প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
পশ্চিমা গোয়েন্দা সংস্থাগুলো রাশিয়ার মহাকাশে পারমাণবিক অস্ত্রবাহী স্যাটেলাইট পাঠানোর প্রস্তুতির বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছে। জার্মানির সামরিক বাহিনী ও ফেডারেল গোয়েন্দা সংস্থার তথ্যের ভিত্তিতে দেশটির সংবাদমাধ্যমের একটি অনুসন্ধানী প্রতিবেদনে জানানো হয়েছে, মস্কো চলতি বছরের ডিসেম্বরের মধ্যে ‘স্পুটনিক-এস’ নামের একটি স্যাটেলাইট পৃথিবীর কক্ষপথে স্থাপন করতে পারে। রাশিয়া এই অভিযোগকে অস্বীকার করে একে অপপ্রচার বলে অভিহিত করেছে।
সোমবার (২৩ নভেম্বর) জার্মানির সম্প্রচারমাধ্যম এনডিআর ও ডব্লিউডিআর এবং সংবাদপত্র জুডডয়েচে সাইটুংয়ের যৌথ অনুসন্ধানী প্রতিবেদনে এসব তথ্য প্রকাশিত হয়েছে। পরবর্তীতে সংবাদমাধ্যম দ্য ইন্ডিপেন্ডেন্টও এ বিষয়ে প্রতিবেদন প্রকাশ করেছে।
প্রতিবেদন অনুযায়ী, জার্মান সামরিক বাহিনী এবং ফেডারেল গোয়েন্দা সংস্থা (বিএনডি) ন্যাটোর কয়েকটি সদস্য দেশকে রাশিয়ার সম্ভাব্য এই পরিকল্পনা সম্পর্কে সতর্ক করেছে। পশ্চিমা গোয়েন্দা সংস্থাগুলোর মধ্যে আদান-প্রদান হওয়া তথ্যে উল্লেখ করা হয়েছে, ‘স্পুটনিক-এস’ নামের স্যাটেলাইটটি কয়েক বছর আগে তৈরি করা হয়েছিল এবং বর্তমানে এটি মস্কো অঞ্চলে সংরক্ষিত রয়েছে। নভেম্বরের শুরুতে পাওয়া গোয়েন্দা তথ্যে আগামী ৬০ দিনের মধ্যে স্যাটেলাইটটি উৎক্ষেপণের আশঙ্কা প্রকাশ করা হয়েছে। জার্মান সামরিক কর্মকর্তাদের মূল্যায়ন অনুযায়ী, ডিসেম্বরেই এটি উৎক্ষেপণ হওয়ার সম্ভাবনা রয়েছে।
এ ধরনের অস্ত্র যদি পৃথিবীর নিম্ন কক্ষপথে বিস্ফোরিত হয়, তবে সামরিক ও বেসামরিক—উভয় ধরনের অবকাঠামোর ওপর ব্যাপক প্রভাব পড়তে পারে। এতে কক্ষপথে থাকা হাজারো স্যাটেলাইট ক্ষতিগ্রস্ত বা অকার্যকর হয়ে যেতে পারে। এর ফলে যোগাযোগ, নেভিগেশন, আবহাওয়ার পূর্বাভাস, বৈজ্ঞানিক গবেষণা এবং জাতীয় নিরাপত্তাসংক্রান্ত বিভিন্ন সেবা ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে।
জার্মানির সাইবার অ্যান্ড ইনফরমেশন স্পেস কমান্ডের (সিআইআর) মেজর জেনারেল আর্মিন ফ্লেইশম্যান বলেছেন, এ ধরনের হুমকি মোকাবিলায় জার্মানি ‘কাউন্টারস্পেস সক্ষমতা’ গড়ে তোলার কথা বিবেচনা করতে পারে। এর মাধ্যমে মহাকাশে থাকা সম্ভাব্য হুমকি নিষ্ক্রিয় করার সক্ষমতা তৈরি করা সম্ভব হবে।
