প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
ঢাকা, ২৪ নভেম্বর, ২০২৬ : ইন্দোনেশিয়ার পশ্চিমাঞ্চলীয় আচেহ প্রদেশের একটি কাঠের ছোট্ট ঘরে অসহনীয় গরমের মধ্যে বসে কাঁদছিলেন আসমিয়াতি।
এক বছর আগে ভয়াবহ বন্যায় তার বাড়িঘর ও জীবিকার অবলম্বন ভেসে যাওয়ার পর থেকে নিদারুণ কষ্টে দিন কাটছে ৬৩ বছর বয়সী এই নারীর।
তিনি ও তার স্বামী সরকারের প্রতিশ্রুত নতুন বাড়ির অপেক্ষায় আছেন। আপাতত আত্মীয়স্বজন ও বন্ধুদের দেওয়া কাঠ, কার্ডবোর্ড এবং ঢেউটিন দিয়ে তৈরি একটি জরাজীর্ণ ঘরে তাদের আশ্রয় নিতে হয়েছে।
সুমাত্রা দ্বীপের এমন হাজারো বাসিন্দার একজন আসমিয়াতি। বন্যায় সর্বস্ব হারানোর ১২ মাস পরেও তাদের অনেকেই নিজেদের মতো করে বেঁচে থাকার চেষ্টা করছেন। এর মধ্যে আবারও বন্যার মৌসুম শুরু হওয়ায় নতুন করে উদ্বেগ বাড়ছে।
খবর বার্তা সংস্থা এএফপি’র।
আচেহ প্রদেশের রাজধানী বান্দা আচেহ থেকে প্রায় ২০০ কিলোমিটার দূরের প্রত্যন্ত বিরেউন গ্রামের বাসিন্দা আসমিয়াতি এএফপিকে বলেন, ‘শুরুর দিকে শুধু কিছু সাহায্য পেয়েছিলাম। যেমন চাল ও রান্নার তেল। এরপর আর তেমন কোনো সহায়তা মেলেনি।’
তিনি কান্নাজড়িত কণ্ঠে বলেন, ‘আমাদের কোনো খাট নেই, ঘরটাও খুব ছোট। মন বারবার হারিয়ে যাওয়া বাড়িটির কথা মনে করে।’
এক বছর আগে উত্তর-পশ্চিম সুমাত্রার বিভিন্ন গ্রামে বন্যার পানির সঙ্গে কাদামাটি ও গাছের গুঁড়ি ভেসে এসে ব্যাপক ধ্বংসযজ্ঞ চালায়। এতে দুই লাখেরও বেশি বাড়িঘর সম্পূর্ণ ধ্বংস অথবা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়।
বন্যায় প্রায় ১ হাজার ২০০ মানুষ প্রাণ হারান এবং ২০ লাখেরও বেশি মানুষ বাস্তুচ্যুত হন।
বাড়িঘর মেরামত বা নতুন করে নির্মাণের জন্য ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে অর্থ সহায়তার প্রতিশ্রুতি দিয়েছিল সরকার। কিন্তু সরকারি হিসাব অনুযায়ী, বন্যার ১১ মাস পরও প্রতিশ্রুত অর্থ পেয়েছেন যোগ্য বিবেচিত মানুষের এক-চতুর্থাংশেরও কম।
পরিবারপ্রতি ১ কোটি ৫০ লাখ থেকে ৭ কোটি ইন্দোনেশীয় রুপিয়াহ (প্রায় ৮২০ থেকে ৩ হাজার ৮০০ মার্কিন ডলার) পর্যন্ত সহায়তা দেওয়ার কথা ছিল।
আচেহ প্রদেশে পুনর্গঠন কার্যক্রমের দায়িত্বে থাকা আঞ্চলিক সরকারি টাস্কফোর্সের প্রধান সাফরিজাল জাকারিয়া আলী এএফপিকে জানান, সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত এ প্রদেশে প্রায় ৫০ হাজার বাড়ি নির্মাণ করা প্রয়োজন। কিন্তু এখন পর্যন্ত নির্মিত হয়েছে ২ হাজারেরও কম।
কাজ নেই, বাগানও নেই
বন্যার ১১ মাস পর আসমিয়াতির পুরোনো বাড়ির জায়গায় নতুন বাড়ির জন্য শুধু ভিত্তির কিছু অংশ তৈরি করেছে সরকারি লোকজন।
আসমিয়াতি ও তার ৫৩ বছর বয়সী স্বামী হেনড্রিক গিনটিং—দুজনই নির্মাণশিল্পে কাজ করতেন। কিন্তু বন্যায় ব্যাপক ক্ষয়ক্ষতির কারণে তাদের কাজও বন্ধ হয়ে গেছে।
পরিবারের বাড়তি আয়ের উৎস ছিল আসমিয়াতির একটি বাতাবিলেবুর বাগান। বন্যার পানিতে সেটিও ভেসে গেছে। ঘরের আসবাবপত্রসহ তাঁদের সব সম্পদও হারিয়ে গেছে।
জানুয়ারি থেকে পরিবারের আরও চার সদস্যের সঙ্গে একই কাঠের ঘরে বসবাস করছেন তারা। রান্নাবান্না ও গোসলসহ দৈনন্দিন কাজ করতে হয় ঘরের বাইরে।
আসমিয়াতি বলেন, ‘সরকারের ওপর আমি খুবই হতাশ। মনে হয়, আমাদের দেখার কেউ নেই।’
বর্তমানে নারকেলের ছোবড়া দিয়ে ঝাড়ু তৈরি করে দিনে তিন ডলারেরও কম আয় করেন তিনি।
সকাল থেকে রাত পর্যন্ত কাজ করেছেন
বিরেউন থেকে গাড়িতে প্রায় পাঁচ ঘণ্টার দূরত্বে মেসিদাহ এলাকায় নিজেদের উদ্যোগেই একটি ক্ষতিগ্রস্ত সড়ক মেরামতের কাজ শুরু করেছেন গ্রামবাসী।
সড়কটি আগে ১৪টি গ্রামের সঙ্গে যোগাযোগের প্রধান মাধ্যম ছিল। বিশেষ করে ফসল কাটার মৌসুমে কৃষিপণ্য পরিবহনের জন্য এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ।
গত সেপ্টেম্বর থেকে গ্রামবাসীরা চাঁদা তুলে প্রায় ৮ কোটি ইন্দোনেশীয় রুপিয়াহ (৪ হাজার ৩০০ ডলারের বেশি) সংগ্রহ করেন। সেই অর্থ দিয়ে সিমেন্ট, পাথর, বালু ও রাস্তা সমান করার যন্ত্র কেনা হয়।
স্থানীয় বাসিন্দা সুকিরান এএফপিকে বলেন, ‘প্রায় ৭০০ মানুষ এই কাজে অংশ নিয়েছেন। সকাল থেকে রাত পর্যন্ত তাঁরা কাজ করে গেছেন।’
তবে আপাতত মেরামত করা সড়ক দিয়ে শুধু মোটরসাইকেল চলাচল করতে পারছে, গাড়ি নয়।
সুকিরান বলেন, ‘আমরা ভেঙে পড়তে বা হাত গুটিয়ে বসে থাকতে রাজি নই। আমরা একে অপরকে সাহায্য করি।’
একই গ্রামের বাসিন্দারা বন্যায় ভেসে যাওয়া কংক্রিটের সেতুর পরিবর্তে বাঁশ দিয়ে অস্থায়ী একটি সেতুও তৈরি করেছিলেন। সেটি দিয়ে মানুষ ও মোটরসাইকেল চলাচল করত।
সরকার নতুন সেতু নির্মাণের আগপর্যন্ত টানা আট মাস সেটি ব্যবহার করেছেন গ্রামবাসীরা।
সুকিরান বলেন, ‘আমাদের এলাকা বিচ্ছিন্ন হয়ে পড়েছিল। কেউ আমাদের খোঁজ নেয়নি। তাই আমরা নিজেরাই যা সম্ভব, তা করার উদ্যোগ নিয়েছি। কারও জন্য অপেক্ষা করিনি।’
পুনর্বাসন নিয়ে অসন্তোষ বাড়ছে
ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তা সরকার সুমাত্রার তিনটি প্রদেশে বন্যা-পরবর্তী পুনর্বাসন ও পুনর্গঠনের জন্য তিন বছর মেয়াদি ১০০ ট্রিলিয়ন রুপিয়াহর বেশি (প্রায় ৫৫০ কোটি মার্কিন ডলার) বাজেট বরাদ্দ করেছে।
চলতি মাসে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে গিয়ে প্রেসিডেন্ট প্রবোও সুবিয়ান্তো বলেন, ‘সবকিছু ঠিকঠাক করতে আমরা কঠোর পরিশ্রম করছি। সৃষ্টিকর্তার কৃপায় গত কয়েক মাসে আচেহ, পশ্চিম সুমাত্রা ও উত্তর সুমাত্রার অনেক এলাকা ইতোমধ্যে স্বাভাবিক অবস্থায় ফিরেছে।’
তবে স্থানীয় বাসিন্দা ও সমালোচকদের অভিযোগ, সরকারি সহায়তা পৌঁছাতে অনেক দেরি হচ্ছে।
দুর্যোগ মোকাবিলায় কাজ করা আচেহ-সুমাত্রা নাগরিক সমাজ জোটের মুখপাত্র আলফিয়ান এএফপিকে বলেন, সরকারের উচিত নদীর তলদেশে জমে থাকা পলি অপসারণ এবং নদীর বাঁধ মেরামতের দিকে বেশি গুরুত্ব দেওয়া। তার ভাষায়, ‘যাতে বারবার এ ধরনের দুর্যোগ না ঘটে, সে ব্যবস্থা নিতে হবে।’
পুনর্গঠন টাস্কফোর্সের প্রধান সাফরিজাল বলেন, পুনর্গঠনের কাজটি অত্যন্ত বড় চ্যালেঞ্জ। কারণ, হাজার হাজার বাড়িঘরের পাশাপাশি শত শত সেতু ও সড়ক ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়েছে।
তিনি আরও বলেন, বন্যার ঝুঁকি নেই—এমন নিরাপদ এলাকায় নতুন বাড়ি নির্মাণের জন্য উপযুক্ত জমি খুঁজে পাওয়াও সহজ হচ্ছে না।
বান্দা আচেহতে এএফপিকে তিনি বলেন, সরকার যত দ্রুত সম্ভব কাজ করছে। তবে ‘জনগণকে বুঝতে হবে, এ কাজ ধাপে ধাপে সম্পন্ন করতে হবে।’
নতুন বন্যার আশঙ্কায় আতঙ্কিত বাসিন্দারা
এল নিনোর প্রভাবে দীর্ঘদিনের খরা শেষে আবারও বর্ষাকাল ফিরে আসছে। ফলে নতুন করে বন্যার আশঙ্কা বাড়ছে সুমাত্রার মানুষের মধ্যে।
গত বছরের বন্যায় ক্ষতিগ্রস্ত মেসিদাহ এলাকার বাসিন্দা আরসান আরবেন এএফপিকে বলেন, ‘যখনই বৃষ্টি শুরু হয়, আমার মনে এক ধরনের অস্বস্তি তৈরি হয়। এমনকি ঘরের ভেতরেও আমরা ভয় পাই।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন