ঢাকা মঙ্গলবার, ২৪শে নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৯ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ১৩ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
মঙ্গলবার, ২৪শে নভেম্বর, ২০২৬ইং ০৯ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

গাজীপুরে শ্রমিকদের সড়ক অবরোধ, পুলিশের টিয়ার শেল নিক্ষেপ


গাজীপুরে শ্রমিকদের সড়ক অবরোধ, পুলিশের টিয়ার শেল নিক্ষেপ

গাজীপুর মহানগরীর কোনাবাড়ি এলাকায় শ্রমিকরা লাঠিসোঁটা হাতে সড়ক অবরোধ করে। শ্রমিক মৃত্যুর গুজবের কারণে এই অবরোধ ঘটে। পুলিশ তাদের ছত্রভঙ্গ করতে সাউন্ড গ্রেনেড ও টিয়ার শেল নিক্ষেপ করে। বর্তমানে ওই এলাকায় থমথমে পরিবেশ বিরাজ করছে।

মঙ্গলবার (২৪ নভেম্বর) সকালে মহানগরীর ইসলাম ও রিপন গার্মেন্টসে এক শ্রমিকের মৃত্যুর গুজব ছড়িয়ে পড়ে। এরপর শ্রমিকরা কাজে যোগ না দিয়ে আন্দোলন শুরু করেন। এর ফলে ওই গার্মেন্টসসহ আশপাশের বেশ কয়েকটি কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করা হয়।

পুলিশ ও শ্রমিক সূত্রে জানা যায়, শ্রমিকের মৃত্যুর গুজবে মঙ্গলবার সকালে লাঠিসোঁটা হাতে আঞ্চলিক সড়ক অবরোধ করেন শ্রমিকরা। পুলিশ তাদের বোঝানোর চেষ্টা করলে তারা উত্তেজিত হয়ে পড়েন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সকাল পৌনে ১০টার দিকে পুলিশ টিয়ার শেল ও সাউন্ড গ্রেনেড ছুড়ে তাদের ছত্রভঙ্গ করে দেয়। বর্তমানে ওই এলাকায় থমথমে পরিবেশ বিরাজ করছে।

আরও পড়ুন: কক্সবাজারের পর্যটনে নতুন সংযোজন আধুনিক রিভার ক্রুজ উদ্বোধন

কোনাবাড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইফতেখার হোসেন বলেন, শ্রমিকরা সড়ক অবরোধের চেষ্টা করেন। পরে তাদের ছত্রভঙ্গ করে দেওয়া হয়েছে।

এদিকে বেতন বাড়ানোর দাবিতে গাজীপুর সদর উপজেলার ভবানীপুর ও বাঘের বাজারের নতুন বাজার এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেন শিল্প-কারখানার শ্রমিকরা। মঙ্গলবার (২৪ নভেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে শ্রমিকরা মহাসড়কের দুটি স্থানে অবরোধ করে বেতন বাড়ানোর দাবি জানান।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রাশিয়া মহাকাশে পারমাণবিক অস্ত্র উৎক্ষেপণের পরিকল্পনা করছে কি?

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

মঙ্গলবার, ২৪শে নভেম্বর, ২০২৬ ইং

০১:২২ পি.এম


রাশিয়া মহাকাশে পারমাণবিক অস্ত্র উৎক্ষেপণের পরিকল্পনা করছে কি?

পশ্চিমা গোয়েন্দা সংস্থাগুলো রাশিয়ার মহাকাশে পারমাণবিক অস্ত্রবাহী স্যাটেলাইট পাঠানোর প্রস্তুতির বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছে। জার্মানির সামরিক বাহিনী ও ফেডারেল গোয়েন্দা সংস্থার তথ্যের ভিত্তিতে দেশটির সংবাদমাধ্যমের একটি অনুসন্ধানী প্রতিবেদনে জানানো হয়েছে, মস্কো চলতি বছরের ডিসেম্বরের মধ্যে ‘স্পুটনিক-এস’ নামের একটি স্যাটেলাইট পৃথিবীর কক্ষপথে স্থাপন করতে পারে। রাশিয়া এই অভিযোগকে অস্বীকার করে একে অপপ্রচার বলে অভিহিত করেছে।

সোমবার (২৩ নভেম্বর) জার্মানির সম্প্রচারমাধ্যম এনডিআর ও ডব্লিউডিআর এবং সংবাদপত্র জুডডয়েচে সাইটুংয়ের যৌথ অনুসন্ধানী প্রতিবেদনে এসব তথ্য প্রকাশিত হয়েছে। পরবর্তীতে সংবাদমাধ্যম দ্য ইন্ডিপেন্ডেন্টও এ বিষয়ে প্রতিবেদন প্রকাশ করেছে।

প্রতিবেদন অনুযায়ী, জার্মান সামরিক বাহিনী এবং ফেডারেল গোয়েন্দা সংস্থা (বিএনডি) ন্যাটোর কয়েকটি সদস্য দেশকে রাশিয়ার সম্ভাব্য এই পরিকল্পনা সম্পর্কে সতর্ক করেছে। পশ্চিমা গোয়েন্দা সংস্থাগুলোর মধ্যে আদান-প্রদান হওয়া তথ্যে উল্লেখ করা হয়েছে, ‘স্পুটনিক-এস’ নামের স্যাটেলাইটটি কয়েক বছর আগে তৈরি করা হয়েছিল এবং বর্তমানে এটি মস্কো অঞ্চলে সংরক্ষিত রয়েছে। নভেম্বরের শুরুতে পাওয়া গোয়েন্দা তথ্যে আগামী ৬০ দিনের মধ্যে স্যাটেলাইটটি উৎক্ষেপণের আশঙ্কা প্রকাশ করা হয়েছে। জার্মান সামরিক কর্মকর্তাদের মূল্যায়ন অনুযায়ী, ডিসেম্বরেই এটি উৎক্ষেপণ হওয়ার সম্ভাবনা রয়েছে।

এ ধরনের অস্ত্র যদি পৃথিবীর নিম্ন কক্ষপথে বিস্ফোরিত হয়, তবে সামরিক ও বেসামরিক—উভয় ধরনের অবকাঠামোর ওপর ব্যাপক প্রভাব পড়তে পারে। এতে কক্ষপথে থাকা হাজারো স্যাটেলাইট ক্ষতিগ্রস্ত বা অকার্যকর হয়ে যেতে পারে। এর ফলে যোগাযোগ, নেভিগেশন, আবহাওয়ার পূর্বাভাস, বৈজ্ঞানিক গবেষণা এবং জাতীয় নিরাপত্তাসংক্রান্ত বিভিন্ন সেবা ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে।

জার্মানির সাইবার অ্যান্ড ইনফরমেশন স্পেস কমান্ডের (সিআইআর) মেজর জেনারেল আর্মিন ফ্লেইশম্যান বলেছেন, এ ধরনের হুমকি মোকাবিলায় জার্মানি ‘কাউন্টারস্পেস সক্ষমতা’ গড়ে তোলার কথা বিবেচনা করতে পারে। এর মাধ্যমে মহাকাশে থাকা সম্ভাব্য হুমকি নিষ্ক্রিয় করার সক্ষমতা তৈরি করা সম্ভব হবে।

যুক্তরাষ্ট্রের মধ্যেও একই ধরনের উদ্বেগ দেখা দিয়েছে। গত অক্টোবরে দেশটির প্রতিরক্ষা গোয়েন্দা সংস্থা (ডিআইএ) এক মূল্যায়নে জানায়, রাশিয়া পারমাণবিক অস্ত্র বহনে সক্ষম একটি স্যাটেলাইট তৈরির কাজ করছে। সংস্থাটির প্রতিবেদনে সতর্ক করা হয়েছে, মহাকাশভিত্তিক এ ধরনের সক্ষমতা ব্যবহার করা হলে বিশ্বের বিভিন্ন দেশ ও প্রতিষ্ঠানের পরিচালিত হাজারো স্যাটেলাইট দ্রুত ক্ষতিগ্রস্ত বা অকার্যকর হয়ে যেতে পারে। এতে স্যাটেলাইটনির্ভর গুরুত্বপূর্ণ যোগাযোগ, নেভিগেশন, আবহাওয়া, বাণিজ্যিক ও জাতীয় নিরাপত্তাসেবা ব্যাহত হওয়ার ঝুঁকি রয়েছে।

যুক্তরাষ্ট্রের স্পেস কমান্ডের প্রধান জেনারেল স্টিফেন এন হোয়াইটিংও গত মার্চে সিনেটের সশস্ত্র বাহিনী বিষয়ক কমিটির শুনানিতে বলেন, রাশিয়ার কাছে মহাকাশভিত্তিক সম্পদ অকার্যকর করে দেওয়ার মতো সক্ষমতা রয়েছে। এর মধ্যে কক্ষপথে পারমাণবিক অস্ত্র স্থাপনের সম্ভাবনাও রয়েছে। তিনি উল্লেখ করেন, মহাকাশে সশস্ত্র সংঘাত অনিবার্য নয়। তবে প্রতিরোধব্যবস্থা ব্যর্থ হলে সম্মিলিত মহাকাশ সক্ষমতা যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের কৌশলগত সুবিধা দেবে।

গত এপ্রিলে যুক্তরাষ্ট্রের স্পেস কমান্ডের প্রধান দ্য টাইমসকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন, মহাকাশে পারমাণবিক অস্ত্রবাহী অ্যান্টি-স্যাটেলাইট বা এএসএটি অস্ত্র স্থাপন ১৯৬৭ সালের মহাকাশ চুক্তির লঙ্ঘন হবে। একই সঙ্গে এতে পৃথিবীর নিম্ন কক্ষপথে থাকা সব দেশের স্যাটেলাইট ঝুঁকির মুখে পড়বে। তাঁর ভাষ্য অনুযায়ী, ওই কক্ষপথে বর্তমানে ১০ হাজারের বেশি স্যাটেলাইট রয়েছে। এর মধ্যে স্টারলিংকের মতো বড় স্যাটেলাইট নেটওয়ার্কও রয়েছে।

ইউক্রেনের সঙ্গে রাশিয়ার যুদ্ধে কিয়েভের সামরিক বাহিনী ব্যাপকভাবে স্টারলিংক স্যাটেলাইট নেটওয়ার্কের ওপর নির্ভর করেছে। এই নেটওয়ার্কের স্যাটেলাইট থেকে ভূমিতে থাকা ব্যবহারকারীদের টার্মিনালে ব্রডব্যান্ড ইন্টারনেট সেবা পৌঁছে দেওয়া হয়। ফলে মহাকাশে পারমাণবিক বিস্ফোরণ ঘটলে এ ধরনের যোগাযোগব্যবস্থাও বড় ধরনের ঝুঁকিতে পড়তে পারে।

এদিকে রাশিয়ার দূতাবাস অভিযোগগুলো প্রত্যাখ্যান করেছে। দূতাবাসের পক্ষ থেকে বলা হয়েছে, রাশিয়ার মহাকাশ কার্যক্রম নিয়ে ওঠা সব অভিযোগ ভিত্তিহীন এবং এগুলো অপপ্রচারের অংশ। দেশটির মহাকাশ কার্যক্রম আন্তর্জাতিক বাধ্যবাধকতা মেনেই পরিচালিত হচ্ছে এবং এর উদ্দেশ্য শান্তিপূর্ণ।

১৯৬৭ সালের মহাকাশ চুক্তি অনুযায়ী, পৃথিবীর কক্ষপথে পারমাণবিক অস্ত্র বা অন্য কোনো গণবিধ্বংসী অস্ত্র স্থাপন নিষিদ্ধ। ফলে রাশিয়ার বিরুদ্ধে ওঠা অভিযোগ সত্য প্রমাণিত হলে তা আন্তর্জাতিক চুক্তির লঙ্ঘন হবে। তবে স্যাটেলাইটটির অস্তিত্ব, এতে পারমাণবিক ওয়ারহেড থাকার বিষয়টি কিংবা উৎক্ষেপণের পরিকল্পনা এখনো স্বাধীনভাবে নিশ্চিত করা যায়নি। তথ্যসূত্র: দ্য ইন্ডিপেন্ডেন্ট, রয়টার্স

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বন্যার এক বছর পরও সুমাত্রার মানুষের আক্ষেপ, ‘আমাদের কেউ খোঁজ নেয় না’

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

মঙ্গলবার, ২৪শে নভেম্বর, ২০২৬ ইং

০১:২২ পি.এম


বন্যার এক বছর পরও সুমাত্রার মানুষের আক্ষেপ, ‘আমাদের কেউ খোঁজ নেয় না’

ঢাকা, ২৪ নভেম্বর, ২০২৬ : ইন্দোনেশিয়ার পশ্চিমাঞ্চলীয় আচেহ প্রদেশের একটি কাঠের ছোট্ট ঘরে অসহনীয় গরমের মধ্যে বসে কাঁদছিলেন আসমিয়াতি।

এক বছর আগে ভয়াবহ বন্যায় তার বাড়িঘর ও জীবিকার অবলম্বন ভেসে যাওয়ার পর থেকে নিদারুণ কষ্টে দিন কাটছে ৬৩ বছর বয়সী এই নারীর।

তিনি ও তার স্বামী সরকারের প্রতিশ্রুত নতুন বাড়ির অপেক্ষায় আছেন। আপাতত আত্মীয়স্বজন ও বন্ধুদের দেওয়া কাঠ, কার্ডবোর্ড এবং ঢেউটিন দিয়ে তৈরি একটি জরাজীর্ণ ঘরে তাদের আশ্রয় নিতে হয়েছে।

সুমাত্রা দ্বীপের এমন হাজারো বাসিন্দার একজন আসমিয়াতি। বন্যায় সর্বস্ব হারানোর ১২ মাস পরেও তাদের অনেকেই নিজেদের মতো করে বেঁচে থাকার চেষ্টা করছেন। এর মধ্যে আবারও বন্যার মৌসুম শুরু হওয়ায় নতুন করে উদ্বেগ বাড়ছে।

খবর বার্তা সংস্থা এএফপি’র।

আচেহ প্রদেশের রাজধানী বান্দা আচেহ থেকে প্রায় ২০০ কিলোমিটার দূরের প্রত্যন্ত বিরেউন গ্রামের বাসিন্দা আসমিয়াতি এএফপিকে বলেন, ‘শুরুর দিকে শুধু কিছু সাহায্য পেয়েছিলাম। যেমন চাল ও রান্নার তেল। এরপর আর তেমন কোনো সহায়তা মেলেনি।’

তিনি কান্নাজড়িত কণ্ঠে বলেন, ‘আমাদের কোনো খাট নেই, ঘরটাও খুব ছোট। মন বারবার হারিয়ে যাওয়া বাড়িটির কথা মনে করে।’

এক বছর আগে উত্তর-পশ্চিম সুমাত্রার বিভিন্ন গ্রামে বন্যার পানির সঙ্গে কাদামাটি ও গাছের গুঁড়ি ভেসে এসে ব্যাপক ধ্বংসযজ্ঞ চালায়। এতে দুই লাখেরও বেশি বাড়িঘর সম্পূর্ণ ধ্বংস অথবা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়।

বন্যায় প্রায় ১ হাজার ২০০ মানুষ প্রাণ হারান এবং ২০ লাখেরও বেশি মানুষ বাস্তুচ্যুত হন।

বাড়িঘর মেরামত বা নতুন করে নির্মাণের জন্য ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে অর্থ সহায়তার প্রতিশ্রুতি দিয়েছিল সরকার। কিন্তু সরকারি হিসাব অনুযায়ী, বন্যার ১১ মাস পরও প্রতিশ্রুত অর্থ পেয়েছেন যোগ্য বিবেচিত মানুষের এক-চতুর্থাংশেরও কম।

পরিবারপ্রতি ১ কোটি ৫০ লাখ থেকে ৭ কোটি ইন্দোনেশীয় রুপিয়াহ (প্রায় ৮২০ থেকে ৩ হাজার ৮০০ মার্কিন ডলার) পর্যন্ত সহায়তা দেওয়ার কথা ছিল।

আচেহ প্রদেশে পুনর্গঠন কার্যক্রমের দায়িত্বে থাকা আঞ্চলিক সরকারি টাস্কফোর্সের প্রধান সাফরিজাল জাকারিয়া আলী এএফপিকে জানান, সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত এ প্রদেশে প্রায় ৫০ হাজার বাড়ি নির্মাণ করা প্রয়োজন। কিন্তু এখন পর্যন্ত নির্মিত হয়েছে ২ হাজারেরও কম।

কাজ নেই, বাগানও নেই

বন্যার ১১ মাস পর আসমিয়াতির পুরোনো বাড়ির জায়গায় নতুন বাড়ির জন্য শুধু ভিত্তির কিছু অংশ তৈরি করেছে সরকারি লোকজন।

আসমিয়াতি ও তার ৫৩ বছর বয়সী স্বামী হেনড্রিক গিনটিং—দুজনই নির্মাণশিল্পে কাজ করতেন। কিন্তু বন্যায় ব্যাপক ক্ষয়ক্ষতির কারণে তাদের কাজও বন্ধ হয়ে গেছে।

পরিবারের বাড়তি আয়ের উৎস ছিল আসমিয়াতির একটি বাতাবিলেবুর বাগান। বন্যার পানিতে সেটিও ভেসে গেছে। ঘরের আসবাবপত্রসহ তাঁদের সব সম্পদও হারিয়ে গেছে।

জানুয়ারি থেকে পরিবারের আরও চার সদস্যের সঙ্গে একই কাঠের ঘরে বসবাস করছেন তারা। রান্নাবান্না ও গোসলসহ দৈনন্দিন কাজ করতে হয় ঘরের বাইরে।

আসমিয়াতি বলেন, ‘সরকারের ওপর আমি খুবই হতাশ। মনে হয়, আমাদের দেখার কেউ নেই।’

বর্তমানে নারকেলের ছোবড়া দিয়ে ঝাড়ু তৈরি করে দিনে তিন ডলারেরও কম আয় করেন তিনি।

সকাল থেকে রাত পর্যন্ত কাজ করেছেন

বিরেউন থেকে গাড়িতে প্রায় পাঁচ ঘণ্টার দূরত্বে মেসিদাহ এলাকায় নিজেদের উদ্যোগেই একটি ক্ষতিগ্রস্ত সড়ক মেরামতের কাজ শুরু করেছেন গ্রামবাসী।

সড়কটি আগে ১৪টি গ্রামের সঙ্গে যোগাযোগের প্রধান মাধ্যম ছিল। বিশেষ করে ফসল কাটার মৌসুমে কৃষিপণ্য পরিবহনের জন্য এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ।

গত সেপ্টেম্বর থেকে গ্রামবাসীরা চাঁদা তুলে প্রায় ৮ কোটি ইন্দোনেশীয় রুপিয়াহ (৪ হাজার ৩০০ ডলারের বেশি) সংগ্রহ করেন। সেই অর্থ দিয়ে সিমেন্ট, পাথর, বালু ও রাস্তা সমান করার যন্ত্র কেনা হয়।

স্থানীয় বাসিন্দা সুকিরান এএফপিকে বলেন, ‘প্রায় ৭০০ মানুষ এই কাজে অংশ নিয়েছেন। সকাল থেকে রাত পর্যন্ত তাঁরা কাজ করে গেছেন।’

তবে আপাতত মেরামত করা সড়ক দিয়ে শুধু মোটরসাইকেল চলাচল করতে পারছে, গাড়ি নয়।

সুকিরান বলেন, ‘আমরা ভেঙে পড়তে বা হাত গুটিয়ে বসে থাকতে রাজি নই। আমরা একে অপরকে সাহায্য করি।’

একই গ্রামের বাসিন্দারা বন্যায় ভেসে যাওয়া কংক্রিটের সেতুর পরিবর্তে বাঁশ দিয়ে অস্থায়ী একটি সেতুও তৈরি করেছিলেন। সেটি দিয়ে মানুষ ও মোটরসাইকেল চলাচল করত।

সরকার নতুন সেতু নির্মাণের আগপর্যন্ত টানা আট মাস সেটি ব্যবহার করেছেন গ্রামবাসীরা।

সুকিরান বলেন, ‘আমাদের এলাকা বিচ্ছিন্ন হয়ে পড়েছিল। কেউ আমাদের খোঁজ নেয়নি। তাই আমরা নিজেরাই যা সম্ভব, তা করার উদ্যোগ নিয়েছি। কারও জন্য অপেক্ষা করিনি।’

পুনর্বাসন নিয়ে অসন্তোষ বাড়ছে

ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তা সরকার সুমাত্রার তিনটি প্রদেশে বন্যা-পরবর্তী পুনর্বাসন ও পুনর্গঠনের জন্য তিন বছর মেয়াদি ১০০ ট্রিলিয়ন রুপিয়াহর বেশি (প্রায় ৫৫০ কোটি মার্কিন ডলার) বাজেট বরাদ্দ করেছে।

চলতি মাসে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে গিয়ে প্রেসিডেন্ট প্রবোও সুবিয়ান্তো বলেন, ‘সবকিছু ঠিকঠাক করতে আমরা কঠোর পরিশ্রম করছি। সৃষ্টিকর্তার কৃপায় গত কয়েক মাসে আচেহ, পশ্চিম সুমাত্রা ও উত্তর সুমাত্রার অনেক এলাকা ইতোমধ্যে স্বাভাবিক অবস্থায় ফিরেছে।’

তবে স্থানীয় বাসিন্দা ও সমালোচকদের অভিযোগ, সরকারি সহায়তা পৌঁছাতে অনেক দেরি হচ্ছে।

দুর্যোগ মোকাবিলায় কাজ করা আচেহ-সুমাত্রা নাগরিক সমাজ জোটের মুখপাত্র আলফিয়ান এএফপিকে বলেন, সরকারের উচিত নদীর তলদেশে জমে থাকা পলি অপসারণ এবং নদীর বাঁধ মেরামতের দিকে বেশি গুরুত্ব দেওয়া। তার ভাষায়, ‘যাতে বারবার এ ধরনের দুর্যোগ না ঘটে, সে ব্যবস্থা নিতে হবে।’

পুনর্গঠন টাস্কফোর্সের প্রধান সাফরিজাল বলেন, পুনর্গঠনের কাজটি অত্যন্ত বড় চ্যালেঞ্জ। কারণ, হাজার হাজার বাড়িঘরের পাশাপাশি শত শত সেতু ও সড়ক ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়েছে।

তিনি আরও বলেন, বন্যার ঝুঁকি নেই—এমন নিরাপদ এলাকায় নতুন বাড়ি নির্মাণের জন্য উপযুক্ত জমি খুঁজে পাওয়াও সহজ হচ্ছে না।

বান্দা আচেহতে এএফপিকে তিনি বলেন, সরকার যত দ্রুত সম্ভব কাজ করছে। তবে ‘জনগণকে বুঝতে হবে, এ কাজ ধাপে ধাপে সম্পন্ন করতে হবে।’

নতুন বন্যার আশঙ্কায় আতঙ্কিত বাসিন্দারা

এল নিনোর প্রভাবে দীর্ঘদিনের খরা শেষে আবারও বর্ষাকাল ফিরে আসছে। ফলে নতুন করে বন্যার আশঙ্কা বাড়ছে সুমাত্রার মানুষের মধ্যে।

গত বছরের বন্যায় ক্ষতিগ্রস্ত মেসিদাহ এলাকার বাসিন্দা আরসান আরবেন এএফপিকে বলেন, ‘যখনই বৃষ্টি শুরু হয়, আমার মনে এক ধরনের অস্বস্তি তৈরি হয়। এমনকি ঘরের ভেতরেও আমরা ভয় পাই।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কলম্বিয়ায় গাড়িবোমা হামলায় গভর্নরের কার্যালয়সহ একাধিক ভবন ধ্বংস

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

মঙ্গলবার, ২৪শে নভেম্বর, ২০২৬ ইং

০১:২৩ পি.এম


কলম্বিয়ায় গাড়িবোমা হামলায় গভর্নরের কার্যালয়সহ একাধিক ভবন ধ্বংস

ঢাকা, ২৪ নভেম্বর, ২০২৬ : কলম্বিয়ার মধ্যাঞ্চলীয় শহর ভিয়াভিসেনসিওতে সোমবার একটি গাড়িবোমা বিস্ফোরণের ফলে মেটা প্রদেশের গভর্নরের কার্যালয়সহ আশপাশের বেশ কিছু ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। এ বিষয়ে তথ্য প্রদান করেছেন দেশটির প্রেসিডেন্ট আবেলার্দো দে লা এসপ্রিয়েলা।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে তিনি উল্লেখ করেন, ‘মেটা প্রদেশের গভর্নরের কার্যালয়ে এইমাত্র বোমা হামলা চালানো হয়েছে।’