যুক্তরাষ্ট্রের মধ্যেও একই ধরনের উদ্বেগ দেখা দিয়েছে। গত অক্টোবরে দেশটির প্রতিরক্ষা গোয়েন্দা সংস্থা (ডিআইএ) এক মূল্যায়নে জানায়, রাশিয়া পারমাণবিক অস্ত্র বহনে সক্ষম একটি স্যাটেলাইট তৈরির কাজ করছে। সংস্থাটির প্রতিবেদনে সতর্ক করা হয়েছে, মহাকাশভিত্তিক এ ধরনের সক্ষমতা ব্যবহার করা হলে বিশ্বের বিভিন্ন দেশ ও প্রতিষ্ঠানের পরিচালিত হাজারো স্যাটেলাইট দ্রুত ক্ষতিগ্রস্ত বা অকার্যকর হয়ে যেতে পারে। এতে স্যাটেলাইটনির্ভর গুরুত্বপূর্ণ যোগাযোগ, নেভিগেশন, আবহাওয়া, বাণিজ্যিক ও জাতীয় নিরাপত্তাসেবা ব্যাহত হওয়ার ঝুঁকি রয়েছে।
যুক্তরাষ্ট্রের স্পেস কমান্ডের প্রধান জেনারেল স্টিফেন এন হোয়াইটিংও গত মার্চে সিনেটের সশস্ত্র বাহিনী বিষয়ক কমিটির শুনানিতে বলেন, রাশিয়ার কাছে মহাকাশভিত্তিক সম্পদ অকার্যকর করে দেওয়ার মতো সক্ষমতা রয়েছে। এর মধ্যে কক্ষপথে পারমাণবিক অস্ত্র স্থাপনের সম্ভাবনাও রয়েছে। তিনি উল্লেখ করেন, মহাকাশে সশস্ত্র সংঘাত অনিবার্য নয়। তবে প্রতিরোধব্যবস্থা ব্যর্থ হলে সম্মিলিত মহাকাশ সক্ষমতা যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের কৌশলগত সুবিধা দেবে।
গত এপ্রিলে যুক্তরাষ্ট্রের স্পেস কমান্ডের প্রধান দ্য টাইমসকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন, মহাকাশে পারমাণবিক অস্ত্রবাহী অ্যান্টি-স্যাটেলাইট বা এএসএটি অস্ত্র স্থাপন ১৯৬৭ সালের মহাকাশ চুক্তির লঙ্ঘন হবে। একই সঙ্গে এতে পৃথিবীর নিম্ন কক্ষপথে থাকা সব দেশের স্যাটেলাইট ঝুঁকির মুখে পড়বে। তাঁর ভাষ্য অনুযায়ী, ওই কক্ষপথে বর্তমানে ১০ হাজারের বেশি স্যাটেলাইট রয়েছে। এর মধ্যে স্টারলিংকের মতো বড় স্যাটেলাইট নেটওয়ার্কও রয়েছে।
ইউক্রেনের সঙ্গে রাশিয়ার যুদ্ধে কিয়েভের সামরিক বাহিনী ব্যাপকভাবে স্টারলিংক স্যাটেলাইট নেটওয়ার্কের ওপর নির্ভর করেছে। এই নেটওয়ার্কের স্যাটেলাইট থেকে ভূমিতে থাকা ব্যবহারকারীদের টার্মিনালে ব্রডব্যান্ড ইন্টারনেট সেবা পৌঁছে দেওয়া হয়। ফলে মহাকাশে পারমাণবিক বিস্ফোরণ ঘটলে এ ধরনের যোগাযোগব্যবস্থাও বড় ধরনের ঝুঁকিতে পড়তে পারে।
এদিকে রাশিয়ার দূতাবাস অভিযোগগুলো প্রত্যাখ্যান করেছে। দূতাবাসের পক্ষ থেকে বলা হয়েছে, রাশিয়ার মহাকাশ কার্যক্রম নিয়ে ওঠা সব অভিযোগ ভিত্তিহীন এবং এগুলো অপপ্রচারের অংশ। দেশটির মহাকাশ কার্যক্রম আন্তর্জাতিক বাধ্যবাধকতা মেনেই পরিচালিত হচ্ছে এবং এর উদ্দেশ্য শান্তিপূর্ণ।
১৯৬৭ সালের মহাকাশ চুক্তি অনুযায়ী, পৃথিবীর কক্ষপথে পারমাণবিক অস্ত্র বা অন্য কোনো গণবিধ্বংসী অস্ত্র স্থাপন নিষিদ্ধ। ফলে রাশিয়ার বিরুদ্ধে ওঠা অভিযোগ সত্য প্রমাণিত হলে তা আন্তর্জাতিক চুক্তির লঙ্ঘন হবে। তবে স্যাটেলাইটটির অস্তিত্ব, এতে পারমাণবিক ওয়ারহেড থাকার বিষয়টি কিংবা উৎক্ষেপণের পরিকল্পনা এখনো স্বাধীনভাবে নিশ্চিত করা যায়নি। তথ্যসূত্র: দ্য ইন্ডিপেন্ডেন্ট, রয়টার্স
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন