’ স্লোগান দেন। পরে তারা বিএনপি ও দলের চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে স্লোগান দিয়ে বক্তব্য শেষ করেন।

তাদের স্লোগানে সভায় উপস্থিত নেতাকর্মী ও সাধারণ মানুষের মধ্যে বিস্ময়ের সৃষ্টি হয়। প্রত্যক্ষদর্শীদের দাবি, এসময় কয়েকজন নেতাকর্মী তাদের বক্তব্য থামানোর চেষ্টা করেন। ঘটনার পর সভা থেকে কয়েকজন নেতাকর্মী চলে যান বলেও জানা গেছে।

এ ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে বিভিন্ন প্রতিক্রিয়া দেখা দেয়। কেউ কেউ ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের পাশাপাশি তাদের পৃষ্ঠপোষকদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার দাবি জানান।

তবে এসব অভিযোগ অস্বীকার করে জহিরুল ইসলাম লিমন হাওলাদার বলেন, "গ্রামের মানুষ না বুঝে ‘জয় বাংলা’ বলে ফেলেছে। তারা আওয়ামী লীগও করে না, বিএনপিও করে না।"

আমতলী উপজেলা বিএনপির সাবেক সভাপতি মো. জালাল উদ্দিন ফকির বলেন, "বিষয়টি আমি জানি না। খোঁজখবর নিয়ে ব্যবস্থা নেওয়া হবে।"

আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইয়াকুব হোসাইন জানান, "এ বিষয়ে কেউ অভিযোগ করেনি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।"

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২৬শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫০
জোহর ১১:৪৩
আসর ০৩:৪০
মাগরিব ০৫:১৬
ইশা ০৬:২৯
সূর্যোদয় : ০৬:০৮ সূর্যাস্ত : ০৫:১৬
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%