এএফপি সংবাদ সংস্থার প্রতিবেদনে বলা হয়েছে, বিস্ফোরণের পর আশপাশের এলাকায় বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি হয়েছে। ধ্বংসাবশেষ, ইট-পাথর ও অন্যান্য ধ্বংসস্তূপ ছড়িয়ে-ছিটিয়ে রয়েছে। বিস্ফোরণের ফলে সেখানে একটি বড় গর্তও তৈরি হয়েছে। আতঙ্কিত স্থানীয় বাসিন্দারা রাস্তায় বিভিন্ন স্থানে আশ্রয় নিয়েছেন।

প্রেসিডেন্ট দে লা এসপ্রিয়েলা এক্সে আরেকটি পোস্টে জানান, বিস্ফোরণের ফলে এখনও পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। তিনি এ হামলার জন্য মাদক পাচারকারীদের দায়ী করেন।

তিনি লেখেন, ‘মাদক-সন্ত্রাসীরা মরিয়া হয়ে উঠেছে, কারণ আমরা তাদের বিরুদ্ধে কঠোরভাবে ব্যবস্থা নিচ্ছি। তাদের উদ্দেশ্য আমাদের ভয় দেখিয়ে পিছু হটানো, যাতে তারা আবারও লোকদেখানো শান্তি আলোচনার সুযোগ নিতে পারে।’

ডানপন্থি প্রেসিডেন্ট দে লা এসপ্রিয়েলা দেশটির মাদক ব্যবসার বিরুদ্ধে ব্যাপক অভিযান চালিয়ে যাচ্ছেন। অন্যদিকে, বামপন্থি সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী ফার্কের বিদ্রোহীরা গত দুই বছরে গাড়িবোমা হামলা, অপহরণ ও ড্রোন হামলার ঘটনা বাড়িয়েছে।

যুক্তরাষ্ট্রের সমর্থনপুষ্ট প্রেসিডেন্ট দে লা এসপ্রিয়েলা অতীতের শান্তি আলোচনা নিয়ে সমালোচনা করেছেন। তার বক্তব্য, শান্তিচুক্তি মেনে চলতে ব্যর্থ ফার্কের বিচ্ছিন্ন গোষ্ঠীগুলো এখনো সক্রিয় রয়েছে এবং তাদের পরিণতি ভোগ করতে হবে।

বিশ্বের সবচেয়ে বেশি কোকেন উৎপাদনকারী দেশ হিসেবে পরিচিত কলম্বিয়া।

এদিকে, গত এক দশকের মধ্যে সবচেয়ে ভয়াবহ অপরাধপ্রবণ সহিংসতার প্রেক্ষাপটে চলতি মাসের শুরুতে যুক্তরাষ্ট্রের একজন শীর্ষ সামরিক কর্মকর্তা বোগোতায় সফর করেন। গেরিলা ও বিদ্রোহী গোষ্ঠীগুলোর মাদক পাচার বন্ধে সহযোগিতা বাড়ানোর বিষয়ে আলোচনা করেছেন বলে একটি সামরিক সূত্র জানিয়েছে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

আইএমএফের ৪২৫ মিলিয়ন ডলারের অর্থনৈতিক কর্মসূচির অনুমোদন গিনির জন্য

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

মঙ্গলবার, ২৪শে নভেম্বর, ২০২৬ ইং

০১:২৩ পি.এম


আইএমএফের ৪২৫ মিলিয়ন ডলারের অর্থনৈতিক কর্মসূচির অনুমোদন গিনির জন্য

ঢাকা, ২৪ নভেম্বর, ২০২৬ : আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) আফ্রিকার দেশ গিনির জন্য ৪২৫ মিলিয়ন মার্কিন ডলারের একটি অর্থনৈতিক ও আর্থিক কর্মসূচি অনুমোদন করেছে। এই কর্মসূচি আগামী তিন বছরের জন্য গিনির অর্থনৈতিক সংস্কার এবং সরকারি অর্থ ব্যবস্থাপনা শক্তিশালী করার লক্ষ্যে নেওয়া হয়েছে। সোমবার সরকারের পক্ষ থেকে এ অনুমোদনের বিষয়টি জানানো হয়েছে।

খবর বার্তা সংস্থা এএফপি’র।

গত ১২ আগস্ট আইএমএফ গিনির সরকারের সঙ্গে ৪৩৯ মিলিয়ন ডলারের একটি আর্থিক সহায়তা প্যাকেজ নিয়ে সমঝোতা করার কথা জানিয়েছিল। এই সহায়তা দেশের ‘রাজস্ব ও মুদ্রানীতির অবস্থান আরও শক্তিশালী করার’ উদ্দেশ্যে পরিকল্পনা করা হয়েছিল।

তবে সোমবার অনুমোদিত চুক্তিতে অর্থের পরিমাণ ৪২৫ মিলিয়ন ডলার নির্ধারণ করা হয়েছে, যা পূর্বের সমঝোতার চেয়ে ১৪ মিলিয়ন ডলার কম। এই কর্মসূচি আইএমএফের এক্সটেন্ডেড ক্রেডিট ফ্যাসিলিটি (ইসিএফ) এবং এক্সটেন্ডেড ফান্ড ফ্যাসিলিটির (ইএফএফ) আওতায় অর্থায়ন করা হবে।

চুক্তি অনুমোদনের পর গিনির প্রধানমন্ত্রী আমাদু উরি বাহ সন্তোষ প্রকাশ করেছেন। তিনি আলোচনাকে ‘কঠিন’ হিসেবে উল্লেখ করে বলেন, এ চুক্তি গিনির অর্থনীতির জন্য ইতিবাচক বার্তা প্রদান করবে।

তিনি বলেন, ‘যেকোনো দেশের জন্য আন্তর্জাতিক মুদ্রা তহবিলের অনুমোদন অত্যন্ত গুরুত্বপূর্ণ, বিশেষ করে যে দেশ বিশ্ব অর্থনীতির সঙ্গে যুক্ত হতে এবং অর্থনৈতিক অগ্রগতি অর্জন করতে চায়।’

প্রধানমন্ত্রী আরও বলেন, ‘শুধু অতিরিক্ত অর্থায়ন পাওয়ার জন্যই নয়, বরং অর্থনীতি আরও দক্ষতার সঙ্গে পরিচালনার জন্য প্রয়োজনীয় কারিগরি জ্ঞান, বিশেষজ্ঞদের পরামর্শ ও বিভিন্ন উপকরণ পেতেও আমাদের আইএমএফের তদারকি প্রয়োজন। এসব সহায়তা অর্থনীতিকে আরও ভালোভাবে পরিচালনা করতে সাহায্য করবে।’

গিনি বর্তমানে বিপুল পরিমাণ লৌহ আকরিকের মজুতসমৃদ্ধ সিমান্দু খনি প্রকল্পের উন্নয়ন এবং ‘সিমান্দু ২০৪০’ কর্মসূচির মাধ্যমে অর্থনৈতিক প্রবৃদ্ধি ত্বরান্বিত করার চেষ্টা করছে।

আইএমএফের সঙ্গে এই অংশীদারিত্বের ফলে দেশের অভ্যন্তরীণ রাজস্ব আয় বাড়ানো, বাজেট ব্যবস্থাপনায় স্বচ্ছতা নিশ্চিত করা এবং সরকারি আর্থিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করার প্রত্যাশা করা হচ্ছে।

তবে প্রধানমন্ত্রী স্বীকার করেছেন, এ কর্মসূচি বাস্তবায়ন গিনির প্রশাসনের জন্য একটি বড় চ্যালেঞ্জ। আগামী বছরগুলোতে এ কর্মসূচির লক্ষ্য অর্জনে সরকারি ব্যবস্থাপনা ও প্রশাসনিক সক্ষমতা আরও বাড়াতে হবে।

বক্সাইট ও লৌহ আকরিকসহ বিপুল খনিজ সম্পদে সমৃদ্ধ দেশ গিনি। কিন্তু এসব প্রাকৃতিক সম্পদকে দেশের মানুষের অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নে পুরোপুরি কাজে লাগাতে দেশটি দীর্ঘদিন ধরে নানা চ্যালেঞ্জের মুখে রয়েছে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৩ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৫:০০
জোহর ১১:৪৬
আসর ০৩:৩৫
মাগরিব ০৫:১১
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:১৯ সূর্যাস্ত : ০৫:১১
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%